নির্বাচন কমিশনের মূল অঙ্গীকার হলো একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনা করা। এ লক্ষ্যে কমিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। সবার জন্য সমান সুযোগ রেখে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে যেসব বাধা আসতে পারে, তার অন্যতম হচ্ছে সরকারের কোনো সংস্থা যাতে হয়রানিমূলক মামলা না করে। সুষ্ঠু ভোটের ক্ষেত্রে আরেকটি বাধা অর্থ ও পেশিশক্তিকে নিয়ন্ত্রণ করা। এ ধরনের ১৪টি বাধা চিহ্নিত করে কীভাবে তা মোকাবিলা করা হবে, নিজেরাই সেই কর্মপরিকল্পনা কয়েক বছর আগে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছিল নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা আশা করেন, সব বাধা অপসারিত হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারের যেমন দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তেমনি দায় ও অঙ্গীকার রয়েছে দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের।

\r\nনির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে এমন কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক এই সংস্থা বলেছে, যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই। সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে মাঠপর্যায়ে যৌথ বাহিনীকে অভিযান জোরদার করতে নির্দেশনা দিয়েছে ইসি। মাঠপর্যায়ে যৌথ বাহিনীর অভিযান চালু করারও নির্দেশ দেওয়া হয়েছে। এর অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সার্বিকভাবে সাধারণ মানুষ ও প্রার্থীদের মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা।

ইসি এলাকাভিত্তিক চেক পয়েন্ট বসানোর ওপরও গুরুত্ব দিয়েছে। দল ও সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ইতোমধ্যে প্রটোকল দাঁড় করিয়েছে, সে অনুযায়ী যারা চাইছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।\r\nজাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতার পেছনে কয়েকটি কারণ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আধিপত্য বিস্তার এবং অর্থনৈতিক সুবিধা লাভের আকাক্সক্ষা অনেক সময় সহিংসতাকে উসকে দেয়। আইন প্রয়োগে শৈথিল্য এবং অপরাধীদের বিচার না হওয়া বা দেরিতে হওয়া বাড়িয়ে দেয় সহিংসতা। এছাড়াও অবৈধ অস্ত্রের সহজলভ্যতা এবং এর ব্যবহার সহিংসতাকে আরও মারাত্মক করে তোলে। কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষপাতমূলক আচরণ বা নিষ্ক্রিয়তাও সহিংসতার মাত্রা বাড়িয়ে দেয়। ইতোপূর্বে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা চাই। সুষ্ঠু নির্বাচন তো বটেই, জননিরাপত্তার স্বার্থেই লুট হওয়া সব অস্ত্র অবিলম্বে উদ্ধার করতে হবে। সেই সঙ্গে সীমান্ত দিয়ে যাতে কোনো অবৈধ অস্ত্র আসতে না পারে, তাও নিশ্চিত করতে হবে। আমরা মনে করি, আর দেরি না করে অস্ত্র উদ্ধারে নতুনভাবে সক্রিয় কার্যক্রম গ্রহণের কোনো বিকল্প নেই।