বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস থেকে গত সোমবার জলবায়ু ঝুঁকি-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে যে, জনসংখ্যার ঘনত্ব, উচ্চতাপমাত্রা এবং ভৌগোলিক কারণে দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি। এর মধ্যেও সর্বাধিক ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশসহ এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ মানুষ চরম তাপপ্রবাহের ঝুঁকিতে পড়বে। প্রায় এক-চতুর্থাংশ মানুষ পড়বে তীব্র বন্যার ঝুঁকিতে। সর্বোপরি উপকূলীয় অঞ্চলে পানি ও মাটির লবণাক্ততা বৃদ্ধি বাংলাদেশের লাখ লাখ মানুষের জীবন-জীবিকাকে প্রভাবিত করবে মারাত্মকভাবে। \r\nপ্রতিবেদন নিয়ে মূল্যায়নে আশার কথাও কিছু বলা হয়েছে। জলবায়ু অভিজনের বোঝা মূলত পরিবার ও সংস্থারগুলোর ওপর পড়েছে।

বলা হয়েছে যে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলবায়ু ঝুঁকি সম্পর্কে সচেতনতা বেশি। যে কারণে তিন-চতুর্থাংশের বেশি পরিবার এবং সংস্থাগুলো আগামী ১০ বছরের আবহাওয়া পরিবর্তনের প্রতিকূলতা সম্পর্কে সচেতন। ৬৩ শতাংশ সংস্থা এবং ৮০ শতাংশ পরিবার ইতোমধ্যে পরিস্থিতি মোকাবিলায় নানা পদক্ষেপ নিয়েছে। তবে বেশির ভাগই উন্নত প্রযুক্তি ও অবকাঠামো ব্যবহারের পরিবর্তে স্থানীয়ভাবে উদ্ভাবিত কম খরচের সমাধানের ওপর নির্ভর করে থাকে। এও সত্য যে, উপকূলীয় বাঁধ নির্মাণসহ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের মতো সরকারি বিনিয়োগ অনেক মানুষের জীবন বাঁচিয়েছে এবং কমিয়েছে ক্ষয়ক্ষতি। তবে জলবায়ু অভিযোজনের জন্য আরও ব্যাপক ও বহুমুখী পদ্ধতি অবলম্বনের আহ্বান জানানো হয়েছে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে।

যেমন- প্রাথমিক সতর্কতা ব্যবস্থার উন্নতি, আনুষ্ঠানিক ঋণ সহায়তা এবং বিমা ব্যবস্থার প্রচলন। \r\nবাংলাদেশের মানুষ বিশেষ করে উপকূলীয় অঞ্চলের অধিবাসীরা আদিকাল থেকে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ যেমন- ঝড়-ঝঞ্ঝা, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি-বন্যা, নদীভাঙন, অনাবৃষ্টি-খরা ইত্যাদি মোকাবিলা করতে অভ্যস্ত। তারা প্রকৃতির সদা পরিবর্তনশীল গতিপ্রকৃতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে জীবন-যাপন অতিবাহিত করছেন। সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও উদ্যোগে বাংলাদেশকে পরিণত করেছে একটি জলবায়ু অভিযোজন বাসভূমিতে। এসব আমলে নিয়ে সরকার নিজস্ব তহবিল থেকে ২০০৯ সালে গঠন করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট। এর আওতায় জলবায়ু অভিযোজন ও প্রশমন- উভয় ক্ষেত্রে এ পর্যন্ত বেশকিছু প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ২০২৩-২০৫০ সালে জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নে গ্রহণ করা হয়েছে ডেল্টা প্ল্যান-২১০০ এবং জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা। তবে জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উৎস থেকে ২৩০ বিলিয়ন ডলার বা ২৩ হাজার কোটি টাকা প্রয়োজন। সরকার জিডিপির ৬-৭ শতাংশ প্রতিবছর জলবায়ু অভিযোজনে ব্যয় করে থাকে। তবে এসব পর্যাপ্ত নয়। দেশে চলতি বছর জলবায়ু পরিবর্তনজনিত নানা প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছে ৭১ লাখ মানুষ। সে অবস্থায় অসহায় বাস্তুচ্যুতদের পুনর্বাসন এবং জলবায়ু অভিযোজনের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার বিকল্প নেই।