বাংলাদেশে টানা উচ্চ মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিয়েছে। ফলে ২০১৫ সালের জাতীয় বেতন কাঠামোর পর দীর্ঘ সময় বেতন পুনর্গঠন না হওয়ায় যৌক্তিক বেতন বৃদ্ধির প্রশ্নটি আবারও সামনে এসেছে। একই সঙ্গে বেতন বাড়ালে মূল্যস্ফীতি বাড়বে- এমন আশঙ্কা থেকে নীতিনির্ধারণে এক ধরনের টানাপোড়েন তৈরি হচ্ছে। যার সমাধান কেবল বেতন-ঘোষণায় নয়, সামগ্রিক অর্থনৈতিক শৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনায়ও নিহিত। এই পরিস্থিতিতে একটি স্থায়ী বেতন কমিশন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি হয়ে উঠেছে।

\r\nবাংলাদেশের সাম্প্রতিক মূল্যস্ফীতির চিত্র দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় বেশি উদ্বেগজনক- এমন ইঙ্গিত মিলেছে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক সম্পর্ক বিভাগের বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ২০২৬ সালের সম্ভাবনা শীর্ষক প্রতিবেদনের আলোচনায়, যেটি মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়কে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ উদ্বেগ হিসেবে দেখিয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত সংবাদ বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৫ সালে বাংলাদেশে মূল্যস্ফীতি উচ্চ ছিল এবং ২০২৬ সালে মূল্যস্ফীতির চাপ কমবে- এমন নিশ্চয়তা নেই। এর সঙ্গে যোগ হয় বাস্তব বাজার-অভিজ্ঞতা, যেখানে মানুষের বেতন একই গতিতে না বাড়লে সংসারের ভারসাম্য ভেঙে যায়- এ বিষয়টি কেবল নিম্ন আয়ের নয়, স্থির আয়ের মধ্যবিত্তের ক্ষেত্রেও সমান সত্য।

\r\nজাতিসংঘের পূর্বাভাসভিত্তিক প্রতিবেদনে ২০২৬ সালে বাংলাদেশের মূল্যস্ফীতি কিছুটা নামলেও আঞ্চলিক তুলনায় বেশি থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে দেশীয় পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে ২০২৫ সালের গড় মূল্যস্ফীতি ৮.৭৭ শতাংশ- যা টানা কয়েক বছর উচ্চ মূল্যস্ফীতির ধারাবাহিকতাকে নিশ্চিত করে। মূল্যস্ফীতি যখন দীর্ঘ সময় স্থায়ী হয়, তখন এটি এক ধরনের নীরব কর হিসেবে কাজ করে- সঞ্চয় ভাঙে, ধার বাড়ে, আর নিত্যব্যয়ের বাইরে শিক্ষা-চিকিৎসা-যাতায়াতের মতো খাতে কাটছাঁট শুরু হয়। এই প্রেক্ষাপটে বেতন সমন্বয়ের জন্য নিয়মিত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না থাকা একটি বড় ঘাটতি। \r\nএই বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে আলোচনা নতুন নয়। কিন্তু সময়ের ব্যবধান বড় হয়ে যাওয়ায় চাপটা এখন তীব্র।

২০১৫ সালের পর দীর্ঘ সময় নতুন জাতীয় বেতন কাঠামো কার্যকর না হওয়ায় অনেক কর্মচারী-কর্মকর্তার আয়ের সঙ্গে ব্যয়ের ফাঁক বেড়েছে। কারণ বাজারদর বেড়েছে, কিন্তু বেতনের কাঠামোগত হালনাগাদ হয়নি। সাম্প্রতিক সময়ে গঠিত জাতীয় বেতন কমিশন যে বেতন বৃদ্ধির সুপারিশ প্রস্তুত করেছে- এমন খবরও প্রকাশিত হয়েছে, যেখানে গড় হিসেবে উল্লেখযোগ্য হারে বেতন বাড়ানোর প্রস্তাবের কথা বলা হচ্ছে। অর্থাৎ, রাষ্ট্রের ভেতরেই স্বীকৃতি তৈরি হচ্ছে যে, শুধু বার্ষিক ইনক্রিমেন্ট দিয়ে দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির ধাক্কা সামাল দেওয়া কঠিন। \r\nতবু প্রশ্ন উঠছে, বেতন বাড়ালে কি মূল্যস্ফীতি আরও বাড়বে? এই আশঙ্কার উৎস একাধিক। যদি সরকারি বেতন বৃদ্ধির ফলে বাজারে মোট চাহিদা হঠাৎ বেড়ে যায়, অথচ সরবরাহ-ব্যবস্থা একই থাকে, তাহলে কিছু পণ্যে দাম বাড়ার ঝুঁকি থাকে।

আবার যদি বেতন বৃদ্ধির অর্থ জোগাতে সরকার অতিরিক্ত ঋণ বা ঘাটতি অর্থায়নের পথে যায়, কিংবা বাজারে প্রত্যাশাজনিত দাম বাড়বে মনোবৃত্তি ছড়িয়ে পড়ে, তাহলে মূল্যস্ফীতি সামাল দেওয়া কঠিন হতে পারে। কাজেই বেতন বাড়ানো যাবে কি যাবে না- এই বাইনারি প্রশ্নের বদলে মূল আলোচ্য হওয়া উচিত কীভাবে বেতন সমন্বয় করলে ক্রয়ক্ষমতা রক্ষা হবে, কিন্তু মূল্যস্ফীতিও উসকে উঠবে না। \r\nএখানেই স্থায়ী বেতন কমিশনের ভূমিকা অপরিহার্য হয়ে ওঠে। একটি স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বেতন কমিশন প্রতি দুই বা তিন বছর অন্তর মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে নিয়মিত বেতন সমন্বয়ের সুপারিশ করতে পারে।

এতে একদিকে যেমন দশ-বারো বছর পর বড় ধাক্কার বদলে ছোট ছোট নিয়মিত সমন্বয় হবে, অন্যদিকে বাজারে অপ্রত্যাশিত চাহিদা বৃদ্ধির ঝুঁকিও কমবে। স্থায়ী কমিশন বেতন-কাঠামোকে অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে পারবে এবং রাজনৈতিক বিবেচনার বদলে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিশ্চিত করবে। \r\nউচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন পথে চেষ্টা চালিয়েছে- সুদের হার বৃদ্ধি, কর-শুল্ক সমন্বয়, আমদানি নীতির পরিবর্তন- তবে একই সময়ে মূল্যস্ফীতি কয়েক মাসের ব্যবধানে আবারও বেড়েছে। খাদ্যপণ্য, জ্বালানি, পরিবহন, আমদানি ব্যয়, মুদ্রাবাজার-সব দিকেই সমন্বিত নজরদারি দরকার। স্থায়ী বেতন কমিশন এই বৃহত্তর অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবে কাজ করতে পারে, যেখানে বেতন নীতি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ পরস্পর সংযুক্ত থাকবে।

\r\nএ প্রসঙ্গে আরেকটি বাস্তবতা হলো- দীর্ঘদিন বেতন কাঠামো হালনাগাদ না হলে কর্মজীবীদের ওপর অনানুষ্ঠানিক (বেতন বহির্ভূত) আয়ের প্রতি নির্ভরতা বাড়ার সামাজিক ঝুঁকি তৈরি হয়। প্রশাসনিক সেবার গুণগত মান, কর্মদক্ষতার প্রণোদনা এবং নৈতিক শৃঙ্খলা-সবকিছুই শেষ পর্যন্ত ক্রয়ক্ষমতা এবং সম্মানজনক জীবিকা প্রশ্নের সঙ্গে জড়িত। তাই যৌক্তিক বেতন কাঠামোকে শুধুই ব্যয় হিসেবে নয়, দক্ষ জনসেবার একটি ভিত্তি হিসেবেও দেখা হয়- যদিও সেটি বাস্তবায়নে আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতার কড়াকড়ি অপরিহার্য। একটি স্থায়ী কমিশন এই নৈতিক শৃঙ্খলা ও প্রশাসনিক দক্ষতার সঙ্গে বেতন নীতির সম্পর্ককে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে পারে।

\r\nজাতিসংঘের প্রতিবেদনে বৈশ্বিকভাবে বলা হয়েছে, মূল্যস্ফীতি কিছুটা কমলেও জীবনযাত্রার ব্যয়ের চাপ অনেক দেশে থেকে যাচ্ছে এবং বাস্তব আয় ক্ষয়ের ঝুঁকি তৈরি করছে। বাংলাদেশের ক্ষেত্রে এই বক্তব্যের তাৎপর্য আরও বেশি। কারণ দেশীয় পরিসংখ্যানও দেখায় মূল্যস্ফীতি টানা উঁচুতে ছিল এবং ২০২৫ সালে গড় হার ৮.৭৭ শতাংশ। এই অবস্থায় বেতন স্থির থাকলে প্রকৃত আয় কমে যাওয়াই স্বাভাবিক। আর তার ফল পড়ে পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক মানব উন্নয়নের সূচকে। স্থায়ী বেতন কমিশন এই সূচকগুলো নিয়মিত পর্যবেক্ষণ করে বাস্তবমুখী সুপারিশ দিতে পারে। \r\nসমাধানের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময় ও ধারাবাহিকতা।

যদি নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হয়, তাহলে সেটি যেন কেবল ঘোষণায় আটকে না থাকে- কারণ দীর্ঘ অপেক্ষার পরে বাস্তবায়ন স্থগিত হলে অনিশ্চয়তা আরও বাড়ে এবং বাজারে দাম বাড়বে প্রত্যাশা শক্ত হতে পারে। একই সঙ্গে বেতন সমন্বয়ের সঙ্গে সঙ্গে বাজারে প্রতিযোগিতা বাড়ানো, সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা, কৃষি ও খাদ্য সংরক্ষণ-লজিস্টিক উন্নয়ন এবং আর্থিক নীতির বিশ্বাসযোগ্যতা- এসবকে একসঙ্গে এগোতে হবে, যাতে আয় বাড়লেও দাম অযথা লাফ না দেয়। একটি স্থায়ী কমিশন এই সমন্বিত পরিকল্পনায় সেতুবন্ধনের ভূমিকা পালন করতে পারে। \r\nবিশ্বের অনেক দেশে স্থায়ী বেতন কমিশন বা নিয়মিত বেতন পর্যালোচনা পর্ষদ রয়েছে। যেগুলো মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় করে।

এর ফলে সেসব দেশে বেতনভোগীরা অনিশ্চয়তার মধ্যে থাকেন না এবং সরকারও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারে। বাংলাদেশেও এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব এবং প্রয়োজনীয়। এতে কেবল সরকারি কর্মচারী-কর্মকর্তারাই নয়, সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে। কারণ নিয়মিত ও পূর্বানুমেয় বেতন সমন্বয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।\r\nমুদ্রাস্ফীতি বনাম যৌক্তিক বেতন কাঠামোকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখলে বাস্তব সমস্যার অর্ধেকই অধরা থেকে যায়। টানা উচ্চ মূল্যস্ফীতির দেশে বেতন-সমন্বয় না করা যেমন সামাজিক চাপ বাড়ায়, তেমনি অযত্নে ও অপ্রস্তুতভাবে বেতন বৃদ্ধি নিলে মূল্যস্ফীতির ঝুঁকিও উড়ে যায় না।

বাজেটের মতো বছর বছর নিয়মিত বেতন ও সুযোগ-সুবিধা সামঞ্জস্য করলে কর্মজীবীরা মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার খরচের সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারবে। একই সঙ্গে সরকারের হঠাৎ বড় অঙ্কের অর্থ ব্যয় করার প্রয়োজন পড়বে না এবং অতিরিক্ত মুদ্রাস্ফীতির ঝুঁকিও থাকবে না। অনেক বছর পর একসঙ্গে বেতন নির্ধারণ করলে তা বাস্তবে যাই হোক, সাময়িক উত্তেজনা সৃষ্টি করে। কিন্তু বছর বছর সমন্বয় করলে সকল মহল চাপমুক্ত থাকবে। উল্লেখ্য, ১০ বছর পর বেতন পুনর্নির্ধারণ করা হলে বৃদ্ধির অঙ্কটি দেখতে বড় মনে হলেও মুদ্রাস্ফীতির হিসাবে তা মোটেও বড় নয়। উপরন্তু এই বৃদ্ধি ওপরের দিকের গ্রেডের জন্য মুদ্রাস্ফীতির অঙ্কে নেতিবাচক। \r\nকাজেই নীতির লক্ষ্য হওয়া উচিত একযোগে দুটি ফল অর্জন-ক্রয়ক্ষমতা পুনর্গঠন তথা বেতন বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ-যার জন্য বেতন কমিশনের সুপারিশ, রাজস্ব-ব্যয় ব্যবস্থাপনা এবং বাজার তদারকি একই সুতোয় গাঁথা প্রয়োজন। আর এই সুতোয় গাঁথার সবচেয়ে কার্যকর মাধ্যম হতে পারে একটি স্বাধীন, দক্ষ ও স্থায়ী বেতন কমিশন, যা নিয়মিত পর্যালোচনা এবং তথ্যভিত্তিক সুপারিশের মাধ্যমে দেশের বেতন নীতিকে আধুনিক ও টেকসই করে তুলবে। \r\nলেখক : অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়\r\nalactg@gmail.com