‘প্যাডেল স্টিমার’ আবার বুড়িগঙ্গা থেকে পদ্মা-মেঘনা হয়ে বরিশালের কির্তনখোলায় হুইসেল বাজাবে, নৌ পরিবহন উপদেষ্টার এই ঘোষণার পরেও তা সার্বজনীন হচ্ছে না। আগামী ১৫ নভেম্বর থেকে বিআইডব্লিউটসি’র ‘পিএস মাহসুদ’ ঢাকা থেকে বরিশাল পর্যন্ত পর্যটকদের নিয়ে সপ্তাহে একদিন চলাচল করবে বলে ঘোষণা দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে জনমনে নানা প্রশ্ন উঠতেও শুরু করেছে। দীর্ঘদিন বসিয়ে রাখার পরে পিএস মাহসুদ পরিপূর্ণ মেরামত ও পুনর্বাসনের পর ঢাকার বুড়িগঙ্গা থেকে মুন্সিগঞ্জের ধলেশ^রী পর্যন্ত ‘পরীক্ষামূলক পরিচালন’ও সম্পন্ন করেছে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন এ পরীক্ষামূলক পরিচালন কার্যক্রমে অংশ নিয়ে ‘১৫ নভেম্বর থেকে নৌযানটি ঢাকা-বরিশাল নৌপথে পর্যটকদের নিয়ে চলাচল করবে’ বলে জানিয়েছেন। এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে ‘অক্টোবর থেকেই ঢাকা-বরিশাল নৌপথে পুনরায় প্যাডেল স্টিমার যাত্রী পরিবহন করবে’ বলে জানিয়েছিলন তিনি। ১৫ নভেম্বর থেকে প্যাডেল জাহাজ মাহসুদ সপ্তাহে মাত্র একদিন ‘পর্যটক সার্ভিস’ হিসেবে ঢাকা থেকে বরিশালে চলাচল করার কথা বলা হলেও তার ভাড়া এখনো নির্ধারণ হয়নি। সংস্থাটি অধিক লাভের আশায় ‘পর্যটক সার্ভিস’ হিসেবে চালাবার চিন্তা করায় ভাড়া স্বাভাবিকভাবেই গণপরিবহনের চেয়ে অনেক বেশি হবার আশঙ্কা রয়েছে।
১৮৭৪ সালে তৎকালীন পূর্ববাংলায় যে ‘বাস্পীয় প্যাডেল হুইল’ জাহজের প্রবর্তন হয়েছিল, তারই ধারাবাহিকতায় ১৯৩৮ থেকে ১৯৫০ সালের মধ্যে কোলকাতার ‘গার্ডেনরিচ শিপ বিল্ডার্স’-এ নির্মিত ৪টি যাত্রীবাহী প্যাডেল জাহাজ বাংলাদেশে কোনমতে তার অস্তিত্ব টিকিয়ে রাখলেও এখন ৩টি অচল। ‘পিএস মাহসুদ, পিএস অস্ট্রিচ, পিএস লেপচা ও পিএস টার্ন’ নামের এ ৪টি নৌযানের প্রথমটি গত মাসেই মেরামত ও আংশিক পুনর্বাসন সম্পন্ন হয়েছে। কিন্তু বিপুল অংকের টাকা ব্যয় করে সংস্কার করা সে নৌযানটিতে আমজনতার স্থান না হবার বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। অপর ৩টি নৌযান নিয়ে বিআইডব্লিউটিসিতে এখনো নানামুখি তৎপরতা থাকলেও পিএস মাহসুদ’র ট্রায়াল ট্রিপে উপদেষ্টা ঐসব নৌযান মেরামত ও পুনর্বাসনের কথা জানিয়েছেন।
তবে এর বাইরে ভারতের ‘পশ্চিমবঙ্গ জল পরিবহন সংস্থা’র হাতে ‘পিএস বুড়িগঙ্গা’ নামে অপর একটি পণ্যবাহী প্যাডেল জাহাজের অস্তিত্ব বর্তমান শতকের শুরু পর্যন্ত বিদ্যমান থাকলেও পরবর্তীতে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বুড়িগঙ্গা নামের ঐ নৌযানটি গত শতকের শেষভাগ পর্যন্ত ‘ভারত-বাংলাদেশ নৌ প্রটোকল’র আওতায় কোলকাতা থেকে বাংলাদেশের চালনা-বরিশাল-চাঁদপুর-আরিচা ও কুড়িগ্রাম হয়ে আসামের ডিব্রুগড় পর্যন্ত পণ্য পরিবহন করত। বলা বাহুল্য, গোটা বিশে^ এখনো বাংলাদেশেই ৪টি যাত্রীবাহী প্যাডেল স্টিমারের অস্তিত্ব কোনমতে টিকে থাকলেও তা সংরক্ষণে রাষ্ট্রীয় নৌ-বাণিজ্য প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসি’র উদাসীনতা অত্যন্ত উদ্বেগজনক। গোটা বিশে^র এ ঐতিহ্য সংরক্ষণের চেয়ে তার ইজারা নিয়েই ব্যস্ততা বেশি লক্ষ করা যায়।
ইতোপূর্বে এক রহস্যজনক অগ্নিকা-ে ‘পিএস গাজী ও পিএস কিউই’ নামের দুটি প্যাডেল জাহাজ ক্ষতিগ্রস্ত হবার পরে তা নিলামে বিক্রী করে দেয়া হয়েছে। এমনকি বেলজিয়াম সরকারের আর্থিক ও কারিগরি সহাতায় ঐদুটি নৌযান ছাড়াও ‘পিএস টার্ন’ জাহাজটিও পুনর্বাসন ও আধুনিকায়নের প্রকল্প বাস্তবায়নের প্রাক্কালেই ঐ অগ্নিদুর্ঘটনা ঘটে। এর আগে বেলজিয়াম সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় ১৯৭৮ থেকে ১৯৮২ সালের মধ্যে ‘পিএস অস্ট্রিচ, পিএস লেপচা ও পিএস মাহসুদ’ জাহাজ ৩টি আধুনিকায়ন ও পুনর্বাসন করা হয়েছিল। মূল আদল ঠিক রেখে বাষ্পীয় ইঞ্জিনের পরিবর্তে মেরিন ডিজেল ইঞ্জিন ও জেনারেটর সংযোজন করে পরিপূর্ণ পুনর্বাসন ও আধুনিকায়ন করা হলেও এখন তার অন্তত ৩টির অস্তিত্বই হুমকির মুখে।
এমনকি আধুনিকায়ন ও মেরামত শেষে ১৯৮২ সালে এ ৩টি নৌযান যাত্রী পরিবহনে ফিরলেও মূল ইঞ্জিন ও প্যাডেলের সাথে সংযুক্ত হাইড্রোলিক পদ্ধতির গিয়ার টেকসই হয়নি। ফলে মাত্র ৩ হাজার ঘণ্টা চলাচলের পর ৩টির মধ্যে দুটি নৌযান অচল হয়ে পড়ে। শুধুমাত্র ‘পিএস অস্ট্রিচ’কে যাত্রী পরিবহন থেকে সরিয়ে ভিভিআইপি’দের জন্য সংরক্ষিত করায় তা সারা বছর বসিয়ে রাখা হতো। এ কারণেই চলাচলক্ষম থাকলেও বিদেশি মেহমানদের নিয়ে ভ্রমণকালীন সময়ে নৌযানটির পেছনে দুটি উদ্ধারযান রাখতে হতো।
‘পিএস অস্ট্রিচ’-এ সার্কভুক্ত সব দেশের সরকার ও রাষ্ট্র প্রধানগণ নৌবিহার করেছেন, যাদের মধ্যে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম, পাকিস্তানের জেনারেল জিয়াউল হক, পারভেজ মোশাররফ, নওয়াজ শরিফ, ভারতের প্রধানমন্ত্রী রাজিব গন্ধী, নরসিমা রাও, মনমোহন সিং, শ্রীলংকার প্রধানমন্ত্রী কুমারাতুঙ্গা, শ্রীমাভ বন্দরানায়েকসহ আরো কয়েকজন এবং নেপালের রাজা বীরেন্দ্র, ভুটানের রাজা জিগমে সিংহে ওয়াংচুক ছাড়াও বিশে^র অনেক সরকার ও রাষ্ট্র প্রধান বিভিন্ন সময়ে ভ্রমণ করেছেন। তবে ১৯৯১ সালে তৎকালীন বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর বেলজীয় সরকারের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের অনুদানেই পূর্বে আধুনিকায়নকৃত ৩টি প্যাডেল জাহাজেই হাইড্রোলিকের পরিবর্তে মেকানিক্যাল গিয়ার সংযোজনসহ দ্বিতীয় দফার পুনর্বাসন সম্পন্ন করে।
১৯৯৫ সালের শুরুতে ৩টি নৌযানই যাত্রী পরিবহেনে ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে ২০০২ সালে খুলনা শিপইয়ার্ডে ‘পিএস টার্ন’ নামের শেষ প্যাডেল নৌযানটিতেও বেলজিয়ামের ‘এবিসি ইঞ্জিন’ সংযোজনসহ পুনর্বাসনের মাধ্যমে রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের নিরাপদ ও টেকসই নৌ যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। সেই থেকে ২০১৯ সাল পর্যন্ত লক্ষ লক্ষ যাত্রী পরিবহন করে ক্লান্ত এসব নৌযান যথাযথ রক্ষণাবেক্ষণহীন অবস্থায় অবেহলা-অনাদরে অনেকটা পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়। এমনকি দীর্ঘদিন নৌযানগুলোর উপরিকাঠামো ও মূল ইঞ্জিনসহ প্যাডেলের সময়োচিত রক্ষণাবেক্ষণের অভাবে ক্রমে তা দুর্বল হয়ে পড়তে থাকে। নানা খোঁড়া যুক্তিতে ২০১৯-এর পর থেকে এসব নৌযানের মেরামত ও রক্ষণাবেক্ষণ অনেকটা বন্ধ করে দেয়া হয়। এমনকি সরকারি বিধি বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইতোপূর্বে ‘পিএস অস্ট্রিচ’কে বিনা দরপত্রে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়ার পর প্রতিষ্ঠানটি চুক্তির শর্ত ভঙ্গ করে পুরো নৌযানের উপরিকাঠামোর পরিবর্তন করতে গিয়ে তার বেশিরভাগই ভেঙে ফেলে। উপরন্তু সময়মত নির্ধারিত ভাড়াও পরিশোধ করেনি। অনেক দেনদরবার শেষে পুলিশ ও ম্যাজিস্ট্রেট নিয়ে গত বছর নৌযানটি সংস্থার জিম্মায় ফেরত আনা হলেও বিপুল পরিমাণ বকেয়া ভাড়া আদায় হয়নি। বকেয়া আদায়ে সংস্থাটি ইতোমধ্যে আদালতের স্মরণাপন্ন হয়েছে বলে সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত নৌযানটি পূর্বের আদলে ফিরিয়ে আনার বিষয়ে তিনি কিছু বলেননি। পূর্বের ইজারাদার আবার নতুন করে নৌযানটি ভাড়া নিতেও দেন দরবার শুরু করেছে বলে জানা গেছে।
প্যাডেল জাহাজের ইতিহাস: ১৮ শতকের শুরুর দিকে তৎকালীন বৃটিশ সরকার নদ-নদী বহুল বাংলায় নিরাপদ নৌযোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘অভ্যন্তরীণ স্টিমার সার্ভিস’ চালুর পরিকল্পনা করে। তখন উপমহাদেশে কোনো নৌযান তৈরির কারখানা ছিল না। এ প্রেক্ষিতে বৃটিশ সরকার প্রাথমিক অবস্থায় বৃটেনে নিবন্ধিত তৎকালীন ভারতীয় রেল কোম্পানি, ‘রেলওয়ে স্টিম নেভিগেশন-আরএসএন’ ও ‘ইন্ডিয়ান জেনারেল নেভিগেশন-আইজিএন’র ব্যবস্থাপনায় কোলকাতার খিদিরপুরে ‘গার্ডেন রিচ শিপ বিল্ডার্স’ নামে একটি জাহাজ সংযোজন কারখানা গড়ে তোলে। তবে নামে জাহাজ কারখানা হলেও প্রাথমিকভাবে এখানে শুধু নৌযান সংযোজন করা হতো।
বৃটেনের ফরোয়ার্ড ইয়ার্ডে নৌযানের খোল ও উপরিকাঠামো তৈরি করে বিযুক্ত অবস্থায়ই কোলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে নিয়ে এসে সংযোজন করে বাষ্পীয় ইঞ্জিন বসিয়ে পরিপূর্ণ নৌযান হিসেবে নদীতে ভাসানো হতো। তখনো মেরিন ডিজেল ইঞ্জিনের প্রচলন হয়নি। বৃটিশ নৌ কারখানায় নির্মিত ঐসব নৌযানের পরিচালন ব্যবস্থাটি ছিল বাষ্পীয় প্যাডেল হুইল পদ্ধতির। বিশাল নৌযানোর নিচতলার মধ্যভাগে তামার তৈরি পানির আঁধারের নিচে কয়লার চুলা থাকত। যেখানে কাঁচা কয়লা ছুড়ে ফেলে আগুন ধরিয়ে তামা আবৃত পানির আধারে তাপ দেয়ার মাধ্যমে যে বাষ্প তৈরি হতো, তার মাধ্যমেই একটু সামনে বসানো মূল ইঞ্জিন ঘুরে সংযুক্ত গিয়ারের মাধ্যমে দুই পাশের প্যাডেল বা স্থানীয়ভাবে পরিচিত চাকা ঘোরাত। ফলে নৌযানগুলো সামনে বা পেছনে চলতে পারত।
বিলাসবহুল ঐসব নৌযানের নিচতলার সম্মুখভাগে ভ্রাম্যমাণ ডাকঘরসহ সর্টিং অফিস, তার পেছনে ডেকের ওপরেই ভারী পণ্য এবং ইঞ্জিনের সামনে ও পেছনের খোলের অভ্যন্তরে হালকা পণ্য পরিবহনের সুবিধা তৈরি করা হতো। নৌযানগুলোর নিচতলার পেছনের অংশে ডেক ও ইঞ্জিন ক্রুদের আবাসন হিসেবে নির্মিত হতো। সরাসরি ইঞ্জিন পরিচালনে যুক্ত কর্মীরা থাকতেন মূল ইঞ্জিন রুমের দুপাশের ডেকের আলাদা কক্ষে। আর নৌযানগুলোর প্রধান ও দ্বিতীয় ইঞ্জিন কর্মকর্তা এবং কাপ্তেনদের আবাসন ছিল দোতালার ডেকের দু’ পাশে। নৌযানগুলোর দোতালার মধ্যভাগে ডেক বা তৃতীয় শ্রেণী এবং তার পাশে মধ্যম শেণীর বড় কক্ষে লম্ব বেঞ্চিতে যাত্রীরা ভ্রমণ করতেন।
এ অবস্থা ও প্রক্রিয়াতেই ১৮৫০ সালের আগে কোলকাতা থেকে সন্নিহিত কিছু এলাকার সাথে বৃটিশ সরকার আইজিএন ও আরএসএন কোম্পানির মাধ্যমে যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু করে। এক সময়ে কোলকাতা থেকে আসামের ডিব্রুগড় পর্যন্ত যাত্রীবাহী স্টিমার চালু হয়। ইতোমধ্যে কোলকাতা থেকে রেল সংযোগ স্থাপিত হয় পূর্ববাংলার খুলনার সাথে। তবে খুলনারও আগে শিয়ালদহ স্টেশনের রেল সংযোগ চালু হয় কুষ্টিয়ার জগতি স্টেশনের সাথে, যা ছিল তৎকালীন পূর্ব বাংলার প্রথম রেল স্টেশন। এসব রেল সংযোগের আগে কোলকাতার খিদিরপুর থেকে সুন্দরবনের গহীন এলাকা দিয়ে পুরনো চালনা এবং খুলনা ও বরিশালের বাষ্পীয় প্যাডেল হুইল স্টিমার সার্ভিস চালু হয়।
রেললাইনে যুক্ত করে ১৮৭৪ সালে প্রথম খুলনাকে বরিশাল হয়ে নারায়ণগঞ্জের রকেট স্টিমার সার্ভিস চালুর মাধ্যমে আইজিএন ও আর এসএন কোম্পানি পূর্ব বাংলার দীর্ঘতম নৌপথের মাধ্যমে দুই বাংলার সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু করে। এমনকি বরিশালসহ যেকোন স্টেশন থেকে সরাসরি কোলকাতার টিকেট সংগ্রহ করে একই টিকেটে স্টিমারে খুলনায় পৌঁছে সেখান থেকে ট্রেনে চেপে কোলকাতায় পৌঁছানোর সুযোগ ছিল। পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর হয়ে গোয়ালন্দ ঘাট পর্যন্ত স্টিমার সার্ভিস চালু করে সেখান থেকেও ট্রেনে কোলকাতায় পৌঁছার ব্যবস্থা করা হয়েছিল।
ফলে নারাণয়গঞ্জ-চাঁদপুর-বরিশাল-খুলনা হয়ে কোলকাতা এবং অপর বিকল্প পথে গোয়ালন্দ হয়ে রেলযোগে কোলকাতায় পৌঁছার মাধ্যমে দুই বাংলার টেকসই যোগসূত্র স্থাপিত হয়, যা ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান যুদ্ধের দিন বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীনের পরে নারায়ণগঞ্জের পরিবর্তে ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠীÑখুলনা রুটে রকেট স্টিমার সার্ভিস চালু হয়। পূর্ববাংলার দীর্ঘ নৌপথে চলাচলকারী নৌযানসমূহের পরিচালন, মেরামত ও রক্ষণাবেক্ষণ নির্বিঘœ করতে বরিশালে আইজিএন ও আর এসএন কোম্পানির আঞ্চলিক সদর দপ্তর স্থাপন করে এখানে অপর একটি নৌ মেরামত কারখানা স্থাপন করা হয়, যা দেশভাগের পরে উত্তরাধিকার সূত্রে পাকিস্তান রিভার স্টিমার্স-পিআরএস লাভ করলেও ১৯৫৮ সালে ইপিআইডব্লিউটিএ প্রতিষ্ঠার পরে সরকারি সিদ্ধান্তে তাদের কাছে হস্তান্তর করা হয়।
ইংল্যান্ডে নির্মিত ও কোলকাতায় সংযোজিত এসব প্যাডেল জাহাজের প্রতিটির দোতালার সম্মুখভাগে বিলাসবহুল প্রথম শ্রেণী ও পেছনের অংশে দ্বিতীয় শ্রেণীর একাধিক কক্ষে ভ্রমণ ছিল ভাগ্যের ব্যাপার। ১৯৪৭ সালে ভারত ভাগের আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণ কেবল বৃটিশদের জন্য সংরক্ষিত থাকলেও পরবর্তীতে তা বনেদি পরিবারেরই দখলে চলে যায়। এসব নৌযানের প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী কক্ষের দুই সারির মাঝে লম্বা একটি সেলুন ছিল যাত্রীদের খাবার ও বিনোদনের জন্য। প্রতিটি নৌযানের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কক্ষের বাইরের বিশাল বারান্দা থেকে বাংলার নদ-নদীর অপরূপ দৃশ্য উপভোগ করতেন দেশ-বিদেশের যাত্রী ও পর্যটকগণ। প্রতিটি নৌযানেই প্রথম ও দ্বিতীয় শ্রেণীসহ ডেক যাত্রীদের জন্য ভিন্ন ভিন্ন দামে প্রাতরাশ থেকে শুরু করে মধ্যাহ্ন ও নৈশ ভোজের ব্যবস্থাও থাকত। মধ্য বৃটিশ যুগ থেকে পূর্ব বাংলার মানুষ বাষ্পীয় প্যাডেল হুইল জাহাজকে তাদের সমাজ ও জীবনের একটি অংগ মনে করতো। লেখক: বরিশাল ব্যুরোচিফ, দৈনিক ইনকিলাব।
