চট্টগ্রাম শহরের দুই ভাই– ১০ বছরের আরাফাত আর ১০ মাসের আবু বক্কর দুই দিন ধরে ‘খবর’ হয়ে আছে। মঙ্গলবার সমকালের এ-সংক্রান্ত প্রতিবেদনের শিরোনাম ছিল: বই-খেলনা সবই আছে, নেই শুধু দুই ভাই। হাম-ডেঙ্গুতে ৪৮ ঘণ্টার ব্যবধানে তারা চলে গেছে। কবির-আমেনা দম্পতির আর কেউই রইল না। সন্তান হারানোর বেদনা তারা ভুলবেন কীভাবে?
ডেঙ্গু-হামে কবির-আমেনার মতো কত দম্পতি নিঃসন্তান হয়েছেন, তা আমরা জানি না। তবে এই দুই রোগে প্রতিদিনই আমাদের শিশুদের প্রাণহানি হচ্ছে, সংবাদমাধ্যমেও তা আসছে। মঙ্গলবারের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৮৯-এ। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে আটজন এবং চলতি বছরে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪-এ।
হাম পরিস্থিতি নিয়ে আগস্টে লিখেছিলাম– ‘হামের চিকিৎসায় পরিবারের নিঃস্বতা বনাম রাষ্ট্রের উদাসীনতা’ (সমকাল, ১৯ আগস্ট ২০২৬)। তখন এক গবেষণায় উঠে এসেছিল, হামের চিকিৎসা করাতে গিয়ে ৮৯ শতাংশ পরিবারই ঋণগ্রস্ত। ডেঙ্গুতে আক্রান্ত পরিবারগুলোর পরিস্থিতিও ভিন্ন হওয়ার কথা নয়। এ বছর হাম ও ডেঙ্গু উভয়ের জোড়া আঘাতে বিপর্যস্ত হয়েছে শিশুরা। ফেব্রুয়ারির শেষ দিক থেকে যখন হামের প্রাদুর্ভাব বাড়ে তখন এ সরকার সবে ক্ষমতায় এসেছে। ফলে হামের মৃত্যু নিয়ে সরকারকে পুরোপুরি দায় দেওয়া যায়নি। তবে ক্ষমতা গ্রহণের প্রায় ৯ মাস পরও যখন এটি নিয়ন্ত্রণের লক্ষণ দেখা যায় না, তখন কি সরকার দায় এড়াতে পারে? অনুরূপভাবে এ বছর ডেঙ্গু প্রথম দিকে অতটা ভয়ংকর হয়ে ওঠেনি। বিশেষজ্ঞরা আগস্ট থেকেই সতর্ক করেছিলেন–সেপ্টেম্বর থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়বে। বাস্তবে তাই হয়েছে। এখানে সরকারের দায় এড়ানোর কোনো সুযোগই নেই।
সোমবার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ভবন উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, হামে শিশুর মৃত্যুর দায় ও ব্যর্থতা তাঁর। একই সঙ্গে জানিয়েছেন, এটা সরকারের ব্যর্থতা নয়। কথা শুনতে আত্মসমালোচনামূলক মনে হলেও বস্তুত সরকারের দায় এড়ানোর সুযোগ নেই। সংবিধান অনুসারে, মন্ত্রিসভা যৌথভাবে জনগণের কাছে দায়বদ্ধ। গণতান্ত্রিক ব্যবস্থায় একজন মন্ত্রীর এ ধরনের স্বীকারোক্তির মাধ্যমে সরকারের দায় শেষ হয়ে যায় না।
এপ্রিল মাসের শেষ সময়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, মে মাসের মধ্যেই হামের প্রকোপ শূন্যের কোঠায় চলে আসবে। বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। স্বাস্থ্য খাতের সামগ্রিক ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি তদারক এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ঘাটতি এককভাবে কোনো ব্যক্তির নয়; এটি পুরো স্বাস্থ্য ব্যবস্থা এবং সরকারের নীতিনির্ধারণী ব্যর্থতার ফল। তাই দায় কেবল ব্যক্তিগতভাবে স্বীকার না করে কাঠামোগত সংস্কার জরুরি।
ডেঙ্গু নিয়েও সরকারের দায়িত্বশীলরা অনেক বড় কথা বলেছেন। বাস্তবে সেগুলো কতটা ফলেছে? খোদ ঢাকা শহরেই ডেঙ্গু মোকাবিলায় হযবরল চিত্র আমরা দেখছি। ওয়ার্ডগুলোতে নির্বাচিত কমিশনার না থাকায় এলাকাভিত্তিক ওষুধ ছিটানোসহ পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের তদারকে ব্যাপক ঘাটতি রয়েছে। উপরন্তু ডেঙ্গু এখন ছড়িয়ে পড়েছে দেশে বিভিন্ন জায়গায়। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলা ও উপজেলা শহরের হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
যে চট্টগ্রামে দুই ভাই প্রাণ হারাল, সেখানে ডেঙ্গুর পরিস্থিতি নাজুক হলেও প্রতিরোধ ব্যবস্থা বেহাল। সমকালের ওই প্রতিবেদনেই এসেছে, পরিবারটি যে হিলভিউ আবাসিক এলাকায় বাস করছে, সেখানে নাকি চার মাসে মশার ওষুধই ছিটানো হয়নি। সরকার যেখানে ডেঙ্গু মোকাবিলায় ওষুধ ছিটানোকেই প্রধান কাজ মনে করছে, সেখানেই এ অবস্থা হলে অন্য পদক্ষেপের আশা করাই বোকামি। হাম ও ডেঙ্গুতে আমাদের শিশুদের মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। প্রতিদিনের খবরে আমরা মৃত্যু, আক্রান্তের সংখ্যা ইত্যাদি দেখে যাচ্ছি। যেন এগুলো নিছকই সংখ্যা। তাজা প্রাণ শিশুদের রক্ষায় আমরা কতটা সচেষ্ট? এগুলোকে আমরা প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য বললেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। হাম নিয়ে সময় কম যায়নি; টিকা নিয়ে সরকার পদক্ষেপও নিয়েছে। কিন্তু সেটা কেন কাজে লাগছে না? ঘাটতি কোথায়, তা কি সরকার বের করতে সচেষ্ট? ডেঙ্গু মোকাবিলায় অনেক পদ্ধতিই বিশেষজ্ঞরা বাতলে দিয়েছেন; সেগুলো কতটা আমলে নেওয়া হয়েছে?
মন্ত্রী তাঁর দায় স্বীকার করেছেন, ভালো কথা। কিন্তু তিনি একজন অভিভাবক হিসেবে বিষয়টি অনুভব করেছেন। সন্তানের অসুস্থতায় যেমন মা-বাবার চোখে ঘুম আসে না; সুস্থতার সর্বোচ্চ চেষ্টা করেন; এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়ান; সর্বস্ব দিতেও কুণ্ঠা বোধ করেন না। সরকারের দায়িত্বশীলরাও কি এমন মানসিকতা পোষণ করেন? যদি না করেন, আমি মনে করি, ঘাটতি সেখানেই। হাম ও ডেঙ্গুর চিকিৎসা নিয়েও প্রশ্ন আছে। এসবের চিকিৎসা করতে গিয়ে মা-বাবা যে ঋণগ্রস্ত হচ্ছেন, সেখানেও দায় নেওয়ার কেউ নেই। আর্থিক, শারীরিক সব কিছুই অভিভাবককে সামলাতে হয়। সরকার কি এখানে এগিয়ে আসতে পারে না?
সন্তানের একটু অসুস্থতাই মা-বাবাকে উদ্বিগ্ন করে। আর যে মা তাঁর নাড়িছেঁড়া ধন হারিয়েছেন, তাঁর পরিস্থিতি অনুভব করা কঠিন নয়। চট্টগ্রামের আরাফাত আর আবু বক্করের মা-বাবার ক্ষতিপূরণ কি সরকার দিতে পারবে? টাকা দিয়ে অবশ্য কোনো প্রাণের ক্ষতিপূরণ হয় না। তবে এই প্রত্যাশা নিশ্চয় সবাই করছে– কবির-আমেনার মতো অন্য কোনো দম্পতি যেন নিঃসন্তান না হন। ডেঙ্গু-হাম প্রতিরোধে কথার ফুলঝুরির বদলে কাজ দরকার। সন্তান হারানোদের জন্য এটা অল্প হলেও তা এক প্রকার সান্ত্বনা হতে পারে।
মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com
