পৃথিবীতে প্রায় ৮ দশমিক ৭ মিলিয়ন প্রজাতির প্রাণী রয়েছে। প্রতিটি প্রজাতির স্বভাব, আচরণ ও বৈশিষ্ট্য আলাদা। এই বিশাল প্রাণিজগতের মধ্যে প্রবাল একটি অনন্য প্রাণী। কিছু প্রবাল দেখতে শাখাসহ গাছের ঝোপের মতো, আবার কিছু প্রজাতি দেখতে ফুলের মতো। এই অসাধারণ রূপের কারণে দীর্ঘকাল ধরে বিজ্ঞানীরাও নির্ধারণ করতে পারেননি যে প্রবাল আসলে কী? ১৮২৭ সালে ফরাসি প্রকৃতিবিদ হেনরি মারিঁ ডে পেসোনেল প্রথমবারের মতো নিশ্চিতভাবে প্রমাণ করেছিলেন, প্রবালগুলো মোটেই সামুদ্রিক উদ্ভিদ নয়, বরং প্রাণী। ফলে প্রবালকে প্রাণিজগতের অংশ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। প্রবাল দ্বীপ হিসেবে খ্যাত নারিকেল জিঞ্জিরা দ্বীপ বা সেন্ট মার্টিন আইল্যান্ড বর্তমানে এক ভঙ্গুর বাস্তুতন্ত্র।
কয়েক দশকের সরকারি অবহেলা, অনিয়ন্ত্রিত উন্নয়ন এবং পর্যটনের এই দ্বীপকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। অনন্য ভূতত্ত্ব ও জীববৈচিত্র্য দ্বীপটিকে একটি জাতীয় রত্ন করে তুলেছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞ গবেষক রেজা খান সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা বিষয়ক যে গবেষণাকর্ম তুলে ধরেছেন একটি জাতীয় দৈনিকে সেটি ভাবনার উদ্রেক করে। সেন্ট মার্টিনের অতিরিক্ত বাসিন্দা ও পর্যটকের চাপ, বিভিন্ন নির্মাণের কারণে শতাব্দী প্রাচীন প্রবাল পাথরের অপসারণ, বৃক্ষ নিধন, অতিরিক্ত মাছ আহরণ ইত্যাদি কারণে আজ পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে দ্বীপটি।
অপরিকল্পিত জীবিত প্রবাল, পাথর, শামুক-ঝিনুক, মাছ ও রঙিন প্রাণী আহরণের ফলে এসব প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়েছে ব্যাপকভাবে।\r\nসেন্ট মার্টিন দ্বীপে পর্যটনের বিস্ফোরণের ফলে শত শত বাড়িঘর ও শৌচাগার; অথচ মানব-বর্জ্যরে কোথাও জায়গা নেই। মানব-বর্জ্য সমুদ্রে প্রবেশ করতে না পেরে পান, রান্না ও গোসলের জন্য ব্যবহৃত ভূগর্ভস্থ অগভীর পানির উৎসগুলোতে অনুপ্রবেশ করে। অপ্রক্রিয়াজাত বর্জ্য জল, কৃষি রাসায়নিক এবং কীটনাশক মাটিতে জমে যে জনস্বাস্থ্য বিপর্যয়ের পরিস্থিতি সৃষ্টি করেছে, সরকার এখনো তা গুরুত্বের সঙ্গে অনুধাবন বা মোকাবিলা করতে পারেনি।\r\nমানুষের পদচারণা কমলে সেন্ট মার্টিন নিজেই নিজেকে সুস্থ করে তুলতে সক্ষম, এমনটাই বিশেষজ্ঞ মত। পরিবেশ ব্যবস্থাপনার জন্য কিছু পরামর্শ তুলে ধরেছেন ওই বিশেষজ্ঞ।
যার ভেতর রয়েছে- জাতীয় ও আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে প্রতিদিন বাধ্যতামূলক আবর্জনা সংগ্রহ এবং সেসবের যথাযথ নিষ্কাশন। সমুদ্রসৈকত এবং প্রবাল বহনকারী শিলা অঞ্চলের কাছাকাছি সব রকমের মোটরচালিত যান, বগি এবং মোটরসাইকেল নিষিদ্ধ করা। নির্ধারিত এলাকার বাইরে নৌকা নোঙর করার ওপর নিষেধাজ্ঞা। প্রয়োজনীয় জেটি, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং বন্দর ছাড়া কংক্রিটের স্থাপনা নির্মাণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ। সৌরবিদ্যুৎ এবং বৃষ্টির জল সংগ্রহের বাধ্যতামূলক ব্যবহার। দ্বীপে ও উপকূলে ছড়িয়ে থাকা পাথর ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা। আমরা মনে করি, এর প্রতিটিই যুক্তিযুক্ত।\r\nদীর্ঘ নয় মাসের দর্শনার্থী নিষেধাজ্ঞা দ্বীপটিকে দৃষ্টিগ্রাহ্য পরিবেশগত সুবিধা দিয়েছে। তবে এটুকুই যথেষ্ট নয়। দ্বীপটিকে বাঁচানোর জন্য রাজনৈতিক সদিচ্ছা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পর্যাপ্ত তহবিল এবং সার্বক্ষণিক পরিচর্যার জন্য একটি স্থায়ী বিজ্ঞানভিত্তিক উদ্যোগ প্রয়োজন। সেন্ট মার্টিন নিছক একটি পর্যটনস্থল নয়, এটি বাংলাদেশের জাতীয় পরিবেশগত ঐতিহ্যবাহী স্থান। সঠিক উদ্যোগ না নিলে এর ক্ষতি হবে অপূরণীয়। তাই এখনই ইতিবাচক উদ্যোগ গ্রহণ বাঞ্ছনীয়।
