দুনিয়াজুড়ে প্রায় সব সীমান্তেই কিছু অভিন্ন সমস্যা থাকে, যার অন্যতম মাদক ও মানব পাচার। বাকি সমস্যাগুলো আর্থসামাজিক, আঞ্চলিক ভূরাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে হয়ে থাকে ভিন্নতর। বাংলাদেশের পর্যটন জেলা কক্সবাজারের টেকনাফ একসময় সাগর ও পাহাড়ি সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্যে ছিল অনিন্দ । প্রকৃতির সব উপাদানে ভরপুর এই জনপদের পরিচয় এখন বদলে গেছে ভয়াবহ আতঙ্কে, যার নাম সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কারবার, আন্তর্জাতিক মানবপাচার রুট, হরহামেশা খুনখারাপি ইত্যাদি। টেকনাফে রোহিঙ্গা শিবিরের বিস্তীর্ণ অঞ্চল, তার পাশেই নাফ নদী পার হয়ে মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন রাজ্য- সব মিলিয়ে টেকনাফের ভৌগোলিক বাস্তবতা পরিণত করেছে অপরাধীদের নরকরাজ্যে।
স্থানীয় অধিবাসীরা প্রতিদিন চুরি-ডাকাতি, খুন, অপহরণ ও গুলিবর্ষণের নতুন খবরে আতঙ্কিত হন।\r\nগত এক বছরে এখানে আড়াইশ ডাকাতি এবং শত শত অপহরণের ঘটনা সংকটের গভীরতার সুস্পষ্ট নিদর্শন। টেকনাফের মানুষ নিজের ঘরেই নিরাপদ নয়। এ যেন স্বাধীন রাষ্ট্রের পেটে আরেকটি নিয়ন্ত্রণহীন ভূখণ্ড। দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী জনপদে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সন্ধ্যা নামলেই পুরো জনপদ অচল হয়ে পড়ে। নারী, শিশু ও বয়স্করা রাত কাটান মসজিদ বা অপেক্ষাকৃত নিরাপদ স্থানে। তরুণরা স্বেচ্ছাশ্রমে পাহারায় দাঁড়ান। যখন মানুষ নিজেরাই নিরাপত্তার দায়িত্ব নিতে বাধ্য হয়, তখন রাষ্ট্রীয় কাঠামোর ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। টেকনাফে কেবল পথচারী বা ব্যবসায়ী নয়, কিশোর-তরুণরাও অস্ত্রধারী দলগুলোর টার্গেটে পরিণত হচ্ছে।
সস্প্রতি, বাহারছড়া ইউনিয়নের সতেরো বছর বয়সী মামুনসহ একদল কিশোরকে মুদি দোকান থেকে তুলে নেওয়ার ঘটনা পুরো টেকনাফবাসীকে মনে করিয়ে দিয়েছে যে, অপরাধীরা সবুজ পাহাড় থেকে নেমে এসে, টার্গেটকৃতদের খুন-জখমে রক্তাক্ত করে আবার পাহাড়ে অদৃশ্য হয়ে যায়। স্থানীয়দের প্রতিটি পরিবার আতঙ্কে থাকেন- এই বুঝি তাদের সন্তানের মৃত্যু সংবাদ এলো! দিনরাত সন্তানের ফেরার অপেক্ষায় থাকা; মায়েদের আর্তনাদ পাহাড়ে প্রতিধ্বনিত হয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের তেমন প্রভাব পাওয়া যায় না।\r\nউল্লেখ্য, ১৯৭৮ সালে মিয়ানমারের সামরিক সরকারের নাগমিন অপারেশনে প্রথমবার বাংলাদেশে প্রবেশ করে রোহিঙ্গারা। এরপর ১৯৯১ ও ৯২ সালে দ্বিতীয় বার। রোহিঙ্গাদের সবচেয়ে বড় ঢল বাংলাদেশে আসে ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর ক্লিয়ারেন্স অপারেশন শুরু হলে। মাত্র কয়েক মাসে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এখন বাংলাদেশে মোট রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লক্ষ। এমন কঠিন বাস্তবতায় রোহিঙ্গা ক্যাম্প ঘিরে গড়ে ওঠা সন্ত্রাসী গোষ্ঠীর বিস্তার, ইয়াবা ও আইস বাণিজ্যের আধিপত্য, আর স্থানীয় সহযোগীদের সম্পৃক্ততা- সব মিলিয়ে সৃষ্টি হয়েছে জটিল নিরাপত্তাহীনতার অভয়াশ্রম। বেশির ভাগই মুক্তিপণকেন্দ্রিক অপহরণ, যেখানে অস্ত্রধারী দলগুলো টাকার বিনিময়ে জিম্মিকৃত মানুষকে ফেরত দেয়। এই বাস্তবতা নিরাপত্তা ব্যবস্থার প্রকট দুর্বলতার বর্হিপ্রকাশ বৈকি।
