এটা এখন স্পষ্ট– গাজায় যুদ্ধবিরতি কেবল আক্রমণের তীব্রতা একটু কমিয়েছে। এ অঞ্চলে প্রায় প্রতিদিন আক্রমণ চলছে। অক্টোবরের শেষের দিকে এক দিনে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১৯ নভেম্বর নিহত হন ৩২ জন; ২৩ নভেম্বর ২১ জন। যুদ্ধবিরতির পর থেকে ৩০০ জনেরও বেশি নিহতের ঘটনা ঘটেছে এবং প্রায় এক হাজার আহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়বে। আসল পরিবর্তন হলো যুদ্ধবিরতি ঘোষণার ফলে বিশ্বের মনোযোগ ও পর্যবেক্ষণের মাত্রা হ্রাস পেয়েছে। ইতোমধ্যে ইসরায়েলের নীলনকশা আরও স্পষ্ট হয়ে উঠেছে। এখন কেবল গাজা নয়, ফিলিস্তিন এবং বৃহত্তর অঞ্চলে রক্তাক্ত আধিপত্য দেখা দিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড যুদ্ধবিরতি-পরবর্তী সময়কে এভাবে বর্ণনা করেছেন, ‘একটি বিপজ্জনক ভ্রম হলো গাজায় জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে মনে করা।’ ইসরায়েলি কর্তৃপক্ষ আক্রমণ কমিয়েছে এবং গাজায় কিছু সাহায্যের অনুমতি দিয়েছে বটে। তিনি বলেন, ‘বিশ্বের বোকা বনে যাওয়া উচিত নয়। ইসরায়েলি গণহত্যার এখনও সমাপ্তি ঘটেনি।’ গাজার একটিও হাসপাতাল পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। বৃষ্টিপাত এবং শীতল আবহাওয়া শুরু হওয়ার ফলে হাজার হাজার মানুষ জীর্ণ তাঁবুতে আটকা পড়েছেন। ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে সংগৃহীত প্রায় ছয় হাজার ৫০০ টন ত্রাণসামগ্রী ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় প্রবেশ করতে দেয়নি। অক্সফামের মতে, যুদ্ধবিরতির পর দুই সপ্তাহেই ১৭টি আন্তর্জাতিক এনজিওর কাছ থেকে পানি, খাবার, তাঁবু এবং চিকিৎসা সরবরাহের চালান আটকে দেওয়া হয়েছে। ফলে যে জনগোষ্ঠীর ঘরবাড়ি, জীবিকা ও স্থিতিশীল আশ্রয়স্থল ইতোমধ্যে বিলুপ্ত হয়েছে, তাদের নিরাপদ তাঁবু বা পর্যাপ্ত খাবার নিশ্চিত করার সুযোগ নেই। ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার মানুষকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতে আটকে রেখেছে, যা স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে বাধা। আর ইসরায়েলকে একমাত্র জবাবদিহিহীন প্রভু হিসেবে প্রতিষ্ঠিত করছে, যারা ওই ভূখণ্ডের জনগণের ওপর সীমাহীন ক্ষমতার চর্চা করে।
গাজা এখন ইসরায়েলি সাম্রাজ্যবাদ বিস্তারের চরম সীমায়, যা পশ্চিম তীর এবং তার বাইরেও বিস্তৃত। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরের অধিকৃত অঞ্চলে দমনপীড়ন তীব্র হতে থাকে, যা এখন পূর্ণ সামরিক অবরোধে রূপ নিয়েছে। এ বছর হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ এ ব্যাপারে বলেছে, ‘যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং জাতিগত নির্মূল... যার তদন্ত এবং বিচার করা উচিত।’ গত সপ্তাহে জেনিনে দুই ফিলিস্তিনি পুরুষকে ইসরায়েলি সৈন্যরা আত্মসমর্পণ করার পর তাদের মৃত্যুদণ্ড দেওয়ার ছবি প্রকাশ পেয়েছে। অতি-ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির বলেছেন, হত্যাকাণ্ডে জড়িত বাহিনীগুলোকে ‘পূর্ণ সমর্থন’ দেওয়া হয়েছে। ‘তারা তাদের কাছ থেকে প্রত্যাশিত কাজটি করছে– সন্ত্রাসীদের অবশ্যই মরতে হবে।’
তবুও আক্রমণ, হত্যা এবং ভূমি দখলের জন্য ইসরায়েলের ক্ষমতার বিস্তৃতি ঘটেই চলেছে। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরিয়ায় স্থল আক্রমণ শুরু করে, যার মধ্যে ১৩ জন সিরীয় নাগরিক নিহত হয়, যাদের মধ্যে শিশুও ছিল। ইসরায়েলি সেনাবাহিনী অভিযানে যে গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার দাবি করেছিল, তার তথ্য দিতে অস্বীকৃতি জানায়। তারা কেবল সিরিয়ার ভূখণ্ডে প্রবেশাধিকারই বহাল রেখেছিল, যেমনটি তারা দুই দেশের মধ্যবর্তী বাফার জোন এবং দক্ষিণ সিরিয়ার অন্যান্য অংশে আক্রমণ ও দখল করার পর থেকে বেশ কয়েকবার করেছে। যেহেতু তারা তা করেছে, তাই হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি অঞ্চলে ঔপনিবেশিক নীতি প্রয়োগের অভিযোগ তুলেছে। যেমন– জোরপূর্বক বাস্তুচ্যুতি, বাড়িঘর দখল, ধ্বংস, জীবিকা নির্বাহ এবং সিরিয়ার বন্দিদের অবৈধভাবে ইসরায়েলে স্থানান্তর। ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য সেখানে তার উপস্থিতি বজায় রাখতে চায়।
লেবাননে গত বছরের যুদ্ধের পর এখনও ৬৪ হাজার মানুষ ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত এবং সেখানে ইসরায়েলি আক্রমণ তীব্রতর হচ্ছে। গত নভেম্বরে শান্তিচুক্তির আলোচনা সত্ত্বেও ইসরায়েল লেবাননে প্রায় প্রতিদিন বোমা হামলা চালিয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। তারা এখনও পাঁচটি সুবিধাজনক স্থান দখলে রেখে সেসব এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে, যেসব এলাকাকে তারা হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত বলে দাবি করে। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মতে, ইসরায়েল ১০ হাজারেরও বেশি বিমান ও স্থল যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী, যার সময় শত শত মানুষ নিহত হয়েছে। এই সংঘর্ষে বেসামরিক নাগরিকদের আবারও তাদের ভূমি থেকে বিতাড়িত করা হয়েছে। এখানে তারা ইসরায়েলি সামরিক আক্রমণের ঝুঁকিতে রয়েছে এবং তারা মূলত ইসরায়েলি এক ধরনের অতি-সার্বভৌমত্বের শিকার হচ্ছে। নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ‘লেবাননের পরিস্থিতি একটি নতুন মধ্যপ্রাচ্যের আকর্ষণীয় উদাহরণ, যেখানে ইসরায়েলের নাগাল প্রায় সর্বব্যাপী।’
এটা কোন ধরনের যুদ্ধবিরতি? এটা কোন ধরনের স্থিতাবস্থা? এটা একটা অস্থির ও অস্থিতিশীল পরিস্থিতি। এ পরিস্থিতিতে কোনো যুক্তিসংগত ব্যক্তি ফিলিস্তিন বা বৃহত্তর মধ্যপ্রাচ্যে কোনো ধরনের শান্তি বাস্তবায়িত হওয়ার আশা করতে পারে না। দালাল, অংশীদার ও কূটনীতিকরা পর্যায়ক্রমে যুদ্ধবিরতি ও পুনর্গঠন পরিকল্পনার ভাষা পুনরাবৃত্তি করতে পারেন। কিন্তু বাস্তবতা হলো, এগুলো এমন একটি ভবিষ্যতের পরিকল্পনা, যা কখনোই ঘটবে না, যদি ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে অবৈধ কর্মকাণ্ডের অবসান না হয়, যার ওপর তার কোনো আইনি অধিকার নেই। জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে– এই বিপজ্জনক ভ্রান্ত ধারণা কেবল গাজাতেই নয়; ফিলিস্তিন এবং বৃহত্তর অঞ্চলে প্রযোজ্য। এটি শিগগিরই ভেঙে পড়বে।
নাসরিন মালিক: গার্ডিয়ানের কলাম লেখক; দ্য গার্ডিয়ান থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
