সার্বিয়ায় হয়তো ইতিহাসের হুবহু পুনরাবৃত্তি হচ্ছে না, তবে তার সুর মিলে যাচ্ছে। প্রায় তিন দশক আগে সার্বিয়ান বিপুলসংখ্যক নাগরিক ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে বেলগ্রেডের তৎকালীন শক্তিশালী নেতা স্লোবোদান মিলোশেভিচকে ঐতিহাসিকভাবে পরাজিত করে। সেবার তিনি ফের প্রেসিডেন্ট পদের জন্য লড়ছিলেন। সংবাদমাধ্যম, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর ওপর ব্যাপক নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও তিনি হেরে যান। এরপর তিনি ক্ষমতা ছাড়তে গড়িমসি করলে লাখ লাখ সার্বিয়ান রাস্তায় নেমে আসে। শেষ পর্যন্ত তাঁকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে।

রোববার এক নতুন প্রজন্ম ঠিক তেমনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনে নির্ণায়ক ভূমিকা রাখতে পারে। এবারের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ পর্যায়ের। বর্তমান প্রভাবশালী নেতা আলেক্সান্দার ভুচিচ সম্প্রতি প্রেসিডেন্ট পদ ত্যাগ করেছেন। তাঁর লক্ষ্য হলো এই নির্বাচনে জয়লাভ করে ক্ষমতার কেন্দ্রবিন্দু প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানান্তরিত করা। তবে বিগত ১৪ বছর ধরে সার্বিয়ার ওপর প্রায় একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রাখা ভুচিচ ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোণঠাসা বোধ করছেন, ঠিক যেমনটা ২০০০ সালে করেছিলেন মিলোশেভিচ। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ভিক্টর ওরবান, যিনি চলতি বছরের শুরুতে নির্বাচনে শোচনীয়ভাবে হেরে গেছেন, যেভাবে বিরোধীদের নির্বাচনী জোটকে ঠেকানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করেছিলেন, ভুচিচও ঠিক তেমনি বিরোধী জোট ‘স্টুডেন্ট লিস্ট’ (এসএল)-কে থামানোর জন্য সব রকম পন্থা বেছে নিতে বাধ্য হয়েছেন।

ওরবানের ফিদেজ পার্টির মতো ভুচিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) রোববারের ভোটে পুরোপুরি পর্যুদস্ত হবে– এমনটা ভাবা কঠিন। জনমত জরিপের ফলাফল বেশ মিশ্র। কিছু জরিপে এসএল-কে প্রায় ১০ শতাংশের ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে। আবার অন্যগুলোতে লড়াইয়ে সমানে-সমান অবস্থার কথা বলা হচ্ছে। জরিপকারীরা এও ইঙ্গিত দিচ্ছেন, ভোটারদের উপস্থিতি যত বেশি হবে, বিরোধীদের জয়ের সম্ভাবনা ততই বাড়বে। এমনকি কেউ কেউ আশঙ্কা করছেন, নির্বাচনের পরেও সহিংসতা হতে পারে।

নিজের পক্ষে ফল নিশ্চিত করতে ভুচিচ এই নির্বাচনী প্রচারে সাধ্যমতো সব চেষ্টা চালাচ্ছেন। সম্প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীন সংবাদমাধ্যম গোষ্ঠী ‘ইউনাইটেড মিডিয়া’র মালিকানা বদল প্রক্রিয়ায় সহায়তা করে তিনি সংবাদমাধ্যমের ওপর নিজের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছেন। গত সপ্তাহে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম এনওয়ান টিভি চ্যানেলের ১০ জন প্রথিতযশা সাংবাদিক ভুচিচ ও এসএনএসের প্রতি সহানুভূতিশীল বলে পরিচিত জ্যেষ্ঠ সম্পাদকদের নিয়োগের প্রতিবাদে পদত্যাগ করেছেন।

২০২৪ সালের নভেম্বর মাসে স্বতঃস্ফূর্তভাবে শুরু হওয়া ছাত্র আন্দোলনের পক্ষে ক্রমবর্ধমান জনসমর্থনের খবর প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই এনওয়ান চ্যানেল। সার্বিয়ার উত্তরের শহর নোভি সাদের প্রধান রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যুর পর শিক্ষার্থীরা প্রথম রাস্তায় নেমে আসে। সমালোচকরা দাবি করেছেন, একটি চীনা কনসোর্টিয়াম বিতর্কিতভাবে সংস্কারকাজ শেষ করার ঠিক কয়েক মাস পরই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গত দুই বছরে বিক্ষোভের গতি একটুও কমেনি। শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই আন্দোলনের মাধ্যমে তৈরি হওয়া বিপুল শক্তিকে একটি সুসংহত রাজনৈতিক শক্তিতে রূপান্তর, যা ভুচিচের মুখোমুখি হতে পারে। এর আগের পুরোনো বিরোধী দলগুলো অভ্যন্তরীণ কোন্দলে জীর্ণ ছিল এবং তাদের দক্ষ নেতৃত্বের অভাব ছিল। তবে এই গ্রীষ্মে শিক্ষার্থীরা ঘোষণা করে– তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিশিষ্ট শিক্ষাবিদ, প্রকৌশলী, শ্রমিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ছাত্রছাত্রীদের সমন্বয়ে ‘স্টুডেন্ট লিস্ট’ নামে একটি নতুন রাজনৈতিক রূপরেখা তৈরি করেছে। তাদের সহজ-সরল স্লোগান– ‘সার্বিয়া নাকি মাফিয়া’।

ছাত্রকর্মী এবং তাদের সমর্থকরা দীর্ঘদিন ধরে হতাশ ছিল এই ভেবে, ইইউ তাদের রাজনৈতিক সংগ্রামকে অবহেলা করছে এবং বহির্বিশ্বে সার্বিয়ার গণতন্ত্রকে একটি হারিয়ে যাওয়া অধ্যায় বলে ধরে নেওয়া হয়েছে। রোববারের নির্বাচনে তারা সেই ধারণাকে ভুল প্রমাণ করতে বদ্ধপরিকর।

মিশা গ্লেনি: দ্য গার্ডিয়ান ও বিবিসির সাবেক মধ্য ইউরোপবিষয়ক প্রতিনিধি; দ্য গার্ডিয়ান থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম