বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেন।
ওই সময় তিনি ছিলেন বিরোধীদলীয় নেত্রী এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে মাঠে সক্রিয়। তাঁর ভাষণে বেগম খালেদা জিয়া তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভোট ডাকাতি, প্রশাসনের দলীয়করণ, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তোলেন।
এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি আবারও বাউফল সফর করেন।
ওই সময় তিনি পটুয়াখালী জেলার বিভিন্ন আসনে জনসভা করেন, যার মধ্যে বাউফলের জনসভাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সভায় তিনি ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগান তুলে ধরে জনগণের ভোট প্রার্থনা করেন।
১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর শুরুর দিকে (সম্ভবত ১৯৯২ বা ১৯৯৩ সালে) তিনি একবার বাউফলের নিম্নাঞ্চল পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য সফরে আসেন। তাঁর প্রায় প্রতিটি বড় জনসভাই বাউফল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ভাষণে তিনি সবসময় বাউফলের কৃষি, উপকূলীয় সুরক্ষা (বেড়িবাঁধ) এবং শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। ওই সময় তিনি বাউফল ডিগ্রি কলেজকে সরকারি করার ঘোষণাও দেন।
ওই জনসভায় বাউফলের রাজনীতিতে প্রভাবশালী নেতা এবং বিএনপির তৎকালীন নেতা ও পরবর্তীতে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার মঞ্চে উপস্থিত থাকলেও উপজেলা বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা অনুপস্থিত ছিলেন।
ওই সময় আমি দৈনিক জনকণ্ঠের বাউফল উপজেলার নিজস্ব সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করতাম। বেগম খালেদা জিয়ার জনসভা কভার করতে কলেজ মাঠে অন্যান্য সাংবাদিকদের সঙ্গে উপস্থিত ছিলাম।
তখন সাংবাদিকদের কাছে বক্তব্য রেকর্ড করার আধুনিক ডিভাইস বা ডিজিটাল ক্যামেরা ছিল না। ক্যামেরা বলতে ছিল ফিল্মের ক্যামেরা। ছবি তোলার পর তা ওয়াশ বা প্রিন্ট করতে বরিশালে যেতে হতো।
বাউফলে তখন কোনো ডিজিটাল সার্ভিসও ছিল না। আমি বেগম খালেদা জিয়ার বক্তব্য রেকর্ড করার জন্য একটি মাঝারি আকারের ক্যাসেটচালিত টেপরেকর্ডার নিয়ে সভাস্থলে যাই। সেটি তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নজরে পড়লে তারা আপত্তি জানান—টেপরেকর্ডার নিয়ে কেন জনসভার মাঠে থাকা যাবে না।
অনিচ্ছাসত্ত্বেও আমি জনসভাস্থলের অনেক বাইরে একটি মাইকের কাছে অবস্থান নেই। বেগম খালেদা জিয়া যখন ভাষণ দিচ্ছিলেন, তখন মাইকে প্রচারিত তাঁর বক্তব্য টেপরেকর্ডারে রেকর্ড করি। তবে আনন্দের বিষয় ছিল—ফিল্ম ক্যামেরায় তাঁর একটি ছবি তোলার সুযোগ পাই।
শুরুতে নিরাপত্তাকর্মীরা বাধা দিলেও পরিচয়পত্র দেখানোর পর তারা ছবি তোলার অনুমতি দেন। এরপর সভা শেষে বাসায় গিয়ে রেকর্ড করা বক্তব্য শুনে সংবাদ লিখি। সন্ধ্যায় পটুয়াখালী টিঅ্যান্ডটি অফিসে গিয়ে বহু চেষ্টার পর ফ্যাক্সের মাধ্যমে ঢাকায় অফিসে সংবাদটি পাঠাই। নিউজ পাঠানোর পর এক ধরনের পরিপূর্ণ তৃপ্তি অনুভব করেছিলাম।
আজ সেই আপসহীন নেত্রী আমাদের মাঝে নেই। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তাঁর মৃত্যুর খবর পেয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। অনেকক্ষণ চুপচাপ বসে ছিলাম। চোখের সামনে ভেসে উঠছিল বাউফলে তাঁর আগমনের স্মৃতিগুলো।
বিদায় প্রিয় দেশনেত্রী—কাঁদো বাংলাদেশ।
