শিক্ষক হিসেবে আমি যে কয়েকটি কোর্স পড়াই সেগুলোর মধ্যে একটি হলো বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। এই কোর্সটি পাঠদান করার সময় সুদুর অতীত থেকে আমাদের বঙ্গীয় উপত্যকার অনেক বিষয়বস্তু পড়াতে হয়। ক্লাশের প্রস্তুতির জন্য পড়াশুনা এবং পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করার সময় নিজেই হতবাক হয়ে যাই, আমাদের গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকা এতোটাই সমৃদ্ধ ও বৈচিত্র্যময়!
সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে বহু বছর ধরে বঙ্গীয় উপত্যকায় মানব বসতি শুরু হবার সময় সম্পর্কে জানার চেষ্টা করছি। কিন্তু, এখনও অনেক প্রশ্নের উত্তর জানা সম্ভব হয়নি। ঠিক কখন, কিভাবে এবং কেন মানুষ আমাদের এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল- শুধুমাত্র এই প্রশ্নকে সামনে রেখেই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর গবেষণা পরিচালনা করা প্রয়োজন। আপাতদৃষ্টিতে, নগর সংস্কৃতির সময়কাল সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় উয়ারী-বটেশ্বর এবং মহাস্থানগড়ের প্রত্নস্থলগুলো থেকে। তবে, গ্রামীণ সংস্কৃতির উদ্ভব সম্পর্কে নিবিড়ভাবে গবেষণা পরিচালনা করা প্রয়োজন। কেন?
এর কয়েকটি উত্তর হলো ভবিষ্যতে ধাবিত হতে হলে অতীতের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে অবশ্যই সুস্পষ্ট ধারণা থাকতে হবে। যে শিক্ষার্থী বর্তমান সময়ের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে হার্ভার্ড কিংবা অক্সফোর্ডের নাম জানতে পারছে, সেই শিক্ষার্থীকে আমাদের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সোমপুর মহাবিহার সম্পর্কেও সুস্পষ্ট ধারণা থাকতে হবে। পাশাপাশি নৃতাত্ত্বিক প্রেক্ষিতে কোন কোন নৃগোষ্ঠীসমূহ কখন এবং কেন আমাদের অঞ্চলে অভিবাসন করেছে সেসব নিয়েও গবেষণা করা প্রয়োজন।
সোমপুর মহাবিহার প্রতিষ্ঠিত হয়েছিল আনুমানিক অষ্টম শতকে। ধারণা করা হয়, সে সময় এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছিল। আমাদের বিখ্যাত পন্ডিত শ্রীজ্ঞান অতীশ দীপংকর এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন এবং পরবর্তীতে এখানে শিক্ষকতাও করেছেন। এই বয়ান এখন পর্যন্ত কোন গবেষক খারিজ করতে পারেননি বিধায় আমরা ধরে নিতে পারি আমাদের এই ছোট্ট বদ্বীপে প্রায় বারশত বছর পূর্বে নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল।
বারশত বছর পূর্বে যে অঞ্চলে বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে সেই অঞ্চলের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের মান প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে কেন? রক্তক্ষয়ী যুদ্ধ করে অর্জিত স্বাধীন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়কেও আমরা বিশ্বসেরা পাঁচশত বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে আসতে পারছিনা কেন? এর উত্তরে অনেকেই দায়ী করতে পারে যোগ্য শিক্ষকের অভাবকে। যদি তাই হয়ে থাকে তাহলে যোগ্য শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করুন। দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের জন্য যে ধরণের প্রনোদনা দেয়া হয় সেরকম বেতন কাঠামো নির্ধারণ করুন। একটি শিক্ষার্থী কিউএস র্যাংকিংয়ের সেরা একশত তালিকার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে এসে এদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করে বেতন পান সরকারি নবম গ্রেড অনুসারে, সর্বমোট ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এটি কি সেই শিক্ষকের প্রাপ্য?
সবচেয়ে অবাক করার বিষয় হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরকারি গ্রেড মেনে বেতন দেয়া হয়। কেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকে বলা হচ্ছে মহান পেশা, কিন্তু তাকে চিহ্নিত করা হচ্ছে নবম গ্রেডের কর্মচারী হিসেবে! অদ্ভুত এক গ্যাড়াকলের মধ্যে রাখা হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। ঢালাওভাবে সকল শিক্ষকদের 'মান খারাপ' হিসেবে অন্য একটি বয়ানও সমাজে প্রতিষ্ঠিত। অথচ, এই দেশের বহু প্রান্তিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যথেষ্ট মানসম্মত গবেষণা করছেন একান্তই ব্যক্তি উদ্যোগে।
এটা ঠিক যে শিক্ষকদের বেতন বৃদ্ধি হলেই রাতারাতি সব পাল্টে যাবেনা। কিন্তু, যে শাসকই ক্ষমতায় আসুক তিনি যদি সর্বোচ্চ নজড় দেন মানসম্মত শিক্ষাখাতে, তিনি অবশ্যই সফল হবেন এবং সেই সাফল্যের প্রভাব বিস্তৃত হবে জনসাধারণের মধ্যে। প্রতিবন্ধকতা রয়েছে এটা অস্বীকার করার উপায় নেই। যেমন আমাদের ক্ষুদ্র দেশে ইতোমধ্যে সরকারি-বেসরকারি মিলে দেড় শতাধিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এতোগুলো বিশ্ববিদ্যালয়কে খুব সহজে মানসম্মতভাবে গড়ে তোলা অবশ্যই দুরুহ কাজ। তাই, এ বিষয়ে বৃহৎ আকারে পরিকল্পনা প্রণয়ন করা জরুরি। প্রান্তিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে হাজারও সংকট। উদাহরণ হিসেবে বলতে পারি, আমি যে বিশ্ববিদ্যালয়টিতে পাঠদান করি সেটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত হলেও নয় বছর ধরে এখনও বিশ্ববিদ্যালয়টি স্থায়ী জমিই পায়নি! এসব নিয়ে অবশ্যই সুপরিকল্পিত এবং সুদুরপ্রসারি পরিকল্পনা প্রনয়ন করতে হবে।
শিক্ষাখাতে বিনিয়োগ বৃদ্ধি ছাড়া আমাদের পক্ষে সামনে এগিয়ে যাওয়া অসম্ভব। সকল বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠনের পাশাপাশি গবেষণা করার জন্য উৎসাহিত করতে প্রনোদনার ব্যবস্থা করুন। শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণ করার জন্য উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়ার সুযোগ করে দিন। শিক্ষার্থীরা যেন স্নাতক পর্যায়ে অন্তত একটি সেমিস্টার মানসম্মত কোন বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন করে আসতে পারে সেরকম এক্সচেঞ্জ প্রোগ্রাম হাতে নিন। আমরা হয়তো হার্ভার্ড-অক্সফোর্ড হতে পারবোনা, কিন্তু সোমপুর মহাবিহারের মতো মানসম্মত হবার যথেষ্ট সুযোগ রয়েছে আমাদের।
মো. রিফাত-উর-রহমান: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক
