ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল, ট্রাম্প সত্যিকার অর্থে কোনো চুক্তিতে পৌঁছাতে চাইছেন না। মনে হচ্ছিল, দফায় দফায় আলোচনা কেবল সামরিক প্রস্তুতির আড়াল হিসেবে কাজ করেছিল। একদিকে আলোচনার অগ্রগতি হচ্ছিল; এরপরও হামলা করা হলো। কূটনৈতিক আলোচনা পেছনে রেখে ট্রাম্পের যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত দুটি কারণ কাজ করতে পারে– ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্রমাগত চাপ এবং ভেনেজুয়েলায় ট্রাম্পের সাফল্য।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি যুদ্ধ পরিকল্পনায় সম্মত হয়েছিল, যেখানে কেবল সামরিক স্থাপনাই নয়, ইরানের জ্যেষ্ঠ নেতাদেরও লক্ষ্যবস্তু করা হবে। ইরানের সর্বোচ্চ নেতা এবং সার্বভৌম রাষ্ট্রের প্রধান আয়াতুল্লাহ আলি খামেনি এবং তাঁর পরিবারের সদস্যদের মার্কিন-ইসরায়েল প্রশাসন কর্তৃক হত্যাকাণ্ড একটি বার্তা দেয়। সেটি হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতির নেতৃত্বে থাকা দুর্বৃত্ত নেতার অহংকার এবং নির্লজ্জতার পরিচয়।
ইসরায়েলের মতে, লক্ষ্যবস্তু হামলায় ৪০ জনেরও বেশি ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বিপ্লবী গার্ডের কমান্ডার, প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধান। এ ছাড়া একটি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৫ জন স্কুলছাত্রী ও কর্মচারীসহ বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের চেয়ে কম কিছু নয়।
ইতোমধ্যে ট্রাম্প তাঁর সামরিক অভিযানের ঘোষিত লক্ষ্যগুলোতে পরিবর্তন এনেছেন। তিনি এখন প্রকাশ্যে ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন চাইছেন। এদিকে তিনি প্রাথমিকভাবে যুদ্ধের দ্রুত সমাপ্তির ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি এখন বলছেন, এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী হতে পারে। বিশাল বিমান হামলা এখনও পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা নির্মূল করতে ব্যর্থ হয়েছে, যা ইসরায়েলের গভীরে লক্ষ্যবস্তু এবং মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো হুমকির মুখে ফেলেছে।
ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনাগুলোয় আঘাত করেছে বলে জানা গেছে। মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে মার্কিন সেনা নিহত ও আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইরান ঝুঁকি বাড়িয়েছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
মার্কিন আগ্রাসনের জবাবে তেহরান এ স্থাপনাগুলোকে বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করেছে। বেসামরিক কিছু স্থাপনাগুলোতেও হামলার ঘটনা ঘটেছে। এতে পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে ওঠে, যা সংঘাতকে তীব্রতর করে তুলছে এবং পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে ইসরায়েল ইরানপন্থি হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে যুদ্ধ বিস্তৃত করেছে।
অন্যান্য দেশে সংঘাত যখন আরও বিস্তৃত ও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে, তখন ট্রাম্প স্থল সেনা মোতায়েনের আশঙ্কা উড়িয়ে দেননি। মার্কিন সামরিক বাহিনীর এ ধরনের যে কোনো দুঃসাহসিক কাজ পরিস্থিতিকে আরও উস্কে দেবে। ইরানের ওপর মার্কিন হামলা এবং বিশ্বজুড়ে লাখ লাখ শিয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড অনেক দেশে ব্যাপক মার্কিনবিরোধী বিক্ষোভের সূত্রপাত করেছে; যা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
স্থলভাগে সেনা মোতায়েন করে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইতোমধ্যে অস্থিতিশীল আঞ্চলিক পরিস্থিতি আরও অস্থির হয়ে পড়বে। বিশাল সামরিক শক্তি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র জয়ী হওয়ার কথা ভাবতে পারে না। মনে হয়, ট্রাম্প আফগানিস্তানে মার্কিন দুই দশকের যুদ্ধ এবং ২০০৩ সালে ইরাক আক্রমণের শিক্ষা ভুলে গেছেন। তাঁর যুদ্ধবিরোধী মনোভাব বিশ্বকে আরও গভীর অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সংকটে নিমজ্জিত করেছে।
ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে পাকিস্তানের– এই প্রতিবেশী অঞ্চলে মার্কিন যুদ্ধের সরাসরি প্রভাব পড়বে। খামেনির হত্যার পর বেশ কয়েকটি শহরে মার্কিনবিরোধী সহিংস বিক্ষোভ শুরু হয়। ট্রাম্প প্রশাসন ও সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বর্তমান সরকার নিজেকে কঠিন পরিস্থিতিতে পড়েছে।
কোনো জয় না পাওয়া যুদ্ধ থেকে নিজেকে বের করে আনা যুক্তরাষ্ট্রের পক্ষে কঠিন হবে। ট্রাম্পের অবৈধ যুদ্ধ অবশ্যই ইরান ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করবে। তবে তিনি যেভাবে চান সেভাবে নয়। এ অঞ্চলটি আরও বিশৃঙ্খল হয়ে উঠবে, যার পরিণতি গোটা বিশ্ব ভোগ করবে।
জাহিদ হুসেন: লেখক ও সাংবাদিক; ডন থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
