(গত শুক্রবারের পর)

আজকেই তো ব্রেকফাস্ট খেতে গিয়েও বকা খেলাম। আমাদের স্বাস্থ্যের প্রতি টোড়ি মাসির দারুণ নজর। ব্রেকফাস্টে ফলমূল খেতেই হবে। কিন্তু কিছু পর একেবারে মধুমাখা কণ্ঠে টোড়ি মাসি বলল, ‘কী রে, কলা খেয়েছিস?’ আমি তো আহ্লাদে আটখানা। প্রশ্নের উত্তর ‘ইয়েস ম্যাডাম’ দিতে পারব। টোড়ি মাসিও খুশি হবে। কোথায় কী! টোড়ি মাসি বলল ‘পরীক্ষায় ফেল। কলার খোসা ট্র্যাশবিনে না ছুঁড়ে খাওয়ার টেবিলেই সাজিয়ে রেখেছিস।’ মাঝে মাঝে ভাবি এই যে টোড়ি মাসি আমাদের সকলকে সভ্য করবার এত চেষ্টা করছে, দারুণ বকাঝকা করছে তাতে কি পরে টোড়ি মাসির অনুশোচনা হচ্ছে ? গভীর চিন্তা করে মনে হলো, ‘মনে হয় না।’ কোনোভাবেই নিখুঁত কিছু করে উঠতে পারছি না। সে আদৌ সম্ভব কিনা তাও জানি না। তবে টোড়ি মাসি বিষয়ে কিছুই নিশ্চিন্তভাবে বলা যায় না।

আমার মাঝে মাঝে মনে হয় হয়ত আমাদের কড়া কথা বলবার পর টোড়ি মাসির একটু মন খারাপও হয়। এই তো আজই। আমাকে বকাঝকা করবার পর বলল, ‘কমলালেবু খাবি?’ আমি দুটো সবুজ রঙের কমলা তৎক্ষণাৎ খেয়ে ফেললাম। ভারী মিষ্টি কমলাগুলো। এমন সবুজ রঙের মিষ্টি কমলা বাংলাদেশেই দেখছি। আমার দার্শনিক চিন্তাভাবনার মধ্যেই টোড়ি মাসি লাঞ্চ খেতে ডাকল। মেনু খাসির মাংস আর পোলাও। অন্য বাড়ি থেকে কেউ দিয়ে গেছে কি? সেদিন আমার প্রিয় বন্ধু অনিমা বাসায় এসেছিল। আমি তো আনন্দে আটখানা। সাধারণত বাসায় কেউ এলে লুচি বানানো হয়। কিন্তু শেফালি নেই। আমরা বাকি সদস্যরা গোল করে রুটিই বানাতে পারি না, আর লুচি! তাই দুঃখের কথা এই যে প্রিয় বন্ধুকে আমরা লুচি খাওয়াতে পারলাম না। অনিমা এত ঝলমলে একটা মেয়ে যে কি বলব! ওর পাশে আমাকে একটা ডানা ভাঙা কাকের মতো লাগছিল।

আশা করি শেফালি ফিরলে লুচি খাওয়া যাবে। এদিকে আমাদের বাড়ি থেকে আরও দু’জন সদস্য বাড়ি ছেড়ে চলে গেছে। মেসো গেছেন বরযাত্রী হয়ে বরিশালে বিয়েতে। টোড়ি মাসি গেছে কনফারেন্সে। আমি আর মা দুর্গ সামলাচ্ছি। মা আশি বছর বয়সে কিছু কাজ না করলেই নয় ভেবে সাদা পিঠা বানিয়েছে। বাঁধাকপি কুচি কুচি করে বাঁধাকপির ঘণ্ট বানিয়েছে। ফুলকপির তরকারি বানিয়েছে। ওলকপির ঘণ্ট বানিয়েছে। পেঁয়াজকলি আলু কুচি করে দিয়ে বানিয়েছে। সকালে সকলের জন্য চা করেছে। অথচ এ সব কাজের কোনো দরকারই নেই। আগেই বলেছি ফ্রিজ ভর্তি খাবার আছে। কিন্তু মা সৈনিকের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একটু আগে আবার দেখি আমার মাথার ওপরে পালকের পরশ। মা গোলাপি রঙের পালক দিয়ে সব ফার্নিচার ঝাড়ু করছে। আমি তো বলি এসব কাজের কোনো দরকার নেই এখন।

মা ক্ষুণ্ন হয়ে আরও জোরে জোরে ঝাড়ু করতে থাকল। আমাকেই ঝাড়ু দিয়ে বের করে দেবে কিনা, কে জানে। আজকে কামাল ভাইয়ের ছুটি। ফলে আমাদের সৈন্য সামন্ত আরও কম। তার ভেতর অতিথি এলেন। মা আমাকে বলল ওদের মুড়ির মোয়া আর চা দে। আমি ফ্লাস্কে রাখা ‘র’ চা দুটো কাপে ঢেলে দিলাম। অবশ্য সে চা কেমন খেতে হয়েছে বলতে পারব না। আমি তো শুধু দুধ চা খাই। এখন আমার একমাত্র বেড়ানোর জায়গা হয়েছে রমনা পার্ক। আজ একটি মেয়ের দু’জোড়া চোখের চঞ্চল চাহনি আমাকে একদম কুপোকাত করে ফেলেছিল। মনে হয় সে চাহনি, সে তার প্রেমিকের জন্য প্র্যাকটিস করছিল। তবে বড় প্রিয় কিছু দৃশ্য দেখলাম। একটা কুকুরের পাঁচটা বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো হুটোপাটি করে খেলা করছে। মা কুকুর এসে ওদের শায়েস্তা করছে। বড় কুকুরটার বাদামি আর সাদা মেশানো রং। বাচ্চাগুলো সাদা আর বাদামি সাদা মেশানো। কি যে মিষ্টি! অনেকক্ষণ ধরে ওদের দেখছিলাম বলে কীনা জানি না ওদের মা এসে আমাকে অনেকক্ষণ ধরে শুঁকে গেল। এই কাজটি মা’র পছন্দ হয়নি। এদিকে আমি ভাবছিলাম একটা বাদামি-সাদা কুকুরছানা বাড়ি নিয়ে যাব। এ কথাটা আমার বাড়ির সদস্যদের সামনে উত্থাপন করলে একটাই উত্তর শুনতে পাব : ‘আমেরিকা চলে যা, যত খুশি কুকুর পুষতে পারবি। তবে এখন ওই কুকুর থেকে সরে আয়, যা বিষ হবে!’

হঠাৎ দেখি একজন ভদ্রলোক খুব মনোযোগ দিয়ে মাটি পর্যবেক্ষণ করছেন আর ছবি তুলছেন। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম কীসের ছবি তুলছেন উনি। উনি দেখালেন মাটিতে পড়ে থাকা একটা গোলাপ ফুলের পাপড়ি। পাপড়ির নিচে বাদামি রঙের ঝরা পাতা, ঝরা মুকুল পড়ে আছে। মনটা এত ভালো হয়ে গেল! অবশ্য তারপর মা’র উচ্চস্বরে ‘সরে দাঁড়া’ ‘সরে দাঁড়া’ সর্তক-বাণী শুনে সরে দাঁড়ালাম। কিন্তু কেন যে সরে দাঁড়ালাম তা বুঝতে পারলাম না। আমি কোনো মোটরসাইকেলই দেখতে পাইনি। কিন্তু মা বলল একটা মোটরসাইকেল নাকি একদম আমার ওড়না ছুঁয়ে বেরিয়ে গেছে। সবসময় কেন যে এত ভয় আর কেন যে এত সতর্কতা তা কিছুতেই বুঝতে পারি না। এতদিন ‘গুজানো’ টেকনোলজি আমার সালোয়ারের ‘ধুলা লেগে যাবে, উঁচু করে গুঁজে পর’-এর মধ্যে সীমাবদ্ধ ছিল।

কিন্তু এখন সে তার সর্বগ্রাসী হাত আমার জামার হাতার দিকেও বাড়িয়ে দিয়েছে। কাল বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল। টোড়ি মাসি বলল জামার হাত গুটিয়ে খাস। ঝোল লেগে যেতে পারে। কোথায় বলবে ‘কবজি ডুবিয়ে খাস’ তা না যতসব অনাসৃষ্টি ! আমি যাই করি না কেন, এই দুই বছর বয়সের বেড়ার জাল থেকে কিছুতেই বের হতে পারছি না। বাড়ির সব লোক আমার সঙ্গে কেন যে এমন ব্যবহার করে তা খোদাই মালুম! আশা করি অচিরেই আমি এই বেড়াজাল ডিঙিয়ে একটা আস্ত সাইজের মানুষ হতে পারব। এই আমার ‘এইম ইন লাইফ’ রচনা। একটু আগে খাওয়ার টেবিল থেকে একটা হাঁড়ি মা আমাকে রান্নাঘরে নিয়ে যেতে বলল। আমি দোলাতে দোলাতে হাঁড়ি নিয়ে চলেছি। মা বলে কী, আমি নাকি চারদিকে জল ছিটিয়েছি। তখন মেঝের ওপর থেকে জল মুছতে হলো। কীভাবে যে সকলকে তুষ্ট করে কিছু করা যায় তা আমার জ্ঞানের বাইরে।

তবে সুখবর হলো টোস্টার খুঁজে পাওয়া গেছে। কামাল ভাই মই নিয়ে এসে রান্নাঘরের সবচেয়ে উঁচু তাক থেকে সেই সম্র্রাজ্ঞীকে খুঁজে পেয়েছেন। আবার আমরা পাউরুটি খাব। মা’র বানানো প্লাম জেলি লাগিয়ে। গত কয়েকদিন কাচ্চি বিরিয়ানি খেতে এত ব্যস্ত ছিলাম যে দিনলিপি লেখা হয়নি। আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল। কাচ্চি বিরিয়ানি, রোস্ট, কাবাব, বোরহানি, পানতোয়া খেলাম। আর পিয়াশ মেসোর বন্ধুর ছেলেরও জন্মদিন ছিল। সেখানেও কাচ্চি বিরিয়ানি, কাবাব, থাই চিকেন, পুডিং, কেক ইত্যাদি খেলাম। বহুবছর পর এসব খাবার আমার কপালে জুটল। খুবই ভালো লাগল। তবে গাড়িতে উঠলেই দেখি বাড়ির সদস্যরা কামাল ভাইকে বলে গাড়িটা লক করে দাও। আমি প্রথমে বুঝতে পারতাম না ব্যাপারটা কী। আজ উদ্ধার করেছি ওরা চাইল্ড লকের কথা বলছে।

যদিও আমাদের গাড়ির আরোহীদের বয়স আশি, সত্তর, ষাট আর পঞ্চাশের ঘরে। তবু আমরা লক করে চলাফেরা করি। আরও কত স্তম্ভিত হবার মতো ঘটনা যে ঘটে এই বাড়িতে! কিন্তু গাড়ি লক করে চলাফেরা করবার আসল কারণ হলো ঢাকার রাস্তাঘাটের পরিস্থিতি এবং নিরাপত্তার অবস্থা। এইসব ছোটখাট পাগলামোর মধ্যেও আজকের দিনটাকে একটা সফল দিনই বলা চলে। রমনায় ঢোকার মুখে আজ দেখি অপূর্ব পাতার গন্ধ। কোনো ফুলের নয়, শুধু পাতার। আশ্চর্য হয়ে গেলাম। প্রতিদিন যখন রমনাতে যাই, অনেক কুকুর দেখতে পাই। আমাদের টোস্টারহীন জীবনে কিছু পাউরুটি তাওয়াতে সেঁকা হয়েছিল। সব আমরা খেয়ে শেষ করতে পারিনি। মা বলল, এই রুটিগুলো রমনাতে নিয়ে যেতে পারিস। আমার ধারণা, হঠাৎ করে মা’র আমাকে খুশি করবার ইচ্ছে হয়েছে।

রমনায় গিয়ে কাকদের রুটি খাওয়ালাম, চিপমাঙ্ককে রুটি খাওয়ালাম, শালিক পাখিদের রুটি দিলাম, আর খাবার দিলাম কয়েকটা বাচ্চাসহ কুকুর মা-কে। মা আর বাচ্চা খুব খুশি হয়ে খেল। শালিক পাখিদের দেখতে আমার অনেকটা আমেরিকার রবিন পাখির মতো লাগে। তারাও আমার এই সামান্য রুটি খুশিমনে খেয়ে ফেলল। আমি তো আবেগে একদম আপ্লুত হয়ে গেলাম। এদিকে একটা এলসেশিয়ানদের রঙের মতো পথকুকুর হঠাৎ এসে তার নরম জিহ্বা দিয়ে আমার পা চেটে দিল। খুব লেজ নেড়ে চলছিল ও। আমি অনেকক্ষণ ধরে তার মাথায় হাত বুলালাম। বুঝতে পারলাম না আমার বাড়ির লোকজন এখনো কেন হারপিক দিয়ে আমায় হাত ধুতে বলেনি। মনে হয় বুঝতে পারেনি। খবর! খবর! খবর! আমাদের শেফালি দিনাজপুরের ঠাণ্ডা আর কুয়াশা থেকে ফেরত এসেছে। এসেই ও আমাকে একটা ‘হাগ’ দিয়ে ফেলেছে। কিন্তু তারপর থেকে প্রচণ্ড রেগে আছে।

‘আপনারা কী কইর্যা রাখছেন বাড়িঘর ? এত ধুলা! মনে হয় না একদিনও কেউ ঘর ঝাড়ু দিছেন! আর আপনারা মনে হয় এক কাপ চা বানাইয়্যাও খাইছেন না কখনো!’ আমি বললাম, ‘না না, টোড়ি মাসি একদিন টোড়ি মাসির ঘর ঝাড়ু দিয়েছে। আর চায়ের কাপ দেখতে পাচ্ছ না কারণ আমরা সব ধুয়ে রেখেছি!’ আমাদের সর্বোত্তম চেষ্টা এবং কারুকার্যের উত্তরে শেফালি বলল, ‘হ !’ এখন সারাদিন ধরে বেচারা শেফালি তার নিজের বাড়িঘর পরিষ্কার করছে। ও ভেবেই পাচ্ছে না আমরা কীভাবে কাদা-মাটির মধ্যে বসবাস করেছি। অথচ ব্রিগেডিয়ার টোড়ি মাসিই শেফালিকে ট্রেনিং দিয়েছে। একেই বলে গুরুমারা বিদ্যা। আজকে আর একটা জিনিস আবিষ্কৃত হয়েছে। টোড়ি মাসি বলল, ‘তুই শ্যাম্পু করিস মাথায়?’ আমি বললাম, ‘হ্যাঁ তো!’ আবিষ্কার করে টোড়ি মাসি দেখেছে যে আমি নাকি এতদিন মাথায় বডি ওয়াশ মেখেছি।

এত তেজ দেখানো টোড়ি মাসিও একই ভুল করেছে। সেও মাথায় বডি ওয়াশ মেখেছে। সবদিকে হায়নার মতো তীক্ষè দৃষ্টি রাখা আমাদের টোড়ি মাসিও গত দুই মাস ধরে কীভাবে এ কাজ করে এসেছে তা সত্যিই পৃথিবীর অষ্টম আশ্চর্য ! আজ আবার আমরা বিরিয়ানি, তেহারি খেয়েছি। বিভিন্ন বিয়ে বাড়ি, জন্মদিন থেকে অনেক বিরিয়ানি, তেহারি জমেছে ফ্রিজে। ফ্রিজে থেকেও এদের স্বাদ খুব একটা খারাপ হয় না দেখছি, বিশেষত আলু বোখারার। আমি রমনায় কুকুর ছানাদের খাবার দিয়ে চলেছি। ম্যাডিসনে ফেলে আসা আমার বর্ডার কলি পিওর ব্রেড কুকুর ক্রোকাসের সঙ্গে এই পথ কুকুরের বাচ্চাদের কোনো পার্থক্য নেই। সকলেই চার পা আকাশে তুলে ঘুমায়। তবে মা কুকুরটা বাচ্চাদের খুবই পাহারা দিয়ে চলেছে। আজ আমার কুকুর খাওয়ানো খুব একটা সফল হয়নি। মনে হয় আমার আগে কেউ খাইয়ে গেছে ওদের।

পেটটা একদম বলের মতো ফুলে আছে। আসলে এত মিষ্টি বাচ্চাগুলো যে ওদের না খাইয়ে পারা যায় না। দেখা যাক কাল কেমন ভাগ্য হয়। আগে বলা হয়নি শেফালির কান্ড। ও আমায় জড়িয়ে ধরে আমাকে এক প্যাকেট বিস্কুট দিয়েছিল। আমার জন্য সুদূর দিনাজপুর থেকে আনা উপহার। যদিও টোড়ি মাসি জিজ্ঞাসা করেছে, ‘কী ব্যাপার, শেফালি, আমাদের জন্য তো কখনো কিছু আনো না ?’ শেফালি মাথা নিচু করে একটু মুচকি হেসেছে। শেফালি এসেছে, মানে আমার দুধ চা-ও ফেরত এসেছে। জীবনে খুব কিছু তো চাওয়া নেই আমার, শুধু জিহ্বার স্বাদ। যদিও এখনি মা এসে জানিয়ে গেল ড্রেস চেঞ্জ করবি নাকি ? আজ গানের স্কুল আছে ৬টা থেকে। এখন সাড়ে পাঁচটা বাজে। এ কথার মানে হলো ওড়না পরবি না ? সেদিন আমার বড়মামা অসীম মামার বাসায় নিমন্ত্রণ ছিল। ভুনা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, ডিম ভুনা, সালাদ, জলপাইয়ের আচার আর কাচ্চি বিরিয়ানি সবকিছুই খুব ভালো খাওয়া হলো। কিন্তু মা উপসংহারে বলে উঠল, ‘ওড়না ফেলে যাচ্ছিস নাকি?’ আমি আমার গলার ফাঁস দেখিয়ে বললাম, ‘না, গলায় ঝুলছে।’ তৎক্ষণাৎ পথ বদলিয়ে মা বলল, ‘পায়ে ক্রিম মেখেছিস?’ হ্যাঁ, নিমন্ত্রণ বাড়িতে এসেই তো পায়ে ক্রিম মাখব! সেদিন রমনায় দেখলাম সাত-আট বছরের একদল মেয়ে গোল হয়ে হাত ধরে ঘুরছে আর বলছে, ‘বাবুদের তাল-পুকুরে হাবুদের ডাল-কুকুরে সে কি বাস করলে তাড়া বলি থাম একটু দাঁড়া !’ চমৎকার আবৃত্তি। শুধু চোখে খটকা লাগল ওদের পোশাক। এত ছোট ছোট মেয়ে। ফ্রক পরলেই মানাত ভালো। কিন্তু না ! (ধারাবাহিক)

লেখক : সাহিত্যিক, সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট (যুক্তরাষ্ট্র)