ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ার ৩৬টি বিভাগে ১৮ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। এই বিপুল পরিমাণ শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সংখ্যা মাত্র ৮। সিট সংখ্যা মাত্র ২৬২৬। শতকরা হিসাবে যেটা মাত্র ১৪.৫৯ শতাংশ। আর ৮৫.৪১ শতাংশ তথা ১৫,৩৭৪-এর অধিক শিক্ষার্থী আবাসিক সুবিধার বাইরে অবস্থান করছে। তাদের মধ্যে অধিকাংশই কুষ্টিয়া কিংবা ঝিনাইদহ শহরের বিভিন্ন মেস বা ভাড়া বাসায় অবস্থান করছে। প্রতিদিন যাতায়াতে তাদের ২ ঘণ্টা করে সময় নষ্ট হচ্ছে। তাছাড়া যাতায়াতের ক্লান্তি, বাসে সিট না পাওয়াসহ আরও বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের বেহাল দশাও তাদের প্রতিনিয়ত ভোগাচ্ছে।
অন্যদিকে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া, আনন্দ নগর এলাকায়ও বিপুল পরিমাণ শিক্ষার্থী বিভিন্ন মেসে অবস্থান করছেন। ক্যাম্পাস এরিয়াতে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা থাকলেও শেখপাড়া, আনন্দ নগর কিংবা তার আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনাসহ যাবতীয় কার্যকলাপে বিঘ্ন ঘটছে। আবাসন সংকট নিরসনে নতুন ১০ তলা ছাত্র হল (২টি) ও ছাত্রী হল (১টি) ও শহীদ আনাস হলের নির্মাণাধীন দশ তলা ভবনের নির্মাণ কাজ ২০২২ সাল নাগাদ শেষ হওয়ার কথা থাকলেও এ বছর আর নির্মাণাধীন হলগুলো চালু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বারবার বাজেট ও নির্মাণ ব্যয় ও সময় বৃদ্ধি করা হলেও কাক্সিক্ষত কাজ আশার মুখ দেখেনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত এ বিষয়ে নজরদারি বৃদ্ধি করা। ঠিকাদারি প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় এনে যথাযথ কারণ দর্শানোর নির্দেশ দেয়া। এটাচকৃত হল থেকে দূরে থাকায় অনাবাসিক শিক্ষার্থীরা হলকেন্দ্রিক বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। যার ফলে তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে জানা গেছে। মাননীয় ভিসি মহোদয়ের আশ্বাস অনুযায়ী নির্মাণাধীন হলগুলো চালু হলে শিক্ষার্থীদের আবাসন সংকট কিছুটা কমবে বলে আশা করা যায়।
