যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিপরীতে ইরানের প্রতিক্রিয়া আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অন্যতম নাটকীয় মোড় পরিবর্তন। তবে ট্রাম্পের ব্যর্থ যুদ্ধ একা এই ফল বয়ে আনেনি। এর পেছনে মূল কারণ ছিল মার্কিন সমাজে বিরাজমান নানা সংকট ও অসন্তোষ, যা সাধারণ মানুষকে বিক্ষুব্ধ ও আতঙ্কিত করে তোলে। শেষ পর্যন্ত তারা ট্রাম্পের রিপাবলিকান দলকে প্রত্যাখ্যান করে ডেমোক্র্যাটদের সমর্থন জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ভেবেছিলেন, ইরানের ওপর চাপানো যুদ্ধ দেশটির কোমর ভেঙে দেবে এবং আমেরিকা ও ইসরায়েলের একটি অনুগত রাষ্ট্রে পরিণত করবে। কিন্তু ইরান শুধু টিকেই থাকেনি; যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আরব ভূখণ্ডেও পাল্টা আক্রমণ চালায় এবং যুদ্ধের অর্থনৈতিক আঘাত আমেরিকার প্রতিটি ঘরে পৌঁছে দেয়। এই যুদ্ধ ওয়াশিংটনকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। এটি প্রমাণ করে– ট্রাম্পের আচরণ ও নির্বাচনী প্রতিশ্রুতির মতোই আমেরিকার সামরিক সক্ষমতা এলোমেলো এবং কার্যকারিতার দিক থেকে নিতান্তই দুর্বল।

ইরানের এই যুদ্ধ এমন সব ধারাবাহিক পরিণতির জন্ম দেয়, যা প্রত্যেক আমেরিকানকে ক্ষতিগ্রস্ত করছে। এটি ক্ষেত্রবিশেষ উন্মোচন করে দেয়– গণতন্ত্র, সমতা ও আইনের শাসনের মতো জাতীয় মূল্যবোধ এবং বিশ্বজোড়া আধিপত্যের দাবিগুলো নিছক অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়। সাধারণ আমেরিকানদের ওপর ইরান সবচেয়ে বড় প্রভাবটি ফেলেছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত করার মাধ্যমে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, গ্যাসোলিন, ডিজেল, যাতায়াত খরচ, বেশির ভাগ আমদানি পণ্য ও অন্যান্য দৈনন্দিন পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। প্রায় ৯০ শতাংশ ভোটার জানান, জীবনযাত্রার ব্যয় তাদের ভোটদানের ক্ষেত্রে একটি প্রধান বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল।

রাজনৈতিক নেতা, অবকাঠামো, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিগুলোতে মাসের পর মাস নৃশংস হামলা চালিয়েও ইরানকে নতজানু করতে না পারার অক্ষমতা এই সংকট আরও তীব্র করে তোলে। উল্টো ইরানের পাল্টা হামলায় আরব উপদ্বীপ ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো অকার্যকর হয়ে পড়ে। পাশাপাশি আরব দেশগুলোর জ্বালানি ও পরিবহন ব্যবস্থায় ব্যাপক ক্ষতি সাধিত হয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহকে ব্যাহত করে এবং জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহ পরই সমীকরণ স্পষ্ট হয়ে ওঠে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যতটুকু কষ্ট বয়ে এনেছে, আমেরিকার প্রতিটি পরিবার এবং এই হামলায় সহায়তাকারী অন্য দেশগুলোকে ঠিক ততটুকুই খেসারত দিতে হয়েছে।

একই সঙ্গে ইরান মার্কিন সামরিকবাদের ভয়াবহ ত্রুটিগুলো উন্মোচন করে দেয়, যা সাধারণ আমেরিকানদের বিভ্রান্ত ও হতাশ করে এবং তাদের মধ্যে বিভিন্নভাবে অপমানবোধও জাগিয়ে তোলে। যেমন ট্রাম্প ইরানের ওপর হামলার বিষয়ে জনগণের বারবার প্রকাশ্য বিরোধিতা এবং যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে কংগ্রেসের সাংবিধানিক অনুমোদনের তোয়াক্কা করেননি। সিবিএসের বুথফেরত সমীক্ষায় নিশ্চিত করা হয় যে, ভোটাররা এই যুদ্ধকে এর উদ্দেশ্যহীন সামরিকবাদ এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাবের কারণেই বিরোধিতা করেছিলেন। ট্রাম্প প্রশাসনের আইন ও সাধারণ মানুষের মতামতের প্রতি এই অবজ্ঞা এমন অনেক ভোটারকে ক্ষুব্ধ করে, যারা ট্রাম্পের চেয়ে নিজেদের সাংবিধানিক অধিকারকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। ২০২৪ সালে ট্রাম্প অকারণে চলা বিদেশি যুদ্ধগুলো বন্ধ করার যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, অনেক ভোটার তা বুঝতে পেরে রিপাবলিকানদের প্রত্যাখ্যান করেন।

এই নির্বাচন ভোটারদের পারিবারিক, অর্থনৈতিক উদ্বেগের সঙ্গে জাতীয় নৈতিকতা ও পররাষ্ট্রনীতির প্রশ্নগুলোকে এক সুতোয় গেঁথে দিয়েছে। সমানভাবে উল্লেখযোগ্য হলো, ভোটদানের পরদিনই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক মাধ্যমে লিখেছেন: ‘আমরা হেরে যাওয়ার কারণ হলো এই যুদ্ধ।’ তিনি যেসব ভোটার রিপাবলিকানদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তাদের প্রধান চারটি দাবির কথা উল্লেখ করেন– ‘যুদ্ধ বন্ধ করুন’, ‘জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির ওপর মনোযোগ দিন’, ‘আমেরিকাকে সবার আগে রাখুন’ এবং ‘ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্কের রূপান্তর ঘটান’। এর চেয়েও বেশি চাঞ্চল্যকর ছিল নির্বাচনের দিনেই প্রেসিডেন্ট ট্রাম্পের ইসরায়েলে প্রায় চার বিলিয়ন ডলারের সামরিক সাহায্য বন্ধ করার শেষ মুহূর্তের প্রতিশ্রুতি। ভোটারদের প্রতারিত করার উদ্দেশ্যে এটি ছিল ট্রাম্পের আরেকটি ভুয়া চাল মাত্র। কারণ এই অর্থপ্রবাহ বন্ধ না হয়ে কেবল অন্য কোনো খাতে পরিচালিত হতো। এটি আরও একবার স্পষ্ট করে দিল যে, ইসরায়েল-ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এবং এই গণহত্যামূলক কর্মকাণ্ডে মার্কিন প্রশাসনের জড়িত থাকা ভোটারদের মনে কতটা গভীর প্রভাব ফেলেছিল।

রামি জি খোউরি: আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের ডিস্টিংগুইশড পাবলিক পলিসি ফেলো; আলজাজিরা থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম