রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান মাধ্যম হলো করব্যবস্থা। নাগরিকের প্রদত্ত করের ওপর ভর করেই শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তার মতো মৌলিক সেবাগুলো নিশ্চিত করা হয়। অথচ বাংলাদেশের করব্যবস্থা আজও কাক্সিক্ষত স্বচ্ছতা, ন্যায্যতা ও কার্যকারিতা অর্জন করতে পারেনি। অর্থনীতির আকার বেড়েছে, বাজেটের পরিধি বিস্তৃত হয়েছে, কিন্তু কর আদায়ের সক্ষমতা সে অনুপাতে বাড়েনি। বাংলাদেশে কর-জিডিপি অনুপাত দীর্ঘদিন ধরেই ৯ থেকে ১০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কম। এর অর্থ হলো-রাষ্ট্রের ব্যয় নির্বাহে সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ওপর অতিমাত্রায় নির্ভর করতে হচ্ছে। এই ঋণনির্ভরতা ভবিষ্যৎ প্রজন্মের ওপর বোঝা চাপিয়ে দিচ্ছে এবং অর্থনৈতিক ঝুঁকি বাড়াচ্ছে।

\r\nসম্প্রতি কর কাঠামোর প্রয়োজনীয় পুনর্বিন্যাস বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ সংবলিত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি। উন্নয়নের জন্য করনীতি: কর ব্যবস্থার পুনর্গঠনে সংস্কারমূলক কর্মপরিকল্পনা শীর্ষক প্রতিবেদনে মোট ৫৫টি নীতিগত বিষয় চিহ্নিত করে সেগুলোর জন্য সুপারিশ দেওয়া হয়েছে। অগ্রাধিকারভিত্তিতে ২০৩০ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশ থেকে ১২ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ১৫ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নীত করার রূপরেখা প্রস্তাব করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের হাতে সময় খুবই কম। আমরা এসব নীতির বাস্তবায়নের পথচলা শুরু করতে চাই।\r\nকরব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হলো করজালের সীমাবদ্ধতা।

দেশের বিপুল জনগোষ্ঠী ও অর্থনৈতিক কর্মকাণ্ডের তুলনায় করদাতার সংখ্যা অত্যন্ত কম। শহুরে মধ্যবিত্ত ও সীমিত কিছু পেশাজীবীর ওপর করের ভার চাপানো হলেও বড় ব্যবসায়ী, কালো টাকার মালিক এবং প্রভাবশালী শ্রেণির একটি অংশ কার্যত করের বাইরে থেকে যাচ্ছে। এতে করব্যবস্থার ন্যায্যতা হচ্ছে প্রশ্নবিদ্ধ এবং কর দেওয়ার প্রতি সাধারণ মানুষের বাড়ছে অনীহা।\r\nআরেকটি বড় সমস্যা হলো কর ফাঁকি ও দুর্নীতি। কর নির্ধারণ থেকে শুরু করে আদায় পর্যন্ত প্রতিটি ধাপে জটিলতা ও স্বচ্ছতার অভাব রয়েছে। অনেক ক্ষেত্রে করদাতা হয়রানির শিকার হন, আবার কোথাও কোথাও ঘুষের বিনিময়ে কর কমিয়ে দেওয়ার অভিযোগও শোনা যায়। ফলে সৎ করদাতা নিরুৎসাহিত হন, আর অসাধুরা আরও উৎসাহ পায়। পরোক্ষ করের ওপর অতিনির্ভরতাও একটি গুরুতর সমস্যা। ভ্যাট ও শুল্কের মতো পরোক্ষ করের ভার শেষ পর্যন্ত গিয়ে পড়ে সাধারণ ভোক্তার ওপর, যা মূল্যস্ফীতি বাড়ায় এবং নিম্ন ও মধ্যবিত্তের জীবনযাত্রাকে করে তোলে কঠিন। সরাসরি আয়কর ব্যবস্থা শক্তিশালী না করে পরোক্ষ কর বাড়ানো সামাজিক বৈষম্য আরও তীব্র করে। এই প্রেক্ষাপটে করব্যবস্থার মৌলিক সংস্কার অনিবার্য। প্রথমত, করজাল সম্প্রসারণ করতে হবে। ডিজিটাল লেনদেন, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকিং তথ্যের সমন্বয়ের মাধ্যমে সম্ভাব্য করদাতাদের চিহ্নিত করা জরুরি। দ্বিতীয়ত, করহার যুক্তিসঙ্গত ও সহজবোধ্য করতে হবে, যাতে মানুষ স্বেচ্ছায় কর দিতে আগ্রহী হয়। তৃতীয়ত, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও আধুনিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।