দেশে গঠিত হচ্ছে সম্পূর্ণ নতুন ধাঁচের একটি ব্যাংক ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’। ব্যাংকটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার নিজেই। ব্যাংকটি হবে এনজিও, ব্যাংক এবং লিজিং কোম্পানির বৈশিষ্ট্যগুলোর সমন্বয়ে। মূলত নতুন ক্ষুদ্র উদ্যোক্তা ও বর্তমান ক্ষুদ্র প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করাই হবে এর মূল উদ্দেশ্য। ব্যাংকটি বাংলাদেশে নতুন মনে হলেও ভারতসহ সারা বিশ্বে ব্যাংকটির প্রচলন রয়েছে।

ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রণয়ন করেছে। খসড়ায় বলা হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণে সামাজিক ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এই ব্যাংক। কিন্তু শর্ত হলো, পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারবে না ব্যাংকটি। আইনের খসড়ায় বলা হয়েছে, ক্ষুদ্রঋণ ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ ব্যাংকের ঋণগ্রহীতা-শেয়ারমালিকেরা দেবেন। বাকি ৪০ শতাংশ অর্থ জোগান দেবেন উদ্যোক্তারা। সূত্র জানায়, প্রচলিত ব্যাংকে ধনিক গোষ্ঠী হয়ে থাকেন মূল উদ্যোক্তা। আর এ ব্যাংকের ৬০ শতাংশের মালিকানা থাকবে গরিবদের হাতে। প্রচলিত ব্যাংকের লভ্যাংশ উদ্যোক্তারা নিয়ে নেন। এ ব্যাংকের লভ্যাংশ ৪০ শতাংশ মালিকানার উদ্যোক্তারা ততটুকুই নিতে পারবেন, যতটুকু তাঁরা বিনিয়োগ করেছেন। ব্যাংকটির ঋণ গ্রহীতা এবং মালিক উভয়ই গরিব শ্রেণির। অর্থাৎ ব্যাংকটি হবে গরিবের ব্যাংক।

ব্যাংকটি প্রতিষ্ঠার অন্যতম কারণ হলো বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থায় মাঝারি ও ক্ষুদ্রঋণ কার্যক্রম ক্রমান্বয়ে জনপ্রিয় হচ্ছে। অন্যদিকে ব্যাংকগুলোতে করপোরেট বা বৃহৎ ঋণের প্রতি আগ্রহ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ফলে মাঝারি ও ক্ষুদ্রঋণের প্রতি ব্যাংকের আগ্রহ ও ক্ষুদ্রঋণ বিতরণে নমনীয় মনোভাব পোষণ করলেও এর অগ্রগতি ধীর। বিষয়টি উপলব্ধি করে, এই খাতে সরকার গুরুত্ব দিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস গত ১৭ মে, ২০২৫ তারিখে এমআরএর নতুন ভবন উদ্বোধন করার সময় বলেন, ক্ষুদ্রঋণ ব্যবস্থাই (মাইক্রোক্রেডিট) ব্যাংকিংয়ের ভবিষ্যৎ এবং এজন্য পৃথক আইন প্রণয়নের আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘এনজিও ভাবনা থেকে বেরিয়ে মাইক্রোক্রেডিটকে ব্যাংকিংয়ের ধারণায় গ্রহণ করতে হবে ব্যাংকগুলোকে। এ ধারণা গ্রহণ করেই সেবা দিতে হবে’। এসব ধারণা থেকেই গঠিত হতে যাচ্ছে ব্যাংকটি। আমি ব্যক্তিগতভাবে দুটি জায়গাতেই মাঠ পর্যায়ে কাজ করার সামান্য অভিজ্ঞতা অর্জন করেছি। আমার কর্মজীবন শুরু হয় এনজিও দিয়ে। বাস্তবতার আলোকে ক্ষুদ্রঋণ ব্যাংকটি গঠন কেন গুরুত্বপূর্ণ এবং এর চ্যালেঞ্জ কি হতে পারে তা নিয়ে সামান্য বিষয় তুলে ধরার চেষ্টা করছি।

দেশে এখন ক্ষুদ্রঋণ দেয় এনজিওগুলো। এমআরএর তথ্য অনুযায়ী, দেশে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সংখ্যা ৬৮৩। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া সদস্য ৩ কোটি ২৩ লাখ, যাদের মধ্যে প্রায় ৯১ শতাংশ নারী। প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ২ লাখ ৬৪ হাজার কোটি টাকা ঋণ পেয়েছেন সদস্যরা। সদস্যদের সঞ্চয় স্থিতি আছে প্রায় ৬৭ হাজার কোটি টাকা। আর ঋণস্থিতি (যা বর্তমানে আছে) ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা। আবার এসএমই খাতের মাধ্যমে প্রায় ৮০-৮৫ শতাংশ মানুষের কর্মসংস্থান হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব বলছে, ৭৮ লাখ সিএমএসএমই উদ্যোক্তার মধ্যে ১ লাখ ৭ হাজার ৬৩৪ কোটি টাকা ঋণ পেয়েছেন মাত্র ছয় লাখ ৭৯ হাজার ৫২৪ জন উদ্যোক্ত।

দেশে বিশাল একটি অংশ হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প। যদি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সঠিকভাবে অর্থায়নের মাধ্যমে গড়ে তোলা যায় বা স্বাবলম্বী করা যায় তাহলে দেশের বেকারত্বের সংখ্যা অনেক কমে যাবে। দেশের অর্থনীতিও স্বাবলম্বী হিসেবে গড়ে উঠবে। এসব ব্যবসায়ীরা ক্ষুদ্রঋণের মাধ্যমে ক্ষুদ্রঋণ নিয়ে নিজেদের চাহিদা পরিপূর্ণভাবে মেটাতে পারে না, আবার ব্যাংক থেকেও সহজে ঋণ নিতে পারে না। ফলে একটু বেশি পরিমাণ ঋণের জন্য, এই ব্যাংক দেবতার আশীর্বাদ হিসেবে গণ্য হবে। যেখানে সহজ শর্তে জামানতবিহীন ঋণ পাবে। যদিও এসব ব্যবসায়ী ঋণের সুদকে প্রাধান্য না দিয়ে ঋণ প্রাপ্তিকে প্রাধান্য দেন। যেমনটা অর্থনীতিবিদ আকবর আলী খান তার বিখ্যাত গ্রন্থ ‘আজব ও জবর-আজব অর্থনীতি’ গ্রন্থে উল্লেখ করেন ‘দরিদ্র মানুষ সুদের হার নিয়ে তত চিন্তিত নয়, যত উদ্বিগ্ন তারা ঋণপ্রাপ্তি নিয়ে। চড়া সুদ দিতে হলেও তাদের ঋণ প্রয়োজন। যদি গরিব লোকেরা প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ না পায়, তাহলে তাদের মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে হয়’। সুতরাং ব্যাংকের প্রয়োজনীয়তা অপরিসীম এটা সহজেই অনুমেয়।

ব্যাংকটি গঠনে বেশ কিছু চ্যালেঞ্জ নিতে হবে, তন্মধ্যে খসড়ায় বলা হয়েছে, এমআরএর আওতায় একটি আলাদা বিভাগ বা দপ্তর প্রতিষ্ঠা করে এ ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে। নতুন বিভাগটি পরিচালিত হবে একজন প্রধান নির্বাহীর মাধ্যমে। আবার বিদ্যমান ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশে ব্যাংক ব্যবসায়ে নিয়োজিত কোম্পানিগুলোই তাদের নামের অংশ হিসেবে ‘ব্যাংক’ শব্দ ব্যবহার করতে পারবে। অন্যরা নয়। ব্যাংকাররা অবশ্য বলছেন, ‘ব্যাংক’ শব্দ ব্যবহার করলেই বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আছে।

নতুন এই ব্যাংকটি গঠনে আরও একটি চ্যালেঞ্জ হবে মূলধন ফান্ডিংয়ে। এনজিওগুলো অর্থায়নের জন্য পিকেএসএফ, এমআরএ এবং বিদেশি ফান্ডিং এর অন্যতম উৎস। আবার বাণিজ্যিক ব্যাংকগুলোর শেয়ার মার্কেট এবং গ্রাহকদের মধ্য থেকে বিশাল অর্থের যোগান দিয়ে থাকে। ক্ষুদ্রঋণ ব্যাংকের ক্ষেত্রে এটি একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। এই ব্যাংকটি সমাজের যে শ্রেণিটাকে নিয়ে কাজ করবে, তারা নিজেরাই অর্থনৈতিকভাবে সংকটে রয়েছে। সুতরাং এটি একটি ভাববার বিষয়।

আরও একটি চ্যালেঞ্জ হলো, আমি ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম অর্থাৎ দেশের বড় বড় শহরগুলোতে ভাসমান লোকের সংখ্যা অনেক বেশি। এই ভাসমান লোকগুলো ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিশাল একটি অংশ মাঝারি ব্যবসায়ী রয়েছে। তাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে সহজ শর্তে এবং জামানতবিহীন ঋণগুলো কতটুকু আদায়যোগ্য হবে, সেটি ভাবনার বিষয়। আমি দেখেছি ঢাকা এবং গাজীপুরে ঋণ নিয়ে শুধু একটি গলি চেঞ্জ করলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই ভাববার। ব্যাংকগুলো ঋণ আদায়ের জন্য বেশ কিছু বিষয় এবং আইন সহায়ক হিসেবে কাজ করে। যেমন সিআইবি রিপোর্ট, এনআই এ্যাক্ট, অর্থ ঋণ, ব্যাংক কোম্পানি আইন এবং জামানত। তাই এই বিষয়গুলো প্রাতষ্ঠার পূর্বেই বিবেচনায় নিতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করতে হবে। নতুবা শুরুতেই ধসে পড়ার আশঙ্কা রয়েছে ব্যাংকের। যদিও এই ভঙ্গুর অর্থনীতিতে ব্যাংক গঠন করা একটি চ্যালেঞ্জের বিষয়। শত চ্যালেঞ্জের মধ্যেও ব্যাংকটি গঠনের প্রয়োজনীয়তা রয়েছে, এটি নিঃসন্দেহে বলাই যায়। লেখক: ব্যাংকার ও কলামিস্ট। aktarrofikul@gmail.com