গত কয়েক দিতের লাগাতার আগুনে যেন পুরো দেশ পুড়ছে। আর আগুন লাগলেই আমাদের পুরো দেশ জেগে ওঠে, দায়িত্বে থাকা সকল পর্যায়ের নাগরিকের খেয়াল হয় আমারা আসলে সংকটের মধ্যে আছি। টেলিভিশনের পর্দায় ঝলসে ওঠে ধোঁয়ার কুণ্ডলী, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অসহায় মানুষের আর্তনাদ। তারপর শুরু হয় দায় এড়ানোর পালা। কেউ বলে বৈদ্যুতিক শর্ট সার্কিট, কেউ বলে সিলিন্ডার বিস্ফোরণ। প্রশাসন আশ্বাস দেয় তদন্ত কমিটির। কিন্তু সেই রিপোর্টগুলোর ভাগ্য আজও ধোঁয়াশায়। বাংলাদেশে এখন অগ্নিকাণ্ড যেন ঘটনা নয়, অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিটি ট্র্যাজেডির পরও আমাদের সিস্টেম একই থাকে, শুধু মুখ বদলায়।\r\nরাজধানী ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। ঢাকা শহর ছাড়াও অন্যান্য বিভাগীয় শহরের নগরের ভবন নির্মাণের একই চিত্র লক্ষ্য করা যায়।

নগরে ভবন নির্মাণের সময় অগ্নিনিরাপত্তা বিধি কতটা মানা হয়? ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই হাজারো দালান তৈরি হয়, যেখানে নেই জরুরি নির্গমনপথ বা ফায়ার হাইড্রেন্ট। বিনিয়োগকারীরা মুনাফার চিন্তায় নিরাপত্তা বাদ দেন, আর প্রশাসন থাকে রাজনৈতিক প্রভাবে নীরব। আর আগুন লাগলেই যেন শুরু হয় দায় এড়ানোর রাজনীতি। এক পক্ষ বলে, আমাদের এখতিয়ার নয়, অন্য পক্ষ তদন্ত কমিটি গঠন করে সংবাদমাধ্যমের জন্য স্টেটমেন্ট দেয়। কিন্তু বাস্তবে কোনো দোষীকে বিচারের মুখোমুখি হতে দেখা যায় না। তদন্ত রিপোর্টগুলো আলমারির গোপন ড্রয়ারে হারিয়ে যায়। আর নতুন ট্র্যাজেডি শুধু সময়ের অপেক্ষা করে।\r\nঅগ্নিকাণ্ডের বড় একটি কারণ হলো আমাদের অর্থনৈতিক লালসা ও তদারকির অভাব।

বাণিজ্যিক ভবন কিংবা আবাসিক দালান নির্মাণে বেশির ভাগ মালিকই আগুনের ঝুঁকি বিবেচনা করেন না। তাদের কাছে নিরাপত্তা ব্যবস্থা মানে খরচ বাড়ানো যা লাভের পরিমাণ কমিয়ে দেয়। তাই তারা আইন পাস কাটিয়ে যায়। আর অনেক সময় রাজনৈতিক পরিচয়ের জোরে সব অনুমোদনও পেয়ে যায়। আগুনের চেয়ে ভয়ংকর হলো এই অবৈধ স্বার্থচক্রের আগুন, যা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। যে ব্যবসায়ী বেআইনি দালান গড়ে, যে কর্মকর্তা চোখ বন্ধ করে সই দেন, কিংবা যে রাজনীতিক প্রভাব খাটান, সবাই সেই অগ্নিবৃত্তের অংশ।\r\nবাংলাদেশে অগ্নিনিরাপত্তা আইন থাকলেও সেই আইনের কোন প্রয়োগ দেখা যায় না বললেই চলে। অগ্নিনিরাপত্তা বিষয়ে একাধিক আইন বিধিমালা ও নীতিমালা আছে। প্রশ্ন হলো, সেগুলো কতটা প্রয়োগ হচ্ছে? ফায়ার সার্ভিস বারবার সতর্কবার্তা দেয়, তালিকা প্রকাশ করে, তবুও কেউ শোনে না।তদন্ত রিপোর্টে দোষীদের নাম থাকে, কিন্তু বিচার হয় না। দোষীদের অনেকেই ক্ষমতাশালী নামের ঢাল ব্যবহার করে পার পেয়ে যায়। এ অব্যবস্থা আমাদের নাগরিক কাঠামোকে দুর্বল করে তুলেছে। আইন যদি কাগজে থাকে, বাস্তবে না থাকে তাহলে অগ্নিকাণ্ড শুধু একটি দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় উদাসীনতার প্রমাণ।\r\nআমরা সবাই জানি ভবনে আগুন লাগলে করণীয় কী কিন্তু কজন নিয়মিত ফায়ার ড্রিল করি? বাড়ি বা অফিসে কয়জন অগ্নিনির্বাপক যন্ত্র পরীক্ষা করি? আমাদের নাগরিক সংস্কৃতি এমনভাবে গড়ে উঠেছে যেখানে ঘটনা ঘটলে ভাববো মানসিকতা কাজ করে। এই উদাসীনতা রাষ্ট্রের ব্যর্থতার পাশাপাশি সামাজিক বিপর্যয়ও তৈরি করছে। প্রত্যেকে যদি নিজের জায়গায় সামান্য দায়িত্ববান হতো, হয়তো এই আগুন অনেকটাই রোধ করা যেত।