নগরকান্দা ও সালথা নিয়ে ফরিদপুর-২ নির্বাচনী এলাকা। শামা ওবায়েদ ইসলাম রিংকু স্পষ্ট জানালেন, দুর্নীতি চাঁদাবাজি বা দখলের প্রশ্রয় তিনি দেবেন না। আরও কড়া বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সাংগঠনিক সম্পাদক। এসব অন্যায়ের সঙ্গে জড়িত কাউকে রেহাই দেয়া হবে না। এই বক্তব্য নিয়ে এলাকায় আলোচনা এখন তুঙ্গে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই অশুভ বিষয়টি নিয়ন্ত্রণের ভেতরে আনতে পারলে দেশ অনেক এগিয়ে যেত। কিন্তু কথা হলো সেটা কীভাবে সম্ভব! শামা ওবায়েদের হাতে কি কোনো অস্ত্র আছে এটাকে পরাস্ত করার? একজন রাজনীতিক দুর্নীতিতে জড়িত কারও পাশে থাকতে পারেন না। সবাই আশা করে দুর্নীতিবাজ লোককে তিনি তার দলেও জায়গা দেবেন না।
আত্মীয়তা, অর্থনৈতিক সমৃদ্ধি এর কোনটিই দুর্নীতির সাথে সম্পৃক্ত কাউকে রক্ষা করতে পারে না। রিংকু বলেছেন, ওই লোক তার পরিবারের হলেও নিষ্কৃতি নেই। প্রত্যয়দীপ্ত কথা। এটাকে বাস্তবায়ন করতে হলে এই জায়গায় তাকে শক্ত থাকার বিকল্প নেই।\r\nদেশে রাজনীতি ও দুর্নীতি একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিকরা যদি দুর্নীতিতে না জড়ান বা দুর্নীতিকে প্রশ্রয় না দেন তাহলে দুর্নীতি অনেকাংশেই বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব। কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন রাজনীতিবিদরা। মন্ত্রী, সংসদ সদস্য থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত রাজনীতিতে সম্পৃক্ত। এখানে শামা ওবায়েদের মধ্যে আগামীর মন্ত্রী বা সংসদ সদস্যের ছবি দেখতে পান সাধারণ মানুষ।
জনগণ বিশ্বাস করেন, তার পক্ষেই দুর্নীতির মূল উৎপাটন সম্ভব। দুর্নীতিতে সবাইকে নৈতিকতার মানদণ্ড দৃঢ়তার সঙ্গে ধরে রাখতে হয়। দুর্নীতিকে পরিষ্কার না বলতে হয়। না হলে কঠোর অবস্থার মুখোমুখি অনিবার্য। রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েছেন রিংকু। জন্ম থেকেই রাজনীতির আবহে বড় হয়েছেন। বাবাই তার প্রেরণা। নেত্রী তৃণমূল কর্মীদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাবা যেটা পারেননি সেটা তারই করতে হবে-এই তার প্রতিজ্ঞা। সম্প্রতি তিনি সোনাপুর, জগনন্দী, বল্লভদী ঘুরেছেন। বল্লভদী ইউনিয়নে রাস্তা নেই। দুর্নীতির রাস্তা করতে চান না, বিশুদ্ধ আর নির্ভেজাল কিছু করার ইচ্ছে তার। তাছাড়া আর এক শর্ত। একা না, সব ধর্ম বর্ণের লোক নিয়ে করতে চান। চণ্ডিবর্দী গ্রামের সনাতন ধর্মের একটি অনুষ্ঠানে যান। ভালোবাসায় সিক্ত হন তিনি।
সুখের সময় না হলেও বিপদে ডাকলে পাবেন বলে প্রতিশ্রুতি দেন। দফা মাঝারদিয়া ঘুরেছেন। উঠান বৈঠক করেছেন। প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের আশা ব্যক্ত করেছেন। \r\nহাট-বাজার, নদী-নালা, টোল আদায় ইত্যাদি নিজেদের লোককে ইজারা দান, সরকারি ভূমি দখল এগুলো দুর্নীতির হাত থেকে রেহাই পায় না। ভূমি অফিস, সাবরেজিস্ট্রি অফিসে কোথায় নেই দুর্নীতি? শামা এসব ক্ষেত্রেও সোচ্চার। রামকান্তপুর, গট্টি ইউনিয়নে গেছেন তিনি। মাদ্রাসা, স্কুল মসজিদ মন্দির উন্নয়নের প্রসঙ্গ এসেছে। বলেছেন বিশ্ববিদ্যালয় করবেন এই নগরকান্দা সালথা অঞ্চলে। নারীদের প্রতি গুরুত্ব দিয়েছেন। জুলাইতে তারা ছিলেন আজ নেই এ টা দুঃখজনক। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এই যে তাদের রাজপথে নেমে পড়া তা ক্ষমতার জন্য নয়। ভোটের কথা বলেন।
৫০ ভাগের ওপর নির্বাচনী এলাকার নারী ভোট। ৫০ লাখে তারা এখানেও গুরুত্বপূর্ণ। তাদের নিয়ে সংসদে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। হাল ছাড়েন না। এখানেও দুর্নীতির বিরুদ্ধে দ্বার্থহীন বক্তব্য রাখেন। \r\nদুর্নীতি এখন ব্যক্তিকে ছাড়িয়ে পরিবার ও সমাজ জীবনকেও গ্রাস করেছে। এখন শুধু প্রশাসনের লোকেরাই দুর্নীতি করছে না, দুর্নীতি করছে পাড়া ও গ্রামের উঠতি মাস্তান, মাতববরদের মধ্যে কেউ কেউ। ঘুষ-দুর্নীতির প্রধান হাতিয়ার হয়ে ওঠে। শামা এলাকা ঘুরে দেখেন ব্রিজ, কালভার্ট নেই। তিনি কর্মসংস্থানের বিষয় তোলে ধরেন। শিক্ষার্থীরা এখানে পড়বে, এখানেই কাজ নেবে সেই ব্যবস্থা হবে। রাজনীতি বুঝি না। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে থাকবো। ঈশ্বর সৃষ্টি করেছেন, মাটির মানুষগুলোকে দেখার দায়িত্ব এড়াতে পারি না। আপনাদের মেয়ে হয়ে থাকব। বলেন আন্তরিকতা নিয়ে। \r\nশামা ওবায়েদের দৃঢ়তা ও প্রত্যয় সাধারণের মন ছুঁয়েছে। একজন সৎ এবং সাহসী নেত্রী হিসেবে বিশাল মানুষের আস্থা কুড়িয়েছেন। তারপরও প্রশ্ন, পারবেন তো এই অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে? এটা এক লাগাতার যুদ্ধ। এ যুদ্ধ চলবে তো বিরামহীন? \r\nলেখক : প্রকৌশলী, কথা সাহিত্যিক
