বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ধারাবাহিক উত্তরণ ও পুনর্জাগরণের কাহিনী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন ছিল ভূখ-গত স্বাধীনতার বিস্ফোরণ, তেমনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল রাষ্ট্রচেতনার পুনর্জন্ম। স্বাধীনতার পর চার বছরের অরাজকতা, দুর্ভিক্ষ, বাকশালী একনায়কতন্ত্র ও ভারতীয় প্রভাবের ঘন ছায়া ক্রমবর্ধমান। অর্থনৈতিক বিপর্যয়, খাদ্য সংকট, দুর্ভিক্ষ। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ রাষ্ট্রের কঙ্কালসার চেহারাকে সামনে নিয়ে আসে। এই দুর্ভিক্ষ কেবল খাদ্য সংকটই সৃষ্টি করেনি; রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ভেঙে দেয়, প্রশাসনিক ব্যর্থতা উন্মোচন করে এবং রাজনৈতিক অস্থিরতাকে ত্বরান্বিত করে।
দুর্নীতি, কালোবাজারি, প্রশাসনিক বিশৃঙ্খলা ভয়াবহ। রাজনৈতিক একনায়কতন্ত্র এবং বিরোধীদল দমনের মাত্রা ভয়াবহ। ১৯৭৫ সালের জানুয়ারি মাসে শেখ মুজিবুর রহমান সংবিধান পরিবর্তন করে বাকশাল (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ) নামে একদলীয় শাসনব্যবস্থা চালু করেন। এতে সংবাদপত্র বন্ধ হয়, রাজনৈতিক দল নিষিদ্ধ হয়, প্রশাসন ও বিচার বিভাগ সরাসরি সরকারের নিয়ন্ত্রণে চলে আসে। এই সময় বিরোধিতা ও অসন্তোষ ক্রমে দানা বাঁধতে থাকে। সামরিক বাহিনীর ভেতরেও ধুমায়িত হয় ক্ষোভ; বিশেষ করে মধ্য ও নিম্নপদস্থ কর্মকর্তাদের মধ্যে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট, সেনাবাহিনীর একদল কর্মকর্তা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন। তারা ক্ষমতায় আনেন খন্দকার মোশতাক আহমেদকে। মোশতাক আহমেদ ক্ষমতা নেন বটে, কিন্তু সেনাবাহিনীর ভেতর বিভাজন তীব্র হতে থাকে। মোশতাক সরকার ছিল এক অন্তর্বর্তী ‘কম্প্রোমাইজ রেজিম’, যেখানে স্বাধীকার চেতনার বাইরে গিয়ে তিনি ভারতের ইচ্ছার সঙ্গে সমন্বয় ও পশ্চিমা সমর্থন রক্ষায় ব্যস্ত ছিলেন। কিন্তু কোনো কিছুতেই ভারতকে খুশি করতে পারছিলেন না।
১৫ আগস্টের অভ্যুত্থানের মাত্র তিন মাস পর ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল শাফায়াত জামিল প্রমুখ একটি অভ্যুত্থান ঘটান। তারা চেয়েছিলেন ১৫ আগস্টের অভ্যুত্থানকারীদের সরিয়ে মুজিব-পন্থী বা আওয়ামীপন্থী নেতৃত্বের পুনঃপ্রতিষ্ঠা করতে। কিন্তু ঘটনা সেই সীমায় থেমে থাকেনি। এই অভ্যুত্থান রাজনৈতিকভাবে অস্থিতিশীল রাষ্ট্রে ভারতের কূটনৈতিক ও গোয়েন্দা প্রভাবের প্রশ্নকে সামনে নিয়ে আসে। মার্কিন সাংবাদিক ও বিশ্লেষক, লরেন্স লাইফশুল্জ তার Bangladesh: The Unfinished Revolution–এ দেখিয়েছেন যে, ৩ নভেম্বরের অভ্যুত্থান ছিল ভারতের একটি কৌশলগত হস্তক্ষেপ, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক গতিপথকে আবার ভারত-বান্ধব বলয়ে ফিরিয়ে আনা। এই বিশ্লেষণ অনুযায়ী, ভারত ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশের হঠাৎ ইসলামপন্থী ও পশ্চিমমুখী প্রবণতা দেখে উদ্বিগ্ন হয়। খালেদ মোশাররফ ছিলেন দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ ও মুক্তিযুদ্ধের ‘ইন্ডিয়া-ট্রেইনড’ অফিসারদের একজন। ভারতের RAW (Research and Analysis Wing) এ সময় ঢাকায় সক্রিয়ভাবে গোয়েন্দা যোগাযোগ বজায় রেখেছিল। এই অভ্যুত্থানের লক্ষ্য ছিল ‘বাংলাদেশের সামরিক অভ্যন্তরকে পুনর্নির্মাণ’ এবং ভারত-মৈত্রীর ধারা ফিরিয়ে আনা। তবে লাইফশুল্জ নিজেই এই প্রকল্পকে ভারতের স্বল্পস্থায়ী ও ব্যর্থ আয়োজন সাব্যস্ত করেছেন।
৩ নভেম্বরের অভ্যুত্থানকারীরা সেনাবাহিনীর ক্ষমতা নিজেদের হাতে নেন এবং সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন ঢাকার ক্যান্টনমেন্টে। এমতাবস্থায় ৬ নভেম্বর রাতে ঢাকার ক্যান্টনমেন্টে নি¤œপদস্থ সৈন্যরা (বিশেষত সিপাহী ও নন-কমিশন্ড অফিসাররা) অস্ত্র নিয়ে রাস্তায় নামে। তারা বন্দিদশা থেকে মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করে। খালেদ মোশাররফ, কর্নেল হুদা প্রমুখ নিহত হন। ৭ নভেম্বর ভোরে রেডিওতে প্রচারিত হয় একটি ঘোষণা : আমি জেনারেল জিয়াউর রহমান বলছি, জাতির আকাশ থেকে সংকটের মেঘ কেটে গেছে। সেদিন দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঢাকায় এবং বিভিন্ন গ্যারিসনে সৈনিক-জনতার মধ্যে একাত্মতা ছড়িয়ে পড়ে। জনগণ রাস্তায় নামে সৈনিক ভাইদের সঙ্গে। খালেদ মোশাররফের পক্ষের অফিসাররা নিহত বা আত্মসমর্পণ করেন। ফলে জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন এবং দেশজুড়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ৩ নভেম্বরের অভ্যুত্থান ভারতের কৌশলগত প্রচেষ্টা এবং ৭ নভেম্বরের অভ্যুত্থান বাংলাদেশের আত্ম-নির্ধারণের পুনরুত্থান। এই দুটি ঘটনাই স্বাধীনতার পর রাষ্ট্রদর্শনের সংঘাতকে সম্পূর্ণ রূপে প্রকাশ করে।
৭ নভেম্বরের ঘটনাকে আমরা বলছি, বিপ্লব ও সংহতি। কিন্তু কেন সেটা বিপ্লব? কী এর মর্মসার? বিপ্লব তখনই সত্যিকারের বিপ্লব হয়, যখন তার দ্বারা ইতিহাসের গতিধারা হঠাৎ নতুন মোড় নেয় এবং শুরু হয় এমন এক নতুন কাহিনী, যা আগে ঘটেনি। সে সমাজ ও রাজনৈতিক ব্যবস্থায় নতুন বিন্যাসের সূচনা করে। ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস বিপ্লব এই জায়গায়। এই বিপ্লব এক নতুন রাষ্ট্রচিন্তার জন্ম দেয়, যেখানে বাংলাদেশী জাতীয়তাবাদ, জনরাষ্ট্র ও আত্মমর্যাদাবোধ হয়ে ওঠে রাষ্ট্রের নতুন ভিত্তি। এ কেবল রাজনৈতিক পালাবদল ছিলো না; ছিলো স্বাধীনতার পর রাষ্ট্রগঠন প্রকল্পের ভিতরকার মতাদর্শিক টানাপোড়েনের এক রক্তাক্ত মোড়।
এর ফলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হয়, যেখানে বাংলাদেশী জাতীয়তা ও ইসলামী ধারার পুনরুত্থান শুরু হয় এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী ভারতীয় আধিপত্যবাদী কাঠামো দুর্বল হতে থাকে। ৭ নভেম্বরের আগে রাষ্ট্র ছিল সমাজতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ; এর পরে রাষ্ট্র ধীরে ধীরে ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবোধের দিকে প্রত্যাবর্তন করে। ৭ নভেম্বরের আগে বাংলাদেশ ছিল একদলীয় শাসনব্যবস্থা, বাকস্বাধীনতার নির্বাসন, বিচার বিভাগের নিয়ন্ত্রণ এবং সমাজতান্ত্রিক কাঠামোর দুর্বলতাতে আবদ্ধ। কিন্তু এই ঘটনার পর শুরু হয় বহুদলীয় প্রজাতন্ত্রের বিকাশ, সংবাদপত্র ও নাগরিক চেতনার পুনরুজ্জীবন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসনের পুনঃপ্রতিষ্ঠা। জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের মাধ্যমে এক নতুন রাষ্ট্রদর্শন প্রবর্তন করেন।
যেখানে ব্যক্তি উদ্যোগ, সৃজনশীল প্রতিযোগিতা এবং বাংলাদেশী জাতীয়তার ধারণা কেন্দ্রীয় হয়ে ওঠে। সমাজতন্ত্রের নামে প্রতিষ্ঠিত দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কাঠামোর পরিবর্তে উন্নয়নমুখী মুক্ত অর্থনীতির ভিত্তি স্থাপিত হয়। বিদেশনীতি রুশ-ভারতের প্রভাবমুক্ত হয়ে বিশ্বমুখী হয়; বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে আত্মবিশ্বাসী ও সমসার্বভৌম ভূমিকায় আবির্ভূত হয়। ভারতীয় আধিপত্যের স্রোত কমে। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র গড়ে ওঠে, যা পরবর্তীতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠনের পটভূমি তৈরি করে। সৈনিক ও জনতার বিভাজন দূর হতে থাকে। জাতীয় ঐক্যের নতুন বন্ধন সৃষ্টি হয়। প্রতিরক্ষা ও রাজনীতিতে নতুন সৃজনশীল নেতৃত্বের আবির্ভাব ঘটে। জিয়ার নেতৃত্বে যে নতুন রাজনীতির সূচনা হয়, তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে নতুন সুর, ছন্দ ও দর্শন উপহার দেয়। এই দিন তাই কেবল একটি ঐতিহাসিক মুহূর্ত নয়; এটি বাংলাদেশের রাষ্ট্রচেতনার এক রূপান্তরমূলক পুনর্জন্মের প্রতীক।
স্বাধীনতার পর গঠিত আমলাতান্ত্রিক ও রাজনৈতিক এলিটের বিরুদ্ধে সাধারণ সৈনিক ও নি¤œবিত্তের ক্ষোভ এইদিনে বিস্ফোরিত হয়। এটি রাষ্ট্রক্ষমতার অভ্যন্তরীণ ক্লাস টেনশনের প্রতিফলন। রাষ্ট্র যে স্বৈরতন্ত্রের দিকে কেন্দ্রীভূত হচ্ছিল ৭ নভেম্বর তার বিপরীতে এক সামাজিক প্রতিক্রিয়া তৈরি করেছিল। এটি ছিল জনগণের ‘বঞ্চিত আত্মার’ প্রতিরোধ। সমাজতাত্ত্বিকভাবে এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ‘রাজপথনির্ভর’, সেনা ও গণঐক্য নির্ভর এবং জননেতা নির্ভর রাজনীতির পথে চালিত করে, যেখানে গণযোগ ও বিপ্লব একসাথে সহাবস্থান করে। ৭ নভেম্বরকে সমাজবিজ্ঞানীরা ‘সামরিক-জনতার যৌথ-বিপ্লব’ হিসেবে দেখেন, যা থেদা স্ককপলের 'social revolution'-এর মানদ- অনুযায়ী যথার্থ। কারণ, সেখানে রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরীণ সংঘাত জনগণের চেতনার সঙ্গে মিলিত হয়।
৭ নভেম্বর স্বাধীনতার অর্থ নিয়ে প্রশ্ন তোলে। স্বাধীনতা কি কেবল ভূখ-গত মুক্তি, না কি চেতনার মুক্তিও? যদি স্বাধীনতা হয় কেবল রাষ্ট্রের জন্মমাত্র, তবে ৭ নভেম্বর ছিল রাষ্ট্র-সত্তার দ্বিতীয় জন্ম- অর্থাৎ রাষ্ট্রচেতনার পুনর্নির্মাণ। কারণ, ১৯৭১ সালে স্বাধীনতার পর শৃঙ্খলিত ছিলো স্বাধীনতা। ১৯৭৫ সালের ৭ নভেম্বর পর্যন্ত জাতি প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। আধিপত্যবাদী-সম্প্রসারণবাদী প্রতিবেশীর মদদে স্বাধীনতাকে অর্থহীন করবার শেষ প্রয়াসটি ঘটলো ৩ নভেম্বর ১৯৭৫। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে; একটি সামরিক গোষ্ঠীর অভ্যুত্থানটি ছিলো ভারতের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায়। গোটা দেশ তখন ছিল এক শ্বাসরুদ্ধকর অচলাবস্থায়।
ভারতীয় সংবাদমাধ্যম ও গোয়েন্দা সংস্থা ‘র’ এই ঘটনাকে বাংলাদেশের ওপর পুনরায় আধিপত্য প্রতিষ্ঠার কৌশল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু ইতিহাস ঘুরে দাঁড়ায় ৭ নভেম্বরের ভোরে। রেডিওতে জিয়াউর রহমানের কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গে দেশের মানুষ মুক্তির উল্লাসে রাস্তায় নেমে আসে। সৈনিক ও জনতার ঐক্য সেদিন নতুন মাত্রায় বিকশিত হয়। এ ঐক্য বাংলাদেশকে ফিরিয়ে আনে স্বাধীনতা ও সার্বভৌমত্ত্বের স্বকীয় সড়কে। খ্যাতিমান সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস তার Bangladesh: A Legacy of Blood গ্রন্থে দেখিয়েছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ভোরের দিকে সিপাহীরা ব্যারাক থেকে বেরিয়ে এলে পুরো ঢাকায় সিপাহী বিপ্লব দ্রুত ছড়িয়ে পড়ে। রাত একটার মধ্যেই তারা পুরো ক্যান্টনমেন্ট দখল করে নেয়। বন্দিদশা থেকে মুক্ত হন জেনারেল জিয়া।
রাস্তায় নেমে আসে জনতাÑ তাদের বিশ্বাস, ভারত তাদের কষ্টার্জিত স্বাধীনতাকে বিপন্ন করছে, আর এখন সেই দুঃস্বপ্নের অবসান ঘটেছে। তার মতে, এটি ছিল এক স্বতঃস্ফূর্ত বিপ্লব, যেখানে জনগণ, সেনা ও স্বাধীনতার চেতনা একসূত্রে গ্রথিত হয়। ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে। স্বাধীনতার নায়কের ভূমিকার পরে জিয়াউর রহমান চলে আসেন বাংলাদেশের পুনর্নির্মাণের নেতৃত্বে। ১৯৭১ সালের মার্চে চট্টগ্রাম সেনা ছাউনি থেকে মেজর জিয়াউর রহমান যখন ঘোষণা করেন, আমি মেজর জিয়া বলছি..., তখন তিনি ইতিহাসের অমর নায়ক হয়ে ওঠেন। ৭ নভেম্বর ছিল তার সঙ্গে ইতিহাসের দ্বিতীয় সাক্ষাৎকার। যেখানে বন্দিদশা থেকে উঠে এসে তিনি জাতির নেতৃত্বের দায়িত্ব নেন। সাহস, সততা ও দূরদর্শিতায় তিনি দেশকে অরাজকতা ও বিভাজনের হাত থেকে রক্ষা করেন।
জিয়াউর রহমান শুধু সময়ের সন্তান ছিলেন না; তিনি সময়কে নিজের কর্মে পরিচালিত করেছিলেন। তার প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ বাংলাদেশের স্বাধীন সত্তাকে নতুন দর্শন ও রাজনৈতিক মেরুদ- দেয়। ৭ নভেম্বরের পর দেশ আবারও নানা চক্রান্তের মুখোমুখি হয়। জাসদের গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংঘর্ষের নামে নতুন বিভ্রান্তি সৃষ্টি হয়। কর্নেল তাহেরসহ কিছু গোষ্ঠী জিয়ার বিরুদ্ধে সৈনিকদের উস্কে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেনা ও জনতার মধ্যে জিয়ার জনপ্রিয়তা সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেয়। ব্রিগেডিয়ার শাফায়াত জামিল পরবর্তীতে বলেন, ‘প্রকৃতপক্ষে জিয়াই জাতিকে সার্বিক নৈরাজ্য থেকে এবং ভারতের সম্ভাব্য অ্যাকশন থেকে রক্ষা করেছেন।’ ৭ নভেম্বরের উত্তরাধিকার রাষ্ট্রচেতনায় স্থায়ী প্রতিধ্বনি তৈরি করে। বাংলাদেশের আত্মসত্তায় দিনটি জাতীয় ঐক্য, আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে আছে। এ দিনে সৈনিক ও জনতার মিলনে যে আত্মপ্রত্যয় জন্ম নিয়েছিল, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। এই অনুপ্রেরণা শিখায়িত হয় ততবার, যতবার দেশ হুমকির মুখে পড়ে, স্বাধীনতার অর্থ সংকুচিত হয়ে আসে। এই দিনটি আমাদের শেখায়, স্বাধীনতা শুধু অর্জনেই যথেষ্ট নয়, তা রক্ষা করাও এক মহাযুদ্ধ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই রক্ষার দায়িত্ব নিয়েছিলেন, নিজের জীবনবাজি রেখে। তার নেতৃত্বে বাংলাদেশ পুনরায় দাঁড়ায় আত্মমর্যাদার মেরুদ-ে, মুক্তির দর্শনে, গণরাষ্ট্রের অভিযাত্রায়। সুতরাং ইতিহাসের নিরপেক্ষ বিচারে ৭ নভেম্বর শুধুমাত্র এক রাজনৈতিক ঘটনার দিন নয়; এটি জাতির আত্মপরিচয়ের পুনরাবিষ্কার, স্বাধীনতার নতুন সংজ্ঞা এবং বাংলাদেশি জাতীয়তাবোধের পুনর্জন্ম দিবস।
লেখক: কবি, গবেষক ও ইসলামি চিন্তাবিদ।
