শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হলেও বার্ষিক পরীক্ষা বর্জন করে সোমবার থেকে কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। সারাবছর প্রস্তুতি শেষে শেষ মুহূর্তে পরীক্ষা নিয়ে গভীর অনিশ্চয়তায় পড়েছেন তারা। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা স্কুলে পরীক্ষা নিতে এসে পড়েন বেকায়দায়। ফলে শিক্ষকবিহীন পরীক্ষায় সৃষ্টি হয় এক হযবরল অবস্থা। কোথাও কোথাও বিদ্যালয়ের কর্মচারীদের দিয়ে আবার কোথাও অভিভাবকদের সহায়তা নিয়ে পরীক্ষা নেওয়া হলেও বিপর্যস্ত অবস্থা এড়ানো যায়নি। শিক্ষার্থীদের গণটোকাটুকি ও খাতা দেখাদেখি চলেছে অবাধে।
এর ফলে শিক্ষার্থীদের পাশাপাশি উদ্বিগ্ন অভিভাবকরাও।\r\nসারাদেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষকের সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৯৮১ জন। তাদের মধ্যে প্রধান শিক্ষক প্রায় ৩৫ হাজার। বাকি সবাই সহকারী শিক্ষক। প্রাথমিক স্তরে মোট শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ১৩ হাজার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ১ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫ জন, মোট যা শিক্ষার্থীর প্রায় ৫৫ দশমিক ৭৩ শতাংশ। অন্যদিকে সারাদেশের ৭২১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৭১ হাজার ৬৮১ জন। দুই স্তরের শিক্ষকদের পৃথকভাবে ৩ দফা এবং ৪ দফা দাবি নিয়ে টানা কর্মবিরতির ফলে বার্ষিক পরীক্ষায় সৃষ্টি হয়েছে এক বিপর্যস্ত অবস্থা। এই অচলাবস্থা শিক্ষার্থীদের করে তুলেছে মানসিকভাবে হতাশ এবং অভিভাবকদের উদ্বিগ্ন।
\r\nশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের হুঁশিয়ারি দিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক বা কর্মকর্তাদের অনিয়ম পরিলক্ষিত হলে বিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষাবিদরা মনে করেন, হুমকি বা হুঁশিয়ারির পরিবর্তে অবিলম্বে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসাই সঙ্গত। শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে বেতন গ্রেড উন্নতি ও পদমর্যাদা, শূন্য পদে নিয়োগ, বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান ইত্যাদি। শিক্ষকদের পক্ষ থেকে এও বলা হয়েছে যে, সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পেলে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন। \r\nশিক্ষা মানব সম্পদ উন্নয়নের অপরিহার্য উপাদান হলেও শিক্ষা ক্ষেত্রে অর্থায়ন হতাশাব্যঞ্জক। বাস্তবে শিক্ষা খাতে প্রয়োজন অধিক বিনিয়োগ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশে শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে কম। শিক্ষার মানোন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো একান্ত প্রয়োজন। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী মোট অভ্যন্তরীণ উৎপাদনের ৭ শতাংশ শিক্ষায় বরাদ্দ রাখা দরকার। সরকার এ বিষয়ে যথাযথ গুরুত্ব দেবে বলেই প্রত্যাশা। চলতি বছরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে মনে করেন অগণিত শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ।
