বাংলাদেশ একটি ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ দেশ। ভারতীয় ও বার্মিজ টেকটোনিক প্লেটের সংঘর্ষে অবস্থিত এ দেশে যে কোনো সময় মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহের মতো জনবহুল শহরগুলো ৭-৮.৫ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। অথচ আমরা এখনো ভূমিকম্পকে অপ্রতিরোধ্য দুর্যোগ ভেবে আতঙ্কিত হই, প্রস্তুতি নিই না। এই আতঙ্কই আমাদের সবচেয়ে বড় শত্রু। ইতিহাস বলে, ১৮৯৭ সালের মহাভূমিকম্পে শিলং প্লেটে ৮.৭ মাত্রার কম্পন হয়েছিল, যার প্রভাব পড়েছিল আসাম থেকে কলকাতা পর্যন্ত। ২০১৫ সালের নেপাল ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ মারা গিয়েছিল, যাদের অধিকাংশই ভবন ধসে। জাপানে প্রতি বছর বেশ কিছু ভূমিকম্প হয়, কিন্তু মৃত্যুহার কম। কারণ? তারা প্রস্তুত। আমরা নই।

ঢাকা শহরে বর্তমানে ৪ লাখের বেশি ভবনের মধ্যে ৮০ শতাংশের বেশি ভবন কোড মানেনি। নরম মাটির ওপর গড়ে ওঠা এ শহরে ভূমিকম্পের তীব্রতা আরও বাড়বে। রাজউকের তথ্যমতে, মাত্র ১৫ শতাংশ ভবন ভূমিকম্প-সহনশীল। অথচ আমরা এখনো ভাড়া নেওয়ার সময় জিজ্ঞাসা করি না-এই বাড়ি ভূমিকম্প সহ্য করতে পারবে কি না। প্রস্তুতি মানে শুধু সরকারের দায়িত্ব নয়, এটা প্রতিটি নাগরিকের দায়িত্ব। ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে আমরা কী করতে পারি? ১. বাড়িতে জরুরি ব্যাগ রাখুন পানি, শুকনো খাবার, ফার্স্টএইড কিট, টর্চ, হুইসেল, গুরুত্বপূর্ণ কাগজপত্রের কপি। ২. ভারী আসবাব গ্যাস সিলিন্ডারের পাশে রাখবেন না, দেওয়ালের সঙ্গে শক্ত করে বেঁধে রাখুন। ৩. ভূমিকম্পের সময় উৎড়ঢ়, ঈড়াবৎ, ঐড়ষফ ঙহ নিয়ম মেনে চলুন মাটিতে শুয়ে পড়ুন, মজবুত টেবিলের নিচে আশ্রয় নিন, ধরে থাকুন। ৪. লিফট ব্যবহার করবেন না, সিঁড়ি দিয়ে নামুন। ৫. পরিবারের সবাইকে একটি নির্দিষ্ট জায়গায় মিলিত হওয়ার পরিকল্পনা করুন। স্কুল-কলেজে নিয়মিত ভূমিকম্প সচেতনতা বিষয়ক ওয়ার্কশপ হওয়া উচিত। প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ভলান্টিয়ার টিম গড়ে তোলা যেতে পারে। ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে শহরের খোলা মাঠ, স্কুল মাঠগুলোকে জরুরি আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করতে হবে। সরকারের করণীয়ও কম নয়। বিল্ডিং কোড কঠোরভাবে কার্যকর করতে হবে। পুরানো ভবনগুলোর রেট্রোফিটিং প্রকল্প শুরু করতে হবে। ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা স্থাপন করতে হবে। সর্বোপরি জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম, মসজিদ, স্কুল- সব জায়গায় প্রচারণা চালাতে হবে। ভূমিকম্প আসবেই। এটা প্রকৃতির নিয়ম। কিন্তু এর ফলে যে দুর্যোগ হয়, তা আমাদের তৈরি করা। জাপান, চিলি, নিউজিল্যান্ড দেখিয়েছে- প্রস্তুতি থাকলে মৃত্যু ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। \r\nগুলশান, ঢাকা থেকে