আগামী নির্বাচনকে কেন্দ্র করে সরকার ঝুঁকিপূর্ণ প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেহরক্ষী বা রিটেইনার নিয়োগের ঘোষণা দিয়েছে। ঘোষিত নিয়ম অনুসারে, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পদপ্রার্থী জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নির্ধারিত ফরমে আবেদন করে এই অস্ত্রধারী দেহরক্ষী রাখার সুযোগ পাবেন। ইতোমধ্যে এ নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। বিশেষত আইনশৃঙ্খলার এমন অবনতিতে সরকারের এ ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করবে।
যে কোনো গণঅভ্যুত্থানের পর স্বাভাবিকভাবেই বিশৃঙ্খলা দেখা দেয়, যেমনটা আমরা গত বছর দেখেছি। কিন্তু দুঃখজনক ব্যাপার, ধীরে ধীরে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীরও নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। জনমনে স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল, এ ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর আইনশৃঙ্খলা বাহিনী আরও জোরালো ভূমিকা রাখবে। কিন্তু আমরা বিপরীত চিত্রই দেখতে পেলাম। স্বীকার্য, আওয়ামী লীগের আমলে বিশেষত পুলিশের দলীয়করণের কারণে তারা আস্থা হারিয়েছে। তাই বলে সরকারের এমন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শরিফ ওসমান হাদির মতো ছাত্রনেতাকে দিনদুপুরে হত্যাচেষ্টাও স্পষ্ট বার্তা দেয়– কতটা অনিরাপদ আমরা!
সোমবার একইভাবে দিনদুপুরে খুলনায় এনসিপি নেতার ওপর গুলি চলেছে। এরই মধ্যে সরকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের দেহরক্ষী রাখার যে ঘোষণা দিয়েছে, সেটি একদিক থেকে তাদের অপারগতাই প্রমাণ করে। তবে অনেকে বলছেন, এ সিদ্ধান্ত প্রার্থীর নিরাপত্তা জোরদার করতে কিছুটা হলেও সহায়ক হবে। কিন্তু আমরা দেখছি ভিন্ন আশঙ্কা। যদি আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করতে না পারে, তাহলে এ পদক্ষেপ কোনো কাজে আসবে না। বিশেষত নির্বাচনী মাঠে একজন প্রার্থী কেবল টার্গেট থাকেন না; তাঁর সঙ্গে যুক্ত থাকে নানা স্তরের কর্মী। দেশের কোনো এলাকাই এখন নিরাপদ নয়। সরকারের দুর্বল অবস্থানের কারণে সন্ত্রাসীরা সহিংসতার সুযোগ পাচ্ছে।
গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি পরিবর্তনের একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ধীরে ধীরে সেই সম্ভাবনা কমে এসেছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপ নিঃসন্দেহে ইতিবাচক; যেমন সংস্কার প্রশ্নে গণভোট। কিন্তু গণঅভ্যুত্থানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। এ জায়গায় যথেষ্ট সক্ষমতা দেখাতে ব্যর্থ হলে সরকারের অন্যান্য সংস্কারও প্রশ্নবিদ্ধ হওয়া স্বাভাবিক।
এদিকে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। নির্বাচন কমিশনার সাংবাদিকদের কাছে অতি আত্মবিশ্বাস নিয়ে বেশ কয়েকবার ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু এ ঘোষণায় কি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে? ভোটারদের জানমালের নিরাপত্তা দেবে? আমরা ইতোমধ্যে যে আইনশৃঙ্খলার মুখোমুখি হয়েছি, তাতে জনমনে এখনও সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়ে গেছে। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রথম শর্ত হলো নিরাপত্তা নিশ্চিত করা। সরকার প্রার্থীদের ব্যাপারে অস্ত্রসহ দেহরক্ষী রাখার পদক্ষেপ নেওয়ার আগেই দরকার ছিল সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। জনসাধারণও কি গানম্যান পাবে? এখানেই আসে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল রাখার প্রশ্ন।
কেবল নির্বাচনমুখী আইনশৃঙ্খলা গড়ে তোলার তৎপরতা দেশের মানুষের নিরাপত্তা দিতে পারে না। তার জন্য সার্বিক অবস্থার উন্নতি অপরিহার্য। আমরা আশা করছি, সরকার এ ব্যাপারে আরও বেশি শক্তিশালী অবস্থান নেবে এবং ইতোমধ্যে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর ব্যাপারে শিগগির ব্যবস্থা নিয়ে অপরাধীদের বিচারের মুখোমুখি করবে।
ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, দৈনিক সমকাল
