নির্বাচনী তপশিল ঘোষণার পর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এ ক্ষেত্রে আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে। এর পরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। অনানুষ্ঠানিক প্রচারণা চলছে না, তা অবশ্য নয়। তপশিল ঘোষণার আগেও সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন কার্যক্রম চালিয়েছেন। প্রার্থী মনোনয়নে এগিয়ে থাকা রাজনৈতিক দল এ ক্ষেত্রে বাড়তি সুবিধা পেয়েছে। তবে তপশিল ঘোষণার পর আচরণবিধি মেনে চলার চাপ রয়েছে সম্ভাব্য প্রার্থী ও দলগুলোর ওপর। নির্বাচনী আচরণবিধিতে কিছু পরিবর্তনও আনা হয়েছে।

বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান যাচ্ছেন উত্তরবঙ্গে। দীর্ঘদিন পর দেশে ফিরে ঢাকার বাইরে তাঁর প্রথম এ সফরকে ‘ব্যক্তিগত ও সামাজিক’ আখ্যা দেওয়া হচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়, এমন কর্মকাণ্ড থেকে দলীয় কর্মী-সমর্থককে বিরত থাকতেও বলা হয়েছে। আশ্বস্ত করা হয়েছে নির্বাচন কমিশনকেও (ইসি)। এটি ঠিক, তারেক রহমানের সফরে থাকা ‘অরাজনৈতিক’ কর্মসূচিতেও দলীয় লোকজন সক্রিয়ভাবে অংশ নেবেন। এ মুহূর্তে কোনো কর্মসূচি ‘অরাজনৈতিক’ থাকার সুযোগ নেই।

বিগত তিনটি অগ্রহণযোগ্য নির্বাচনের পর আসছে নির্বাচনটি অতি গুরুত্বপূর্ণ। তা ছাড়া এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নজিরবিহীন গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শাসনামলে। নির্বাচন কমিশনেও এসেছে নতুন নেতৃত্ব। তাদের ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। ইসির ক্ষমতা অতীতেও কম ছিল না; ঘাটতি ছিল রাজনৈতিক সদিচ্ছায়। এবার সেটি থাকবে না বলেই আশা। এ দেশে নির্বাচনকালে সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। প্রশাসনের পরিপূর্ণ সহায়তা ছাড়া ইসির পক্ষে গ্রহণযোগ্য নির্বাচন করা প্রায় অসম্ভব। তবে দলনিরপেক্ষ সরকার ক্ষমতায় থাকলে এ বিষয়ে শঙ্কা থাকে কম। অন্তর্বর্তী সরকারের ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ নিয়ে কিন্তু দায়িত্ব গ্রহণের কয়েক মাস পর থেকেই বিতর্ক ওঠে। প্রশ্ন ওঠে উপদেষ্টা পরিষদের একাংশের ভূমিকা নিয়েও। জাতীয় নির্বাচনের সময়সীমা সুনির্দিষ্ট করতে দেরি বিতর্ক দানা বাঁধতে সহায়ক হয়েছে। রাষ্ট্র সংস্কারের নামে সরকার অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিতে চাইছে বলে কথা ওঠে। এর পর দীর্ঘকালীন সংস্কার আলোচনা নিয়েও জটিলতা সৃষ্টি হয়। অন্যান্য ইস্যুতেও নির্বাচন নিয়ে বাড়ে অনাস্থা। ঘটতে থাকে আইনশৃঙ্খলার অবনতি। এরই মধ্যে এক পর্যায়ে স্থির হয় ফেব্রুয়ারিতে; রোজার আগেই হবে নির্বাচন। রাষ্ট্র সংস্কার প্রশ্নে গণভোটও একসঙ্গে হবে বলে সাব্যস্ত হয়।

নির্বাচন সামনে রেখে সামগ্রিক পরিস্থিতি অবশ্য স্বস্তিপূর্ণ নয়। তপশিল ঘোষণার পরদিনই রাজধানীতে দিনদুপুরে গুলিবিদ্ধ হন জুলাইযোদ্ধা ওসমান হাদি। বিদেশে নিয়েও তাঁকে বাঁচানো যায়নি। তাঁর মৃত্যুকে ইস্যু করে একটি মহল দুটি মিডিয়া প্রতিষ্ঠানে চালায় নজিরবিহীন হামলা। এ সময়ে সরকারের ভূমিকায় হতাশা বেড়েছে আরও। এ ধরনের নৈরাজ্য মোকাবিলায় নির্লিপ্ত সরকার কীভাবে নির্বাচন সুসম্পন্ন করবে– সে প্রশ্ন তীব্র হয়ে উঠেছে।

নিবন্ধটি লেখার আগের রাতে রাজধানীর কেন্দ্রস্থলে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা প্রকাশ্যে খুন হয়েছেন। নতুন বছরের শুরু থেকে বেড়েছে এ ধরনের খুন। সামাজিক অপরাধও ক্রমবর্ধমান। একে তো পুলিশ মনোবলহীন; তার ওপর দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টির চেষ্টাও অব্যাহত। সরকারের দিক থেকেও পুলিশের প্রতি দিকনির্দেশনার অভাব। যারাই অপরাধে জড়াক, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তো সরকারের। এতে সাফল্য দেখাতে না পারায় আসছে নির্বাচন নিয়েও শঙ্কা কাটছে না।

দলনিরপেক্ষ সরকারের অধীনে এই প্রথম নির্বাচন হতে যাচ্ছে, তা নয়। গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি গুণগতভাবে ভিন্ন, সেটিও ঠিক। নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সরকার বেশি সময় পায়নি– এমনটা বলারও সুযোগ নেই। সরকার সে লক্ষ্যে শুরু থেকে কাজ করেছে বলে মনে হয় না। একটা গ্রহণযোগ্য নির্বাচন করেই যে বিদায় নিতে হবে– এ উপলব্ধির পরিচয় পাওয়া যায়নি তাদের কার্যক্রমে। রাষ্ট্র সংস্কারেই সরকারের মনোযোগ বেশি ছিল বলে মনে হয়েছে। এতে কোনো সাফল্য নেই, তা অবশ্য নয়। তবে এ ক্ষেত্রে অনেক বেশি কালক্ষেপণের অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না। জরুরি সংস্কার সেরে দ্রুত নির্বাচনে গিয়ে গণতন্ত্রে উত্তরণে সহায়তাই সরকারের প্রধান করণীয় হওয়া উচিত ছিল। সে লক্ষ্যে পুলিশ ও ইসিকে প্রস্তুত করাটা ছিল সবচেয়ে জরুরি। পুলিশ যে অপ্রস্তুত– সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে। ইসিও তার কাজে আস্থা জোগাতে পারছে বলে মনে হয় না।

সরকার বলেই যাচ্ছে, ‘ইতিহাসের সেরা নির্বাচন’ হবে এবার। এদিকে তপশিল ঘোষণার পরও পরিস্থিতি অস্থিতিশীল। দলনিরপেক্ষ কোনো সরকারের আমলে তপশিল ঘোষণার পরও নির্বাচন ঘিরে এত শঙ্কা ছিল বলে মনে হয় না। প্রত্যাশিত পরিস্থিতি অর্জনের লক্ষ্যে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় পর্যায় চলছে। কিন্তু ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বলার মতো অগ্রগতি নেই। গণঅভ্যুত্থানে জেল ভেঙে পলাতক বিপুলসংখ্যক লোক এখনও গ্রেপ্তার হয়নি। জামিন পেয়েছে অনেক বিপজ্জনক ব্যক্তি। সীমান্ত পথেও অস্ত্র আসছে। এদিকে মাঠে থাকা রাজনৈতিক দলগুলোয় অন্তর্কলহ কম নেই। দলে দলেও ঘটেছে সম্পর্কের অবনতি। ক্ষমতাচ্যুতদের পক্ষে হুমকি রয়েছে তাদের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হতে না দেওয়ার। এসব ঘিরে বিশেষত নির্বাচনী প্রচারণা শুরুর পর পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নির্বাচনে ‘সমান সুযোগ’ মিলছে না বলে অভিযোগ করার মতো দলও কম নেই। জামায়াত ও এনসিপি থেকে অভিযোগ তোলা হয়েছে, মাঠ প্রশাসন ‘একটি দলের দিকে হেলে আছে’। খোদ ইসির বিষয়েও অভিযোগ কম নেই তাদের। স্বতন্ত্র প্রার্থীরাও বিমাতাসুলভ আচরণের অভিযোগ তুলছেন। মনোনয়নপত্র বাতিল বিষয়ে আপিল নিষ্পত্তির পর এমন অভিযোগ হয়তো কমবে। হলফনামা নিয়ে কড়াকড়ির সুযোগ এবারও মিলবে বলে মনে হয় না। ইসিকে জোর দিতে হবে সামনের দিনগুলোর কাজে। অবনতিশীল পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করে অপরাধীদের মনে ভয় ধরিয়ে দেওয়ার কাজে ইসিকেও কার্যকর ভূমিকা রাখতে হবে। তপশিল ঘোষণার পর এটা কেবল সরকারের কাজ নয়। শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে আস্থা জাগিয়ে তোলা না গেলে ভোটারের অংশগ্রহণ তো পরে; প্রার্থীরাও স্বস্তির সঙ্গে প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতার অভাব হবে বলে মনে হয় না। তবে নিরাপত্তা পরিস্থিতি না বদলালে ঘাটতি থেকে যাবে আস্থায়। তাতে নির্বাচন কোনোমতে সম্পন্ন করা গেলেও এর মান নিয়ে প্রশ্ন থেকে যাবে।

আমরা তো দায়সারা গোছের একটি নির্বাচন চাই না। সরকার ও ইসির নিষ্ক্রিয়তা কিংবা বলিষ্ঠ ভূমিকার অভাবে নির্বাচন ঘিরে অরাজক পরিস্থিতিও তৈরি হতে পারে। দেশজুড়ে যে যার মতো কেন্দ্র দখল করে ভণ্ডুল করে দিতে পারে নির্বাচন। তেমন পরিস্থিতিতে গণভোটও বানচাল হয়ে যাবে। তবে এমন কিছুই ঘটবে না– সে আস্থা জাগিয়ে তুলতে হবে দেশবাসীর মনে। বহু ভোটার এই প্রথমবার ভোট দিতে যাবে বলে অপেক্ষা করে আছে। জনগণের এ ন্যূনতম গণতান্ত্রিক অধিকার প্রয়োগে দেশ শান্তি ও অগ্রগতির দিকে যাবে, এটাই তো প্রত্যাশা।

হাসান মামুন: সাংবাদিক, কলাম লেখক