দৈনন্দিন জীবনে আধুনিক জীবনযাত্রায় বিদ্যুৎ এক অনিবার্য অনুষঙ্গ। সীমিত ভৌগোলিক সীমায় নগরায়ণ-শিল্পায়নের যাঁতাকলে ও জনসংখ্যার ঘনত্বের আধিক্যে চাহিদার তুলনায় জোগানের অপ্রতুল উপস্থিতির প্রেক্ষিতে দেশের অন্যতম ব্যয়বহুল ও প্রযুক্তিনির্ভর জ্বালানি প্রকল্প মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বড় ধরনের প্রাযুক্তিক বিপর্যয়ের মুখে পড়েছে, যা উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই ঘটেছে। বিদ্যুৎ কেন্দ্রটির বয়লারে ছাই জমে উৎপাদন অর্ধেকে নেমে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ ঘাটতি হচ্ছে প্রতিনিয়ত। চলতি বছরের জানুয়ারি থেকে বয়লারে অ্যাশ স্লাগিং ও ফাউলিংয়ের সমস্যা প্রকট আকার ধারণ করলেও অদ্যাবধি কারণ চিহ্নিত হয়নি। \r\nইতোমধ্যে প্রায় ১ হাজার ১৬৯ কোটি টাকার ক্ষতি হয়েছে রাষ্ট্রের।
অন্যদিকে অস্বস্তিকর ও পারস্পরিক দোষারোপের রাজনীতি শুরু হয়েছে বিপুল আর্থিক ক্ষতির দায় নিয়ে। এ যেন এক হিরক রাজার দেশ- কারো কোন দায় নেই। দায়হীনতার এই অপসংস্কৃতি আমরা আশা করি না। গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, ইপিসি চুক্তির ধারা অস্পষ্ট হওয়ায় ক্ষতিপূরণ, ত্রুটি সংশোধন এবং দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ- সব ক্ষেত্রেই পক্ষগুলোর মধ্যে রয়েছে প্রকট সমন্বয়হীনতা। মাতারবাড়ী যৌথ পরামর্শক দল (এমজেভিসি) এখনো চূড়ান্ত প্রতিবেদন দিতে না পারায় প্রকল্প পরিচালনায় বাড়ছে স্থবিরতা। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান এসটিআইসি চুক্তির দায় অস্বীকার করে উল্টো ৪ হাজার ৭০০ কোটি টাকার মূল্যবৃদ্ধির দাবি তুলেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।
প্রশ্ন হলো, দেশের সবচেয়ে ব্যয়বহুল বিদ্যুৎ প্রকল্পে চুক্তি ব্যবস্থাপনা এত দুর্বল হবে কেন? তদন্তকারী দল বয়লারের নমুনা পরীক্ষায় উল্লেখযোগ্য ত্রুটি না পেলেও ছাই জমার মতো প্রযুক্তিগত সমস্যার সমাধানে ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি পেয়েছে, যা খ্বুই উদ্বেগজনক। বিশেষজ্ঞ মতামত না নেওয়া এবং সময়মতো রুট কজের তদারকি না করার ফলে, প্রকল্পটি চরম ঝুঁকির দ্বারপ্রান্তে রয়েছে।\r\nপ্রতি ঘণ্টায় যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে, দিনশেষে তার বোঝা রাষ্ট্রকেই বহন করতে হচ্ছে। বিশ্লেষক দলের প্রথম দায়িত্ব হবে বয়লারের ত্রুটি শনাক্ত করে স্বচ্ছ রোডম্যাপ তৈরি করা। ঠিকাদার প্রতিষ্ঠান চুক্তি লংঘন করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। মাতারবাড়ী শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়- এটি বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার ইমারত। তাই প্রযুক্তিগত সংকট ও প্রশাসনিক অদক্ষতা কাটিয়ে দ্রুত সমাধানে যেতে হবে। না হলে দেশের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। আমরা মনে করি, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহির আওতায় নিয়ে আসা চাই। এত বড় প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও অদক্ষতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের স্বার্থে সরকার, সিপিজিসিবিএল, জাইকা ও ইপিসি ঠিকাদারসহ- সব পক্ষকে নিয়ে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করে একযোগে কাজ করতে হবে সমন্বিত কৌশল নিয়ে।
