ফেসবুক প্লাটফর্ম মানুষের মনস্তত্ত্বের ওপর যে নেতিবাচক প্রভাব বিস্তার করেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।সামাজিকভাবে এর নেতিবাচক প্রভাব সর্বত্র বিরাজমান। ফেসবুক মানুষের মনস্তাত্ত্বিক চিন্তাধারার ওপর যে পরিমাণ নেতিবাচক প্রভাব বিস্তার করে ক্ষতি সাধন করেছে সে ক্ষতি অপূরণীয় ও অবর্ণনীয়। মানুষের সুচিন্তা করার ক্ষমতাকে প্রায় শূন্য স্তরে নামিয়ে এনেছে ফেসবুক। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এখন হয়ে উঠেছে অসামাজিকতার মূল কেন্দ্র। এখন বাকি যে ক্ষতিটুকু করতে মরিয়া হয়ে উঠেছে সেটা হচ্ছে মনিটাইজেশন নামক লোভের ফাঁদ তৈরি করে মানুষকে অকর্মন্য ও আনপ্রেডিক্টেট করার চেষ্টা।

ফেসবুক হয়তো ক্রিয়েটিভ মানুষ সৃষ্টির জন্য এই লোভের ফাঁদ তৈরি করেছে, যাতে সৃষ্টিশীল মানুষ তাদের ভেতরকার প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে পারে এবং সেই প্রতিভার প্রদর্শনের মধ্যে দিয়ে ভিউয়ের ওপর ফেসবুক ডলার প্রদানের ব্যবস্থাও করেছে। কিন্তু বিষয় হচ্ছে, যারা সত্যিকারের সৃষ্টিশীল মানুষ তারা কখনোই অর্থের আশায় সৃষ্টি করে না, করতে চায় না। কেবল সমাজের অগ্রগতি ও নিজের আত্মর আনন্দের জন্যই তারা সৃষ্টি করে। সম্প্রতি শাহ আবদুল করিমকে নিয়ে একটি প্রতিবেদনে দেখলাম। তাকে এক অনুষ্ঠানে তিন লাখ টাকার চেক প্রদান করা হলে তিনি এর বিপরীতে ছেলেকে বলছেন, এত টাকা দিয়ে আমি কি করব? আমাদের বাঁচার জন্য তো এত টাকা লাগে না। শাহ আবদুল করিমরা বাংলার সত্যিকারের সৃষ্টিশীল মানুষ, প্রতিভাবান ক্ষণজন্মা মহাপুরুষ।

তিনি তার প্রয়োজনের সীমাবদ্ধতা সম্পর্কে অবগত। তাই তিনি সে চেক নিতে অসম্মতি জানিয়েছেন। যারা সত্যিকারের সৃষ্টি করে তারা কখনোই লোভের ফাঁদে পা বাড়ায় না। লোভ তাদের কখনোই বাঁধতে পারে না।\r\nফেসবুকে ডলার ইনকামের লোভের ফাঁদ পেতে যুবক থেকে বৃদ্ধ সকলকে সেই ফাঁদে টাকি মাছের মতো আটক করে নাচিয়ে বেড়াচ্ছে। ফেসবুক চাইছে সকলকে ফেসবুকের পাতায় নিবিষ্ট করে রাখতে। অঞ্চলভিত্তিক মানুষের মনস্তত্ত্বের ওপর ফেসবুক কর্তৃপক্ষের ব্যাপক বিচরণ রয়েছে। তারা জানে আমাদের অঞ্চলের মানুষকে কীভাবে বন্দি করা যায় ফেসবুকের খাঁচায়। সে প্রভাবেই এখন সর্বত্রই কন্টেন্ট ক্রিয়েটর। সকলেই এখন ভিডিও নির্মাতা। যে যা পারছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ছে ফেসবুকের পাতায়। লক্ষ্য একটাই, ফেসবুক মনিটাইজেশন ও ডলার ইনকাম।

ফেসবুক মনিটাইজেশনের পিছনে ছুটতে ছুটতে মানুষ তার ভেতরকার সত্যিকারের প্রতিভাকে হারিয়ে ফেলছে। ফেসবুক স্ক্রিন মানুষের সকল কিছুকে গ্রাস করছে। এমনকি তার ভেতরে থাকা সৎ চিন্তা করার ক্ষমতাকেও- ফলে যুবক, বৃদ্ধ সকলেই তাদের সেই নির্দিষ্ট কাজ ফেলে ছুটে চলছে ফেসবুকের অদৃশ্য ডলারের খোঁজে। \r\nএকটা সময় ছিল যখন যা ইচ্ছে ভিডিও নির্মাণ করে অনেকে ফেসবুক থেকে যথেষ্ট অর্থ আয় করেছে। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এখন বেশ সচেতন হয়েছে। যা ইচ্ছে তাই ফেসবুকে ছেড়ে অর্থ আয়ের পথ ফেসবুক বন্ধ করে দিয়েছে। অনেক ভিউ হওয়ার পরেও ফেসবুক এখন খুব অল্প পরিমাণ অর্থ প্রদান করছে। কারণ, ফেসবুক দেখছে সকলেই এখন ফেসবুকের ভিডিও ব্যবসায়ী হতে চাচ্ছে। সে চালাকি ধরে ফেলেছে ফেসবুক।

সে জন্য ফেসবুক তাদের অর্থও সীমিত করেছে এবং আরোপ করেছে আরও অনেক বিধিনিষেধ। ফেসবুক চায়, ব্যক্তি তার নিজস্ব প্রতিভা ফুটিয়ে তুলুক। অন্যের সৃষ্ট কোন প্রতিভা চুরি করে নিজের নামে চালানোর সুযোগ এখন আর নেই।\r\nআমি এমনও দেখেছি মানুষ ফেসবুক মনিটাইজেশনের জন্য ছাগল পর্যন্ত সাজছে। মানুষ নিজেদের স্বতন্ত্রতা হারিয়ে হাস্যকর ভাঁড়ে পরিণত হচ্ছে। ফেসবুক ইন্টেলিজেন্স জানে, কীভাবে কোন জাতিকে নিয়ন্ত্রণ করা যাবে।\r\nফেসবুকের মনিটাইজেশনের লোভের ফাঁদে পড়ে সেদিন এক স্কুল শিক্ষককে দেখলাম ছাগলের যুদ্ধ লাইভ করছে এবং সে যুদ্ধের ধারাভাষ্য দিচ্ছে। ফেসবুক হয়তো সৃষ্টিশীল মানুষ তৈরি করার জন্য বা সৃষ্টিশীল মানুষ বিনির্মাণের জন্য এই চেষ্টা করছে। কিন্তু কথা হচ্ছে সৃষ্টিশীলতার বিপরীতে তৈরি হচ্ছে এক ক্লীব গোষ্ঠী- যারা যা ইচ্ছে তাই নিয়ে উপস্থিত হচ্ছে ফেসবুকের পাতায়। সেদিন একজনকে দেখলাম লাইভে এসে বারবার বলছে প্লিজ আপনারা আমার ভিডিওটি ট্যাপ করে শেয়ার দিন প্লিজ। সে কী কান্নাজড়িত আকুতি, অনুনয়। ফেসবুক হয়তো চায় প্রতিভাবানদের মূল্যায়ন করতে, কদর করতে, তাদেরকে সকলের সামনে তুলে ধরতে। কিন্তু উল্টো প্রতিভাবানরা অপ্রতিভাবানদের ভিডিওর নিচে পিষ্ট হয়ে হারিয়ে যাচ্ছে। তাই ফেসবুক কর্তৃপক্ষের অবশ্যই এ সকল বিষয়ে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নজর দিতে হবে। সেই সঙ্গে আমাদের দেশের ফেসবুক ব্যবহারকারীদেরও যা ইচ্ছে তাই ফেসবুকে ছেড়ে দিয়ে ফেসবুককে আবর্জনাপূর্ণ করা থেকে বিরত থাকতে হবে। কারণ ফেসবুক কখনোই নিজস্ব প্রতিভা ছাড়া বা বিশেষ আইডিয়া মেকার ছাড়া কাউকেই সহযোগিতা করবে না। সেক্ষেত্রে ডলার ইনকামের বিশেষ সুযোগও নেই।\r\nলেখক : গবেষক