অ্যাডভেঞ্চারপ্রিয় বাঙালির কাণ্ড বটে! মেট্রোরেলের ছাদে উঠে কিনা সেটা আরেক দফা প্রমাণ করল! নগরীর মধ্য দিয়ে, নগরবাসীর মাথার ওপর দিয়ে চলা মেট্রোরেল বিশ্বে পুরোনো হলেও ঢাকাবাসীর জন্য নতুন অভিজ্ঞতা। দুই বছর ধরে পূর্ণোদ্যমে চলছে এ পরিবহন। এ যান নাগরিক জীবনে, বিশেষ করে যারা এ অংশের বাসিন্দা, তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। কম সময়ে ঢাকার এক মাথা থেকে অন্য মাথায় যাওয়া ছিল স্বপ্নের মতো। সে কারণে অল্প সময়েই জনপ্রিয় হয় মেট্রোরেল। অন্তর্বর্তী সরকারের সময় রাজধানীতে যখন আন্দোলনে সব যানবাহন স্থবির, তখনও বীরদর্পে চলেছে এ যান। যদিও যান্ত্রিক ত্রুটির কারণে মাঝেমধ্যে কিছু সময়ের জন্য মেট্রোরেল বন্ধ থাকে। মেট্রোরেলের প্রতি মানুষের ভরসা এতটাই বেড়েছে; কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও তা খবর হিসেবে সংবাদমাধ্যমে আসে। সংগত কারণেই রোববার মেট্রোরেলের ছাদে ওঠার খবর সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।

অক্টোবরের শেষ সপ্তাহে বিয়ারিং প্যাড খুলে এক পথচারীর মৃত্যুর পরও মেট্রোরেল আলোচনায় আসে। তবে রোববারের ঘটনা সবাইকে অপ্রস্তুত করেছে। কারণ এমন নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কেউ এর ছাদে উঠে যাবে– বিষয়টি অকল্পনীয়। ছাদে ওঠা কিশোরকে যেভাবে ছাদ থেকে উদ্ধার করা হয়েছে, তার ভিডিও অনেকেই দেখেছেন। সাধারণত মেট্রোরেলে প্রবেশের নির্দিষ্ট দরজা থাকে। সে দরজা কেবল অল্প সময়ের জন্য খোলা হয় এবং দরজার বাইরেও নিরাপত্তার জন্য স্টেশনে আরেকটি বাড়তি দরজা থাকে। দুই দরজা প্রায় একই সঙ্গে খুলে থাকে, আবার বিপ বিপ শব্দ করে তা বন্ধ হয়ে যায়। ছাদে ওঠার অবকাশ কই!

খবর বলছে, রোববার রাত ৮টার দিকে রাজধানীর সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে পড়ে। বিষয়টি ধরা পড়ার পরই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর রাতে আর ট্রেন চালু হয়নি। কারণ কর্তৃপক্ষের ভাষ্যমতে, এ ধরনের ঘটনার পর পুরো সিস্টেম চেক করতে হয়। বিস্ময়কর হলো, কর্তৃপক্ষ বলছে, দুজন মেট্রোরেলের ছাদে উঠেছে। বাস্তবে সেখানে একজনকে দেখা গেছে।

মেট্রোরেল পুরোপুরি প্রযুক্তিবান্ধব এবং বিদ্যুতের মাধ্যমে চলে বলেই এর ছাদে ওঠার বিষয়টি এতটা উদ্বেগের। মেট্রোরেল পরিচালনাকারী ডিএমটিসিএলের এমডি যথার্থই বলেছেন, ছাদে ওঠা কিশোরটি যে বিদ্যুতায়িত হয়নি, এটাই সৌভাগ্য। সাধারণ ট্রেনে আমরা যাত্রীদের ছাদের ওপরে ওঠার প্রবণতা দেখি। সাধারণ সময়ের বাইরে বিশেষ করে যখন যাত্রীর ব্যাপক ভিড় থাকে, ঈদের সময় কিংবা বিশ্ব ইজতেমায়, তখনও অনেক যাত্রী ট্রেনের ছাদে চড়ে থাকে। সাধারণ ট্রেনের ছাদে চড়াও বিপজ্জনক এবং ছাদ থেকে পড়ে অনেকেরই মৃত্যুর খবর আমরা দেখেছি। তারপরও ট্রেনের ছাদে চড়া বন্ধ হয়নি। সাধারণ ট্রেনের ছাদে চড়লে অবশ্য সংবাদমাধ্যমে খবরও হয় না। মেট্রোরেলের ছাদে চড়ার বিষয়টি যেহেতু প্রথমবার ঘটল, সে জন্য এটি আলোচিত হয়েছে।

এ ঘটনা নিরাপত্তায় দুর্বলতার ইঙ্গিতও দিচ্ছে। যে কেউ চাইলেই যদি মেট্রোরেলের ছাদে উঠে যেতে পারে, তবে সেখানকার নিরাপত্তা বাহিনীর কাজ কী? এমনিতেই কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারী নিহত হওয়ার পরে ১০ শতাংশ যাত্রী কমেছে। নিহত হওয়ার অঘটনের আগে প্রতিদিন যেখানে সাড়ে চার লাখের বেশি যাত্রী মেট্রোরেল ব্যবহার করতেন; ঘটনার পর সেটি কমে চার লাখের আশপাশে এসেছে। পুনরায় নিরাপত্তা ঘাটতি দেখা দেওয়ার বিষয়কে সে জন্যই গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

মেট্রোরেল এসেছে অল্প সময়ে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিরাপদ যাওয়ার ব্যবস্থা হিসেবে। এটি সত্যিই সেভাবে সেবা দিচ্ছে। একে যানবাহন হিসেবে গ্রহণ করে নিয়ম মেনে চলাই নাগরিক দায়িত্ব। মেট্রোরেল যেভাবে দ্রুত সময়ে চলাচল করছে; যাত্রীদের জন্য এটাই অ্যাডভেঞ্চার। এর বাইরে অতিরিক্ত রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে গেলে তা বিপদের কারণ হতে পারে। কর্তৃপক্ষকেও আরেকটু সতর্ক হওয়ার বার্তা দিয়ে গেল ছাদে ওঠার ঘটনা।

মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com