সাধারণভাবে প্রচার করা হয়, কেউ যদি ইসলামী শরিয়াহ অনুসরণ করে, তাহলে তিনি পিছিয়ে যাবেন। অথচ ইতিহাস বলছে ভিন্নকথা— ইসলামী শরিয়তের অনেক বিধান পাশ্চাত্য সভ্যতাকে সমৃদ্ধ করেছে। তাদের এগিয়ে যাওয়ার অনেক উপাদান নেয়া হয়েছে ইসলামী শরিয়ত থেকে।

পবিত্র কুরআনের প্রথম বাণীতেই পড়ার তাগিদ দেয়া হয়েছে— পড়ো তোমার প্রভুর নামে। নামাজ-রোজা আসার আগেই এই বাণী আসে।

ওই সময় আরবরা ছিল বন্ধা জাতি। তাদের দীর্ঘ অতীতে নামকরা জ্ঞানী ব্যক্তি জন্ম নেননি। কুরআন ও সুন্নাহর সান্নিধ্যে এসে আরব ও অন্যান্য জাতির মধ্যে অনেক বিখ্যাত গবেষক, বিজ্ঞানী, চিকিৎসক এবং দার্শনিক তৈরি হয়। মুসলিমরা পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করে। তখন ইউরোপ ছিল অশিক্ষা, কুসংস্কার এবং বৈরাগ্যবাদের অন্ধকার। ইউরোপের অনেক রাজা তাদের নাম পর্যন্ত স্বাক্ষর করতে পারতেন না। ইউরোপের বিভিন্ন দেশ থেকে শত শত শিক্ষার্থী মুসলিম দেশে এসে আরবি ভাষায় শিক্ষা গ্রহণ করে। রেনেসাঁ যুগের সূচনা করে। গ্রিক বিজ্ঞান ছিল পর্যবেক্ষণনির্ভর অবজারভেশনাল সাইন্স। মুসলিম বিজ্ঞানীরা পরীক্ষালব্ধ জ্ঞানের প্রবর্তন করেন, যা আধুনিক বিজ্ঞানের মূল ভিত্তি।

স্বাধীন বিচারব্যবস্থা

মধ্যযুগে ইউরোপে বিচারব্যবস্থার ধারণা ছিল না। রাজাদের আইন ছিল ‘কিং ক্যান ডু নো রঙ’-রাজা কোনো ভুল করতে পারে না। অথবা ‘কিং ইজ আনসারেবল টু গড অনলি’-রাজা কেবল ঈশ্বরের কাছে জবাবদিহি করতে বাধ্য (কোনো মানুষের কাছে নয়)।

কুরআন ঘোষণা করল আল্লাহ তো ইনসাফকারী লোকদেরকে পছন্দ করেন। (৪৯ আল হুজুরাত : সূরা ৯) ‘আর যখন তোমরা কথা বলবে, তখন ন্যায্য কথা বলবে— যদিও সে নিকটাত্মীয় হয় এবং আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো।’ (৬ আন আম ১৫২)

রাসূল সা: একজন মুসলিম ও ইহুদির মামলায় ইহুদির পক্ষে রায় দিলেন। ইসলাম পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো স্বাধীন বিচারব্যবস্থা প্রবর্তন করে। বর্তমানে উন্নত জাতিগুলো কুরআনের এই বিচার ব্যবস্থাকে নিজের জাতির জন্য প্রয়োগ করার চেষ্টা করছে। মানুষ হত্যা

ইউরোপের রাজারা ছোটখাটো কারণে মানুষ হত্যা করত। রাজার চলার পথে ময়লা চেহারার কোনো লোক পেলে অথবা রাজাকে ঠিকমতো মাথা নুইয়ে অভিবাদন না জানালে হত্যা করা হতো।

বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াসের লাশ বহন করার সময় এক দাসী থুথু ফেলায় তাকে সাথে সাথে হত্যা করা হয়। মহাগ্রন্থ আল-কুরআন একটি প্রাণের মূল্য নির্ধারণ করে দিলো :

‘এ কারণেই আমি বনি ইসরাইলের ওপর এ হুকুম দিলাম, যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করল, সে যেন সব মানুষকে হত্যা করল। আর যে তাকে বাঁচাল, সে যেন সব মানুষকে বাঁচাল। আর অবশ্যই তাদের কাছে আমার রাসূলরা স্পষ্ট প্রমাণাদিসহ এসেছেন। তারপরও এরপর তাদের অনেকে জমিনে অবশ্যই সীমালঙ্ঘনকারী।’ (৫ আল মায়িদা-৩২)

বর্তমানে উন্নত জাতিগুলো নিজের দেশের অধিবাসীকে মৃত্যুদণ্ড দেয়ার আগে ন্যায়বিচার এর মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ করে থাকে। (কোনো জাতির ক্ষেত্রে অবশ্য ভিন্ন নিয়ম)

ভারত উপমহাদেশে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে চিতায় জীবন্ত পুড়িয়ে হত্যা করা হতো। ১৯১৮ সালে শহরে ৫৩৩ জন বিধবা নারীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে (রামমোহন, বিদ্যাসাগর, মাইকেল, লেখক ইন্দুভূষণ দাস)।

রাজা রামমোহন রায় এ প্রথা উচ্ছেদের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পাটনায় আরবি অধ্যয়ন করেন। ইতিহাসবিদ ইন্দুভূষণ দাস তার বইয়ে আরো লেখেন ‘কুরআনে নারী জাতির প্রতি সুবিচার ও সদ্ব্যবহারের যেসব কথা আছে সেগুলো রামমোহনকে যথেষ্ট আকৃষ্ট করে। কুরআন পড়ার পর রামমোহনের মন হিন্দু সমাজের নৃশংস প্রথার প্রতি বিরূপ হয়ে ওঠে। বোম্বের এক নায়িকা বলেছেন, মুঘলদের আগমন ছিল হিন্দুনারীদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা না এলে এখনো ওই নারীদেরকে স্বামীর চিতায় পুড়ে মরতে হতো।

নারীর সম্পত্তির অধিকার

আল-কুরআন ১৪০০ বছর আগে নারীদের সম্পত্তির অধিকার নিশ্চিত করেছে। ইউরোপের বিভিন্ন জাতি এক-দুই শতক আগে কুরআনের এই বিধানকে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তাদের দেশে বাস্তবায়ন করতে বাধ্য হয়েছে।

বৈরাগ্যবাদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা

মধ্যযুগের খ্রিষ্টান জগতে চিরকুমার/কুমারী থাকা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, গোসল না করে ময়লা কাপড় পরে অপরিষ্কার থাকায় আধ্যাত্মিকতার মাপকাঠি মনে করা হতো। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই জীবনে কখনো গোসল করেননি। ব্রিটিশ রাজার চার্লস এক জীবনের মাত্র একবার গোসল করেছিলেন। স্বাচ্ছন্দ্যে একবার গোসল করার কারণে স্পেনের রানী ইসাবেলাকে চার্চের কাছে জবাবদিহি করতে হয়েছিল। ওই সময় ইউরোপে ঘরে বাইরে আবর্জনার স্তূপ জমে যেত। তাতে ইঁদুরের উপদ্রব বেড়ে যেত এবং প্লেগ রোগে লাখ লাখ লোকের মৃত্যু হতো। কুরআন ও রাসূলের সুন্নাহর প্রভাবে তাদের অবস্থা ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেল।

আর বৈরাগ্যবাদ তো তারা নিজেরাই উদ্ভাবন করে নিয়েছে। আমি তা তাদের প্রতি ফরজ করে দিইনি। (আল-কুরআন ৫৭ : ২৭)

ইসলাম সম্ভবত একমাত্র ধর্ম যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত করা হয়েছে। দৈনিক পাঁচবার অজু করা, শুক্রবার গোসল করা ও ফরজ গোসল ইত্যাদি ইসলামী শরিয়তের অপরিহার্য অংশ। ইউরোপীয়রা মুসলিম স্পেনে এসে অবাক বিস্ময়ে দেখল ফুটপাথ, স্ট্রিট লাইট, রাস্তায় রাস্তায় সরকারি গোসলখানা যেখানে মাজন ও সুগন্ধি থাকত।

করডোভায় স্ট্রিট লাইট প্রবর্তনের ৫০০ বছর পর লন্ডনে, প্যারিসে তা চালু হয়েছে। ব্রিটিশ রাজার চার্লস ইসলাম সম্পর্কে খোলা মনে সুধারণা পোষণ করতেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এক বক্তৃতায় বলেন, পাশ্চাত্য সভ্যতা ইসলামিক পাণ্ডিত্য বিজ্ঞান, দর্শন প্রিতি থেকে উপকৃত হয়েছে।

দুঃখজনক হলেও সত্য, পাশ্চাত্য সভ্যতা ইসলামের বিধান গ্রহণ করে উন্নতি লাভ করছে আর আমরা তাদের মধ্যযুগীয় জীবন ব্যবস্থা গ্রহণ করে অনেক পিছিয়ে যাচ্ছি। জনগণের ভোটাধিকার ব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতা, মানুষের জান ও মালের নিরাতারপত্তা মানুষের অন্য, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের নিশ্চয়তা ইসলামী শরিয়তের অপরিহার্য অংশ।

‘অতএব হে দৃষ্টিমান লোকেরা তোমরা উপদেশ গ্রহণ করো।’ (আল-কুরআন-৫৯ : ২)

লেখক : হৃদরোগ বিশেষজ্ঞ