বিশ্বব্যাপী উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থী প্রবণতা গত কয়েক বছরে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ পর্যন্ত UNESCO এবং অন্যান্য আন্তর্জাতিক শিক্ষা পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ৭.৩ মিলিয়ন (৭,৩০০,০০০) শিক্ষার্থী নিজের দেশ ছেড়ে অন্য দেশে উচ্চশিক্ষা নিচ্ছে, যা কোভিড-১৯ পূর্বের সময়ের তুলনায় প্রায় ১৯% বেশি এবং গত দুই দশকে প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ১০ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলে অনেক গবেষণা পূর্বাভাসে বলা হয়েছে। বিশ্বব্যাপী উচ্চশিক্ষা আজ একটি বহুমাত্রিক বৈশ্বিক শিল্পে পরিণত হয়েছে।
ইউনেস্কো ও আন্তর্জাতিক শিক্ষা পর্যবেক্ষক সংস্থাগুলোর সাম্প্রতিক তথ্যমতে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৭০-৭৫ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছে, যা গত দুই দশকে প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ১ কোটিরও বেশি ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি নিজেদের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, র্যাঙ্কিং ও বৈশ্বিক প্রভাব শক্তিশালী করছে।
অনেক দেশে আন্তর্জাতিক শিক্ষার্থী এখন কেবল শিক্ষার অংশ নয়; বরং তা অর্থনীতি, কূটনীতি ও সফট পাওয়ারের গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়েছে।\r\nঅথচ এই বৈশ্বিক প্রবণতার সঙ্গে বাংলাদেশের অবস্থান অত্যন্ত বৈপরীত্যপূর্ণ। যেখানে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে, সেখানে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর উপস্থিতি ক্রমেই কমছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী, দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট বিদেশি শিক্ষার্থীর সংখ্যা মাত্র কয়েক শতাধিক, যা বৈশ্বিক বাস্তবতার তুলনায় নগণ্য। এমনকি দেশের শীর্ষ ও পুরানো বিশ্ববিদ্যালয়গুলোতেও বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রত্যাশার অনেক নিচে।
ফলে আন্তর্জাতিক র্যাঙ্কিং, গবেষণার বৈচিত্র্য, একাডেমিক পরিবেশ ও বৈশ্বিক স্বীকৃতির ক্ষেত্রে বাংলাদেশ ক্রমেই পিছিয়ে পড়ছে। এই বাস্তবতা স্পষ্ট করে দেয়, বিশ্ব যখন আন্তর্জাতিক উচ্চশিক্ষাকে কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখছে, তখন বাংলাদেশ এখনো সেই সুযোগকে কার্যকরভাবে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে।\r\nযেকোনো দেশের টেকসই উন্নয়নে উচ্চশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি দেশের উচ্চশিক্ষার প্রকৃত অবস্থান ও মান নির্ধারণের অন্যতম সূচক হলো সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর উপস্থিতি। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর ভর্তির সংখ্যা অত্যন্ত কম এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও হ্রাস পাচ্ছে।
প্রতি বছর দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেলেও আন্তর্জাতিক শিক্ষার্থীর অংশগ্রহণ সেই অনুপাতে বাড়ছে না; বরং ক্ষেত্রবিশেষে কমছে। কেন এমনটি ঘটছে, তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নীতিনির্ধারকদের দায়িত্ব।\r\nবিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাঙ্কিং নির্ধারণে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, গবেষণা, লিঙ্গসমতা, অবকাঠামোর পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। এই সূচকে বাংলাদেশ অত্যন্ত পিছিয়ে। এর ফলে আমাদের কোনো বিশ্ববিদ্যালয় এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিতে পারেনি, যা দেশের জন্য অত্যন্ত হতাশাজনক। প্রায়ই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয় নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়।
যদিও সংশ্লিষ্ট মহলের কেউ কেউ দাবি করেন, বিদেশি শিক্ষার্থীর উপস্থিতি বা অনুপস্থিতি র্যাঙ্কিংয়ে বড় কোনো প্রভাব ফেলে না, বাস্তবতা হলো এর সুস্পষ্ট প্রভাব রয়েছে।\r\nবাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কম থাকার পেছনে একাধিক কারণ বিদ্যমান। আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা পরিবেশের ঘাটতি, পর্যাপ্ত বৈশ্বিক প্রচার ও ব্র্যান্ডিংয়ের অভাব, মানসম্মত আবাসন ও স্বাস্থ্যসেবার সংকট, ক্যাম্পাসের রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংশয়, জটিল ও সময়সাপেক্ষ ভর্তি প্রক্রিয়া এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা সহায়তামূলক কাঠামোর অভাব, এসব সীমাবদ্ধতা বড় বাধা হিসেবে কাজ করছে। অথচ শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী হতে পারে না।
এ বিষয়টি সরকারকে বিশেষ গুরুত্ব দিয়ে ভাবতে হবে।\r\nপ্রতিষ্ঠার শতবর্ষ অতিক্রম করলেও একসময়ের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আশানুরূপ নয়। একই চিত্র দেখা যায় দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার তথ্য অনুযায়ী, ২০১৭ সালে স্নাতক পর্যায়ে যেখানে ৩৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছিল, সেখানে মাত্র পাঁচ বছরের ব্যবধানে ২০২২ সালে সেই সংখ্যা কার্যত শূন্যে নেমে আসে। এমনকি ২০২২ সালে ভারত থেকে একজন শিক্ষার্থী আবেদন করলেও শেষ পর্যন্ত ভর্তি হয়নি।
দেশের শীর্ষ দুটি বিশ্ববিদ্যালয়ের যদি এই অবস্থা হয়, তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সহজেই অনুমেয়।\r\nবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০২৩ সালে প্রকাশিত ৪৯তম বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ২৬টিতে মোট ৬৭০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৯ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৪ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৭ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭২ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৭ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৩৪ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৭ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৯ জন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১৭ জন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩ জন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ১ জন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ জন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ১২ জন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১১ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে। সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, গোপালগঞ্জে-১৯১ জন। প্রশ্ন হলো, অপেক্ষাকৃত বড় ও পুরোনো বিশ্ববিদ্যালয়গুলোতে কেন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমছে?\r\nঅন্যদিকে, আন্তর্জাতিক পরিসরে দেখা যায়, চীন দ্রুতই আন্তর্জাতিক উচ্চশিক্ষার শিক্ষার্থীদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। এর পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করছে-শিক্ষার গুণগত মান ও দক্ষতা, তুলনামূলক কম টিউশন ফি ও আকর্ষণীয় বৃত্তি, এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ। মহামারীর আগে চীন প্রায় পাঁচ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণ করতে সক্ষম হয়েছিল এবং বিশ্বে শীর্ষ পাঁচটি শিক্ষাগন্তব্যের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছিল। চীনে পড়াশোনা করে গবেষণা ও ভাষাগত দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক শ্রমবাজারে উচ্চ বেতনের সুযোগ পাচ্ছে। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম চালু থাকায় বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সহজে পরিচালিত হয়।\r\nএকইভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে, সুইডেন, জাপান ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্নত জীবনমান, স্বাস্থ্যসেবা, গবেষণার সুযোগ এবং বৃত্তিসহ নানামুখী সুবিধা দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশ্বমানের গবেষক ও শিক্ষকদের তত্ত্বাবধানে পড়াশোনার সুযোগ পায়, যা তাদের সাংস্কৃতিক দিগন্ত প্রসারিত করে। যুক্তরাজ্যে জীবনমান ও স্বাস্থ্যসেবার মান আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বড় আকর্ষণ।\r\nবাংলাদেশ অন্যান্য দেশের মতো সুযোগ-সুবিধা দিতে না পারলেও, বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স নামে আলাদা অফিস থাকা উচিত, যাতে বিদেশি শিক্ষার্থীরা সহজে তথ্য ও সহায়তা পায়। একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে মানসম্মত উচ্চশিক্ষার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেছিলেন অনেক শিক্ষাবিদ। কিন্তু বাস্তবে তেমন কোনো কার্যকর পদক্ষেপ তেমন দৃশ্যমান নয়। আজ প্রয়োজন সেই দর্শনের আলোকে ষড়যন্ত্র ও নেতিবাচকতা পরিহার করে বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে দ্রুত ও সুসংহত পদক্ষেপ গ্রহণ করা।\r\nলেখক : সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, \r\nজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
