বিপ্লব বা রেভল্যুশন শব্দটির উৎপত্তি লাতিন শব্দ রেভল্যুশিও থেকে, যার অর্থ ঘুরে দাঁড়ানো । জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা কি আসলেই ঘুরে দাঁড়াতে পেরেছি? পতন-পরবর্তী বাংলাদেশের মানুষের চোখে ছিল আকাশছোঁয়া স্বপ্ন-একটি বৈষম্যহীন, নিরাপদ ও স্বৈরাচারমুক্ত রাষ্ট্র গড়ার। কিন্তু বর্তমানের রাজনৈতিক সুড়ঙ্গে আশার আলো যেন ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। যে সংলাপের প্রত্যাশা আড়ালে-আবডালে ধ্বনিত হচ্ছিল, তা এখন রাজনৈতিক বাদানুবাদে ম্লান। একটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি হলো রাজনীতি। রাজনৈতিক প্রেক্ষাপটই বলে দেয় দেশটির ভবিষ্যৎ কতটা সম্ভাবনাময়। তবে বর্তমানে দেশে এক ভয়ংকর ও অসুস্থ রাজনীতির চর্চা শুরু হয়েছে। ট্যাগিং এবং মব কালচার আধুনিক রাজনীতির নতুন আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে।
এর প্রতিফলন দেখা যায় মাঠপর্যায়েও। আধিপত্যবাদবিরোধী নেতা বীর ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর, কিংবা ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার মতো ঘটনাগুলো আমাদের বিবেককে দংশন করে। এইচআরএসএসের (HRSS) প্রতিবেদন অনুযায়ী, কেবল গত নভেম্বর মাসেই সারা দেশে ৯৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। মব জাস্টিসের নামে ২০টি ঘটনায় অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। আরও শিউরে ওঠার মতো তথ্য হলো নারী ও শিশু নির্যাতনের চিত্র। ১৭৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে ৪৮ জনই ধর্ষণের শিকার। এর মধ্যে ২৫ জনই ১৮ বছরের কম বয়সী। এই তথ্যগুলো দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির এক বীভৎস মুখোশ উন্মোচন করে। প্রশ্ন জাগে, আমরা কি আসলেই জুলাইয়ের চেতনাকে ধারণ করতে পেরেছি? যে অভূতপূর্ব ঐক্যের ভিত্তিতে সকল দল ও শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেই ঐক্য আজ ছিন্নভিন্ন। এই অসুস্থ সংস্কৃতি প্রতিহত করতে এবং দুর্বৃত্তের কালো হাত গুঁড়িয়ে দিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের বিভেদ ভুলে আবারও এক হতে হবে।
