২ নভেম্বর (২০২৫) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেবো দলের পক্ষ থেকে। দল যাকে যে আসনে নমিনেশন দেবে বা দেয়, অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন। আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন বঞ্চিতরা যেন দলীয় সিদ্ধান্ত মেনে নেন। পাশাপাশি প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে সে বিষয়েও তিনি সতর্ক থাকতে বলেছেন। বলাবাহুল্য, বাংলাদেশের নির্বাচনকালীন রাজনীতিতে প্রার্থী মনোনয়ন একটি দলের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের প্রজ্ঞা এবং তৃণমূলের প্রতি দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ মানদ-।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি যে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তা দলটির জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশ্লেষক এ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও বিএনপি এই মনোনয়ন পর্বকে নিজেদের ঐক্য ও গণতান্ত্রিক চেতনা শক্তিশালী করার সুযোগ হিসেবে গ্রহণ করছে। মনোনয়ন-পরবর্তী কিছু অসন্তোষ ও প্রতিক্রিয়া দেখা গেলেও দলটি দ্রুত পদক্ষেপ নিয়ে প্রমাণ করেছে যে, সে তৃণমূলের মতামতকে মূল্য দেয় এবং একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ। দলীয় নেতৃত্ব মনে করে, জনগণের সমর্থন অর্জনের প্রথম শর্ত হলো নিজেদের ঘরকে গুছিয়ে শক্তিশালী করা। তাই মনোনয়ন পর্বে উদ্ভূত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে বিএনপি এখন আরও ঐক্যবদ্ধ ও গণমুখী রাজনীতির পথে এগিয়ে যেতে চায়। বিশ্লেষকরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর মতো জনপ্রিয় ও বড় দলে বর্তমানে চ্যালেঞ্জ তীব্র হয়েছে। ফলে দিন থাকতে সঠিক সিদ্ধান্ত না নিলে দলীয় বিভেদ স্থায়ী হবে। প্রতিপক্ষকে সুবিধা তৈরি করে দেওয়া হবে। নির্বাচনি তফসিলের আগে-মনোনয়ন ঘোষণার নিশ্চয় কারণ আছে। কিন্তু প্রকৃত বাস্তবতার দিকে দৃষ্টি দেওয়া আবশ্যক। কারণ মনোনয়ন বঞ্চিতরা বিভেদে মগ্ন থাকলে নিশ্চিত বিজয় হাত ছাড়া হতে পারে।

প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণার পর দেশের কিছু এলাকায় অসন্তোষ প্রকাশ পেয়েছে, তাকে বিএনপি নেতৃত্ব অভ্যন্তরীণ গণতান্ত্রিক সংস্কৃতির বহিঃপ্রকাশ হিসেবে দেখছে। ৩ নভেম্বর ঘোষিত ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকার পর আনুমানিক অর্ধ শত আসনে স্থানীয় পর্যায়ে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। একটি বৃহৎ জাতীয় দলে মনোনয়ন নিয়ে সীমিতসংখ্যক আসনে মতভেদ হওয়া অস্বাভাবিক কিছু নয়। বরং এতে প্রমাণিত হয় যে, দলের কর্মীরা প্রাণবন্ত এবং নিজেদের মতামত প্রকাশে সোচ্চার, যা গণতান্ত্রিক রাজনৈতিক চেতনার লক্ষণ। তৃণমূলের কিছু ক্ষোভ-বিক্ষোভ বিএনপি নেতৃত্ব অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করছে। দলীয় নেতারা এটিকে সাময়িক ভুল-বোঝাবুঝি ও আবেগের বহিঃপ্রকাশ হিসেবে চিহ্নিত করে বলেছেন, সময়ের সাথে সাথে অভিমান কেটে যাবে এবং সবাই দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রাখবেন। গুরুত্বপূর্ণ হলো, দলীয় ফোরামে এসব প্রতিক্রিয়ার কথা মনোযোগসহকারে শোনা হচ্ছে। বিএনপির মতে, তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ ও মতামত দলকে প্রাণবন্ত রাখে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণকে আরো অন্তর্ভুক্তিমূলক করতে সাহায্য করবে। দল বিশ্বাস করে যে, রাজনীতিতে মতের অমিল হতে পারে, কিন্তু দিনের শেষে অভিন্ন আদর্শ এবং নির্বাচনে বিজয়ী হওয়ার বৃহত্তর লক্ষ্যের সামনে এসব সাময়িক মতভেদ দূর হয়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং তারেক রহমানের লিজেন্ডারি নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচনে সাফল্যের মুখ দেখাবে, এটাই স্বাভাবিক।

মনোনয়ন ঘোষণার পরপরই কোথাও কোথাও প্রতিবাদ দেখা দিলে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বর প্রতিক্রিয়া ছিল দ্রুত এবং দায়িত্বশীল। দলটির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মূল্যায়ন করেন এবং সমস্যা সমাধানে নেমে পড়েন। বিএনপি নেতৃত্ব ইতোমধ্যে যেসব পদক্ষেপ নিয়েছে: ক). ঘোষিত তালিকার বিপরীতে যেখানে আপত্তি উঠেছে, সেখানে খতিয়ে দেখতে দলের স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে তদন্ত ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলে বিরোধের মূল কারণ শনাক্ত করছে এবং সমাধানের সুপারিশ দিচ্ছে। খ). বিএনপি প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে যে, প্রার্থিতা চূড়ান্ত করার আগে তৃণমূলের মতামত বিবেচনায় নেওয়া হবে।

স্থানীয় জনপ্রিয়তা, দলের প্রতি প্রার্থীর অবদান এবং জনগণের প্রতিক্রিয়া যাচাই করে প্রয়োজন হলে মনোনয়ন পুনর্মূল্যায়ন করা হবে। গ) দলীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে (স্থায়ী কমিটিতে) বিক্ষোভ হওয়া আসনগুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে, সংশ্লিষ্ট আসনগুলোর অসন্তুষ্ট নেতা-কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরাসরি আলোচনা করবেন এবং ভুল বোঝাবুঝি দূর করবেন। ঘ). প্রয়োজনবোধে দলের ভাবমূর্তি রক্ষায় এবং তৃণমূলের চাহিদা মেটাতে বিএনপি ইতোমধ্যে একটি আসনে (মাদারীপুর-১) প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী স্থগিত করে নতুন প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূলের জোরালো দাবির প্রতি সম্মান জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী পরিবর্তন করা বিএনপির ইতিহাসে নজিরবিহীন হলেও এটি দলীয় গণতান্ত্রিক মানসিকতারই পরিচায়ক, নেতৃত্ব বুঝিয়েছে যে, জনগণের মতের প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত বদলাতেও তারা প্রস্তুত। ঙ). কেন্দ্র থেকে ¯পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যেসব পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে হবে। মনোনয়ন না পাওয়া কেউ যাতে ক্ষোভ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করেন সেজন্য সতর্ক করা হয়েছে। আবার একইসাথে তাঁদের উদ্বেগ প্রশমনে নেতারা আগ্রহী, যাতে অভিমানীরা পুনরায় উতসাহিত বোধ করেন।

উপরোক্ত পদক্ষেপগুলোর মাধ্যমে বিএনপি প্রমাণ করছে যে মনোনয়ন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সচেতন ও প্রস্তুত। অর্থাৎ বিএনপি কোথাও বিরোধ রাখতে চায় না, অর্থাৎ দলীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য। প্রাথমিক মনোনয়ন তালিকা তৈরি করতে গিয়ে বিএনপি একাধারে দলীয় ত্যাগী নেতাদের মূল্যায়ন ও নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনার মধ্যে ভারসাম্য রাখতে চেষ্টা করেছে। অভিযোগ উঠেছিল যে যারা আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন তাদের অনেকে বাদ পড়েছেন আর কিছু নতুন মুখ মনোনয়ন পেয়েছেন। বাস্তবে, বিএনপি নিবেদিতপ্রাণ নেতাদের ত্যাগ কখনো অস্বীকার করছে না। তবে নির্বাচনী রাজনীতির বাস্তবতায় কখনো কখনো জনআকাক্সক্ষা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন মুখ বা জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দিতে হয়, যাতে ওই আসনটি জয়ের সম্ভাবনা বাড়ে। দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থী তালিকা প্রণয়নের আগে বিভিন্ন জরিপ ও স্থানীয় প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছিল। যারা মাঠে খুব জনপ্রিয় এবং নিরপেক্ষ ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম, এমন ব্যক্তিদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই এসব ব্যক্তি দলেরই দীর্ঘদিনের সমর্থক বা নেতা, যদিও হয়তো সাম্প্রতিক আন্দোলনে সামনের কাতারে ছিলেন না।

বিএনপি মনে করে, দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন তারা অমূল্য স¤পদ। যাঁরা সরাসরি প্রার্থী হতে না পারেন, তাঁদেরকেও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখা হবে এবং ভবিষ্যতে সমন্বিতভাবে মূল্যায়ন করা হবে। মনোনয়ন-প্রত্যাশীদের এই বার্তাও দেওয়া হয়েছে যে, ত্যাগী নেতাদের সম্মান অক্ষুণè রাখতেই চূড়ান্ত তালিকায় কিছু পরিবর্তন আনা হবে। ইতিমধ্যেই অসন্তোষ প্রশমনে বিএনপির হাইকমান্ড কয়েকটি (৫০-টির মতো) আসনের প্রার্থিতা পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন এবং যেখানে উপযুক্ত মনে হচ্ছে, সেখানে মনোনয়ন সমন্বয় করার চিন্তাও করছেন। হাইব্রিড প্রার্থী বলে যে সমালোচনা হচ্ছে, দল তার বাস্তবতা স¤পর্কেও অবগত। বিএনপি নিশ্চিত করতে চায় যে, কোনো সুবিধাবাদী অনুপ্রবেশকারী যেন তৃণমূলের ত্যাগী নেতাদের জায়গা দখল করতে না পারে।

প্রার্থী তালিকা ঘোষণার পর একটি আলোচনায় উঠে এসেছে আইনজীবী পেশার লোকের আধিক্য এবং অন্যান্য পেশাজীবীর তুলনামূলক স্বল্প উপস্থিতি নিয়ে প্রশ্ন। তবে এর অর্থ এই নয় যে, বিএনপি অন্যান্য শ্রেণি-পেশার নেতাদের অবমূল্যায়ন করছে। বাস্তবে বিএনপি সর্বস্তরের প্রতিনিধিত্বে বিশ্বাসী একটি জাতীয় দল। দলের নীতি-নির্ধারকরা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে প্রার্থী মনোনয়নে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, কৃষকনেতা, তরুণ ছাত্রনেতা প্রভৃতি বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের অন্তর্ভুক্তি বাড়ানো হবে। যারা এবারে মনোনয়ন পাননি এমন বহু যোগ্য ব্যক্তি আগামীদিনে স্থানীয় সরকার নির্বাচন কিংবা দলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাবেন। নারীদের অংশগ্রহণ নিয়ে যেসব উৎকণ্ঠা প্রকাশিত হয়েছে, বিএনপি সেটিও সিরিয়াসলি নিয়েছে। যদিও প্রাথমিক তালিকায় মহিলার সংখ্যা কম, বিএনপির ইতিহাস কিন্তু নারীনেতৃত্বের সফল উদাহরণে ভরপুর। অল্পসংখ্যক সংখ্যালঘু প্রার্থী থাকা নিয়ে প্রশ্ন উঠলেও, বিএনপি সবসময়ই জাতীয় সার্বভৌমত্ব ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করে। বিগত সরকারগুলোতে বিএনপির মন্ত্রিসভা ও দলে বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আসন্ন নির্বাচনে জোটগত সমীকরণের ভিত্তিতে কিছু আসনে মিত্র দলের প্রার্থী থাকবেন, যাঁদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রয়েছেন।

বিএনপি একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদী দল হিসাবে সকল শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে এগোতে বদ্ধপরিকর। প্রাথমিক তালিকার পরিসংখ্যান দেখে সমালোচনা করা হতে পারে, কিন্তু বিএনপি তার চূড়ান্ত রোডম্যাপে বৈচির্ত্যময় নেতৃত্ব নিশ্চিত করার বার্তাই দিয়ে চলেছে। দলীয় প্রার্থী তালিকায় বিএনপি ২৩৭টি আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করার পাশাপাশি বাকি প্রায় ৬৩টি আসন তাদের জোটসঙ্গীদের জন্য ছেড়ে রাখার একটি কৌশলগত ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; তাই বিএনপি এমন সমন্বয়ের পথে হেঁটেছে যাতে সর্বোচ্চ সংখ্যক আসনে সম্মিলিত বিরোধী শক্তির জয় নিশ্চিত করা যায়। কিছু বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন বিদেশে থেকে দেশের বাস্তবতা বোঝা কতটা সম্ভব; কিন্তু গত কয়েক বছরের ঘটনাপ্রবাহ বলে যে তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সারাদেশে ধারাবাহিক আন্দোলন চালাতে সক্ষম হয়েছে এবং সংগঠিত থেকেছে। দলীয় সিদ্ধান্ত গ্রহণে এখন আধুনিক প্রযুক্তির সহায়তায় কেন্দ্র থেকে জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত পরামর্শ করা হচ্ছে, যার ফলে স্থানীয় বাস্তবতার খবরও কেন্দ্রে পৌঁছাচ্ছে। দলের নেতারা তৃণমূল কর্মীদের প্রতি বার্তা দিয়েছেন যে সাময়িক মনোকষ্ট ভুলে সবাইকে চূড়ান্ত লক্ষ্যের দিকে তাকাতে হবে।

২০২৬ সালের নির্বাচনে জয়ী হওয়া বিএনপির জন্য একটি রাজনৈতিক বড় চ্যালেঞ্জ দলীয় ঐক্যই এই চ্যালেঞ্জ মোকাবেলার একমাত্র সমাধান। অর্থাৎ বৃহৎ ক্যানভাসে বৃহত্তর ছবিকে সামনে রেখে যার যার মনের ক্ষোভ ঝেড়ে ফেলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক ও দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটও বিএনপির জন্য অনুকূল দিকে মোড় নিচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার ফাঁসির একটি যুগান্তকারী রায় ও ন্যায়বিচারের প্রশ্নে নতুন জনমতের উদ্ভব বিএনপিকে জনগণের কাছে বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠার সুযোগ দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হলে দলকে অভ্যন্তরীণ বিভেদমুক্ত থাকতে হবে – যা বিএনপি ইতোমধ্যেই বুঝে নিজ ঘর গোছাতে তৎপর। বলা যায়, সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার মানসিকতা নিয়েই বিএনপি সামনে এগোচ্ছে।

সবকিছু বিবেচনায় নিলে দেখা যায়, প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি যে অস্থিরতার মুখোমুখি হয়েছিল, তা ধীরে ধীরে প্রশমিত হচ্ছে এবং দলটির অভ্যন্তরীণ ঐক্য আরও সুদৃঢ় হচ্ছে। আগামী ২০২৬ সালের জাতীয় নির্বাচন কেবল বিএনপির জন্য ক্ষমতায় ফেরার লড়াই নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াইও বটে। ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও আত্মবিশ্বাসী বিএনপি সেই লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে – এমনটাই দেশবাসীর প্রত্যাশা। অবনতিকে জয় করে, সমালোচনাকে শক্তিতে পরিণত করে বিএনপি এখন এক নতুন উদ্যমে অগ্রসর হচ্ছে। দলটির নেতাকর্মী ও সমর্থকদের মিলিত প্রচেষ্টায় যদি অভ্যন্তরীণ ঐক্যের এই ধারা অব্যাহত থাকে, তবে বিএনপি আগামী নির্বাচনে জনগণের আশার প্রতীক হিসেবে আবির্ভূত হবে নিঃসন্দেহে। বাংলাদেশ এক গণতান্ত্রিক পরিবর্তনের দ্বারপ্রান্তে; সেখানে বিএনপি তার অভ্যন্তরীণ গণতন্ত্র ও ঐক্যের মাধ্যমে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে, এই বিশ্বাস ও প্রত্যাশা নিয়েই কর্মী থেকে শীর্ষ নেতা সবাই এগিয়ে চলেছেন দেশের ভবিষ্যৎ পুনর্নির্মাণের লক্ষ্যে।

বিএনপির গঠনতন্ত্র অনুসারে, মনোনয়ন বোর্ড সুনির্দিষ্ট কতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে প্রার্থী বাছাই করেছিলেন। ঘোষণার সময় দলের মহাসচিব বলেছিলেন, আজ ২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপর আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলের সঙ্গে কথা বলে, যে সমস্ত আসন আমরা ঘোষণা করেনি তারা আসতে পারেন। অথবা আমাদের আসনও আমরা পরিবর্তন করতে পারি, এটা আমরা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। একইসঙ্গে আমরা বলতে চাই, এটা আমাদের সম্ভাব্য অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। বর্তমানে দলের নিবিড় পর্যবেক্ষণে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা কতটা বিজয় ছিনিয়ে আনতে পারবেন সেসব বিষয়ে অনুপুঙ্খ বিশ্লেষণ চলছে। একটি বড় দলের শতভাগ শুদ্ধতার মধ্য দিয়ে প্রার্থী বাছাই করা খুব জটিল হলেও বিএনপির নীতি নির্ধারকরা তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞার সমন্বয় ঘটিয়ে চূড়ান্ত করবার চেষ্টা করছেন। নেতা কর্মী দলসহ সকলেই বিএনপির দিকে তাকিয়ে আছে যে, দলটি খুব শিঘ্রই রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে। নিশ্চিতভাবে দলটি সংসদ সদস্য হিসেবে একজন দক্ষ সৎ শিক্ষিত, জনবান্ধব ও দেশপ্রেমিক নেতাকে বেছে নেবে বা বাছাই করতে সক্ষম হবে।

লেখক : সাবেক চেয়ারম্যান, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।