মোহাম্মদ আবদুল বাতেন নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেইনের নৃবিজ্ঞান ও পরিবেশ নীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর বিষয় ছিল নব্য উদারনৈতিক রূপান্তরের অধীনে সুন্দরবনের ম্যানগ্রোভ বনের শাসন ব্যবস্থা পরীক্ষা করে দেখা। এক দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। তাঁর গবেষণার মধ্যে রয়েছে– রাজনৈতিক বাস্তুতন্ত্র, পরিবেশ ব্যবস্থাপনা, সম্পদের ওপর ভিত্তি করে জীবিকা ব্যবস্থা এবং বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় ম্যানগ্রোভ অঞ্চল, জলবায়ু অভিযোজন এবং বননীতি। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে তাঁর একাধিক প্রবন্ধ। নৃবিজ্ঞান, পরিবেশগত নীতি বিষয়ে তিনি স্বনামধন্য গবেষক। সমকালের পক্ষ থেকে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সহসম্পাদক ইফতেখারুল ইসলাম

সমকাল : গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের রাজনৈতিক আত্মপ্রকাশ কীভাবে মূল্যায়ন করেন?

মোহাম্মদ আবদুল বাতেন : প্রথমত, এটা ইতিবাচক পরিবর্তন। গণঅভ্যুত্থানের আগে অনেকেই বলেছেন, রাজনীতিতে তরুণদের আগ্রহ নেই। এটা আমাদের ভুল মূল্যায়ন ছিল। তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ছিল। কিন্তু এটা যেভাবে ছিল, তা আমরা বুঝতে পারিনি। তাদের রাজনৈতিক ভাষা আমাদের চেয়ে ভিন্ন ছিল। অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা দেখিয়ে দিয়েছে– আমাদের চেয়েও তারা বেশি সচেতন।

সমকাল : ‘আমাদের আর তাদের সচেতনতার পার্থক্য’ বলতে কী বুঝিয়েছেন?

মোহাম্মদ আবদুল বাতেন: তাদের সঙ্গে আমাদের পার্থক্য হলো, নব্বইয়ের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয়েছিল। স্বৈরাচার-পরবর্তী অবস্থায় যখন আমরা সংসদীয় ব্যবস্থায় প্রবেশ করলাম, সেটা যে ধীরে ধীরে আরেকটি নির্বাচনকেন্দ্রিক কর্তৃত্ববাদে পরিগ্রহ করে; কিংবা গত দেড় দশকের অভিজ্ঞতায় বললে ফ্যাসিবাদে রূপ নিয়েছিল, সেটাতেই আমরা আটকে পড়েছিলাম। নব্বইয়ের দশকে এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসা আমাদের প্রজন্মের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু এই প্রজন্ম একটা ফ্যাসিস্ট সরকার থেকে আমাদের বের করে নিয়ে এসেছে, যাদের আমরা জেন-জি বলি। সেই দিক থেকে জুলাই গণঅভ্যুত্থান এক ধরনের ‘জাগরণ’। কেউ কেউ ‘বিপ্লব’ বলেন; আমি এটাকে বলব নতুন জাগরণ।

সমকাল : এরশাদবিরোধী আন্দোলন আর শেখ হাসিনাবিরোধী আন্দোলনের মধ্যে দুই প্রজন্মের লড়াই কীভাবে মূল্যায়ন করেন?

মোহাম্মদ আবদুল বাতেন: এরশাদবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন পরিস্থিতি বোঝা আমাদের জন্য তুলনামূলক সহজ ছিল। কেননা, উনি ছিলেন সরাসরি কর্তৃত্ববাদী শাসক। অন্যদিকে, ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে এবং ধীরে ধীরে সব কটি প্রতিষ্ঠান ধ্বংসের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিম কায়েম করে। এ ব্যাপারে অনেকের ভিন্নমত থাকতে পারে, তবে বইপত্র ও গবেষণা থেকে বলা যায়, আওয়ামী লীগের শাসনের মধ্যে ফ্যাসিস্ট বহু উপাদান ছিল।

সমকাল : এই প্রজন্মের তরুণরা কতটা সফল বলে মনে করেন?

মোহাম্মদ আবদুল বাতেন: নির্বাচনের মধ্য দিয়ে যে মাত্রায় তরুণ প্রতিনিধিত্ব আমরা পেয়েছি, তা জুলাই গণঅভ্যুত্থানের ব্যাপকতার তুলনায় নগণ্য। অন্যদিকে, তারা পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের পথে এগিয়েছে। একটা অংশ জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে। যারা এটা মেনে নিতে পারেনি তারা দলত্যাগ করেছে। এখানে আমি এনসিপিকে বুঝিয়েছি, যদিও সব দলেই তরুণ রয়েছে; তবে তরুণদের রাজনৈতিক দল হিসেবে আমি এনসিপি মাথায় রেখে এ কথাগুলো বলছি। কেননা, জামায়াত-শিবির ও বিএনপির মধ্যেও অনেক তরুণ রয়েছে, তবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপি তরুণদের বেশি প্রতিনিধিত্ব করে।

সমকাল: এনসিপির রাজনীতিকে পুরোনো বলছেন কেন?

মোহাম্মদ আবদুল বাতেন : বিশেষত নির্বাচনী রাজনীতিতে ঢুকে তারা পুরোনো বন্দোবস্তের পথে এগিয়েছে। এরই মধ্য দিয়ে তারা আমাদের নতুন কিছু উপহার দিতে পারেনি; কিন্তু গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত তাদের মধ্যে অন্তত রাজনৈতিক সচেতনতার দিক থেকে ভিন্ন কিছু দেখতে পেয়েছিলাম।

সমকাল: এবার প্রায় চার কোটি তরুণ ভোটারের মধ্যে কী ধরনের প্রবণতা ছিল বলে মনে করেন?

মোহাম্মদ আবদুল বাতেন : তরুণদের মধ্যেও বিভিন্ন স্তর রয়েছে। সুবিধাপ্রাপ্ত, প্রান্তিক, শিক্ষা, শ্রেণিসহ বিভিন্ন বিষয় যুক্ত। তবে এখানে বিশেষত শহরে বসবাসরত তরুণরা আন্দোলনের সামনে থাকে। তারা অনেক বেশি তথ্য পায়, কিংবা শহরকেন্দ্রিক রাজনীতি হওয়ার কারণে সোচ্চার থাকে। এখানে প্রযুক্তির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যদি ঢাকা শহরের ভোট দেওয়ার হার মাথায় রাখি, তাহলে এটা আমাদের সামনে ভিন্ন একটা চিত্র তুলে ধরে, যদিও নির্বাচনের আসনভিত্তিক ভোটার তালিকা আমাদের হাতে নেই। বেসরকারি ফলাফল ও পত্রপত্রিকায় আমরা দেখেছি, ঢাকার ২০টা আসনে মোটামুটি ৪৬ শতাংশ ভোট পড়েছে। ধরে নিচ্ছি, এখানকার তরুণ প্রজন্ম আন্দোলন-সংগ্রামে সবচেয়ে বেশি সক্রিয় ছিল। তবে নিশ্চয় ভোটের কারণে অনেক তরুণ বিভিন্ন অঞ্চলে চলে গেছে। তারপরও আমি ধরে নিলাম, সংখ্যাগরিষ্ঠ ঢাকাকেন্দ্রিক। ঢাকা জেলার ২০টি আসনে মোট ভোটার সংখ্যা হলো ৮৪ লাখ ৭৪ হাজারের মতো; ভোটার কাস্টিং হলো ৩৮ লাখ।

সমকাল: বিষয়টি আরেকটু সংক্ষেপে বলুন।

মোহাম্মদ আবদুল বাতেন: আরেকটু ন্যারো ডাউন করলে ঢাকা মেট্রোপলিটনের কথা ধরা যাক। এখানে মোট ১৫টি সংসদীয় আসন রয়েছে। এখানকার মোট ভোটার ৫৯ লাখের মতো; ভোটার কাস্টিং মোটামুটি ৪১ দশমিক ৫ শতাংশ। তার মানে, পুরো বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে কম কাস্টিং হয়েছে। কিন্তু আন্দোলন-সংগ্রাম, বড় বড় রাজনৈতিক ঘটনার কেন্দ্রবিন্দু হিসেবে এখানে ভোটার কাস্টিং এত কম কেন– এ প্রশ্ন মাথায় রাখতে হবে। হতে পারে ঢাকা জেলার বিপুলসংখ্যক মানুষ ভোট দেয়নি। কেন যায়নি? সামাজিক মাধ্যমগুলো যতটা তাদের আকৃষ্ট করতে পেরেছে, ততটা ভোটকেন্দ্র আকৃষ্ট করতে পারেনি। এখানে আরেকটা ব্যাখ্যা হতে পারে, সামাজিক মাধ্যমে তরুণরা মতপ্রকাশ করে ক্ষান্ত হয়েছে; কিন্তু ভোট প্রদানের মাধ্যমেও যে মতপ্রকাশ করা যায়, সেটা হয়তো তারা সেভাবে উপলব্ধি করেনি। ঢাকা জেলার ২০টি আসনে যেখানে ভোট কাস্টিং ৪২ শতাংশের মতো, প্রান্তিক পর্যায়ে ভোট কাস্টিং প্রায় ৬০ শতাংশ। তাহলে এই প্রশ্ন গুরুত্বপূর্ণ যে, সবচেয়ে সুবিধাপ্রাপ্ত এবং আন্দোলনের কেন্দ্রে ভোটসংখ্যা এত কম কেন? তার মানে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছিল, সেটা আমরা ভোটকেন্দ্রে নিতে পেরেছি কিনা? এই প্রশ্ন গুরুত্বপূর্ণ। কেননা, এটার মধ্য দিয়ে আমরা ক্ষমতা বদলাতে পারি, রূপান্তর ঘটাতে পারি, জুলাই সনদ বাস্তবায়ন করতে পারি ইত্যাদি।

সমকাল: আপনার কাছে কী মনে হয়?

মোহাম্মদ আবদুল বাতেন: আমার কাছে মনে হয়, বাংলাদেশের অন্যান্য প্রান্তিক জেলায় যেভাবে তরুণরা ভোট দিতে গেছে, ঢাকা শহরে সেভাবে যায়নি। কারণ, অন্যান্য জেলার তরুণরা ভেবেছে, অন্যান্য মতপ্রকাশের মাধ্যমে তার উপস্থিতি দেখা যায় না। সুতরাং তার একমাত্র মতপ্রকাশের মাধ্যম হলো ভোট প্রদান। ভোটের টার্নআউটে সামাজিক মাধ্যমগুলোর একটা প্রভাব রয়েছে বলে আমি মনে করি।

সমকাল: গণঅভ্যুত্থানের পর তরুণ নারীদের সম্ভাবনা কেন ঝিমিয়ে গেল?

মোহাম্মদ আবদুল বাতেন : প্রথমত আমরা আশাবাদী ছিলাম। বিশেষত জুলাই অভ্যুত্থানের সবচেয়ে কঠিন সময়ে কারা ভূমিকা রেখেছিল। একটা পর্যায়ে যখন আবু সাঈদকে হত্যা করা হয়েছিল, তারপর যখন সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়, উত্তেজনা কমে আসা, আবার বেড়ে যাওয়া; এগুলোকে যুক্ত করে আন্দোলন বেগবান করার ক্ষেত্রে তরুণ নারীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের ভূমিকার মধ্যে নতুন একটা জাগরণের সৃষ্টি হয়েছিল। নারীদের এই ভূমিকা কেবল সংখ্যাগত দিক থেকে বিচার করলে হবে না। তারপর আন্দোলন যখন সফল হলো, আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেল, সরকার গঠিত হলো। দেশ যখন পুনর্গঠনের দিকে এগোতে চাইল, তখন আমাদের সামাজিক ইস্যুগুলোর মধ্যে বিশেষত সাংস্কৃতিক দ্বন্দ্ব, পুরুষতান্ত্রিক বিষয় সামনে থাকে। আন্দোলনকালে এসব ব্যাপার আলোচনায় ছিল না। কিন্তু পরে ধাপে ধাপে এসব বিষয় জায়গা করে নেয়।

সমকাল: রাজনীতিতে নারীদের অংশগ্রহণে এসব দ্বন্দ্বের কী ধরনের প্রভাব পড়েছে?

মোহাম্মদ আবদুল বাতেন : প্রথমে সাংস্কৃতিক দ্বন্দ্ব সামনে আসে। ধীরে ধীরে ধর্মীয় বিষয়াদি যুক্ত হয়। এগুলো মূলত রাজনীতি ও পুরুষতান্ত্রিকতার জায়গা থেকে আলাদা করে ভাবার সুযোগ নেই। ধীরে ধীরে নারীরা হেনস্তার শিকার হতে শুরু করে। যেহেতু সামনে ভোটের হিসাবনিকাশ ছিল, সুতরাং রাজনৈতিক দলগুলোও তাদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য দায়িত্বহীন আচরণ করেছে। এর বাইরে সরকার নারী কমিশন গঠন করেও সংস্কারবিষয়ক প্রস্তাবগুলো সেভাবে গুরুত্ব দেয়নি। নারীদের রাজনৈতিক সম্ভাবনার ক্ষেত্রে এসবের কোনোটাই আমাদের জন্য ভালো বার্তা দেয়নি।

সমকাল: জামায়াতের সঙ্গে এনসিপির জোটে যাওয়ার সিদ্ধান্ত নারীর রাজনৈতিক আত্মপ্রকাশে কী ধরনের প্রভাব ফেলেছে।

মোহাম্মদ আবদুল বাতেন : এনসিপি বলেছে, কৌশলগত কারণে তারা জামায়াতের সঙ্গে জোটে গিয়েছে। কিন্তু নারীদের ব্যাপারে দলটি কোনো স্পষ্ট বার্তা দিতে পারেনি; বরং এনসিপির নারী নেত্রীদের কয়েকজন দলও ত্যাগ করে। এতে স্বাভাবিকভাবেই একটা ভুল বার্তা গেছে। ফলে জাতীয় নির্বাচনে নারীদের যে অংশগ্রহণ, সেটা হতাশাজনক পর্যায়ে পৌঁছেছে। বিএনপি যে কজন নারীকে মনোনয়ন দিয়েছে, তাতেও এটা স্পষ্ট– তারা পরিবারতন্ত্রের বাইরে যেতে পারেনি। সে কারণে জাতীয় নির্বাচনে নারীরা নারীদের প্রতিনিধিত্ব করেছে, নাকি পরিবারের প্রতিনিধিত্ব করেছে– সেই প্রশ্ন সামনে আসে।

সমকাল : তরুণদের নেতৃত্বে পরিবর্তন কি সম্ভব?

মোহাম্মদ আবদুল বাতেন: এ প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া কঠিন। প্রথমত, তরুণ বলতে আমরা কাকে বোঝাচ্ছি– এ প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমাদের রাজনৈতিক ইতিহাসের দিক থেকে তারেক রহমানও একজন তরুণ। যুবদল কিংবা যুবলীগের যারা সদস্য, তাদের অনেকে ৫০-৬০ বছর পরও তরুণদের দলের অন্তর্ভুক্ত। তবে আপনার প্রশ্নে আমি তরুণ বলতে ৪০ বছরের কম বয়সী ব্যক্তিদের বিবেচনায় নিচ্ছি।

সমকাল: এই বিবেচনায় তরুণরা কি ‘পুরোনো বন্দোবস্ত’ থেকে আদৌ বেরোবে?

মোহাম্মদ আবদুল বাতেন: এবারের নির্বাচনে ১১ দলীয় জোট থেকে তরুণদের সম্পৃক্ততা বেড়েছে। বিএনপি থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তারা প্রধানত পরিবারতন্ত্রের প্রতিনিধিত্ব করে। অবশ্যই বিএনপি একটি বড় দল। অন্যদিকে, এনসিপি একটি নতুন দল; তার সব সদস্যই তরুণ। এ কারণে বিএনপি ও এনসিপির মনোনয়নের ব্যাপারটা সরলীকরণ করা যাবে না। আমাদের মাত্রাগত ব্যাপারগুলোও খেয়াল রাখতে হবে। যেহেতু বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করছে, সুতরাং সেখানে তুলনামূলক প্রবীণদের অংশগ্রহণ বেশি হবেই। প্রতিটি দলের একেকটা লিগ্যাসি আছে। সেটা তাদের মেনে চলতেই হবে। সে ক্ষেত্রে তরুণদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পার্টির প্রতি তাদের আনুগত্য, বিগত দিনে নিজেদের ও পারিবারিক অবদান বিবেচনায় নিতে হয়।

সমকাল: এবারের সংসদে তরুণদের প্রতিনিধিত্ব কীভাবে বিচার করবেন?

মোহাম্মদ আবদুল বাতেন: তরুণরা যে হারে জিতে এসেছে, তাতে আমি পুরোপুরি আশাহত নই। যদি আপনি স্বাধীনতার পরের নির্বাচন কিংবা একানব্বই-পরবর্তী নির্বাচনগুলো খেয়াল করেন, দেখবেন এবারের নির্বাচনে সবচেয়ে বেশি তরুণরা মনোনয়ন পেয়েছে। গড় বয়স মাথায় রেখে হিসাব করলেও পূর্ববর্তী নির্বাচনগুলোর তুলনায় এবার সবচেয়ে বেশি তরুণ মনোনয়নের সুযোগ পেয়েছে। তাদের অনেকেই জয়ী হয়ে এসেছে, যাদের আমরা সরাসরি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে বিবেচনা করতে পারি। বিএনপি থেকে সাঈদ আল নোমান, পীর হেলাল, হুম্মাম কাদের, জামায়াত থেকে শফিকুল ইসলাম মাসুদ– সবাই তরুণ প্রজন্মের প্রতিনিধি। সেই সঙ্গে নাহিদ, আখতার, হাসনাত ও অন্যরা রয়েছে। সেই হিসাবে এবারের সংখ্যাটা অনেক। তারপরও আমি বলব, এই সংখ্যা আরও বেশি করার সুযোগ ছিল। রাজনৈতিক দলগুলোর প্রচারণায়ও দেখা যায়, তাদের মূল টার্গেট ছিল তরুণ প্রজন্ম।

সমকাল: রাজনৈতিক ইশতেহারগুলোতে তরুণদের জন্য অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তরুণ প্রতিনিধিরা কতটা তরুণ প্রজন্মের হয়ে কাজ করতে পারেন?

মোহাম্মদ আবদুল বাতেন: বিএনপি বিজয়ী দল হিসেবে তার দায়িত্ব অনেক বেশি। দলটি তরুণদের ব্যাপারে বিশেষত কর্মসংস্থান, নারী ও শিশুদের নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছে। বড় দল হিসেবে তাদের দায়িত্ব বেশি। অন্যান্য দলের মধ্যে জামায়াত-এনসিপি জোট বিজয়ী না হলেও তাদের একটা ভূমিকা রয়েছে। তারা ওয়াচ ডগ হিসেবে কাজ করবে। তরুণদের মধ্যে অনেকের মিডিয়া কাভারেজও ভালো। বিশেষত নাহিদ, আখতার, হাসনাতরা তরুণ প্রজন্মের হয়ে কাজ করতে পারে।

সমকাল : আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোহাম্মদ আবদুল বাতেন : সমকালকেও ধন্যবাদ।