বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি ও সভ্যতার সঙ্গে নদী ও খালের সম্পর্ক অবিচ্ছেদ্য। এই দেশ কেবল ভৌগোলিকভাবেই নয়, সাংস্কৃতিকভাবেও এক নদীমাতৃক ভূখণ্ড। তাই নবনির্বাচিত সরকারের খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণাটি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়; এটি রাষ্ট্রের পরিবেশগত ভবিষ্যৎ, খাদ্যনিরাপত্তা এবং জলবায়ু অভিযোজন কৌশলের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি জাতীয় অঙ্গীকার, তবে কতটা প্রতিশ্রুতি, কতটা বাস্তব তা সামনে দেখার বিষয়।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা পরবর্তীকালে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে খাল খনন কর্মসূচির ওপর গুরুত্ব দিয়েছিলেন। তাঁর উদ্যোগ শুধু সেচ ব্যবস্থা উন্নত করেনি, বরং গ্রামীণ কর্মসংস্থান ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছিল। কাজেই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় পানি ব্যবস্থাপনা সুশৃঙ্খল হলে বাংলাদেশ তার কৃষি সম্ভাবনা পূর্ণমাত্রায় কাজে লাগাতে সক্ষম হয়ে উঠতে পারে।

বর্তমান প্রেক্ষাপটে সরকার দায়িত্ব গ্রহণের পর খাল খনন কর্মসূচি অগ্রাধিকার দেওয়ার যে ঘোষণা এসেছে, তা সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ বলেই প্রতীয়মান হয়। তবে খাল খননকে বিচ্ছিন্ন কোনো অবকাঠামোগত কাজ হিসেবে নয়, বরং একটি সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনার অংশ হিসেবে বিবেচনা করা অত্যন্ত জরুরি।

বাংলাদেশ বদ্বীপ অঞ্চল। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকার পলিমাটি দিয়ে গড়ে ওঠা এই ভূখণ্ডের প্রাকৃতিক বৈশিষ্ট্য হলো– অসংখ্য নদী, শাখা নদী, খাল ও বিলের এক বিস্তীর্ণ জাল। কিন্তু গত কয়েক দশকে অপরিকল্পিত বাঁধ, দখল, ভরাট, নগরায়ণ এবং অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে বহু খাল ও ছোট-বড় নদী হয়ে পড়েছে মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট– এই দ্বৈত বাস্তবতা আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে।

অন্যদিকে আমাদের খালগুলো হলো প্রাকৃতিক ড্রেনেজ নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো নদীর সঙ্গে সংযুক্ত থেকে অতিরিক্ত বর্ষার পানি দ্রুত নিষ্কাশন করে এবং শুষ্ক মৌসুমে সেচের জন্য পানি ধরে রাখে। যখন খালগুলো ভরাট বা দখল হয়ে যায়, তখন শহরে জলাবদ্ধতা ও গ্রামে খরার প্রবণতা বৃদ্ধি পায়। অর্থাৎ একই ভূখণ্ডে একই সঙ্গে বন্যা ও খরার উপস্থিতি মূলত প্রাকৃতিক পানিপ্রবাহের ব্যাঘাতের ফল।

মূলত এ ধরনের জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে নদী ও খাল পুনরুজ্জীবনকে অভিযোজন কৌশলের কেন্দ্রবিন্দুতে আনতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত ও দীর্ঘস্থায়ী খরা বাংলাদেশের জন্য বাস্তব চ্যালেঞ্জ। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় থাকলে তা অতিরিক্ত পানি ধারণ ও বণ্টনে কার্যকর ভূমিকা রাখতে পারে। আবার শুষ্ক মৌসুমে নদীর গভীরতা ও সংরক্ষিত পানি কৃষি ও জীবিকার জন্য সহায়ক হয়। যেটা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে দীর্ঘ মেয়াদে অন্তর্ভুক্ত করতেই হবে, অন্যথায় আমরা আমাদের যে কৃষি এবং জীববৈচিত্র্য হারাতে বসেছি তা বিলীন হতে খুব বেশি সময় লাগবে না। এ ছাড়া আমাদের মনে রাখতে হবে নদী ও খাল সচল থাকলে ভূগর্ভস্থ পানির প্রাকৃতিক পুনর্ভরণ সম্ভব হয়। বর্তমানে দেশের বহু অঞ্চলে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পানির স্তর নিচে নেমে গেছে। সে কারণে পৃষ্ঠজল ব্যবহারের পরিমাণ বাড়াতে পারলে এই চাপ অনেকাংশে কমানো সম্ভব হতে পারে।

বাংলাদেশের কৃষি এখনও সেচনির্ভর। বিশেষ করে বোরো মৌসুমে উৎপাদন নির্ভর করে নিরবচ্ছিন্ন পানির ওপর। খাল খনন ও নদী পুনরুদ্ধারের মাধ্যমে স্বল্প ব্যয়ে সেচ সুবিধা সম্প্রসারণ করা গেলে খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হবে। আধুনিক প্রযুক্তি, জিআইএস ম্যাপিং, স্যাটেলাইট ডেটা ও হাইড্রোলজিক্যাল বিশ্লেষণ ব্যবহার করে বৈজ্ঞানিক পরিকল্পনার মাধ্যমে খনন কার্যক্রম পরিচালনা করা গেলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব।

এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে নদী বাঁচাতে কেবল খনন যথেষ্ট নয়; প্রয়োজন একটি সুস্পষ্ট ও সময়াবদ্ধ জাতীয় কর্মপরিকল্পনা। প্রথমত, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে উজান-ভাটির সংযোগ পুনরুদ্ধার, অবৈধ বাঁধ ও দখল উচ্ছেদ এবং নদীর তীর সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। দ্বিতীয়ত, শিল্পবর্জ্য ও নগর বর্জ্য সরাসরি নদীতে নিঃসরণ বন্ধে কার্যকর মনিটরিং ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। তৃতীয়ত, নদীভিত্তিক ডেটাবেজ তৈরি করে প্রতিটি নদীর গভীরতা, প্রস্থ, প্রবাহ ও পলির গতিবিধি নিয়মিত পরিমাপ করতে হবে, যাতে পরিকল্পনা বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড়ায়। একই সঙ্গে নদী ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর তীরবর্তী কৃষক, জেলে ও সাধারণ মানুষকে নিয়ে পানি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হলে নদী রক্ষার সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে। বিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে নদী সচেতনতা কর্মসূচি চালু করা গেলে নতুন প্রজন্মের মধ্যে নদী রক্ষার সংস্কৃতি গড়ে উঠবে। নদীকে কেবল অর্থনৈতিক সম্পদ নয়, জাতীয় ঐতিহ্য ও পরিবেশগত নিরাপত্তার ভিত্তি হিসেবে বিবেচনা করার দৃষ্টিভঙ্গিই হতে পারে দীর্ঘমেয়াদি সমাধানের চাবিকাঠি।

বাংলাদেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে আমরা আমাদের নদী ও খালগুলোর প্রতি কতটা দায়িত্বশীল আচরণ করি তার ওপর। নদী বাঁচানো মানে কৃষি বাঁচানো, জীববৈচিত্র্য রক্ষা করা এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করা। খাল খনন কর্মসূচি যদি সমন্বিত ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বাস্তবায়িত হয় এবং তার সঙ্গে শক্তিশালী নদী রক্ষা কর্মসূচি যুক্ত হয়, তবে এটি হতে পারে একটি পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশের ভিত্তি স্থাপনের ঐতিহাসিক পদক্ষেপ।

আবু আহমেদ ফয়জুল কবির: মানবাধিকারকর্মী