বাংলাদেশ একটি জনবহুল রাষ্ট্র। ছোট্ট এই দেশটিতে বিপুল সংখ্যক মানুষ বসবাস করে। ইউএনএফপিএর প্রতিবেদন অনুযায়ী, এখন বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ। এই জনসংখ্যার প্রায় ২৮ শতাংশের বয়স শূন্য থেকে ১৪ বছর। ১৫ থেকে ৬৪ বছর বয়সের মানুষ আছেন ৬৫ শতাংশের বেশি। ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষ প্রায় ৭ শতাংশ। সুতরাং বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যবর্তী সময়ে অবস্থান করছে। এটাকে সহজ ভাষায় বললে বলা যায় বোনাস জনসংখ্যার দেশ অর্থাৎ কর্মক্ষম জনসংখ্যাই ৬৫ শতাংশের বেশি। ২০০৭ সাল থেকে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা ভোগ করে আসছে। বিশেষজ্ঞদের মতে, এ সুবিধা ২০৫০ সাল পর্যন্ত চলমান থাকবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা ভোগ করে দেশটির অর্থনীতি দ্রুত বিকাশের সুযোগ গ্রহণ করা উচিত। কারণ, কাজ করার মতো মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, সঞ্চয় ও বিনিয়োগের হার বৃদ্ধি পাবে এবং উৎপাদনশীলতা ও ভোগক্ষমতাও বৃদ্ধি পাবে। তবে এই সুবিধা গ্রহণ করার জন্য মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন, পর্যাপ্ত কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবার সুযোগ থাকতে হবে। নাহলে এই সুফল ‘জনসংখ্যার বোঝা’তে পরিণত হতে পারে।

বাংলাদেশে প্রায় ২৭ লক্ষ বেকার রয়েছে। এছাড়া বিশালসংখ্যক নিষ্ক্রিয় তরুণ-তরুণী আছে। এই সংখ্যা প্রায় এক কোটি। তাদের বয়স ১৫ থেকে ২৯ বছর। যেকোনো দেশে এ বয়সের তরুণ-তরুণীরা হয় পড়াশোনায় থাকার কথা নতুবা কাজের মধ্যে থাকার কথা। কিংবা প্রশিক্ষণ নেওয়ার কথা। কিন্তু তারা কোন কাজ কর্ম করে না, তারা মূলত ‘ছদ্মবেকার’ নামেই পরিচিতি। ২০২২ সালের শ্রমশক্তি জরিপ অনুসারে, এমন নিষ্ক্রিয় তরুণ-তরুণী আছে ৯৬ লাখ ৪০ হাজার। এর মধ্যে ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীর সংখ্যা প্রায় ৪১ লাখ। প্রশ্নটা এখানেই, এত বিশাল জনসংখ্যা ছদ্মবেকার অথচ আমরা কাজে লাগাতে পারছি না। অপরদিকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ১ লাখ ৭ হাজার ১৬৭ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয় নাগরিক ৩৭ হাজার ৪৬৪ জন, দ্বিতীয় অবস্থানে চীনের নাগরিক ১১ হাজার ৪০৪ জন (সূত্র: স্পেশাল ব্রাঞ্চ ও সুরক্ষা সেবা বিভাগ)। আমরা অনেকেই হয়তো জানি না, ভারত, শ্রীলঙ্কা, চীন প্রভৃতি দেশ হতে আসা সুপার ম্যানেজার বা উচ্চপদস্থ কর্মকর্তাগণ আমাদের দেশে তৈরি পোশাক, ওষুধ শিল্পে ও কর্পোরেট জগতে কাজ করে প্রতি বছর ৫০০ থেকে এক হাজার কোটি মার্কিন ডলার তাদের দেশে নিয়ে যাচ্ছে। অথচ, বিদেশে কর্মরত আমাদের দেশে ষাট-সত্তর লক্ষ বা তারও অধিক প্রবাসী শ্রমিক উদায়াস্ত পরিশ্রম করে ১ হাজার থেকে ২ হাজার কোটি মার্কিন ডলার দেশে পাঠাচ্ছে। অর্থাৎ আমরা দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারিনি। যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেশ সোচ্চার বিশাল এই জনসংখ্যাকে কাজে লাগানোর জন্য। এ কারণেই বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন নতুন বাজারের সন্ধান করছে আবার বন্ধ বাজারগুলো পুনরায় চালু করার চেষ্টা অব্যাহত রাখছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ এবার ইউরোপেও বৈধভাবে শ্রমিক পাঠানোর উদ্যোগ নিচ্ছে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই ইতালি ও জাপানের সাথে অভিবাসনবিষয়ক সমঝোতা স্মারক সই করেছে। আগামী পাঁচ বছরে জাপানে পাঁচ লাখের বেশি কর্মী পাঠাতে জাপান সেল গঠন করা হয়েছে। আগে জাপানে শ্রমিক পাঠাতে তিনটি খাতে দক্ষতার পরীক্ষা হতো, এটি এখন পাঁচটি খাতে উন্নীত করা হয়েছে। দক্ষ শ্রমিক প্রশিক্ষণ ও সনদের বিষয়ে জাপানের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা করে তিনটি সমঝোতা স্মারকও সই হয়েছে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্য স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী আগামীতে ৫০ লক্ষ জনশক্তি বিদেশে প্রেরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিএমইটি দক্ষতা উন্নয়ন ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পায় এবং পিছিয়ে পড়া জেলাগুলোকে অগ্রাধিকার দেয়া যায়। বর্তমানে ৪৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) জাপানি, ইংরেজি, চীনা ও কোরীয় ভাষাকোর্স পরিচালনা করা হচ্ছে। বিএমইটি ও সৌদি আরবের কোম্পানি ‘তাকামোল’-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে গত এক বছরে ১৫টি টিটিসি ও বিআরটিসি ট্রেনিং সেন্টার দক্ষতা পরীক্ষা পরিচালনা করার সক্ষমতা অর্জন করেছে। টিটিসিতে কেয়ারগিভার প্রশিক্ষণের সুযোগ ছিল না। বিদেশে এর চাহিদা বাড়তে থাকায় এটি যুক্ত করা হয়েছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান ৬ থেকে ৭ শতাংশ। সরকার এই খাতের গুরুত্ব বিবেচনায় একটি ব্যাংক প্রতিষ্ঠিত করে ২০১০ সালে, যার উদ্দেশ্য হলো প্রবাসী শ্রমিকদের বিদেশ গমনে আর্থিক সহযোগিতা করা। সরকার গুরুত্ব দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করল অথচ ব্যাংক কর্মকর্তাগণ প্রবাসী শ্রমিকদের দুঃখ-দুর্দশা বোঝে না, উল্টো প্রবাসী শ্রমিকেরা অবহেলা অবজ্ঞার শিকার হয়, লাঞ্চিত হয় এয়ারপোর্টে। সৌদি আরবে যেতে ইচ্ছুক এমন একজন প্রবাসী শ্রমিকের সাথে কথা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, অর্থনৈতিক সংকটের কারণে প্রবাসী কল্যাণ ব্যাংকে যান ঋণ নিতে, সেখানে চেকলিস্ট ধরিয়ে দেওয়া হয়, চেকলিস্টে থাকে নাগরিকত্ব সনদ, ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের ৩টি সত্যায়িত ছবি, পাসপোর্টের সত্যায়িত ফটোকপি, বিদেশে চাকরির নিয়োগপত্রের সত্যায়িত ফটোকপি, সেই নিয়োগপত্রের বাংলাদেশ সরকারের অনুমোদনপত্রের ফটোকপি, প্রেরণযোগ্য কমিশন/সার্ভিস চার্জের বিবরণ এবং গমনপত্র, যেখানে মাসিক বেতন ও কর্মকাল উল্লেখ থাকে। ঋণ আবেদন ফরমে ৩ নং (অর্থের কেন প্রয়োজন) এ বলা হয়, বিমান ভাড়া, ভিসা ফি এবং বিবিধ খরচ সর্ম্পকে, যা স্বল্পশিক্ষিত লোকদের জন্য অনেক বেশি কঠিন এবং সব দিতে পারলেও বিমান ভাড়া রশিদ আর দিতে পারে না, যদিও ৩ নং এ বলা হয়, বিদেশ গমনে কী পরিমাণ খরচ হতে পারে কিন্তু তারা একদম বিমান ভাড়া রশিদ চেয়ে বসে, ফলে তার ঋণটিও আর হয় না। এক রকম বাধ্য হয়েই দালালের কাছে যেতে হয় তাকে, দালাল তাকে জানায়, এখানে অধিকাংশ ঋণ পাশ হয় কমিশনে, যা সবোর্চ্চ ১০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। পরে দালালের মাধ্যমে কিছু টাকার বিনিময়ে ঋণটি পাওয়া যায়।

সরকারের এ বিশাল আয়োজন এবং মহাপরিকল্পনা, যা কখনোই স্থায়ী সমাধান দেবে না। সরকার যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আগামী ২০৫০ সালের মধ্যে কাজে লাগাতে না পারে তাহলে এই সুবিধাই উল্টো বোঝা হয়ে দেখা দেবে। সুতরাং, সমস্যা সমাধানের প্রয়োজন গোড়া থেকে অর্থাৎ যদি এইচএসসি পরীক্ষা পর্যন্ত একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে রাখা যায়। এইচএসসি পরীক্ষা পর্যন্ত সবার শিক্ষাটা একই ধরনের হবে এইচএসসি পরীক্ষার পর যেমন ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হয়, ঠিক তেমনি রাষ্ট্র কোন কোন দেশে কী পরিমাণ জনসংখ্যা রফতানি করবে, তার নীতিগত সিদ্ধান্ত পূর্বেই নির্ধারিত থাকবে। ইউনিভার্সিটিগুলোতে আসন বরাদ্দ হবে ওই পরিমাণই, যে পরিমাণ সরকারি ও বেসরকারিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। বাকি সব জনসংখ্যা রফতানির প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে রফতানি হবে। বিদেশে কী পরিমাণ চাহিদা রয়েছে সেই অনুযায়ী তাদের বিভক্তকরণের মাধ্যমে ওই সমস্ত রাষ্ট্রের চাহিদা অনুযায়ী তাদের দক্ষ করে গড়ে তোলা হবে একটি যৌক্তিক প্রক্রিয়ায় বা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে। বিদেশ হতে সুপার ম্যানেজার বা উচ্চপদস্থ কর্মকর্তা নিয়ে আসতে হবে না এবং রাষ্ট্র আরো বেশি পরিমাণ রেমিট্যান্স আহরণ করতে পারবে। রাষ্ট্র যদি শ্রমিক হিসেবে না পাঠিয়ে ন্যূনতম কর্মী হিসেবেও পাঠায়, তাহলে আরো বেশি রেমিটেন্স আহরণ করতে পারবে। সুতরাং, রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে আরো বেশি শক্তিশালী করতে চাইলে এখনই নীতি নির্ধারকদের আরো বেশি বিচার-বিশ্লেষণ করে বিচক্ষণতার সাথে পরিকল্পিতভাবে শ্রমিক হিসেবে না পাঠিয়ে কর্মী হিসেবে পাঠানো উচিত। জনসংখ্যা রাষ্ট্রের বোঝা না হয়ে, বরং হতে পারে অর্থনীতির এক নতুন দিগন্ত।

লেখক: ব্যাংকার ও কলামিস্ট aktarrofikul@gmail.com