সম্প্রতি রাজধানীর ঐতিহ্যবাহী মনিপুর স্কুল অ্যান্ড কলেজে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলা নিয়ে অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। প্রতিষ্ঠানটি নিয়মিত কমিটি ছাড়াই চলছে ৫ বছরের বেশি সময় ধরে। মাত্র দুই মাসে স্কুলটিতে সাড়ে চার কোটি টাকার বেশি উন্নয়ন ব্যয়ের নামে হয়েছে হরিলুট। শ্রমিক ব্যয় দেখানো হয় দুই কোটির বেশি । শিক্ষকদের মধ্যে দলাদলি, কোচিং বাণিজ্য, দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারি স্কুলটিকে লুটপাটের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করেছে। যার প্রভাব সরাসরি পড়ছে শিক্ষার্থীদের ওপর। বিস্ময়ের বিষয় হলো ম্যাগাজিন বাবত ৩৫ হাজার শিক্ষার্থীর থেকে ২০০ টাকা করে প্রতি বছর অন্তত ৫৩ লাখ টাকা আদায় করে স্কুল কর্তৃপক্ষ।
কিন্তু ২০১৩ সালের পর থেকে এখন পর্যন্ত কোনো বছরেই ম্যাগাজিন প্রকাশ করেনি শিক্ষাপ্রতিষ্ঠানটি। \r\nদীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটিতে নানা অনিয়ম-দুর্নীতি হওয়ার কথা জানিয়ে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি তাহমিনা আক্তার বলেছেন, আমি শিক্ষা মন্ত্রণালয়, মাউশি ও শিক্ষা বোর্ডকে জানিয়েছি। তারা যেন তদন্ত করে ব্যবস্থা নেন। করোনাকালে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ব্যবহৃত চারটি বাস বিক্রি করা হয়েছে নানা অজুহাতে। এতে হাজারো শিক্ষার্থী পড়েছে সীমাহীন দুর্ভোগে, যা দুঃখজনক। মনিপুর স্কুল অ্যান্ড কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং অনিয়মের হোতাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে অর্থ ব্যবস্থার ডিজিটাল রেকর্ড ও শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণের অনলাইন প্ল্যাটফর্ম চালু করা যেতে পারে।\r\nদেশের নামি-দামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা এক সময় ছিল অটল। অভিভাবকরা সন্তানকে এসব স্কুল ও কলেজে ভর্তি করাতেন উজ্জ্বল ভবিষ্যতের আশায়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই আস্থায় নেমেছে ধস। আলোচনায় আসছে একের পর এক অনিয়ম, স্বজনপ্রীতি, ফি বাণিজ্য ও প্রশাসনিক দুর্নীতি, যা আমাদের শিক্ষা ব্যবস্থার নৈতিক ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো, শিক্ষাকে পণ্য বানিয়ে বাণিজ্যিকীকরণ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নানা রকম অবান্তর ফি বাবত অভিভাবকদের কাছ থেকে প্রতি বছর হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। যার কোনো তদারকি হয় না। অভিভাবকরা এটা নিয়ে কোনো প্রশ্ন তুললে দেখানো হয় বিভিন্ন অজুহাত। অধিকাংশ স্কুলে মাসিক ফি অনুযায়ী শিক্ষকদের শিখন পদ্ধতিতে রয়েছে ব্যাপক ঘাটতি। কিছু স্কুলে কোচিং বাধ্যতামূলক। মাইলস্টোন ট্র্যাজেডির কারণে কোচিং বাণিজ্য আবারও হয়েছে প্রশ্নবিদ্ধ। \r\nএই অবস্থার পরিবর্তনে প্রয়োজন শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে মেধা ও যোগ্যতাকে একমাত্র মানদণ্ড হিসেবে গ্রহণ করা। শিক্ষার্থীদের অভিযোগ ও অভিভাবকদের মতামত গ্রহণে স্বাধীন তদারকি বোর্ড গঠন এবং সরকারি পর্যায়ে কঠোর মনিটরিং ও শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
