দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আবারও ইতিহাস যেন নিজেকে পুনর্লিখন করছে। একসময় যে আফগানিস্তানকে পাকিস্তান ভাবত নিজের কৌশলগত গভীরতা , আজ সেই দেশ ইসলামাবাদের আগ্রাসন প্রত্যাখ্যান করে দিল্লির দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। এটি নিছক কূটনৈতিক বাঁক নয়; বরং পাকিস্তানের বহু দশকের ভুল নীতি ও কৌশলগত ভ্রান্তির প্রতিফলন। আফগানিস্তানের ভারতমুখী হওয়া আজ শুধু রাজনীতি নয়, তার টিকে থাকা ও আত্মনির্ভরতার শর্ত হয়ে দাঁড়িয়েছে। এই দৃশ্য যেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় ১৯৭১ সালের পূর্ববাংলায়, যেখানে পাকিস্তানও একসময় গণতন্ত্রের মুখোশ পরে সামরিক দমননীতি চালিয়েছিল। ইতিহাস সাক্ষী, দমন কখনই আনুগত্য জন্ম দেয় না; বরং জন্ম দেয় বিদ্রোহ, স্বাধীনতা আর নতুন রাষ্ট্রের।

একাত্তরে পাকিস্তান গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাদের ক্ষমতা দিতে অস্বীকার করেছিল। বেছে নিয়েছিল অপারেশন সার্চলাইট -এর রক্তাক্ত পথ। সেই রক্তই বাঙালির মুক্তিযুদ্ধের নদীকে তীব্র স্রোতে পরিণত করেছিল।\r\nভারত তখনো সরাসরি যুদ্ধের পথে যায়নি; বরং শুরু করেছিল মানবিক সহায়তার কূটনীতি। কোটি শরণার্থীকে আশ্রয় দিয়ে ভারত প্রমাণ করেছিল, বন্ধুত্ব মানে শুধু স্বার্থের সমীকরণ নয়, বরং মানবতার দায়বদ্ধতা। পরে যখন ইতিহাসের চাকা থেমে যাওয়ার উপক্রম, তখন ভারত দৃঢ়ভাবে হস্তক্ষেপ করে বাংলাদেশের স্বাধীনতাকে বাস্তবে রূপ দেয়। সেই কূটনৈতিক ও মানবিক সংযমই আজ ভারতের আফগান নীতির মূল অনুপ্রেরণা। তালেবান শাসিত আফগানিস্তান এখন উন্নয়নের পথে হাঁটতে চায়। কিন্তু ইসলামাবাদের আগ্রাসন ও সীমান্ত-রাজনীতি সেই চেষ্টাকে বারবার বিঘ্নিত করছে।

সম্প্রতি পাকিস্তানি যুদ্ধবিমানের বোমাবর্ষণে কাবুল উপকণ্ঠে বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে- এটি শুধু এক দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন নয়, বরং শান্তির মুখে আঘাত। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন পাল্টা হুঁশিয়ারি দেয়, তখন তা এক নতুন বার্তা দেয় ইসলামাবাদকে- আফগানিস্তান আর কারও তাঁবেদার নয়।\r\nএকসময়ের পুতুল সরকার ভাবার দিন শেষ। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীর সাম্প্রতিক ভারত সফর সেই বার্তাই নতুনভাবে উচ্চারণ করেছে। দিল্লিতে তিনি স্পষ্টভাবে বলেছেন, আফগান মাটি কোনো বিদেশবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হবে না। এটি কেবল ভারতের জন্য নয়, পাকিস্তানের দিকেও ছুড়ে দেওয়া এক কঠোর কূটনৈতিক বার্তা।

অন্যদিকে ভারত গত দুই দশকে আফগানিস্তানে যে উন্নয়ন সহযোগিতার মডেল গড়ে তুলেছে, সেটি এখন এক সফট পাওয়ার -এর পাঠ্যপুস্তক। সালমা বাঁধ, আফগান সংসদ ভবন, জারাঞ্জ-দেলারাম মহাসড়ক কিংবা চাবাহার বন্দরের মতো প্রকল্পগুলো শুধু স্থাপনা নয়, এগুলো বিশ্বাসের প্রতীক। তালেবান ক্ষমতায় ফেরার পরও ভারত গম, ওষুধ ও মানবিক সহায়তা পাঠিয়েছে। প্রমাণ করেছে তাদের বন্ধুত্ব কোনো সরকারের রঙে নয়, বরং জনগণের প্রয়োজনে নিবেদিত। এটি একাত্তরের ভারতকেও মনে করিয়ে দেয়, যখন তারা শরণার্থী বাঙালিদের পাশে দাঁড়িয়ে মানবিকতার কূটনীতি রচনা করেছিল।\r\nকিন্তু পাকিস্তান এখনো সেই পুরানো সামরিক স্বপ্নে বন্দি। তারা মনে করে, আগ্রাসন ও ধর্মীয় আবেগের রাজনীতি দিয়ে প্রতিবেশীকে নিয়ন্ত্রণ করা যায়।

সম্প্রতি সৌদি আরবের সঙ্গে যৌথ সামরিক সহযোগিতা এবং তথাকথিত পূর্বাঞ্চলীয় ন্যাটো গঠনের উদ্যোগ তারই উদাহরণ। লক্ষ্য একটাই- ভারতকে চাপে রাখা, দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকে নিজেদের অনুকূলে নেওয়া। কিন্তু ইতিহাস বারবার বলেছে, সামরিক জোট কেবল বিভাজন বাড়ায়; স্থায়ী সমাধান আনে না। একাত্তরে পাকিস্তানও মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের আশ্রয় খুঁজেছিল। কিন্তু যুদ্ধক্ষেত্রে সেই বন্ধুত্বের ফল হয়েছিল আত্মবিনাশ। আজও ইসলামাবাদ একই কৌশলগত ফাঁদে পড়ছে- সন্ত্রাসবাদকে অস্ত্র ভেবে নিজেরই গলায় ফাঁস লাগাচ্ছে। যে সন্ত্রাস একসময় রাষ্ট্রীয় হাতিয়ার ছিল, আজ সেটিই পাকিস্তানের সীমান্তে দৈনন্দিন আতঙ্কের নাম।

আফগান সীমান্তে ক্রমবর্ধমান সংঘাত প্রমাণ করছে, আগুনে খেলা কখনো নিরাপদ নয়।\r\nআফগানিস্তানকে ইতিহাসে বলা হয় সাম্রাজ্যবাদের কবরস্থান - যেখানে ব্রিটিশ, সোভিয়েত, এমনকি আমেরিকান শক্তিও স্থায়ী দখল রাখতে পারেনি। পাকিস্তান সেই শিক্ষা না নিয়ে আবারও আগ্রাসনের পথে হাঁটছে। কিন্তু এবার আফগানিস্তান একা নয়; ভারতের সহযোগিতা তার জন্য নতুন এক দিগন্ত খুলে দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি মন্তব্য করেছেন, একটি সন্ত্রাসমুক্ত, সার্বভৌম ও আত্মনির্ভর আফগানিস্তান দক্ষিণ এশিয়ার যৌথ স্বার্থ। এই বক্তব্য শুধু কূটনৈতিক নীতিবাক্য নয়, বরং এক নতুন আঞ্চলিক দর্শন, যেখানে সহযোগিতা যুদ্ধের বিকল্প হয়ে উঠছে। ভারত এখন আফগানিস্তানে পুনর্গঠন ও বাণিজ্যিক সংযোগের মাধ্যমে শান্তির ভিত্তি গড়তে চায়।

আর পাকিস্তান সেই স্থিতি ভাঙতে আগ্রহী। ফলত দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ এখন দুই দৃষ্টিভঙ্গির সংঘাতে নির্ভর করছে একদিকে উন্নয়ন, অন্যদিকে দমন।\r\nবাংলাদেশের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এখানেই নতুন আলো দেয়। তখন ভারত বুঝেছিল, প্রতিবেশীর স্বাধীনতা রোধ নয়, বরং সমর্থনই নিরাপত্তার উপায়। সেই উপলব্ধিই আজ ভারতের আফগান কূটনীতিতে প্রতিফলিত। আর পাকিস্তান এখনো বুঝতে পারেনি প্রতিবেশীকে অস্থির রাখলে নিজেরও শান্তি অস্থির হয়। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন যে অদৃশ্য রেখা টানা হচ্ছে, তা কেবল ভূখণ্ডের নয়, আদর্শেরও। একদিকে পাকিস্তানের সামরিক মনোবৃত্তি, অন্যদিকে ভারতের উন্নয়ন-ভিত্তিক কূটনীতি। আফগানিস্তান এই দুই স্রোতের মাঝখানে দাঁড়িয়ে এক নতুন দিগন্তের দিকে তাকিয়ে আছে। যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়ন একসঙ্গে পথ চলবে।\r\nইতিহাসের পাঠ বড় কঠিন। যে রাষ্ট্র জনগণের স্বাধীনতা বন্দুকের নল দিয়ে দমন করতে চায়, তার পতন অবধারিত। পাকিস্তান ১৯৭১-এ তা বুঝতে পারেনি। আজ আফগানিস্তান সেই শিক্ষা নিজের কূটনীতিতে প্রয়োগ করছে। যুদ্ধবিমান নয়, উন্নয়নের সেতুই এখন নতুন রাজনীতি তৈরি করছে। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ তাই কূটনৈতিক সংযম আর পারস্পরিক শ্রদ্ধার হাতেই নিহিত। একদিন হয়তো ইসলামাবাদও বুঝবে আত্মমর্যাদা কোনো দখলদারের উপহার নয়, বরং জাতির আত্মনির্ধারণের অধিকার। আর সেদিনই সত্যিকারের শান্তি ফিরে আসবে হিন্দুকুশের উপত্যকায়- যেখানে যুদ্ধ নয়, সহযোগিতার গান বয়ে যাবে।\r\nলেখক : সভাপতি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়