নাশকতা, আগুন, হত্যা– গেল কয়েক মাসে দেশে নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। সম্প্রতি অরাজকতা সব মাত্রা ছাড়িয়ে আতঙ্কের বিষয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বিভাজকের গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়! দেশ কি আদিম যুগে প্রবেশ করছে? যদিও দুদিন পর র‌্যাব তদন্ত করে জানিয়েছে, তারা দিপু চন্দ্রের বিরুদ্ধে ধর্ম অবমাননার প্রমাণ পায়নি। অভিযোগটি সত্য হলেও কাউকে ধরে আগুনে পোড়ানো যায় না; কেউ আইন ভাঙলে তার জন্য আদালত রয়েছে। খুন করে গাছে ঝুলিয়ে আগুন দেওয়া সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে শুক্রবার রাতে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ৭ বছরের কন্যা আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর আগে আকুতি জানিয়েছিল– ‘আব্বু বাঁচাও, আমাকে বাঁচাও।’ হিংস্রতা কোন পর্যায়ে পৌঁছুলে ঘরে আগুন দিয়ে শিশু হত্যা সম্ভব! ভাবলে শিউরে উঠতে হয়।

সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছে বৃহস্পতিবার রাত ১১টার দিকে। এর পরপরই কারওয়ান বাজারে প্রথম আলো, ডেইলি স্টার ও ধানমন্ডিতে ছায়ানটে, পরদিন উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেওয়া হয়। সংবাদমাধ্যম ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান শুধু ইট-কাঠের দালান নয়; চিন্তার আকর। এসব প্রতিষ্ঠানে ঘোষণা দিয়ে মব সন্ত্রাস; অবশ্যই এসব ঘটনা অন্ধকারাচ্ছন্ন ও গভীর অশনিসংকেতবাহী।

২. চব্বিশের গণঅভ্যুত্থানে গণতন্ত্র ও জবাবদিহিতার প্রতি দেশের মানুষের যূথবদ্ধ ও সুস্পষ্ট সংকল্প প্রকাশিত হয়। এই জাগরণের মধ্যেই আমরা গণতন্ত্রবিরোধী উগ্রবাদী গোষ্ঠীর সম্প্রসারণ দেখতে পাই। সরকারের পৌরোহিত্যে গণতন্ত্রের পথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপ যেমন চলে, একই সঙ্গে মৌলবাদী ও স্বার্থান্ধ বিভিন্ন গোষ্ঠী সমাজে জাঁকিয়ে বসতে থাকে। মাজার ভাঙা, মুক্তিযুদ্ধের স্মারক ভাঙা থেকে ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক ভবন গুঁড়িয়ে দেওয়ার সময় সরকারের নির্বিকারত্ব মবতন্ত্রকে উৎসাহিত করে। এরপর শুরু হয় মুক্তিযুদ্ধের ইতিহাস ও নেতৃত্বের বিরুদ্ধে যা খুশি বলবার প্রতিযোগিতা। এক পর্যায়ে কয়েকজন বলতে শুরু করেন, একাত্তরের ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস নয়। প্রবাসী কয়েকজন ইউটিউবার দেশের স্থিতিশীলতা নষ্টের উদ্দেশ্যে লাগাতার উস্কানি দিতেই থাকেন। মুক্তিযুদ্ধের নেতৃত্ব ও ইতিহাসের প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ বা উক্তি– কিছু নিয়েই সরকারের ভ্রুক্ষেপ নেই।

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মব সন্ত্রাসের উস্কানি এতটাই বাড়ে যে, সংবাদমাধ্যমের কার্যালয়ের সামনে ঘোষণা দিয়ে গরু জবাই করে ‘জিয়াফত’ আয়োজিত হয়েছিল। তখনও সরকার ধরি মাছ না ছুঁই পানি ধরনের পদক্ষেপ নিয়েছিল। এরই ধারাবাহিকতায় ওসমান হাদির মৃত্যুর সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই শাহবাগের জমায়েত থেকে ও অনলাইনে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী ধ্বংসের ঘোষণা দিতে থাকে। বিস্ময়ের সঙ্গে দেখতে হয়, এবারও ঘোষণা দিয়ে মব সন্ত্রাসের সময় আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। সন্ত্রাসীদের বাধাও দিচ্ছে না শৃঙ্খলা বাহিনী। গত ১৫ মাসে আমরা অসংখ্যবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখেছি।

৩. মব সন্ত্রাস দমনে সরকারের নিষ্ক্রিয়তা ও নির্বিকারত্ব জাতির জন্য গভীর উদ্বেগের বিষয় যেমন, তেমনি বিপজ্জনক। সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর সংবাদমাধ্যমের ওপর আক্রমণে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ২১ ডিসেম্বর চ্যানেল টোয়েনটিফোরের ‘মুক্তমঞ্চ’ অনুষ্ঠানে জানিয়েছেন, সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর (উপদেষ্টা) সঙ্গে তিনি সংবাদমাধ্যমে আক্রমণ প্রসঙ্গে কথা বলে সহযোগিতা চাইলেও তা পাননি। বরং তাঁর মনে হয়েছে, সরকার ঘটনাটি ঘটতে দিয়েছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্রনেতাদের গত তিন মাসের কর্মকাণ্ডে স্পষ্ট– তারা ছাত্র প্রতিনিধির সীমায় আর নিজেদের আবদ্ধ রাখতে চান না। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য থেকে জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে তারা সিদ্ধান্ত জানাচ্ছেন! জাকসুর শিবিরপন্থি নেতা সরাসরি হুমকি দিয়ে বলেছেন, শাহবাগি-বামপন্থি-উদীচীর ভবন গুঁড়িয়ে দিতে হবে। রাকসু নেতা সালাউদ্দিন আম্মার নিজেই ‘আওয়ামীপন্থি’ ছয় ডিনের পদত্যাগপত্র লিখে দপ্তরে গিয়ে তাদের সন্ধান করে বলেছেন, ‘আপনাদের আর কষ্ট করতে হবে না! আমরা পদত্যাগপত্র লিখে এনেছি, কষ্ট করে সই করে দিন!’ আম্মার আওয়ামীপন্থি শিক্ষক-কর্মচারীদের তালিকাও প্রস্তুত করছেন। তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্তও জানিয়ে দিয়েছেন। ডাকসুর ভিপি সাদিক কায়েম আওয়ামী লীগ আমলে ছাত্রলীগের মিটিং-মিছিলে সরাসরি অংশ নিয়েছেন; যেখানে আওয়ামী লীগের অত্যাচারে ছাত্ররা বিক্ষত, তখন তিনি ছাত্রলীগের সদস্য। ৫ আগস্টের পর তিনি গৌরবদীপ্ত শিবির নেতা হিসেবে আবির্ভূত!

অযৌক্তিক আচরণের সারাৎসার হয়ে উঠেছে চলমান রাজনীতি। এর পেছনে প্রধান ক্রীড়নক হিসেবে কাজ করছে অন্তর্বর্তী সরকারের রহস্যময়, দুর্বল, অদক্ষ, অপেশাদারি আচরণ। ডানপন্থি ও সাম্প্রদায়িক রাজনীতি সমাজে প্রভাবক হয়ে উঠছে; আইন নিজের হাতে তুলে নিচ্ছে এক দল সন্ত্রাসী মানুষ– সরকার পূর্বাপর নীরব ও নিরস্ত্র দর্শক হয়ে নির্বিকার তাকিয়ে থাকে। এ দেশের সংস্কৃতির মূলে বারংবার কুঠারাঘাত হচ্ছে; সরকারের কোনো তৎপরতা নেই। বিসিএসের প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধকে হেয় করে প্রশ্ন প্রণয়ন করা হচ্ছে; দেশের আনাচে কানাচে সংগীত-কনসার্ট নিয়মিতভাবে বন্ধ ঘোষণা করা হচ্ছে। সংখ্যালঘুর ওপর অত্যাচার থেকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। সরকারের পক্ষ থেকে এসব ‘বিচ্ছিন্ন ঘটনা’ আখ্যা দেওয়া হচ্ছে।

বলছি না, সরকার কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ করবে; দেশের হয়ে কাজ করতে হবে– এটি তার শপথ করে নেওয়া কর্তব্য। বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র; এর নিজস্ব আইন, ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। রয়েছে লিখিত সংবিধান। এসবের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রের কাঠামো ও আইন যারা মানতে চাইবে না, আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা ঘটাবে; তার জন্য ন্যূনতম আইন প্রয়োগ করবার দায়িত্ব অবশ্যই সরকারের। এই দায়িত্বের কথা সরকার জানে না– এমন নয়। তাহলে ধারাবাহিকভাবে অরাজকতা চলছে কেন? সরকারের ভেতরে কোনো শক্তি কি চায় আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করতে না হোক, অথবা নির্বাচনটাই পিছিয়ে দিতে হয়! নির্বাচন না হলে প্রবহমান মাৎস্যন্যায় অবারিত রাখা যায়!

বহুল প্রতীক্ষিত নির্বাচন সমাসন্ন। নির্বাচন নিয়ে যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিতে হবে স্বয়ং সরকারকেই। কোনো পক্ষকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া যাবে না। ঘুঘু বহুবার ধান খেয়ে গেছে; সরকার ইতোমধ্যে সবই উপেক্ষা করেছে। আর নয়। প্রয়োজনীয় সকল প্রতিষ্ঠানকে কার্যকর ও সক্রিয় করে গণতন্ত্রের পথে মসৃণ যাত্রা করা ছাড়া বনপোড়া হরিণীর মতো বাংলাদেশের সাম্প্রতিক এই আর্তনাদ-রক্তক্ষরণ থামবে না। এই সত্য মনে রেখে সরকারসহ শুভবাদী প্রত্যেককে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সক্রিয় হতে হবে।

মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক mahbubaziz01@gmail.com