বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নন, তিনি ছিলেন এক সংগ্রামের ইতিহাস। এই ভূমির রাজনীতি, রাষ্ট্রচিন্তা, জনজীবন সবকিছুতে তাঁর দীর্ঘ পদচারণার গভীর ছাপ রয়ে গেছে। সময়ের নির্মমতা তাকে দূরে সরিয়ে রেখেছে দেশের মানুষ আর রাজনীতি থেকে। অথচ তার নাম উচ্চারিত হতো বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
তাঁর রাজনৈতিক যাত্রার শুরুটি ছিল সম্পূর্ণ অনাঘটিত, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার বীজ নিয়ে নয় বরং একটি আকস্মিক জাতীয় বিপর্যয়ের আবহে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, তাঁর মধ্যেই তিনি সাধারণ জীবনের আড়াল থেকে বেরিয়ে আসেন। কিন্তু দ্রুতই তিনি দেশকে দেখান, নেতৃত্ব কোনো আনুষ্ঠানিক শিক্ষায় তৈরি হয় না; তৈরি হয় মনের দৃঢ়তায়, সংকটে দাঁড়ানোর ক্ষমতায় এবং মানুষের প্রতি গভীর দায়বদ্ধতায়। খুব অল্প সময়ের মধ্যেই তিনি জনমানুষের কাছে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তির প্রতীক হয়ে ওঠেন এবং ইতিহাসের অন্যতম শক্তিশালী গণ-আন্দোলনের নেতৃত্ব দেন। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে তার ভূমিকা শুধু একজন বিরোধীদলীয় নেত্রীর ভূমিকাই ছিল না, বরং ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নৈতিক শক্তি।
তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন দেশের প্রশাসন, অর্থনীতি, কূটনীতি এবং গণতান্ত্রিক কাঠামোর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। নারী শিক্ষা, ক্ষুদ্রঋণ কার্যক্রমের বিস্তার, বেসরকারি খাতে বিনিয়োগের সম্প্রসারণ এবং টেলিযোগাযোগ খাতের উন্মুক্তকরণের মতো পদক্ষেপ বাংলাদেশের অর্থনৈতিক আধুনিকায়নের পথে বড় পরিবর্তন এনেছে। তাকে ঘিরে থাকা তীব্র রাজনৈতিক লড়াই সত্ত্বেও তিনি দুইবার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেন এবং বিরোধী রাজনীতিতেও দেখান অদম্য দৃঢ়তা। চারদলীয় জোট সরকারের সময় আন্তর্জাতিক ভূরাজনীতিতে তার দৃঢ় অবস্থান, ভারতের সঙ্গে সীমান্ত বিষয়ক বাস্তবসম্মত আলোচনা এবং যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রসার দেশের পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ করে। দেশীয় ও আন্তর্জাতিক নানা চাপে তাকে বহু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে কিন্তু তিনি কখনোই রাজনীতির মেরুদণ্ড নামের শব্দটিকে ভেঙে ফেলেননি।
ব্যক্তিজীবনে তার সংগ্রাম রাজনীতির সংগ্রামের মতোই কঠিন। স্বামীকে হারানোর বেদনার পরও তাকে লড়তে হয়েছে দুই ছেলেকে হারানোর নির্মম বাস্তবতার সঙ্গে। রাজনীতির মঞ্চে বিরোধীদের লাগাতার আক্রমণ, রাজনৈতিক প্রতিহিংসা, মামলা, অপমান সবকিছুই তাকে আঘাত করেছে, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি কখনোই নিজের ব্যক্তিগত যন্ত্রণা রাজনৈতিক আবেদনের হাতিয়ার করেননি বরং তা লুকিয়ে রেখে দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। পরিবারের প্রতি অন্তর্গত ভালোবাসা আর দেশের প্রতি দায়বদ্ধতা এই দুইয়ের টানাপড়েনে তার জীবনবৃত্তান্ত দাঁড়িয়ে আছে এক নীরব আত্মত্যাগের ওপর।
তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় এসেছে ক্ষমতার বাইরে থাকা সময়গুলোতে। তাকে ঘিরে যে মামলাগুলো তৈরি হয়েছে, যে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উত্থাপিত হয়েছে, সেগুলো বাংলাদেশের রাজনীতিতে ন্যায়বিচারের প্রশ্নকে নতুনভাবে সামনে এনেছে। তার কারাবরণ, দীর্ঘ বিচ্ছিন্নতা এবং চিকিৎসার অনিশ্চয়তা তাকে একদিকে দুর্বল করেছে, অন্যদিকে আরও সংশ্লিষ্ট করেছে গণমানুষের কাছে। তার বিরুদ্ধে পরিচালিত রাজনৈতিক প্রচারণা, ব্যক্তিগত মর্যাদাহানির চেষ্টা, রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত ভেঙে দিতে পারেনি তাঁকে। বরং মানুষের মনে একটাই প্রশ্ন ক্রমশ দৃঢ় হয়েছে এভাবে কি একটি জাতির অবিসংবাদিত নেত্রীকে দেখা উচিত?
রাজনীতির চরিত্র কঠিন, নিষ্ঠুর, কখনো কখনো নির্মম। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে এগুলো আরও বেশি তীব্র ছিল কারণ তিনি ছিলেন গণতন্ত্রের ভাষা, বিরোধী রাজনীতির প্রতীক এবং ক্ষমতাসীন শক্তির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাকে রাজনীতি থেকে সরিয়ে যে শূন্যতা তৈরি হয়েছে, তা বাংলাদেশের বহু বছরের রাজনৈতিক ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, মতভেদও স্বাভাবিক; কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার নামে একজন প্রবীণ নেত্রীকে ভেঙে দেওয়ার চেষ্টা দেশের রাজনৈতিক পরিমণ্ডলকে দুর্বল করেছে, বিভক্ত করেছে। একজন নেত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি পেয়েছেন অবমাননা, বিচারহীনতা, অবহেলা এবং অসংখ্য সীমাবদ্ধতার মধ্যে আটকে থাকার যন্ত্রণা।
আজ তিনি রাজনীতির ময়দান থেকে অনেক দূরে চলে গিয়েছেনযেখান থেকে আর ফিরে আসবেন না তিনি।
অথচ দেশের প্রতিটি রাজনৈতিক সংকটের সময় তার না থাকার শূন্যতা আরও প্রবলভাবে অনুভূত হবে। বর্তমান প্রজন্মের কাছে তিনি ইতিহাস, প্রবীণদের কাছে তিনি সংগ্রামের প্রতীক, আর গণতন্ত্রাকাঙ্ক্ষী মানুষের কাছে তিনি অপরিহার্য। তার শান্ত স্বভাবে রাজনৈতিক দৃঢ়তা ছিল, যা বাংলাদেশে রাজনীতিকে সুসংহত করেছিল এবং একদলীয় প্রবণতার বিরুদ্ধে ভারসাম্য তৈরি করেছিল।
বেগম খালেদা জিয়ার রাজনীতি আসলে ছিল মানুষের রাজনীতি। দেশের দরিদ্র, প্রান্তিক, অবহেলিত জনগোষ্ঠীকে তিনি সবসময় নিজের রাজনীতির কেন্দ্রেই রেখেছেন। নিজস্ব রাজনৈতিক আদর্শ, ভুলভ্রান্তি, সিদ্ধান্ত, সবকিছুর ঊর্ধ্বে উঠে তার বড় শক্তি ছিল মানুষের ওপর আস্থা এবং দেশের প্রতি গভীর দায়িত্ববোধ। স্বাধীনতার পরবর্তী সময়ে যে নতুন রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন ছিল, তিনি ছিলেন তারই এক বাস্তব প্রতিফলন।
আজ যখন বাংলাদেশের রাজনীতি অস্থিরতায় আচ্ছন্ন, যখন গণতন্ত্রের পথচলা বাধাগ্রস্ত, যখন মানুষের আস্থা কমে এসেছে, তখন তিনি শেষ বিদায় নিলেন।
ফিরে আসুন রাজনীতিতে, ফিরে আসুন মানুষের মাঝে, ফিরে আসুন সেই সংগ্রামের পথে যা আপনাকে দেশের মানুষের অবিস্মরণীয় নেত্রী করে তুলেছিল।
তার রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায়ে ছিল আলো-অন্ধকার, ভুল-ত্রুটি, সাফল্য-ব্যর্থতা। কিন্তু তার আত্মত্যাগ, সহনশীলতা এবং মানবিকতার প্রতি যে সম্মান মানুষের মনে গড়ে উঠেছে, তা অমলিন।
একটি জাতি কখনোই তার নেতাদের একপাক্ষিকভাবে বিচার করে না; সময়ই তাদের প্রকৃত মূল্যায়ন করে।
আজকের রাজনৈতিক বাস্তবতায় তার অনুপস্থিতি যতটা দৃশ্যমান, তার প্রভাব ততটাই অদৃশ্য অথচ গভীর। দেশের প্রতিটি আন্দোলন, প্রতিটি সংকট, প্রতিটি অস্থিতিশীল মুহূর্তে তার রাজনৈতিক প্রজ্ঞার অভাব অনুভব করা যায়। রাজনৈতিক দলগুলোর ভেতরকার দুর্বলতা, নেতৃত্ব সংকট, সিদ্ধান্তহীনতা সবকিছুর পেছনেও তার অনুপস্থিতি যেন এক নীরব শূন্যতা হয়ে দাঁড়িয়ে গেলো । তিনি রাজনীতি থেকে সরে গেলে শুধু একটি দলের নয়, পুরো রাজনৈতিক কাঠামোর ওপরই ছায়া নেমে আসলো। কারণ তিনি ছিলেন এমন একজন নেত্রী যিনি ক্ষমতায় থাকাকালীন যেমন প্রশাসনকে নিয়ন্ত্রণে রেখেছিলেন, বিরোধী দলে থেকেও তেমনি ক্ষমতার কাছে ভয়হীন প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশের রাজনীতি ছিল সংঘাতময়, কিন্তু সেই সংঘাতেই তাঁর সংযত অবস্থান বাংলাদেশে দ্বিপাক্ষিক রাজনৈতিক ভারসাম্য তৈরি করেছিল। সরকার, রাজনীতি, বাস্তবতায় আজ সেই ভারসাম্য ভেঙে গেছে। ঠিক এ কারণেই তাঁর ফিরে আসার আবেদন আরও শক্তিশালী। কারণ তিনি ছিলেন সেই ভারসাম্যের প্রতীক, যে প্রতীক রাষ্ট্রকে ক্ষমতার এক রেখা থেকে বিচ্যুত হতে দিত না।
খালেদা জিয়ার প্রতি যে সহানুভূতি এবং শ্রদ্ধা মানুষের মাঝে গড়ে উঠেছে, তার পেছনে শুধু তার রাজনৈতিক অর্জন নয়, রয়েছে বেদনার গভীরতাও। ক্ষমতার বেঞ্চ থেকে আদালতের ডক, সেখান থেকে হাসপাতালের বিছানা পর্যন্ত তার জীবনযাত্রা আমাদের দেখিয়েছে রাজনীতির নির্মমতা কতটা ভয়ংকর হতে পারে। যে মানুষটি দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক আসনে ছিলেন, তিনি একসময়ে বন্দিত্ব, একাকীত্ব, সীমাহীন শারীরিক কষ্ট আর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছিলেন। এ অভিজ্ঞতা তাকে যেমন ভেঙেছে, তেমনি তাকে আরও মানবিক, আরও বাস্তব, আরও গণমানুষের নেতা করে তুলেছে। আর তাই আজ যখন তাঁর কথা বলা হয়, তা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি রাষ্ট্রের প্রাসঙ্গিক ভাবনা হয়ে দাঁড়ায়। রাজনীতিতে ভুল থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু একজন মানুষ হিসেবে তার প্রতি যেভাবে আচরণ করা হয়েছে, তা আমাদের জাতীয় বিবেককে প্রশ্নের মুখে ফেলে।
দেশের রাজনৈতিক সময় যতই কঠিন হোক, মানুষের হৃদয়ের ভাষা কখনো কঠিন হয় না। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সেই হৃদয়ের ভাষা আবারও সামনে এসেছে। রাজনৈতিক উত্তেজনা, বিভাজন, পুরোনো ক্ষত সব ছাপিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া যেন একটাই : তিনি যেনো জান্নাতবাসী হন।
রাজু আলীম কবি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব
