আজ ২৭ নভেম্বর। ১৯৯০ সালের এই দিনে বাংলাদেশে একটা অ-পরিস্থিতি ছিল; মানে অস্বাভাবিক পরিস্থিতি। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে চূড়ান্ত ফয়সালার শুরুয়াত। আর সেদিন থেকেই বিদ্রোহী জনতাকে দাবানোর জন্য দাগানোর সূচনা। ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর—কী যে অগ্নিগর্ভ দিনগুলো। ভুলেই যেতে বসেছি সেসব মুহূর্ত। দায়সারা স্মরণে সেরে নেওয়া বাংলাদেশের প্রথম ও সুসংগঠিত সেই গণঅভ্যুত্থানের পর্বকে। আগের যুগে ‘ভাণ্ডানুসারী স্নেহবৎ’ বলে একটা কথা আছে। অর্থাৎ তেলের পাত্র থেকে তেল বের করে নিলে তার ভেতরে যেমন সামান্য তেল লেগে থাকে, তেমনি কোনো ঐতিহাসিক ঘটনার স্মৃতি আমাদের মস্তিষ্কে জড়িয়ে থাকে।

বাংলাদেশ তো বহু আন্দোলন-সংগ্রামের ভূখণ্ড। কোনো এক বিশেষ গণজাগরণের দিনগুলো ফিকে হয়ে আসে নতুন নতুন আন্দোলনের হিল্লোলে। বরং কোন আন্দোলনের তুলনা কোন সংগ্রামের চেয়ে গুরুত্বপূর্ণ, তা নিয়ে তর্কে মাতি। আমরা তো সেই কৃষকদের সন্তান, বুক ফুলিয়ে যারা একসময় বলত, ‘মাটির জনম না ছিল যখন, তখনো করেছি চাষ, দিনের হিসাব না ছিল যখন, তখনো গুনেছি মাস।’ ভারতের গবেষক-অধ্যাপক সুনন্দন রায় চৌধুরী ২০১৩ সালে এক প্রবন্ধে বলেছেন, “এক গভীর অসুখে ছেয়ে আছে আমাদের পৃথিবী। একদিকে স্বাস্থ্য বিপণনের হাজারো ব্যবস্থা, অন্যদিকে সংগঠিত রূপে দরিদ্রদের জন্য দানের আয়োজন। কিন্তু ব্যক্তিমানুষ কাছের মানুষ—ব্যক্তিমানুষ থেকে কয়েক হাজার মাইল দূরে। হৃদয়ের স্বভাবসিদ্ধ মানবিক হাতছানিকে আমরা তালাবদ্ধ করেছি। যখন হয়তো সমাজে এই ব্যাধি বহুলাংশে কম ছিল, এমনি সময়ে জীবনানন্দ মাত্র ছ-লাইনে এক ‘কমলালেবু’র কথা বলেছিলেন, একবার যখন দেহ থেকে বার হয়ে যাব/ আবার ফিরে আসব না আমি পৃথিবীতে?/ আবার যেন ফিরে আসি/ কোনো এক শীতের রাতে/ একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে/ কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে।”

জরুরি অবস্থা জারি ও সাংবাদিকদের ধর্মঘট

যে যা-ই বলুক বা মানুক, আমাদের রাজনৈতিক ইতিহাসে নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং তার প্রেক্ষাপটে আশির দশকের গণতন্ত্র-সংগ্রাম ছিল বাংলাদেশে গণতন্ত্রের জন্য প্রথম সুসংগঠিত সংগ্রাম। তার পেছনে ছিল ‘তিন জোটের রূপরেখা’ নামে একটা জাতীয় ঐক্যের জোরালো সনদ। এই জাগরণের অভিভাবকত্বে ছিলেন বাংলাদেশের অসামান্য জনপ্রিয় ও আপসহীন রাজনীতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

২৭ নভেম্বর স্বৈরশাসক এরশাদ জরুরি অবস্থা জারি করেছিলেন। এর আগে থেকে চলছিল আন্দোলনের নানা কর্মসূচি। আমরা সাংবাদিক নেতারা পুলিশের ভয়ে পালিয়ে যাচ্ছি; কিন্তু সারা দিন প্রেস ক্লাবে। তখন প্রেস ক্লাবকে বলা হতো, ‘An island of democracy in the ocean of autocracy’—এখন এর উল্টোটা হয়েছে হয়তো। আমি ছিলাম তখন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক। তখন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মরহুম মো. মোজাম্মেল হক। দৈনিক বাংলার ডাকসাইটে রিপোর্টার। পরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি হয়েছিলেন। আমরা দুজন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত অ্যাডভোকেট শামসুল হক চৌধুরী বা টেনু চৌধুরীর নেতৃত্বাধীন পেশাজীবী পরিষদের কর্মকর্তা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব সৈয়দ জাফর এবং মরহুম ফটোগ্রাফার ও জাতীয়তাবাদের প্রখর সৈনিক মানু মুন্সী ভাই আমাদের দুজনের সঙ্গে থাকতেন। অন্যদিকে গ্রেপ্তারের ভয়ে দিকপাল সাংবাদিক নেতা চতুষ্টয় গিয়াস কামাল চৌধুরী, রিয়াজউদ্দিন আহমদ, জহিরুল হক ও রুহুল আমিন গাজী একসঙ্গে পালিয়ে ছিলেন। এঁরা আর নেই। আমাদের সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিয়মিত যোগাযোগ ছিল। ডাকসু নেতৃবৃন্দ আমানউল্লাহ আমান, খায়রুল কবীর খোকন, নাজিমুদ্দিন আলম, শিরীন সুলতানা প্রমুখ প্রেস ক্লাবে আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তখনকার যুগ্ম সচিব (রাজনৈতিক) অত্যন্ত মেধাবী আমলা আবদুল হামিদ চৌধুরী আমাকে নিয়মিত খবর জোগাতেন। ২৬ নভেম্বর রাতে তিনি ফোন করে বললেন, ‘সরকার কিছু একটা ঘটানো এবং ইমার্জেন্সি জারির পাঁয়তারা করছে।’ ম্যাডামকে খবরটা জানালাম। তিনি বললেন, ‘আপনারা আপনাদের মতো ব্যবস্থা নিন।’

২৭ নভেম্বর সকালে টিএসসি মোড়ে ডা. শামসুল আলম মিলনকে এরশাদের লেলিয়ে দেওয়া কুকুরেরা গুলিতে হত্যা করে। এর আগে জেলখানা থেকে টপটেরদের ছেড়ে দেওয়া হয় এবং ডিএমপি কমিশনারের অফিস থেকে ঘাতকদের অস্ত্র দেওয়া হয়। তারা সেদিন ডা. মিলনকে হত্যার পাশাপাশি ঢাকা শহরজুড়ে সন্ত্রাসের তাণ্ডব চালায়। এর মধ্যে রোকেয়া হলের তদানীন্তন ভিপি শিরীন সুলতানার নেতৃত্বে মেয়েদের একটা প্রতিবাদ মিছিল প্রেস ক্লাব পর্যন্ত চলে আসে।

আমরা চার সাংবাদিক তখন প্রেস ক্লাবের সাংবাদিক ইউনিয়ন অফিসে সংগ্রামী সাংবাদিকদের নিয়ে বৈঠকে বসেছি। তখন অভিন্ন ইউনিয়ন ছিল। প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ ও ভাইস প্রেসিডেন্ট মওদুদ আহমদরা আমাদের কাছে নানা প্রলোভনের খবর পাঠিয়ে বলছেন, সাংবাদিকেরা যেন কোনো কর্মসূচি না নেন। আমাদের কতক সাংবাদিক নেতাও অমন মতের পক্ষে ছিলেন। সেদিন প্রখ্যাত সাংবাদিক দৈনিক বাংলার মরহুম মাশির হোসেন হীরু, গোলাম মহিউদ্দিন খান, ইনকিলাবের মেজবাহউদ্দিনসহ অনেকেই আমরা একসঙ্গে ছিলাম। সেই বৈঠকে আমরা ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়ে বসলাম। সিদ্ধান্তটি ছিল—যেইমাত্র সরকার ইমার্জেন্সি জারি করবে, সেই মুহূর্ত থেকে সমগ্র বাংলাদেশের সাংবাদিকেরা কাজ বন্ধ করে দেবেন এবং যতদিন ইমার্জেন্সি না উঠবে, বাংলাদেশে কোনো পত্রিকা প্রকাশিত হবে না। সংবাদপত্র মালিকেরাও সমর্থন জানালেন। সেদিন সন্ধ্যায় ইমার্জেন্সি জারি হলো এবং পত্রিকাও বন্ধ হলো।

বিএফইউজে এবং ডিইউজের পক্ষে আমাদের ওই ঘোষণা বিদ্যুৎবেগে দেশে ছড়িয়ে পড়ে এবং ৬ ডিসেম্বর এরশাদের পদত্যাগ পর্যন্ত তা বাস্তবায়িত হয়। মূলত সাংবাদিকদের এই ভূমিকায় এরশাদ সরকারের পতন ত্বরান্বিত হয়।

এরশাদের পদত্যাগ

তখন রাজনীতি বেশিরভাগ ক্ষেত্রেই আপসহীন দেশনেত্রী বেগম জিয়ার নিয়ন্ত্রণে। এরপর এরশাদ নিজস্ব নীতিকারদের নিয়ে একটা সিদ্ধান্তে এলেন যে, তিনি আর প্রেসিডেন্ট পদে ভোট করবেন না। এরশাদের সবচেয়ে ঘনিষ্ঠ পরামর্শক ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি একসময় বেগম জিয়ার বিশেষ সহকারী ছিলেন। একদিন তিনি আমাকে ডেকে বললেন, ‘তুমি তো ম্যাডাম জিয়ার ঘনিষ্ঠ। তাকে জিজ্ঞেস কর তো, প্রেসিডেন্ট এরশাদ আর প্রেসিডেন্ট পদে ভোট করবেন না—এই গ্যারান্টি পেলে বিরোধী দল আন্দোলন প্রত্যাহার করবেন কি না।’ আমি জবাবে জানতে চাইলাম, ‘ম্যাডাম তো আমাকে জিজ্ঞেস করবেন, এ ব্যাপারে শেখ হাসিনার মতামত কী?’ তখন আনিস ভাই বললেন, ‘শেখ হাসিনা আমাদের জন্য সমস্যা নন, তিনি এটা মানবেন।

আমরা তৎক্ষণাৎ ম্যাডামের সঙ্গে দেখা করে সব খুলে বললাম। ম্যাডাম আমাদের মতামত জানতে চাইলেন। মোজাম্মেল হক ও আমি বললাম, ‘এরশাদের সময় শেষ হয়ে এসেছে। সেনানিবাসে ঘনঘন বৈঠক হচ্ছে। অতএব এরশাদ কোনো রাজনৈতিক সুবিধা পাক, এটা অনেকেই চাইবে না। আমরা ব্যারিস্টার আনিসকে চালাকি করে বলব, ম্যাডাম রাজি আছেন। বাস্তবে কী করা হবে, তা আপনি ভালোই জানেন।’ ম্যাডাম মুচকি হেসে বললেন, ‘ঠিক আছে।’ ব্যারিস্টার আনিস সন্দিহান মনে বারবার আমাদের কাছে জানতে চাইলেন, ‘ম্যাডাম রাজি হয়েছেন তো?’ আমরা বললাম, ‘হানড্রেড পারসেন্ট।’ এরপর এরশাদের ওই ঘোষণা এলো এবং শেখ হাসিনার আগেই ফুলবাড়িয়ায় এক জনসভায় ম্যাডাম ঘোষণা করলেন, ‘আমরা মানি না।’ ফলে শেখ হাসিনা, যিনি এরশাদের বৈধ পদত্যাগ এবং এরপরে ভোটে জিতে এরশাদকে রক্ষার যে পরিকল্পনা করছিলেন, তা ভেস্তে গেল। তিনি বেগম জিয়ার অনুকরণে বললেন, ‘মানি না।’ অতএব এরশাদের জন্য মুক্তির আর কোনো সুড়ঙ্গপথ রইল না। তখন ক্যান্টনমেন্টে সৈনিকদের নিয়ে সভা হচ্ছিল। এরশাদের পক্ষে রাজপথে ডিউটি করতে করতে পরিশ্রান্ত সৈনিকদের তদানীন্তন চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সালামের সভাপতিত্বে এক বৈঠকে কমান্ডাররা রাজপথ থেকে সেনা প্রত্যাহারের পক্ষে মত দিলেন। সেনাপ্রধানের বাড়িতে বসবাসকারী হুসেইন মু. এরশাদ এ খবর পেলেন এবং সেনাপ্রধান জেনারেল নুরুদ্দীন খানকে ফোন করেও সমর্থন পেলেন না। ৬ ডিসেম্বর রাতে এরশাদের মন্ত্রিসভার কিচেন ক্যাবিনেট এরশাদকে পদত্যাগ না করার পক্ষে মত দিলেন।

একমাত্র ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পদত্যাগের পক্ষে মত দিয়ে বললেন, ‘পদত্যাগ করলে ভবিষ্যতে রাজনীতিতে আমরা ফিরে আসতে পারব। পালিয়ে গেলে অথবা ক্ষমতা ধরে রাখলে পরিস্থিতি আরো অ-পরিস্থিতি হবে। সর্বত্র মার খেতে হবে।’ এরশাদ রাজি হলেন এবং ব্যারিস্টার আনিস টিভির ডিজি এবং প্রধান তথ্য কর্মকর্তাকে বললেন, ‘প্রেসিডেন্টের পদত্যাগের খবরটা প্রচার করুন।’ তখন ওই দুই কর্মকর্তা পদত্যাগের ইন্সট্রুমেন্ট চাইলেন। পদত্যাগপত্র দেখতে চাইলেন। ব্যারিস্টার আনিস সম্ভবত এরশাদকে দিয়ে কথা বলিয়েছেন তাদের সঙ্গে। বিটিভির রাত ১০টার খবর তখন শুরু হয়ে গেছে। এক ফাঁকে ব্রেকিং নিউজ এলো এরশাদের পদত্যাগের।

গোটা দেশজুড়ে জনগণ রাজপথে। ’৬৯-এর পর গণঅভ্যুত্থানের এক অবিস্মরণীয় জাগরণ। সেই রাতে কোনোমতে ভিড় ঠেলে আমি ও মোজাম্মেল ভাই খিলগাঁও ও মালিবাগ চৌধুরীপাড়ার বাসায় ঢুকে ঘুমালাম। ভোর ৪টায় আমার বাসায় কলিং বেল বাজলে আম্মা মনে করলেন, পুলিশ এসেছে। আমি বললাম, ‘ওরা আর আসবে না।’ বেরিয়ে দেখি বিএনপির অন্যতম শীর্ষ নেতা স্থায়ী কমিটির সদস্য কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান ও ফটোগ্রাফার লুৎফর রহমান বীনু দাঁড়িয়ে আছেন। বললেন, ‘ম্যাডাম ধানমন্ডি ২৭ নম্বর রোডে ব্যারিস্টার জুলমত আলী খানের বাসায় আছেন। তোমাকে ডেকেছেন, ভাষণ লিখতে হবে।’ আমার সারা শরীরে তখন ঘুম; বললাম, ‘আমি ভাষণ লিখে দিচ্ছি।’ গাড়ির বনেটের ওপর কাগজ রেখে সংক্ষিপ্ত ভাষণটা লিখে দিলাম। পরদিন সকালে আমরা চারজন গেলাম জুলমত আলী খানের বাসায়। এবার দীর্ঘ ভাষণের মুসাবিদা করা হলো।

মফিকুল তৃপ্তি ডিকটেশন নিচ্ছিলেন। ম্যাডাম আবারও জাতির উদ্দেশে ভাষণ দিলেন। সেদিন সর্বজনশ্রদ্ধেয় সাহিত্যিক-সাংবাদিক মরহুম ফয়েজ আহমদের নেতৃত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের একটি দল এলেন ম্যাডামের কাছে অন্তর্বর্তী সরকারের প্রধানের নাম প্রস্তাব করতে। ফয়েজ ভাইয়ের কাছে জেনে নিলাম, তারা ৩২ নম্বরে শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসেছেন কি না। ফয়েজ ভাই বললেন, ‘হ্যাঁ।’ তারা সেদিন বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল বাশারের নাম প্রস্তাব করলেন। এর আগে ম্যাডাম আমাদের কাছ থেকে জেনে নিয়েছেন ফয়েজ ভাইদের ৩২ নম্বরে যাওয়ার কথা। বেগম খালেদা জিয়া বললেন, বাশার সাহেব যোগ্য মানুষ। তবে আমি মনে করি, প্রধান বিচারপতি যিনিই হোন না কেন, তাকেই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে হবে। এরপর তারা ফিরে গেলেন। এরই মধ্যে শেখ হাসিনা প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে ফোন করে বলে দিয়েছেন, তিনিই নাকি তার নাম প্রস্তাব করেছেন। যাহোক, ১৯৯১ সালের ঐতিহাসিক নির্বাচনে জনগণ আপসহীন নেত্রীকে বেছে নিলেন এবং শেখ হাসিনা ও এরশাদের পরিকল্পনা নস্যাৎ হয়ে গেল। কোনো বুদ্ধিজীবী এখন এমন মন্তব্য করেন যে, জামায়াতে ইসলামী সেদিন সরকার গঠন করতে বিএনপিকে সমর্থন না দিলে বিএনপি সরকার গঠন করতে পারত না। স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যাকর্ষণ শক্তি বেগম খালেদা জিয়ার বিজয় ছিল অবিসংবাদিত জনগণের অকুণ্ঠ রায়। তিনি জামায়াতে ইসলামীকে নির্বাচনি সমঝোতা অনুযায়ী কিছু আসনে ছাড় না দিলে জামায়াতে ইসলামী অনেক দূর পিছিয়ে যেত। এর আগে ১৯৮৬ সালে জামায়াতে ইসলামী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে মিলে নির্বাচনে অংশ নিয়ে বিতর্কিত হয়েছিল।

নব্বইয়ের ২৭ নভেম্বর থেকে গণঅভ্যুত্থানের যে রক্তাক্ত সূচনা ঘটেছিল, তা হয়তো অনেকের স্মরণে আবছা হয়ে গেছে। একটি কথা মানতেই হবে, সে সময় সেনাপ্রধান জেনারেল নূরুদ্দিনের ওপর মার্শাল ল’ জারির চাপ ছিল। কিন্তু তিনি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কমান্ডাররা জনগণের সেদিন বিপ্লবের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

প্রশ্ন হলো—আর কত অগণতান্ত্রিকতা সইব? আর কতইবা আন্দোলন করতে হবে? আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণে বাংলাদেশ দীর্ঘকাল অতিষ্ঠ ছিল। এখন তার রাজনৈতিক প্রেতাত্মা আমাদের মন-মগজে আঁচড় কেটে চলেছে।

লেখক: সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব; সম্পাদক, উইকলি ইকোনমিক টাইমস