যান্ত্রিক টানাপোড়েনের দীর্ঘদিনের মানসিক চাপ ও ক্লান্তিময় গোলক ধাঁধার জীবন থেকে খানিকটা বিরতি নিয়ে স্বস্তি পাওয়া যায় ঘোরাঘুরির মাধ্যমে। ভ্রমণ নিছক আনন্দ নয়, ইহজাগতিক বিষয়ের নতুন অভিজ্ঞতার সঞ্চয়। গৎবাধা বইয়ের মাঝে আমরা যতটা না নিজেকে সমৃদ্ধ করতে পারি তার চেয়ে অনেক বেশি নিজেকে সমৃদ্ধ করতে পারি ভ্রমণের মাধ্যমে। ঘোরাঘুরির মাধ্যমে পারিবারিক সম্পর্ক দৃঢ় হয়। সন্তানরা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়।
একইভাবে একটি জায়গায় ভ্রমণ আমাদের সেই এলাকার সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে ধারণা দেয়। সহযোগিতা, সহমর্মিতা ও পরিশ্রম করে জীবনে সফল হওয়ার বহু অনুপ্রেরণা ভ্রমণের মাধ্যমে আমরা সরাসরি প্রত্যক্ষ করতে পারি। উদাহরণ হিসেবে বলতে পারি, রাঙ্গামাটি ভ্রমণ আমার শেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে। আনন্দের সঙ্গে শিখতে পারার অনন্য দৃষ্টান্ত আমার কাছে সেই ভ্রমণ মনে হয়েছে। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি অঞ্চলে ভ্রমণের মাধ্যমে সেখানকার নৃগোষ্ঠীদের পোশাক পরিচ্ছেদ, খাদ্যাভ্যাস, আচার-আচরণ, পেশা ও তাদের নানা বিষয়ে দক্ষতা সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছি।
সবচেয়ে অবাক করা বিষয় ছিল, পাহাড়ের দুর্গম অঞ্চলের বাসিন্দা যারা লড়াই করে জীবন সংগ্রামে টিকে থাকেন তাদের নারী সদস্যদের পিঠা বানানো, সাংস্কৃতিক আয়োজন অংশগ্রহণ এবং সেই সঙ্গে নিজ সংস্কৃতি তুলে ধরার জন্য কাজ করা বেশ চমকপ্রদ ছিল। বর্তমানে সাংস্কৃতিক আগ্রাসনের ধারা সংস্কৃতি বিলুপ্ত হওয়ার ন্যায় পরিস্থিতিতেও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজ সংস্কৃতি বাঁচিয়ে রাখার প্রচেষ্টা আমার মনে বাঙালি সংস্কৃতি রক্ষার নতুন আশা জাগিয়েছে। বর্তমান সমাজ ব্যবস্থায় নারীরা সাবলম্বী হওয়ার চিন্তাধারা থেকে পিছিয়ে থাকলেও পার্বত্য চট্টগ্রামে সেই দৃশ্যটা একেবারে ভিন্ন আঙ্গিকে ধরা দিয়েছে।
এখানকার অধিকাংশ নারীরা ফসল বোনা, কাপড় তৈরিসহ আরও নানান কাজের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করছেন এবং বহু লোকের কর্মসংস্থান সৃষ্টি করছেন। ভ্রমণের মাধ্যমে আরও জানতে পারি যে, তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর পেছনে অন্যতম রহস্য তাদের খাদ্যাভ্যাস। তারা নিজেদের উৎপাদিত তাজা শাকসবজি বিশেষ করে সেদ্ধ কাঁচা খাবার খেয়ে থাকে। কেবল বই পড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে যতটা না জানতে পেরেছি ওই অঞ্চলে ভ্রমণের মাধ্যমে সে বিষয়টা আরও জোরালোভাবে বুঝতে পেরেছি। সবচেয়ে বড় বিষয় এই ভ্রমণ আমাকে শেখার সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে একটি সুন্দর সময় উপহার দিয়েছিল।
সাঁতার কাটা নিয়ে ছোটদের হইচই পুরনো শৈশবকে আবার নাড়িয়ে দিল যার কারণে নিজের অজান্তেই মন থেকে প্রশান্তি অনুভব করলাম। পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে গল্প করা, সুখ-দুঃখ ভাগাভাগি করা ও আহার করার অনন্য তৃপ্তি সেই দিনের ভ্রমণে উপলব্ধি করেছি। এটা আমাদের একঘেয়েমি জীবন থেকে মানসিক স্বস্তি লাভের অনন্য নিদর্শন ছিল। এভাবেই শ্বাসরুদ্ধকর ব্যস্তময় জীবনে ভ্রমণ এক পশলা বৃষ্টি হয়ে নামে। হাটহাজারী, চট্টগ্রাম থেকে
