গত দুই দশকে ভারত ও বাংলাদেশে একটি অভিন্ন ফ্যাসিবাদী রাজনৈতিক বাস্তবতার উদ্ভব ঘটেছে। প্রথমে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী স্বার্থ রক্ষায় আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী শক্তি হিসেবে গড়ে তোলতে সর্বাত্মক সমর্থন দেয়া হয়েছে। আদর্শিক লক্ষ্যহীন দুর্বৃত্তায়িত রাজনৈতিক ক্ষমতাকে প্রলম্বিত করার ভারতীয় চক্রান্ত বাংলাদেশের তরুন প্রজন্ম রাজপথে প্রতিরোধ গড়ে বুকের তাজা রক্ত দিয়ে ভারতীয় বশংবদ শেখ হাসিনার পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছে। এরপর ভারতীয় উপমহাদেশে ভারতীয় আধিপত্যবাদবিরোধী রাজনীতির এক অভাবনীয় ডমিনোজ ইফেক্ট দেখা গেছে। শ্রীলঙ্কায় ভারতীয় তাবেদার সরকারের পতন ঘটেছিল বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের আগেই।
বাংলাদেশে হাসিনার পতনের পর নেপালের তরুন প্রজন্ম বালেন্দ্র শাহ্র নেতৃত্বে ভারতপন্থী সরকারের বিরুদ্ধে রাস্তা নেমে এসে পতন ঘটিয়ে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে নেপালের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ‘তোমারে বধিবে যে গোকূলে বাড়িছে সে ’ মহাভারতের এই উক্তি এখন ভারতের হিন্দুত্ববাদী শাসকদের জন্য দুর্লঙ্ঘনীয় হয়ে উঠেছে। এই ভারত উপমহাদেশে বশংবদ শাসকদের রক্ষায় শক্তি প্রয়োগের নানাবিধ ফর্মূলার আঞ্জাম দিয়েছে। সেই ভারতে সিজেপি বা ককরোচ জনতা পার্টির সরকার বিরোধী বিক্ষোভ দেড় দশকের বিজেপি সরকারের ভিত্তিকে টলিয়ে দিতে শুরু করেছে। দিল্লির চলমান অবস্থা আমাদেরকে ২০২৪ এর জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দেয়।
গত রবিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপি’র বিক্ষোভ সমাবেশের আগে শুধু ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদেরই নয়, সরকার বিরোধী প্রায় সব রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীকে আটক করে জেলে ভরেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সিজেপির বিক্ষোভে সমর্থন দেয়ায় পশ্চিম বঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ত্রিপুরার সাবেক মূখ্যমন্ত্রী মানিক সরকার, দিল্লির সাবেক মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল,কেরালার সাবেক মূখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ অস্যখ্য নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের নির্বাচিত বিধায়ক হুমায়ন কবির কিংবা বোম্বাই চলচ্চিত্রের সুপারস্টার আমির খানকে আটক করা হয়েছে।
কয়েক হাজার সিজেপি কর্মীকে আটকের পর ছেড়ে দেয়া হলেও সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী, অলইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাসহ সিজেপির শীর্ষ নেতাদের আটকের পর আন্দোলন নতুন মোড় নিতে শুরু করেছে। মোদিজি সম্ভবত হাসিনার পতনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেননি। ঢাকায় ডিবি প্রধান হারুনুর রশীদ বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকাতে এর প্রধান নেতা নাহিদ ইসলাম, আরিফ সোহেল, হাসনাত আব্দুল্লাহ, সজিব ভূইয়া, সারজিস আলমদের গ্রেফতার করিয়ে তাদেরকে দিয়ে বিভ্রান্তিকর বিবৃতি দিয়েও আন্দোলন দমানো যায়নি। দুই দেশের রাজনৈতিক বাস্তবতা যেমন অভিন্ন, গতানুগতিক রাজনৈতিক শক্তির বাইরে আন্দোলনের নেতৃত্ব এবং ন্যারেটিভের প্রকৃতিও প্রায় একই রকম। শেখ হাসিনা বক্তব্যে আন্দোলনরত ছাত্রদের ‘রাজাকার’ শব্দের ব্যবহার এবং দিল্লির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বক্তব্যে শিক্ষিত বেকার প্রজন্মকে ককরোচ বা তেলাপোকার সাথে তুলনার মধ্যে কিছুটা ভিন্নতা থাকলেও সামাজিক-অর্থনৈতিক বৈষম্য সম্পর্কে শাসকশ্রেণীর অভিন্ন মনোভাবের প্রতিফলন ঘটেছে।
একটু পিছনে ফিরলে দেখা যায়, ২০১৯ সালে নির্বাচনী প্রচারণার সময় ভারতীয় জনতা পার্টির নেতা ও মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুসলমানদের বিশেষত বাংলাদেশ থেকে আগত কথিত অভিবাসিদের টারমাইট বা ঘুণপোকার সাথে তুলনা করেছিলেন। সে সময় অমিত শাহ্র এমন বক্তব্যকে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক ও মানবাধিকার সংস্থার তরফ থেকে বিপজ্জনক আখ্যা দেয়া হয়েছিল। দ্বিতীয় মেয়াদে দিল্লীর ক্ষমতায় বসে মোদি সরকার ভারতকে হিন্দুত্ববাদী অখন্ড ভারতের পরিনত করার সর্বাত্মক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেয়। ভারতের নতুন পার্লামেন্ট ভবনে কথিত অখন্ড ভারতের মানচিত্র স্থাপন করা হয়। সেখানে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আফগানিস্তানসহ পুরো উপমহাদেশ ভারতের অন্তর্ভুক্ত।
সামরিকভাবে ও রাজনৈতিক কূটকৌশলে প্রতিবেশি দেশ দখল করে নিজের পরিধি বাড়ানো উপনিবেশোত্তর ভারতের ইতিহাসের অংশ। সর্বশেষ ২০২৫ সালের মে মাসের প্রথম সপ্তাহে অপারেশন সিন্দুরে ভারত সফল হলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরসহ বিশাল অংশ দখলের পরিকল্পনা ছিল। তবে সে আগ্রাসন ভারতের জন্য বুমেরাং হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা আক্রমণে ভারতের আকাশ প্রতিরক্ষা ও সামরিক আধিপত্য দুইদিনেই মুখ থুবড়ে পড়েছিল। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নরেন্দ্র মোদি অনুরোধে তিনি পাকিস্তানকে যুদ্ধ বিরতিতে রাজি করিয়েছেন। এর আগে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয় ঘটেছিল।
সে সময়ে ভারতের বন্ধু রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাসখন্দে অনুষ্ঠিত যুদ্ধ বিরতিতে সই করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রি সেখানেই হার্ট অ্যাটাকে মারা যান। তবে ভারতের শাসকরা প্রতিটি পরাজয়কে জনগনের কাছে আড়াল করেছেন। শুধু তাই নয়, তারা পরাজয়কে নিজেদের সামরিক বিজয় হিসেবে প্রচার করতে নিজেদের নিয়ন্ত্রিত মিডিয়া এবং মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ব্যবহার করেছে। ককরোচ-আরশোলা জনতার সাথে ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিরাও যখন মাঠে নেমেছে, তখন আন্দোলন ঠেকাতে গণগ্রেফতার, ইন্টারনেট বন্ধ, মেট্টো বন্ধের মতো পদক্ষেপ থেকে বোঝা যায়, মোদি সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তবে ভারতের মুসলমান এবং বিরোধীদল সমর্থকদের পিঠ আরো আগে থেকেই দেয়ালে ও পাটিতে ঠেকিয়ে রাখার অপচেষ্টা অব্যাহত রয়েছে।
এবার প্রত্যাঘাতের পালা। যেভাবে দেড় দশকের ফ্যাসিবাদী নিপীড়নের পর বাংলাদেশের জুলাই যোদ্ধারা শেখ হাসিনার খুনি বাহিনীকে পরাস্ত করে দেশকে হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে মুক্ত করেছিল। ভারতের ককরোচ জনতা একই অভিন্ন চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভারতকে ফ্যাসিবাদমুক্ত করে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে মাঠে নেমেছে। মধ্য জুলাইয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের উদ্ধত রাইফেলের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশে যে আন্দোলনের স্ফুলিঙ্গ দাবানলের মতো ঢাকাসহ সাড়াদেশে ছড়িয়ে পড়েছিল, সেখানে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ নেতৃত্ব ও দৃশ্যমান অংশগ্রহন না থাকলেও দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির সাথে প্রধান বিরোধীদল জাতীয় কংগ্রেসসহ জোট ‘ইন্ডিয়া’র সক্রিয় সমর্থন ককরোচ জনতার আন্দোলনে বাড়তি শক্তি যোগাচ্ছে। তবে দলদাস পুলিশের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে রাজনৈতিক পরিবর্তন অসম্ভব। এর বিপরীত চিত্রও আছে। বিরোধী জোট নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, বিজেপির ২শতাধিক বিধায়ক বিরোধিদের সাথে যোগাযোগ রাখছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। এমনকি পুলিশ বাহিনীর অর্ধেক সদস্য এখন আন্দোলনের পক্ষে রয়েছেন, তারা আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে মত দিচ্ছেন বলে আনন্দবাজারের এক রিপোর্টে জানা যায়।
ভারতে চলমান শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের মধ্য দিয়ে থেমে যাওয়ার সুযোগ নেই। এই আন্দোলন ভারতের গণতান্ত্রিক ভিত্তিকে ধসিয়ে দিয়ে ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে বিজেপির রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিরুদ্ধে গণমানুষের প্রতিবাদের কণ্ঠস্বর। এটি শুধু নির্বাচন কমিশনারের বিষয় নয়, এর সাথে জড়িয়ে পড়েছে মোদি সরকারের তখ্তে-তাউস। ভোটের আগে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (এসআইআর) নামে লাখ লাখ মুসলমান ও সম্ভাব্য বিজেপি বিরোধী ভোটারকে তালিকা থেকে বাদ দিয়ে যে নির্বাচন করা হয়েছিল তার বৈধতা ও ফলাফলকে প্রশ্নবিদ্ধ করেছে। এর মানে হচ্ছে, বিজেপি সরকার বৈধ ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি।
নিজেদের ইচ্ছামত ভোটার তালিকা থেকে লাখ লাখ বৈধ ভোটারকে বাদ দিয়ে যে নির্বাচনী ফলাফলের মধ্য দিয়ে বিজেপি ক্ষমতায় বসেছে, তা’ অবৈধ বলে গণ্য হতে বাধ্য। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের আল্টিমেটামের পাশাপাশি ককরোচ জনতা প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের ঘোষণা দিয়েছে। তাতে সাড়া পাওয়া না গেলে দিল্লির সুপ্রীমকোর্ট ঘেরাওয়ের সম্ভাব্য কর্মসূচির কথাও ভাবছে আন্দোলনকারিরা। ইনি সেই প্রধান বিচারপতি যার বেফাঁস মন্তব্যের প্রতিবাদে ভারতের তরুন প্রজন্ম ভার্চুয়াল অ্যাক্টিভিজম থেকে রাজপথের ককরোচ জনতা দলের জন্ম হয়েছিল। ককরোচ জনতার চলমান আন্দোলন একই সঙ্গে ভারতের প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রীর জন্য অগ্নি পরীক্ষা। এর একদিকে ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্যদিকে বিজেপি সরকারের ক্ষমতার মসনদ ভারতের জনগন এবার গণতন্ত্র ও রাষ্ট্রীয় অখন্ডতাকে বেঁছে নিয়েছে। এই অখন্ডতা মানে গুপ্ত যুগের ভারত নয়, বৃটিশ ঔপনিবেশিকদের মধ্যস্থতায় গঠিত ভারত এবং উপমহাদেশের রাজনৈতিক-ভৌগলিক বাস্তবতা। ভারতে এ ধরণের রাজনৈতিক আন্দোলন সম্ভবত এটিই প্রথম। আর এই আন্দোলনের সাফল্যের উপর গণতান্ত্রিক ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে।
বিজেপি নেতৃত্বাধীন ভারত পুরো উপমহাদেশের জন্য এক বিপজ্জনক খাদ সৃষ্টি করেছে। বিশ্বের সবচেয়ে জনবহুল হিন্দু ধর্মাবলম্বী দেশটি প্রায় ৮০০শ বছর মুসলমান সুলতান ও মোঘলদের হাতে এবং প্রায় ২০০বছর বৃটিশদের দ্বারা শাসিত হলেও কখনোই কোনো হিন্দুত্ববাদী শাসকের দ্বারা সফলভাবে শাসিত হয়নি। হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের বয়েস একশ বছর হয়নি। আর বিজেপির ক্ষমতার কাল মাত্র দেড় দশক। এ সময়ের মধ্যে ভারত বিশ্বের নিকৃষ্টতম সাম্প্রদায়িক শাসন, সংখ্যালঘু নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন ও এথনিক ক্লিনজিংয়ের দায়ে অভিযুক্ত হয়েছে। হিন্দুত্ববাদি নেতারা মুসলমান নিধনের প্রকাশ্য ঘোষণা দিয়েছেন।
প্রযুক্তি, শিক্ষা ও বাণিজ্যিক বিশ্বায়নের এই যুগে যেখানে বিশ্বের প্রতিটি অঞ্চল অন্য অঞ্চলের লোকদের নিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সমৃদ্ধ করেছে, যেখানে ভারতে প্রায় ৪-৫ কোটি মানুষ ইউরোপ-আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসি হয়ে বসবাস করছে। সেখানে শতকোটি মানুষের দেশ ভারতে বিদেশি অভিবাসির সংখ্যা কয়েক মিলিয়নের বেশি নয়। বাংলাদেশে অবৈধভাবে কর্মরত ভারতীয়র সংখ্যা নিয়ে ব্যাপক মতভিন্নতা থাকলেও তার সঠিক পরিসংখ্যান না থাকায় তা ৫ হাজার থেকে কয়েক লাখ বলে নানা মহল থেকে দাবি করা হয়। বিশ্বায়নের এই যুগে এটা অস্বাভাবিক নয়। আর দেশভাগের বাস্তবতায় সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক কারণে ভারত-বাংলাদেশে ডেমোগ্রাফিক প্রলিফারেশন এক অনিবার্য বাস্তবতা।
এই মুহূর্তে ইউরোপ ৬ কোটির বেশি মানুষকে অভিবাসি হিসেবে গ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচকোটির বেশি মানুষ অভিবাসি হিসেবে বাস করছে। এর একটা বড় অংশই একক দেশ হিসেবে ভারতীয় বংশোদ্ভুত। যেখানে ভারতের প্রায় চার শতাংশ মানুষ বিদেশে অভিবাসন গ্রহণ করেছে, সেখানে জটিল ভূ-রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতায় ভারত তিরিশ-চল্লিশ লাখ অভিন্ন ভাষাভাষি অভিবাসিকে সহ্য করতে পারছেনা! শুধুমাত্র ভোটের হিসাবকে প্রাধান্য দিতে গিয়ে লাখ লাখ মুসলমানকে নাগরিকত্বহীন, ভোটাধিকারহীন ও মানবাধিকারহীন বহিরাগত নাগরিকে পরিনত করার চক্রান্তের গ্যাড়াকলে ফেঁসে গেছে ভারতের রাষ্ট্রসত্তা।
বেশ কয়েক বছর আগে থেকে জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা ও পরিচালক ড.গ্রেগরি স্ট্যান্টন ভারতে হিন্দুত্ববাদিদের মুসলিম নিধনের আশঙ্কাকে সিস্টেমেটিক জেনোসাইডের পঞ্চম স্তর হিসেবে তুলে ধরেছিলেন। সম্প্রতি তিনি ভারতে মুসলিম জেনোসাইডের ১০টি স্তরের সপ্তম স্তরে পৌঁছেছে বলে তথ্য-উপাত্ত তুলে ধরেছেন। ভারতে এক সময় বৌদ্ধ জনগোষ্ঠির আধিক্য ছিল, ব্রাহ্মন্যবাদিদের আক্রমণ ও চাপের মুখে বৌদ্ধরা এখানে টিকতে পারেনি।একইভাবে তারা ভারতকে মুসলমান মুক্ত করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়। বিশ্বায়নের এই যুগে ২৫ কোটি মুসলমানকে হয়তো এক দশকেই নির্মূল করা সম্ভব নয়।
বিজেপি ক্ষমতায় এসে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করেছে, ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় ফরমান বলে চাপিয়ে দেয়া এনআরসি, সিএএ এবং এসআইআর ইত্যাদি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত মুসলমানদের নাগরিকত্বহীন করে তোলার পদ্ধতি মাত্র। মিয়ানমারের রোগিঙ্গাদের মতো এক সময় এসব মুসলমানকে প্রতিবেশি দেশগুলোতে ঠেলে দেয়ার পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে।তিরিশ-চল্লিশ বছর ধরে ভারতে বসবাসরত মুসলমানদের সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশে ঠেলে দেয়ার হিন্দুত্ববাদি পরিকল্পনা এখন বাস্তব। চীনের জনসংখ্যাও শতকোটিম সেখানেও কোটি কোটি মুসলমান রয়েছে। ইউঘুরের মুসলমানদের প্রতি বৈষম্য নীতির অভিযোগ থাকলেও তারা কখনোই নিজ দেশের মুসলমানদের প্রতিবেশি পাকিস্তান কিংবা মধ্য এশিয়ায় পুশইন করার চেষ্টা করেনি। বাংলাদেশে হিন্দুরা সমানাধিকার ও নিরাপত্তা নিয়ে বসবাস করলেও ভারতীয় মিডিয়াগুলো বিভিন্ন সময় কল্পিত অভিযোগ তুলে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষ সফলভাবে তা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। ভারতে হিন্দুত্ববাদি শাসন ভারতের অখন্ডতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অনেক বড় হুমকি। এ কারণেই ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচিত বিজেপি সরকারের পতন এখন অনিবার্য। যত দেরি হবে পতনের শব্দ ও ক্ষয়ক্ষতি তত বেশি হবে।
bari_zamal@yahoo.com
