বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে শিশুশ্রম একটি দীর্ঘস্থায়ী ও জটিল ব্যাধি। বিশেষত রাজধানী ঢাকা এবং অন্যান্য বিভাগীয় শহরে গৃহকর্মী হিসেবে শিশুদের নিয়োগ; তাদের ওপর নির্যাতন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্যাতনের ধরনগুলো থার্মাল বার্ন বা পোড়ানো, ভোঁতা অস্ত্রের আঘাত, পড়ে যাওয়া বা ছাদ থেকে ফেলে দেওয়া, খাবার বন্ধ রাখা, মানসিক নির্যাতনের মতো ভয়াবহ ফৌজদারি অপরাধ। বাহ্যিক চাকচিক্য এবং নগরজীবনের আধুনিকতার আড়ালে হাজার হাজার শিশু অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছে, যা কার্যত আধুনিক দাসপ্রথারই নামান্তর। বাংলাদেশে গৃহকর্মীর সংখ্যা নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ এটি অনানুষ্ঠানিক খাত। তবে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রাক্কলন অনুযায়ী, এই সংখ্যা ১৫ থেকে ২০ লাখের মধ্যে, যার একটি বিশাল অংশ শিশু। এই শিশুদের বয়স সাধারণত ৬ থেকে ১৭ বছর। আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং ইউনিসেফের সংজ্ঞায় শিশুশ্রমের যে রূপরেখা দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে গৃহকর্ম তার অন্যতম নিকৃষ্ট উদাহরণ হতে পারে যদি সেখানে শোষণ ও নির্যাতন যুক্ত থাকে।

সাম্প্রতিক বছরগুলোর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, নির্যাতনকারীদের একটি বড় অংশ সমাজের উচ্চশিক্ষিত এবং প্রভাবশালী স্তরের মানুষ। গবেষণায় দেখা গেছে, এই শ্রেণির মানুষ নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করেন। তাদের ধারণা, সামাজিক অবস্থান এবং প্রশাসনিক যোগাযোগ তাদের সুরক্ষা দেবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও শফিউর রহমানের মতো ব্যক্তির ঘটনা এই মানসিকতারই প্রতিফলন। তারা শিশু শ্রমিকদের মানুষ নয়, বরং একটি ‘পণ্য’ বা ‘যন্ত্র’ হিসেবে গণ্য করেন, যার ওপর রাগ মেটানো যায়।

বাংলাদেশে শিশু গৃহকর্মীদের সুরক্ষায় বেশ কিছু আইন ও নীতিমালা থাকলেও সেগুলোর প্রয়োগ ও কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। বিদ্যমান আইনি কাঠামোর ফাঁকফোকরই মূলত নির্যাতনকারীদের দায়মুক্তি প্রদান করে। বাংলাদেশের শ্রম অধিকারের মূল স্তম্ভ হলো ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’। কিন্তু দুর্ভাগ্যজনক, এই আইনের ১(৪) ধারায় গৃহকর্মীদের ‘শ্রমিক’ সংজ্ঞার আওতাভুক্ত করা হয়নি। এর ফলে একজন গার্মেন্টস শ্রমিক বা কারখানা শ্রমিক যেসব আইনি সুরক্ষা পান, যেমন কর্মঘণ্টা, ন্যূনতম মজুরি, ক্ষতিপূরণ– একজন গৃহকর্মী তা থেকে সম্পূর্ণ বঞ্চিত। যেহেতু আইনত তারা ‘শ্রমিক’ নয়, তাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকরা কোনো বাসাবাড়ি গিয়ে শ্রম পরিস্থিতি তদারক করতে পারেন না। বাসাবাড়ি বা ‘গৃহ’ আইনিভাবে একটি ব্যক্তিগত পরিসর হিসেবে বিবেচিত হয়, যেখানে রাষ্ট্রের হস্তক্ষেপ কঠিন।

২০১৫ সালে সরকার ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি’ প্রণয়ন করে। এটি ছিল একটি ইতিবাচক পদক্ষেপ, যেখানে গৃহকর্মীদের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু এটি নীতিমালা; কোনো আইন নয়। ফলে এর বাধ্যবাধকতা নেই। ২০১১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি যুগান্তকারী রায়ে ১২ বছরের কম বয়সী শিশুদের গৃহকর্মে নিয়োগকেই নিষিদ্ধ করে। কিন্তু সে রায় বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি কাঠামো আজও তৈরি হয়নি। অন্যদিকে ‘শিশু আইন, ২০১৩’ অনুযায়ী শিশুদের প্রতি নিষ্ঠুরতা একটি শাস্তিযোগ্য অপরাধ। আইনের ৭০ ধারায় শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য শাস্তির বিধান রয়েছে। কিন্তু পুলিশ অধিকাংশ ক্ষেত্রে গৃহকর্মী নির্যাতনের ঘটনাকে এ আইনের আওতায় না এনে সাধারণ মারধরের মামলা হিসেবে রেকর্ড করে অথবা ‘পারিবারিক বিষয়’ বলে এড়িয়ে যেতে চায়। সরকার ৩৮টি (পরে ৪৩টি) সেক্টরকে শিশুদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ঘোষণা করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে ‘গৃহকর্ম’কে এই তালিকার বাইরে রাখা হয়েছিল, যদিও বাস্তবতা হলো এটি শিশুদের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ কাজ। বদ্ধ পরিবেশে শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের ঝুঁকি এখানে অত্যন্ত প্রবল। মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির মুখেও এই স্বীকৃতি প্রদানে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা লক্ষ্য করা যায়।

কেন বারবার এমন ঘটনা ঘটছে এবং অপরাধীরা পার পেয়ে যাচ্ছে? এর পেছনে রয়েছে একটি শক্তিশালী পদ্ধতিগত ব্যর্থতা। বাংলাদেশে শিশু নির্যাতনের মামলাগুলোর বিচার না হওয়ার অন্যতম কারণ হলো ‘আপস’। অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিরা ভুক্তভোগীর দরিদ্র পরিবারকে টাকার প্রলোভন দেখায় অথবা ভয়ভীতি প্রদর্শন করে। যেহেতু ভুক্তভোগী পরিবারগুলো অত্যন্ত দরিদ্র এবং অসহায়, তারা দীর্ঘ আইনি লড়াই চালানোর সামর্থ্য রাখে না। ফলে তারা সামান্য কিছু টাকা নিয়ে মামলা তুলে নিতে বাধ্য হয়। থানায় যখন কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নিয়ে যাওয়া হয়, তখন পুলিশ অনেক সময় মামলা নিতে চায় না। তারা এটিকে ‘ঘরোয়া বিষয়’ হিসেবে অভিহিত করে এবং সালিশের মাধ্যমে মিটিয়ে ফেলার পরামর্শ দেয়। এমনকি মামলা হলেও তদন্ত প্রতিবেদনে দুর্বলতা রেখে দেওয়া হয়, যাতে আসামি সহজেই জামিন পেয়ে যায়।

বিমানের এমডির বাসায় দগ্ধ শিশুটি কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনার শিকার নয়; একটি ভঙ্গুর রাষ্ট্রীয় ব্যবস্থার বলি। যে রাষ্ট্র তার সবচেয়ে দুর্বল নাগরিক– একজন শিশু গৃহকর্মীকে সুরক্ষা দিতে ব্যর্থ হয় এবং যেখানে শোষকের পরিচয় তার অপরাধের ঢাল হয়ে দাঁড়ায়, সেখানে সুশাসন বা উন্নয়ন অর্থহীন হয়ে পড়ে। প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা এই নিষ্ঠুরতা প্রমাণ করে– নৈতিকতা বা শিক্ষা অপরাধ দমনে যথেষ্ট নয়; প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ।

মো. আসাদুজ্জামান: সহকারী অধ্যাপক, আইন ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয় asad@law.ku.ac.bd