‘ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন’। প্রথম দর্শনেই অভিভূত বা আকৃষ্ট হওয়া। বাংলায় প্রবাদ আছে, ‘প্রথমে দর্শনধারি, পরে গুণবিচারি’। আগে দেখতে কেমন তা দেখা, তারপর গুণের বিচার করা। কথাগুলো এজন্য বললাম, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মেয়াদ দশদিন হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম কার্যদিবসে রাষ্ট্রযন্ত্রের কেন্দ্রবিন্দু সচিবালয়ে নিজ দফতরে অফিস করে সবাইকে চমকে দিয়েছেন। এটা একেবারে ব্যতিক্রম। বিগত সরকার প্রধানদের দায়িত্ব নিয়েই সচিবালয়ে অফিস করতে দেখা যায়নি। তারা তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকেই তার প্রধানমন্ত্রিত্বের প্রথম দিনটি শুরু করেন। প্রতীয়মান হয়, তিনি সময় নষ্ট করতে চান না। মধুচন্দ্রিমা মুডে থাকতে চান না।

প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে চান। পাশাপাশি মন্ত্রী-আমলাদের এই ম্যাসেজ দিয়েছেন, তাদেরও রিলাক্সড হওয়া বা সময় নষ্ট করার সুযোগ নেই। তিনি শুধু কাজ আর কাজ চান। সাধারণত আমরা দেখি, নতুন সরকারের প্রথম কার্যদিবসে সচিবালয়ে মন্ত্রীদের ফুল দেয়া ও শুভেচ্ছা বিনিময় করে কাটানো হয়। কাজ বলতে কিছু হয় না। তারেক রহমান প্রথম দিনই কাজ শুরু করে দেন। তিনি কারো কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নেননি বা ফটোসেশন করেননি। প্রথম দিনই মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন এবং সচিবদের নিয়ে মিটিং করেছেন। উভয় মিটিংয়ে নির্বাচনে জনগণকে দেয়া তার প্রতিশ্রুতি বাস্তবায়নের তাকিদ দিয়েছেন। কীভাবে প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করা যায়, সে নির্দেশ দিয়েছেন। যেহেতু দায়িত্ব নেয়ার পরদিন থেকে রোজা শুরু হয়েছে, তাই অগ্রাধিকার ভিত্তিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস-বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবারাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিÑএই তিনটি বিষয় নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরকে নির্দেশ দিয়েছেন।

দুই. সচিবালয়ে অফিস করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, প্রথাগত আমলাতন্ত্রে যে ঢিমেতালে কাজ করা হয়, তার দিন শেষ। বলা যায়, তিনি রাষ্ট্রযন্ত্রটিকে ফুলসুইংয়ে স্টার্ট করে দিয়েছেন। এখন আর থামাথামামি নেই। আগামী পাঁচ বছর মন্ত্রীসহ আমলাদের প্রত্যেককে দৌড়ের উপর থাকতে হবে। একেবারে ‘আলিফ’-এর মতো সোজা হয়ে চলতে হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কাজ এবং জনগণের কল্যাণে সরকারের নেয়া উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করতে হবে। অনেকেই হয়ত মনে করেছিলেন, প্রধানমন্ত্রী সৌজন্য দেখিয়ে প্রথম দিন সচিবালয়ে অফিস করেছেন। দ্বিতীয় দিন আসবেন না। অথচ তিনি দ্বিতীয় কার্যদিবসে (প্রথম রোজা) সকাল সোয়া নয়টায় সচিবালয়ে যান। যখন সেখানে পৌঁছেন, তখন সচিবদের অনেকে আসেননি। সাধারণত সচিবরা সকাল নয়টা থেকে দশটার মধ্যে অফিসে আসেন।

তবে যখন প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেও সচিবালয়ে এসে পড়েছেন, তখন তাদের মধ্যে দৌড়াদৌড়ি, ছুটাছুটি পড়ে যায়। যারা পথে জ্যামে আটকে ছিলেন, তারা গাড়ি ছেড়ে ফাইলপত্র নিয়ে দৌড়ে সচিবালয়মুখী হন। অনেকে পথিমধ্যে আটকে যান। অনেক সচিব মনে করেছিলেন, প্রধানমন্ত্রী ওই একদিনই এসেছেন। আর আসবেন না। তাদের এই মানসিকতা চিরায়ত আমলাতান্ত্রিক মানসিকতার ধারাবাহিকতা। প্রধানমন্ত্রী তারেক রহমান যে অ্যাডভান্স চিন্তাধারার মানুষ, তা হয়ত তারা ধরতে পারেননি। ফলে তাদের মধ্যে রিলাকটেন্ট বা পুরনো শৈথিল্য রয়ে যায়। এ থেকে বের হতে পারেননি। আবার তাদের মাথায় বাজ পড়ার মতো আরেকটি ঘটনা ঘটিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা দিয়েছেন, শনিবারও অফিস করবেন। তার এ ঘোষণায় আমলাদের ঘুম হারাম হওয়ার কথা।

কারণ, শনিবার ছুটির দিন হলেও যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী অফিস করবেন, সেখানে তাদের ছুটি কাটানোর কোনো কারণ নেই। ছুটি কাটাতে পারেন, তবে বাসায় স্বস্তিতে থাকতে পারবেন না। ফলে অস্বস্তি কাটাতে ও সুনাম ক্ষুণœ হওয়ার শঙ্কা থেকে রক্ষা পেতে তাদেরও অফিস করতে হচ্ছে। এটা কোনো নোটিশের মাধ্যমে বা বাধ্যবাধকতা হিসেবে প্রধানমন্ত্রী অফিস করছেন না, কাজের গতি বাড়ানোর জন্য অফিস করছেন। সরকারের একদিন কোনো মামুলি ব্যাপার নয়। এটা অনেক বড় ব্যাপার। একদিনে অনেক সিদ্ধান্ত নেয়া যায়। প্রধানমন্ত্রী তার ছুটি একদিন কমিয়ে বেশি কাজ করার যে মানসিকতা দেখিয়েছেন, তা এক নতুন ধারা। কতদিন তিনি এটি করবেন, তা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রী আরও বেশ কিছু কাজ করেছেন, যেগুলো দৃষ্টান্ত স্থাপনকারি।

অনেকে একে লোকদেখানো মনে করতে পারেন, তবে এর মধ্য দিয়ে তিনি দেশের প্রচলিত ও অগ্রহণযোগ্য সংস্কৃতি পরিবর্তনের সূচনা করেছেন। এই সূচনা করেছেন আগে নিজের ঘর থেকে। যেমন শপথ গ্রহণের পরপর সংসদীয় দলের সভায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন এমপিরা বিনাশুল্কে গাড়ি এবং সরকারি প্লট নেবেন না। এর মাধ্যমে রাষ্ট্রের বেশ বড় ধরনের আয় হবে। আনুমানিক হিসাব অনুযায়ী, প্রায় দশ হাজার কোটি টাকা সরকারের সাশ্রয় হবে। এটা অবশ্যই দেশের পরিবর্তন সূচনার একটি দিক। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনের আরেকটি দিকও উন্মোচন করেছেন। দায়িত্ব নেয়ার পর তিনি তার আসা-যাওয়ার পথে বাড়তি কোনো নিরাপত্তা প্রোটোকল রাখেননি। আমাদের দেশের সংস্কৃতি বা অপসংস্কৃতি হিসেবে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর চলার পথে সকল রাস্তা বন্ধ করে দেয়া হয়।

সড়কের দু’পাশে আগে থেকেই পুলিশ প্রহরা বসায়। একেবারে যানজটহীন খালি রাস্তায় বিশাল নিরাপত্তাবাহিনীর বহরসহ তারা সাঁই করে চলে যান। অথচ তাদের যাত্রা শুরুর দশ-পনের মিনিট আগে থেকে যেসব সড়ক বন্ধ করা হয়, সেসব সড়কের ভয়াবহ যানজট সৃষ্টি হয়ে মানুষের কী অসহনীয় দুর্ভোগে পড়তে হয়, তা তাদের অজানা থেকে যায়। নগরবাসীর ভোগান্তি সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না। এর ব্যতিক্রম ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিরাপত্তাবহরের প্রায় চৌদ্দটি গাড়ি থেকে কমিয়ে মাত্র চারটি গাড়ি নিয়ে চলছেন। চলতে গিয়ে কোনো সড়ক বন্ধ করে চলার পথ মসৃণ করা হচ্ছে না। তিনি সড়কের স্বাভাবিক অবস্থায় চলাচল করেন। সিগনালে বসে থাকেন। যানজটে পড়েন। প্রত্যক্ষভাবে সাধারণ মানুষের যানজটের ভোগান্তি দেখেন।

তিনি সরকারি পতাকাবাহী গাড়ি এবং ড্রাইভার ব্যবহার করেন না। নিজের গাড়ি ব্যবহার করেন, যাতে জাতীয় পতাকা থাকে না। এ গাড়ির তেল নিজের পকেটের পয়সায় কেনেন এবং ড্রাইভারের বেতনও দেন। সরকারি সুবিধা নিচ্ছেন না। শুধু সরকারি কোনো অনুষ্ঠান থাকলে সেক্ষেত্রে সরকার নির্ধারিত পতাকাবাহী গাড়ি ব্যবহার করবেন। প্রধানমন্ত্রীর তরফ থেকে যখন এ ধরনের নজির তৈরি করা হয়, তখন তা দেশের মানুষের মন ও মননে ধাক্কা লাগে। তারা অবাক হয়। সারাজীবন তারা সরকার প্রধানদের যে চালচলন দেখে অভ্যস্ত, তাই তাদের মস্তিষ্কে গেঁথে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় প্রথা বদলের এই চেষ্টা তাদের নতুন করে ভাবাচ্ছে, চিন্তার পরিবর্তন ঘটাচ্ছে।

তিনি যে দেশে ফিরে বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি, তার সেই একটি প্ল্যানের মধ্যে এখন অনেক প্ল্যান দেখা যাচ্ছে। ‘বদলে দাও, বদলে যাও’ এমন শ্লোগানে নয়, বদলে যাওয়ার কাজটি প্র্যাকটিক্যাল করে তিনি দেখাচ্ছেন। সমালোচকরা বলতে পারেন, শুরুতে কিছুদিন দেখা যাবে, তারপর সেই আগের মতোই হয়ে যাবে। হয়ত, কিংবা হয়ত না। তবে এটা নিশ্চিত পরিবর্তনের যে সূচনা তিনি করেছেন, তা অব্যাহত থাকুক, জনগণ তাই চায়। তিন. প্রধানমন্ত্রী তারেক রহমানের দশ দিনের সরকারের কর্মকা- থেকে বোঝা যাচ্ছে, দেশ পরিচালনায় তিনি অত্যন্ত সিরিয়াস। তার চালচলন বলে দিচ্ছে, তার নিজের চাওয়া-পাওয়ার কিছু নেই। তিনি দেশের জন্য নির্মোহভাবে কাজ করে যেতে চান। আমরা জানি না, প্রধানমন্ত্রীর যে আন্তরিক প্রচেষ্টা, তা সবসময় বজায় থাকবে কিনা।

কারণ, আমাদের দেশের রাজনীতি ও আমলাতন্ত্র এমনই যে, তাদের স্বার্থে আঘাত লাগলে তা মেনে নেয় না। ভালো কাজটি যিনি করেন, নানা ছলচাতুরির মাধ্যমে তাকে বদনামের ভাগিদার করে ফেলেন। আবার মন্ত্রীদের বেঁফাস মন্তব্য ও বক্তব্য সরকারের ইমেজ নষ্ট করে ফেলে। যে ইতিবাচক ইমেজ সরকার প্রধান নিজস্ব ক্যারিশমায় জনগণের সামনে গড়ে তোলেন, কোনো কোনো মন্ত্রী ও এমপির বক্তব্য এবং অপকর্ম মুহূর্তে সেই ইমেজ কালিমালিপ্ত হয়। এর দায় পড়ে প্রধানমন্ত্রীর ওপর। ইতোমধ্যে সড়কে চাঁদাবাজি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর অনাকাক্সিক্ষত মন্তব্য যথেষ্ট সমালোচনা তৈরি করেছে। কোন বিষয়টি সেনসেটিভ এবং তা নিয়ে মন্তব্য করতে হবে কি হবে না, মন্তব্য করলেও কি বলতে হবে, এ ব্যাপারে মন্ত্রীদের সতর্ক থাকা বাঞ্ছনীয়।

তাদের স্মরণে রাখতে হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে অত্যন্ত কষ্টকর সময় অতিক্রম করে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। যারা মন্ত্রী-এমপি হয়েছেন, তারাও দীর্ঘ দেড় যুগ ধরে ফ্যাসিস্ট শাসনের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। তাদেরকে বুঝতে হবে, অনেক ত্যাগ, রক্ত ও কষ্টের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। তারা যে দুঃখ-কষ্টের মধ্য দিয়ে দায়িত্ব পেয়েছেন, তাদেরকে মানুষের দুঃখ-কষ্ট বুঝতে হবে। তাদেরকে মন্ত্রী নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো নিজেকে কর্মী ভাবতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য ও কাজ অনুসরণ করে চলতে হবে।

প্রধানমন্ত্রী ইতোমধ্যে মন্ত্রীসভা ও আমলাদের এই ম্যাসেজ দিয়ে দিয়েছেন, তার সরকার পরিচালনার নীতি ও জনগণকে দেয়া প্রতিশ্রুত অনুযায়ী তাদের চলতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেবেন না। অন্যদিকে, এটা প্রতীয়মান হচ্ছে তিনি দেশের প্রচলিত রজনীতি চেঞ্জ করে দেবেন। তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দিয়ে তাদের মনমানসিকতা অনুযায়ী রাজনীতি পরিবর্তন করবেন। প্রথাগত বিরোধিতার রাজনীতি এবং বিরোধীদলকে ইস্যু ছাড়া চাপে রাখার নীতি পরিহার করে চলবেন। আমরা দেখেছি, তারেক রহমান তার বিরোধী পক্ষকে নিয়ে কখনো কোনো কটু কথা বলেননি। তিনি শুধু তার কাজটি করে যাচ্ছেন। মানুষের জন্য কী করতে হবে, কী করলে মানুষ ভাল থাকবে, এ চিন্তা নিয়ে তিনি চলছেন। তবে দেশের বর্তমান অর্থনীতি অত্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছে। হাসিনার ফোকলা করে যাওয়া অর্থনীতি অন্তর্বর্তী সরকার উদ্ধার করে যেতে পারেনি। খাদের কিনারেই রয়ে গেছে। অর্থনীতির এ পরিস্থিতি থেকে তুলে আনাই নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ভঙ্গুর অর্থনীতিকে মেরামত করতে না পারলে জনগণকে দেয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ কঠিন হয়ে যাবে। মানুষের হাতে টাকা দেয়ার ব্যবস্থা করতে হবে। তাদের আয় বাড়ানোর পথ তৈরি করতে হবে। বিনিয়োগ বাড়ানোর সব ধরনের উদ্যোগ নিতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এসব কাজ দ্রুত করতে হবে। মানুষ এই আশায়ই তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ‘ব্রুট মেজরিটি’ দিয়ে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। ফলে সরকারের সকলে মিলে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে। অর্থনীতির অবনমন ঘটলে, মানুষ ভাল না থাকলে সরকারের কোনো মূল্যই তাদের কাছে থাকবে না।

চার. জিয়াউর রহমান নিজেকে সবসময় শ্রমিক হিসেবে গণ্য করতেন। তার শাসনকালের প্রায় পুরোটা সময় তাকে শ্রমিকের মতো কাজ করে যেতে হয়েছে। কখনো খাল খনন করতে কোদাল হাতে নেমে পড়া, কখনো গ্রামের মানুষের অবস্থা স্বচক্ষে দেখার জন্য গ্রাম থেকে গ্রামে হেঁটে চলা। তাকে খুব কমই বিশ্রাম নিতে দেখা গেছে। শ্রমিক কাজ করলে পয়সা পায়, কাজ না করলে পয়সা পায় না, এমন নীতি নিয়ে জিয়াউর রহমান চলেছেন। তিনি কাজ করে দেশের জন্য উপার্জন করতেন। তার পুত্র আজ প্রাধানমন্ত্রী। তিনি নিজেকে একজন কর্মী হিসেবে বিবেচনা করেন। তার আচার-আচরণে তাই প্রতিফলিত হচ্ছে। বলা বাহুল্য, প্রধানমন্ত্রী নিজেকে জৌলুসপূর্ণ করে তুলতে পারেন, সে ক্ষমতা তার রয়েছে। তবে তারেক রহমানকে দেখে মনে হচ্ছে, তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন ঠিকই, তবে প্রধানমন্ত্রী হয়ে নয়, যেন একজন কর্মী হয়ে বসেছেন, যার কাজ মানুষের জন্য কাজ করে যাওয়া। বলার অপেক্ষা রাখে না, সরকার প্রধানের কথাবার্তা, আচার-আচরণ মানুষ আগ্রহ নিয়ে প্রত্যক্ষ করে। মানুষের ওপর এর প্রভাব পড়ে। অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে ওঠে। তারেক রহমান যেভাবে ক্ষমতাধর হয়েও ক্ষমতা প্রদর্শন না করে নিজেকে অত্যন্ত বিনয়ী ও সাধারণভাবে উপস্থাপন করছেন, তা মানুষকে আকর্ষণ করছে। এই আকর্ষণের মধ্য দিয়ে তারা এই ভরসা করছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের আশা-আকাক্সক্ষা পূরণ করতে পারবেন।

darpan.journalist@gmail.com