পার্বত্য চট্টগ্রামের পাহাড়, বন, ঝরনা ও বৈচিত্র্যময় সংস্কৃতি বাংলাদেশের অমূল্য সম্পদ। এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা শুধু স্থানীয় জনগণের জীবনযাত্রার প্রশ্ন নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দেশের সার্বভৌমত্ব, জাতীয় সংহতি, অর্থনৈতিক সম্ভাবনা ও পর্যটনশিল্পের ভবিষ্যৎ। অথচ, দীর্ঘদিনের ভূমিবিরোধ, রাজনৈতিক অবিশ্বাস, সশস্ত্র তৎপরতা, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্রের বিস্তার পাহাড়ের স্বাভাবিক বিকাশকে বারবার বাধাগ্রস্ত করছে। রাঙামাটির সাজেকে সাম্প্রতিক অস্থিরতা সেই পুরোনো সংকটকে আবারও জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিশেষ করে, পার্বত্য চট্টগ্রামের সমস্যার স্থায়ী সমাধানে সরকার যখন উচ্চপর্যায়ে তিনটি কমিটি গঠন করে সমন্বিত উদ্যোগ নিয়েছে, তখন সাজেকের অস্থিরতা নতুন করে প্রশ্ন তৈরি করেছে। সরকারের এই উদ্যোগকে ব্যাহত করার কোনো পরিকল্পিত অপতৎপরতা রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। তবে অনুমানকে প্রমাণ হিসেবে প্রতিষ্ঠা নয়, সত্য উদ্ঘাটন ও আইনের শাসন নিশ্চিত করাই হবে রাষ্ট্রের দায়িত্বশীল অবস্থান।

২৮ অক্টোবর এ প্রবন্ধ লেখা পর্যন্ত প্রকাশিত সংবাদ অনুযায়ী, সাজেকের সড়ক অবরোধ সপ্তম দিনে গড়িয়েছে। ২২ অক্টোবর থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে সাজেকের সঙ্গে দীঘিনালা হয়ে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। এর আগে ১১ অক্টোবরও অবরোধ শুরু হয়েছিল। দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত থাকলেও দাবি পূরণ না হওয়ার অভিযোগে ২২ অক্টোবর থেকে আবার অবরোধ শুরু হয়। ওই দিন পর্যটকবাহী গাড়ির বহর আটকে পড়ার ঘটনা ঘটে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রায় তিন হাজার পর্যটক আটকে পড়ার খবর প্রকাশিত হয়। একই দিন পর্যটকবহরে হামলা ও গোলাগুলির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় সদস্য আহত হওয়ার খবরও আসে।

পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী ও পুলিশ পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। সাজেকের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএসÑসন্তু লারমা-সমর্থিত অংশ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের উপস্থিতি ও আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি করছে। তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি। এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে নির্ধারণ করা প্রয়োজন। তবে অভিযোগগুলোকে হালকাভাবে দেখারও সুযোগ নেই। একই সঙ্গে অবরোধের কারণে সাধারণ মানুষের চলাচল, জরুরি চিকিৎসা, নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ও পর্যটকদের নিরাপত্তা বিঘিœত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো গোষ্ঠী অস্ত্রের শক্তিতে জনপদ নিয়ন্ত্রণ করতে চাইলে রাষ্ট্রকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অপরাধের দায় নির্ধারণ করতে হবে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে, জাতিগত পরিচয় কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়।

সংকট নিরসনে ২৬ অক্টোবর প্রশাসন, জনপ্রতিনিধি ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বক্তব্য অনুযায়ী, আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির চারটি বিষয়ে সমঝোতা হয়েছে। তবে সাজেক থেকে কথিত সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবি এবং এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ নিয়ে মতপার্থক্য থাকায় চূড়ান্ত সমাধান আসেনি। এই পরিস্থিতি প্রশাসনিক উদ্যোগের সীমাবদ্ধতা যেমন তুলে ধরছে, তেমনি দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তাও স্পষ্ট করছে। আলোচনায় চারটি বিষয়ে অগ্রগতি ইতিবাচক হলেও মূল বিরোধপূর্ণ বিষয়টির সমাধান ছাড়া সংকটের স্থায়ী অবসান কঠিন। সরকারের উচিত সমঝোতার বিষয়গুলো লিখিতভাবে প্রকাশ করা, সেগুলোর বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা এবং অবশিষ্ট বিরোধ নিষ্পত্তিতে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাওয়া। পাশাপাশি অবরোধে আটকে পড়া মানুষ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও নিরাপত্তাঝুঁকিতে থাকা স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোনো পক্ষের দাবিই যেন সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে জিম্মি করার সুযোগ তৈরি না করে।

এখানে সরকারের সাম্প্রতিক তিনটি উচ্চপর্যায়ের কমিটির ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ১০ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের গেজেটের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয়, নির্বাহী ও পরামর্শক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১৯ সদস্যের জাতীয় কমিটি, স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে ১৫ সদস্যের নির্বাহী কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির চেয়ারম্যানকে সভাপতি করে নয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা, সন্ত্রাস দমন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, সাম্প্রদায়িক সম্প্রীতি, আঞ্চলিক উন্নয়ন এবং জাতীয় কর্মকৌশল প্রণয়নের সুপারিশ। নির্বাহী কমিটিকে তিন মাসের মধ্যে জাতীয় কর্মকৌশল প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রশ্ন হলো, সরকারের এই উদ্যোগের সুফল বাস্তবায়নের আগেই কোনো স্বার্থান্বেষী মহল পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে কি না। সাজেকের সংঘাত, সশস্ত্র তৎপরতার অভিযোগ এবং সরকারি উদ্যোগের সময়কাল বিবেচনায় নিয়ে বিষয়টি অনুসন্ধান করা যুক্তিসংগত। নিরপেক্ষ তদন্তে দেখতে হবে, সহিংসতার পেছনে কারা রয়েছে, অবৈধ অস্ত্রের উৎস কোথায়, কোনো গোষ্ঠী পরিস্থিতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কি না এবং স্থানীয় মানুষের নিরাপত্তাহীনতাকে কেন্দ্র করে সংগঠিত অপরাধী চক্র সক্রিয় কি না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তদন্তে ভিত্তিহীন প্রমাণিত অভিযোগ ও অপপ্রচারও স্পষ্টভাবে চিহ্নিত করা প্রয়োজন। পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। শুধু বিচ্ছিন্ন অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করলেই স্থায়ী সমাধান আসবে না। অস্ত্রের উৎস, সরবরাহপথ, চোরাচালান নেটওয়ার্ক, অর্থায়ন এবং ব্যবহারকারীদের শনাক্ত করতে হবে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য বিনিময় জোরদার করে আইনসম্মত ও সুনির্দিষ্ট অভিযান পরিচালনা প্রয়োজন। পাশাপাশি সীমান্তপথে অস্ত্র প্রবেশ প্রতিরোধ, চাঁদাবাজির অর্থনৈতিক নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং স্থানীয় জনগণের নিরাপদে অভিযোগ জানানোর ব্যবস্থা গড়ে তুলতে হবে। অভিযান পরিচালনার ক্ষেত্রে নিরপরাধ মানুষের হয়রানি রোধ, মানবাধিকার সুরক্ষা এবং আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করাও সমান জরুরি। কারণ, নিরাপত্তা অভিযান তখনই কার্যকর ও টেকসই হয়, যখন তা অপরাধীকে বিচ্ছিন্ন করে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করে।

পার্বত্য চট্টগ্রাম ও দেশপ্রেমিক সেনাবাহিনীকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য ছড়ানোর ঘটনা মোকাবিলা করতে হবে তথ্য, প্রমাণ ও দায়িত্বশীল যোগাযোগের মাধ্যমে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তা রক্ষায় সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা দেওয়া তাদের দায়িত্বের অংশ। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার সবচেয়ে কার্যকর পথ হলো পেশাদারত্ব, আইনানুগ কার্যক্রম, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

সাজেকের অস্থিরতার অর্থনৈতিক মূল্যও কম নয়। পর্যটনকেন্দ্রের কার্যক্রম ব্যাহত হওয়ায় রিসোর্ট, কটেজ, পরিবহন, রেস্তোরাঁ, স্থানীয় গাইড, ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষিপণ্য সরবরাহকারীরা ক্ষতির মুখে পড়ছেন। ২৩ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে রিসোর্টের মালিকের বরাতে তার প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশ বুকিং বাতিল হওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। তবে সর্বশেষ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ থেকে দেড় কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন; অন্য একটি প্রতিবেদনে দৈনিক প্রায় ৫ কোটি টাকা ক্ষতির কথাও বলা হয়েছে। উল্লেখ্য, সাজেকে ১৩৫টি রিসোর্ট ও কটেজ এবং ২০টির বেশি রেস্তোরাঁ রয়েছে। পর্যটনশিল্পকে রক্ষা করতে বাস্তব নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে পর্যটন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। পর্যটকদের যাতায়াত, জরুরি চিকিৎসা, উদ্ধারব্যবস্থা ও নির্ভরযোগ্য তথ্যসেবা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা, স্থানীয় তরুণদের পর্যটন ব্যবস্থাপনা ও গাইডিংয়ে প্রশিক্ষণ এবং কৃষিপণ্য ও হস্তশিল্পের বাজার সম্প্রসারণে উদ্যোগ নিতে হবে। পর্যটন উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন অর্থনীতির সক্রিয় অংশীদার করতে হবে, যাতে নিরাপত্তা ও উন্নয়নের সুফল তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনে।

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশÑএই পাহাড়ের প্রতিটি জনপদ, প্রতিটি ঝরনা, প্রতিটি জনপদের মানুষের হাসি-কান্না আমাদের জাতীয় জীবনেরই অংশ। পাহাড়ের মানুষের চোখে নিরাপত্তার স্বপ্ন, তরুণদের মনে কর্মসংস্থানের প্রত্যাশা, আর পর্যটননির্ভর পরিবারগুলোর জীবিকার আকুতিÑসবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ। তাই সাজেকের অস্থিরতা নিরসনে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং পাহাড়ি-বাঙালি সব জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করা। সরকারের গঠিত তিনটি উচ্চপর্যায়ের কমিটির উদ্যোগ যেন কোনো অপতৎপরতায় বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও তথ্যপ্রমাণের ভিত্তিতে সতর্ক থাকতে হবে। আমরা চাই, পাহাড়ে অস্ত্রের বদলে আইনের শাসন, অবিশ্বাসের বদলে সম্প্রীতি এবং অস্থিরতার বদলে শান্তি ও উন্নয়নের স্থায়ী ভিত্তি গড়ে উঠুক।

লেখক: অর্থনীতি বিশ্লেষক, কলামিস্ট ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক। msislam.sumon@gmail.com