নতুন পোশাকের আনন্দই আলাদা। বিশেষ করে কম বয়সীদের মধ্যে এ পোশাক পরিধান করার ক্ষেত্রে এক ধরনের উত্তেজনা কাজ করে। সব বয়সের মানুষই নতুন পোশাকে আলাদা আত্মবিশ্বাস পান। সেদিক থেকে পুলিশের নতুন পোশাক কিছুটা হলেও তাদের নতুন উদ্দীপনা দেবে বৈ কি। তবে শুধু পোশাক পরিবর্তন করে যে পুলিশের পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব নয়– সে কথা ইতোমধ্যে অনেকেই বলেছেন।

শেখ সাদির পোশাকের গল্পও অজানা নয়। ছেঁড়া কাপড়ে দাওয়াতে গিয়ে তিনি তেমন সমাদর পাননি; কম ও অনুন্নত খাবারে তাঁকে সন্তুষ্ট থাকতে হয়। বিষয়টি তিনি বুঝতে পারলেন। কিছুদিন পর আবার ভালো ও শাহেনশাহি দাওয়াতে যাওয়ার পর পেলেন উন্নত খাবারদাবার। কিন্তু তিনি খাবার খেতে বসে কিছু খেলেন এবং কিছু খাবার তাঁর জামার পকেটে ঢোকালেন। পরে দাওয়াতকারী জিজ্ঞেস করলে তিনি বললেন, যেহেতু পোশাকের মর্যাদা দেওয়া হয়েছে, তাই কিছু খাবার পোশাকেরও প্রাপ্য। এর শিক্ষা হলো, মানুষকে পোশাক দেখে নয়; বিচার করতে হবে তার আচার, বিনয় ও জ্ঞানে। যদিও পুলিশকে চিনতে তার পোশাক জরুরি। ইউনিফর্ম ছাড়া বিশেষ বাহিনীকে তো চেনার কোনো উপায় নেই। পুলিশ যখন তার রাষ্ট্রীয় পোশাক পরে দায়িত্ব পালন করে তখন আমরা সেভাবে তাকে মূল্যায়ন করি। সাদা পোশাকেও পুলিশ থাকে বটে, কিন্তু তার পরিচয় তখন সাদা পোশাকের পুলিশ। পুলিশের পোশাক তাই অতি গুরুত্বপূর্ণ। তবে পুলিশের পোশাক পরিবর্তন কতটা তাদের আচরণে পরিবর্তন ঘটাবে– প্রশ্নটা সেখানেই। চব্বিশের গণঅভ্যুত্থানে ভূমিকা নিয়ে পুলিশ বাহিনীর সমালোচনার অন্ত নেই। সে কারণেই এ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কার কমিশন গঠন করেছে। আর পোশাক পরিবর্তন করে নতুন পোশাকেরও অনুমোদন করেছে সরকার। এরই অংশ হিসেবে সম্প্রতি মহানগর পুলিশে ‘আয়রন গ্রে’ রঙের নতুন পোশাক দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশের লোগোতেও পরিবর্তন আনা হয়েছে।

পুলিশের নতুন পোশাকের সঙ্গে রাজার নতুন পোশাকের সম্পর্ক নেই নিশ্চয়। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের বিখ্যাত সেই গল্পে আমরা দেখেছি, কীভাবে দুজন লোক এসে রাজাকে বিশেষ পোশাকের কথা বলে। এত মিহি সুতোর কাপড় তারা বুনতে পারে, যে পোশাক বোকা লোকরা দেখতেই পারে না। অথচ বুদ্ধিমান সাজতে গিয়ে রাজা নিজেই বোকা বনে গেল। ওই লোক দুটি অবশেষে পোশাকের কারিশমায় রাজাকে রাজ্যময় নেংটা ঘোরাল।

পুলিশের নতুন পোশাকের অবশ্য এমন কোনো গুণের কথা সরকার ঘোষণা করেনি। তবে সরকার নাকি কয়েকটি দেশের পুলিশের পোশাক দেখে চূড়ান্ত করেছে। অনেকে অবশ্য এই পোশাক নিয়েও সমালোচনা করেছেন– এ পোশাকে নাকি পুলিশকে মানায় না। তবে যে পোশাকই পরুক, মানুষ দেখতে দেখতে হয়তো অভ্যস্ত হয়ে যাবে। প্রশ্নটা তাই পোশাকে নয়, বাহিনীর আচরণে। সম্প্রতি আমি পুলিশের লাঠিপেটা নিয়ে লিখেছি, পুলিশের লাঠিচার্জ এবং মানবাধিকারের প্রশ্ন (১৪ নভেম্বর ২০২৫)। আগের মতোই বাহিনীটি নাগরিকের ওপর জোরজবরদস্তি চালাচ্ছে। এমনকি নাগরিকের মোবাইল ফোনে তল্লাশির মতো বেআইনি কাজও তারা করছে। সে জন্যই প্রশ্ন উঠছে– শুধু পোশাক পরিবর্তনে তাদের আচরণ ও মানসিকতার পরিবর্তন হবে কিনা।

প্রাথমিকভাবে আমরা পুলিশকে তাদের পোশাক দিয়ে চিনি। সে জন্য পুলিশের পোশাকের পরিবর্তনে তার মানসিকতায়ও পরিবর্তন আসতে পারে। যখন সে নতুন পোশাক পরে চিন্তা করবে; পুলিশ-জনতা যেখানে ভাই ভাই হওয়ার কথা, সেখানে বিপরীত আচরণের কারণেই সংস্কারের প্রশ্ন উঠছে। এই নতুন পোশাক সেই সংস্কারেরই অংশ। পোশাকটি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ। সে অনুভূতিও জাগ্রত হোক– এ দায়িত্ব তার আমানত। সুতরাং তাকে নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে কিছু করা যাবে না; অপরাধ করা যাবে না। সেখানে পোশাক তার বিবেক হিসেবেও ভূমিকা পালন করতে পারে।

মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com