বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নির্বাচনী প্রচারে সবচেয়ে বেশি যে কথাটা প্রচার করছে তা হল এই যে তারা নির্বাচিত হলে দেশকে তারা দুর্নীতিমুক্ত করবে। ফলে তাদের ইশতেহারে দেয়া পরিকল্পনাগুলো দুর্নীতি বন্ধ করতে আদৌ সক্ষম কিনা সেটা তলিয়ে দেখাটা জরুরি। জামায়াতের ইশতেহারের ৬ নং অগ্রাধিকার হল: ‘সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন।’ তা কীভাবে তারা সেটা করবেন এর উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল, ইশতেহারের ৫ম দফায় তারা বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিশ্চিতে তারা সরকারি অফিসে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সব গুরুত্বপূর্ণ সরকারি নথি ও সেবাকে তারা শতভাগ অনলাইনে রূপান্তর করবেন। প্রশ্ন হল সিসিটিভির আওতার বাইরে গিয়ে যখন সরকারি কর্মকর্তারা সরকারি অফিসের বাইরে বসেই ঘুষ খাবেন, কমিশন খাবেন (সচরাচর যেটা হয়) সেটা তাহলে কীভাবে জামাত ঠেকাবে? বহুদিন থেকেই গুরুত্বপূর্ণ অনেক সরকারি নথিই অনলাইনে পাওয়া যাচ্ছে। তাতে কি দুর্নীতি বন্ধ হয়েছে? অনেক সরকারি সেবাই এখন অনলাইনে পাওয়া যায় তাতেও কি দুর্নীতি বন্ধ হয়েছে? হয়নি তো। তারা বলেছেন, ‘প্রশাসনের প্রথম ১০০ দিনের মধ্যে পাসপোর্ট, এনআইডি ও অন্যান্য নাগরিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের ব্যাপক সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।’ কীভাবে করবেন সেটার কোন উল্লেখ নাই। ফলে এটাকে কেন আমরা ফাঁপা প্রতিশ্রুতি হিসেবে বিবেচনা করব না?
তারা বলেছেন, ‘চাকরিতে নিয়োগ, পদোন্নতি, পদায়ন দলীয় আনুগত্যে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে।’ যারা নির্বাচিত হওয়ার আগেই তাদের মতপন্থী প্রো-ভিসির মেয়ে মেধাতালিকায় উপরে থাকা ১১ জনকে ডিঙ্গিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যারা নির্বাচিত হওয়ার আগেই দখলে নিয়েছে বলে গুরুতর অভিযোগ আছে সমাজে, যাদের নামে প্রবল অভিযোগ আছে যে তাদের পরিচালিত ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠানে তাদের দলভুক্তদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়, তারা যখন মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের এই কথা বলেন তখন সেটাকে কেন আমরা বিশ্বাস করব?
৬ষ্ঠ দফায় তারা বলেছেন যে, স্থানীয় সরকার পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে তারা ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা এবং সামাজিক নিরীক্ষা বাধ্যতামূলক করবেন। কিন্তু সমস্যা হল এসব সভায় কারা অংশ নেবেন, কীভাবে অংশ নেবেন সেটা ইশতেহারে পরিস্কার করে নাই জামাত। এ জাতীয় বহু সভা ইউনিয়ন পরিষদে হয়, সেখানে মেম্বার চেয়ারম্যানের কথায় সবাই ‘ঠিক ঠিক’ করে চলে আসে। ফলে মেম্বার, চেয়ারম্যান, এলাকার স্থানীয় সরকারের প্রকৌশলী, ঠিকাদারদের জবাবদিহি নিশ্চিত করার কার্যকর কোন ব্যবস্থা তৈরি করা ছাড়া এবং এলাকার উন্নয়ন প্রকল্পের ডিপিপির সকল তথ্য উন্মুক্ত করা ছাড়া (যেগুলোর উল্লেখ জামাতের ইশতেহারে নেই) এসব সভায় সাধারণ মানুষের পক্ষে কার্যকর কোন ভূমিকা রাখা সম্ভব হবে না। বরং বিদ্যমান বাস্তবতায় এতে উল্টো কাজ হতে পারে, অর্থাৎ এসব সভার মাধ্যমে নিজেদের করা দুর্নীতির বৈধতা নিয়ে আসতে পারে স্থানীয় সরকারের প্রতিনিধিরা।
জামাতের ইশতেহারের ৭ম দফাটি হল: ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ’, যাতে ১০টি ধারা আছে। ১ম ধারাতে তারা বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। যেকোন স্তরে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পদ্ধতিগত সংস্কার বাস্তবায়ন করা হবে।’ লক্ষনীয়, এখানে কোন পরিকল্পনা নাই। আছে কেবল ফাঁপা প্রতিশ্রুতি, ফলে ব্যাপারটাকে স্রেফ বিশ্বাসের উপরে ছেড়ে দিতে হবে।
২য় ধারায় তারা বলেছেন, ‘প্রশাসনের সকল স্তরে সেবাসমূহ ডিজিটালইজ করে সরাসরি যোগাযোগ ও তদবির বন্ধ করা হবে।’ এক্ষেত্রে সমস্যা কোথায় তা উপরে ইতোমধ্যেই বলেছি। বাড়তি যেটা যোগ করতে চাই এখানে তা হল: এই পরিকল্পনাটা আওয়ামীলীগের দুর্নীতি রুখতে ডিজিটাল বাংলাদেশের সেই ফাঁপা হাঁকডাকেরই অনুরূপ। ডিজিটাল করলেই যে দুর্নীতি বন্ধ হয় না তার সবচেয়ে বড় প্রমাণ তো আওয়ামী লীগ সরকার।
৩য় ধারায় তারা বলেছেন, ‘শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষা, নৈতিক নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতা সংবলিত পাঠ্যক্রম যুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা হবে।’ দুর্নীতি বন্ধে এই পরিকল্পনাটা খুবই হাস্যকর। কারণ নৈতিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতার শিক্ষা তো সমাজে কম দেয়া হয় না। এমনকি বিভিন্ন ধর্মে এসব নিয়ে যা বলা আছে তার প্রচারও তো বাংলাদেশে কম হয় না। কিন্তু তাতে দুর্নীতি থেমেছে বা কমেছে কি?
৪র্থ ধারায় তারা বলেছেন, ‘সরকারি দপ্তরের সর্বত্র সিসিটিভি ক্যামেরা বসানো হবে যাতে সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা যায়।’ সিসিটিভি ক্যামেরা দিয়ে কেন দুর্নীতি বন্ধ করা যাবে না সেটা উপরে ইতোমধ্যেই বলেছি। এখানে এতটুকু যোগ করতে চাই যে সরকারের লোকেরা যখন বিদেশীদের কাছ থেকে কমিশন খেয়ে এসে গোপন চুক্তি করে ফেলে সেটা কোন সিসিটিভি ক্যামেরা কীভাবে ঠেকাবে? স্বচ্ছতা কি শুধুই দপ্তরে বসে করা কাজকর্মের হবে তাহলে? জামাতের ইশতেহারে এর কোন উত্তর নাই। ৫ম ধারায় তারা বলেছেন, ‘দুর্নীতির জন্য শাস্তি নিশ্চিতে দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি কার্যকর করা হবে।’ এটাও একটা ফাঁপা প্রতিশ্রুতি, উইশফুল থিংকিং যাকে বলে। এখানেও সুনির্দিষ্ট পরিকল্পনার বদলে স্রেফ বিশ্বাসের উপর ছেড়ে দেয়া হয়েছে।
৬ষ্ঠ ধারায় তারা বলেছেন, ‘দুর্নীতিবাজদের অবৈধ উপায়ে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।’ প্রথমেই বলা দরকার এমনটা তো হচ্ছে ইতোমধ্যে, কিন্তু দেখা যায় যে বিশাল সব ধনকুবেরদের খুব অল্প অবৈধ সম্পদই বাজেয়াপ্ত হয়েছে, তার আসল সাম্রাজ্য ধরাছোঁয়ার বাইরে থাকছে, তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে অবৈধ সম্পদ কীভাবে খুঁজে বার করবেন, কোন প্রক্রিয়ায় তদারকি করবেন, সেটার কোন পরিকল্পনা না দেয়া পর্যন্ত এটাও তো স্রেফ একটা ফাঁপা প্রতিশ্রুতিই! জামাত এমন কোন পরিকল্পনার উল্লেখ করতে পারে নাই তার ইশতেহারে। ৭ম ধারায় তারা বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম, নাগরিক সমাজ ও সিভিল সোসাইটিসমূহের ভূমিকা আরও সক্রিয় করতে আইনি ও নীতিগত সহায়তা প্রদান করা হবে।’ কী কী ধরনের আইনি ও নীতিগত সহায়তা প্রদান করবেন তারা তার কোন উল্লেখ নাই। ফলে এটাও একটা গড় কথা। মানে একটা ভাল কথা বলে দেয়ার মতো। তাতে কাজের কাজ আসলেই কিছু হবে কিনা, জামাতের ইশতেহার পড়ে সেটা যাচাই করা সম্ভব হচ্ছে না।
৮ম ধারায় তারা বলেছেন, ‘মন্ত্রী ও এমপিসহ সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের ও তাঁদের পরিবারের সদস্যদের বার্ষিক সম্পদ বিবরণী জনসাধারণের সামনে পেশ করতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ ভাল কথা। তাহলে সবার আগে জামাত তার নিজেদের সদস্যদের মালিকানাধীন যত ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, প্রাইভেট কোম্পানি আছে সেগুলোর তালিকা প্রকাশ করুক আগে? সেটা করছে না কেন? উপরন্তু তাদের নামে যেভাবে রাজনৈতিক দল হিসেবেই সংঘভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার প্রবল অভিযোগ আছে সমাজে, সেক্ষেত্রে তারা সরকারে গেলে দুর্নীতি বন্ধে যে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তৈরি হবে সেটা ঠেকাবার কোন মেকানিজমও তারা ইশতেহারে দেখাতে পারে নাই।
সরকারে থেকে স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, ব্যাংকিং খাতে কিংবা অন্যকোন খাতে কোন নীতি যখন তারা নিতে চাইবেন তখন সরকারের বাইরে তাদের মালিকানাধীন যে দলীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর স্বার্থে যে ওই নীতিগুলো প্রবর্তিত হবে না তার নিশ্চয়তা কী? দ্বিতীয়ত, দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, জনপ্রতিনিধিরা তাদের অবৈধ সম্পদ নিজের বা পরিবারের নামে কি কেউ রাখে? কেউই তা করে না। এসব অবৈধ সম্পদ থাকে বেনামে। সেটা কীভাবে জামাত ঠেকাবে? এর কোন উত্তর জামাতের ইশতেহারে নাই। ফলে এই পরিকল্পনাটিও দিন শেষে দুর্নীতি বন্ধ করতে পারবে না। এতটুকু দরকার আছে সেটা অস্বীকার কেউই করে না। কিন্তু এতটুকু করলেই দুর্নীতিমুক্ত দেশ হয়ে যাবে এমন চিন্তা করাটা শিশুতোষ। ৯ম ধারায় তারা বলেছেন, ‘দুর্নীতিরোধে সকল পর্যায়ের কাঠামোগত পর্যালোচনা করে দুর্নীতির সুযোগগুলোকে প্রতিরোধ করা হবে। বড় বড় দুর্নীতির উৎসসমূহ পর্যালোচনা করে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে।’ এটাও একটা গড় কথাই। ইতোপূর্বের সকল দুর্নীতিবাজ শাসকেরা এমন ভাল ভাল গড় কথা বলতে তো কখনো পিছপা হন নাই। কিন্তু তাতে কি দুর্নীতি বন্ধ হয়েছিল?
১০ম ধারায় তারা বলেছেন, ‘আমার টাকা আমার হিসেব’ অ্যাপ চালুর মাধ্যমে সরকারের আয়-ব্যয়ের হিসেব প্রদান করা হবে। অর্থাৎ ব্যাপারটা সরকারের আর্থিক জবাবদিহি নিশ্চিতের জন্য করা হবে। তাহলে আমার টাকা আমার হিসেব অ্যাপে কি কি তথ্য দিবে জামাত সেটা দেখা যাক। তারা সেখানে যেসব তথ্যকে জনগণের জন্য উন্মুক্ত করবে তা হল: (১) কর, ঋণ, অনুদান, রেমিট্যান্স ও সেবামূলক খাত থেকে সরকারের আয়ের পরিমাণ; (২) কোন খাতে, কোন প্রকল্পে, কত টাকা খরচ হচ্ছে তার তথ্য; এবং (৩) জেলা, উপজেলা ও থানা পর্যায়ের হিসাব। উল্লেখ্য, ৩য়টি ছাড়া বাকি সব তথ্য কিন্তু ইতোমধ্যেই উন্মুক্ত। সরকারের বাজেট ডকুমেন্টে এবং এডিপির ডকুমেন্টে ওয়েবসাইটে এসব তথ্য দেয়া হচ্ছে বহু বছর থেকেই। তাতে দুর্নীতি বন্ধ হয় নাই। ফলে জেলা, উপজেলা ও থানা পর্যায়ের হিসাব সংযুক্ত করা ছাড়া এই অ্যাপে আসলে নতুন কিছুই জানতে পারবে না মানুষ। শেষ ভরসা হল তাদের নির্বাচনী ভাষায় ‘সৎ লোকের শাসন’। তাহলে এই প্রশ্নও করা দরকার যে জামাতের তৃণমূলে প্রার্থীরা/কর্মীরা যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনে জেতার জন্য ‘জান্নাতের টিকেট’ দেয়ার মতো মিথ্যা ছড়িয়ে বেড়াচ্ছেন, যেখানে তাদের ও তাদের জোটভুক্ত নেতাকর্মীদের নামেও চাঁদাবাজি-সন্ত্রাসের খবর পত্রিকার পাতাতেই আছে সেখানে তাদের ইশতেহারে অন্যান্য দলগুলোর মতোই চাঁদাবাজি সন্ত্রাস-বন্ধ করার প্রতিশ্রুতিও বা মানুষ বিশ্বাস করবে কেন?
মাহতাব উদ্দীন আহমেদ: গবেষক ও লেখক; সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি
