মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অধীনে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ)-তে যোগদানের জন্য পাকিস্তানের সেনা পাঠানোর ভাবনা নিয়ে জনসাধারণের মধ্যে ক্রমবর্ধমান প্রশ্ন ও সন্দেহ তৈরি হচ্ছে। আমেরিকা বলছে, একজন আমেরিকান জেনারেলের নেতৃত্বে এই বহুজাতিক বাহিনী কাজ করবে। এটি ট্রাম্প শান্তি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে হামাসের কাছে এর গ্রহণযোগ্যতা অপরিহার্য, কারণ এটি ছাড়া যে দেশগুলো এতে যোগ দেবে তারা ফিলিস্তিনি গোষ্ঠীটির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
গত মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঘোষণা করেছিলেন, পাকিস্তান আইএসএফে অবদান রাখতে ‘অবশ্যই প্রস্তুত’, কিন্তু হামাসকে নিরস্ত্র করা ‘আমাদের কাজ’ নয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই এ ব্যাপারে ফিল্ড মার্শালের সঙ্গে পরামর্শ করেছেন। তারপর তিনি ঘোষণা দেন, ‘আমরা অবদান রাখব’, তবে আইএসএফের ম্যান্ডেট ও রেফারেন্সের শর্তাবলি কী–তা স্পষ্ট হলে একটি দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রকৃতপক্ষে প্রাথমিক পর্যায়ে আরও বেশ কয়েকটি মুসলিম রাষ্ট্র আইএসএফে যোগদানের আগ্রহ দেখালেও তখন থেকেই তারা তা অস্বীকার করছে। মূল বিষয়গুলোর স্পষ্টতার জন্য অপেক্ষা করার কারণে কোনো দেশই সৈন্য পাঠায়নি। ১৬ ডিসেম্বর মার্কিন কেন্দ্রীয় কমান্ড দোহায় একটি সম্মেলনের আয়োজন করে, যেখানে পাকিস্তানও অংশগ্রহণ করে। এতে ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপগুলোর ব্যাপারে আলোচনা করা হয়, যার মধ্যে আইএসএফ মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল এবং তার ম্যান্ডেট সম্পর্কে ঐকমত্য তৈরির কথা ছিল। বৈঠকে ম্যান্ডেট নিয়ে সবাই একমত হতে পারেনি। এর মানে হলো, মিশন সম্পর্কে মুসলিম দেশগুলোর আপত্তি বজায় রয়েছে। যদি ম্যান্ডেটের মধ্যে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে জোরপূর্বক নিরস্ত্রীকরণের বিষয় যুক্ত থাকে, তবে তারা অংশগ্রহণ করবে না। পাকিস্তানকে আইএসএফে অংশগ্রহণ করতে হলে প্রথমে দুটি বিষয় ভেবে দেখা গুরুত্বপূর্ণ। গাজার বর্তমান পরিস্থিতি এবং ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপ কীভাবে এগিয়ে চলেছে–তা পরীক্ষা করা। তবে দি ইকোনমিস্ট শান্তি পরিকল্পনাটিকে ‘গাজার বিশৃঙ্খলায় স্থবির’ বলে তুলে ধরেছে। প্রধান প্রধান দল, ইসরায়েল ও হামাসের মধ্যে দূরত্ব এখনও ব্যাপক; এ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্বের বিষয়ও রয়েছে।
দ্বিতীয় পর্যায়ে রয়েছে গাজায় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, ইসরায়েলি বাহিনীর আরও প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং আইএসএফ মোতায়েন অন্তর্ভুক্তীকরণ। গাজার অন্তর্বর্তী শাসন ব্যবস্থার তত্ত্বাবধানকারী হিসেবে ট্রাম্পের নেতৃত্বে বোর্ড অব পিস এখনও ঘোষণা করা হয়নি। গাজার দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ফিলিস্তিনিদের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত টেকনোক্রেটিক কমিটিতে সদস্যদের নামও ঘোষণা করা হয়নি। যদিও রুবিও বলেছেন, এটি শিগগিরই করা হবে। বিলম্ব এ ব্যাপারে স্পষ্টতা ও ঐকমত্যের অভাব উভয়কেই প্রতিফলিত করে।
সেনারা দখলকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানের মাধ্যমে নতুন বসতি স্থাপন করছে। এতে গাজায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে। অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বিমান হামলায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতির ‘হলুদ রেখা’জুড়ে ইসরায়েলি গুলিবর্ষণ বেড়েছে। এ ঘটনা চুক্তি মেনে না চলা এবং ‘শান্তির জন্য অবিশ্বস্ত অংশীদার’ হওয়ার ক্ষেত্রে ইসরায়েলের দীর্ঘস্থায়ী রেকর্ড আরও শক্তিশালী করে। ইতোমধ্যে এটি স্পষ্ট, শীর্ষ ইসরায়েলি কর্মকর্তারা শান্তি পরিকল্পনার কথা জারি রেখে কখনোই গাজা থেকে সম্পূর্ণরূপে সরে যাবেন না। সে ক্ষেত্রে হামাস নিজেদের নিরস্ত্রীকরণ করবে না।
সম্প্রতি হামাসের এক কর্মকর্তা বলেছেন, আইএসএফের কাজ ও ভূমিকা নিয়ে কোনো চুক্তি না হওয়ায় আলোচনা এখনও স্থগিত রয়েছে। হামাসের আপত্তি মোকাবিলার জন্য গাজা বাহিনীর ম্যান্ডেট ও নিয়মাবলি চূড়ান্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। হামাসের সমর্থন ছাড়া আইএসএফ মোতায়েনের কোনো কার্যকারিতা থাকবে না। পরিশেষে, পাকিস্তানকে অবশ্যই বিবেচনা করতে হবে যে অস্পষ্ট গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। এটি এখনও অগোছালো এবং এভাবে অমীমাংসিত থাকলে তা একপ্রকার চোরাবালির দিকে এগিয়ে যাওয়ার সমতুল্য হবে। পাকিস্তানের জাতীয় স্বার্থই সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত। এ সিদ্ধান্ত পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে হবে।
মালিহা লোদি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত; দ্য ডন থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
