এআই শুধু একটি সফটওয়্যার পণ্য নয়; এটি পরিচালনা ও নিয়ন্ত্রণের প্রযুক্তি। কিন্তু ওপেনএআই, অ্যানথ্রোপিক, মাইক্রোসফট ও গুগলের মতো শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলোর ভেতরে গুটিকয়েক নির্বাহী ও পুঁজি বিনিয়োগকারীই নির্ধারণ করছেন লাখ লাখ মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে এমন এআই মডেলে কী ধরনের মূল্যবোধ অন্তর্ভুক্ত করা হবে।
এরই মধ্যে অ্যালগরিদমনির্ভর ব্যবস্থাপনা বিভিন্ন খাতের কর্মীদের ওপর নজরদারি চালাচ্ছে, কাজের মূল্যায়ন করছে এবং অনেক ক্ষেত্রে চাকরিচ্যুতও করছে। অথচ এসব সিদ্ধান্ত গ্রহণে প্রায়ই মানুষের কোনো তদারকি থাকছে না। তাই কর্মক্ষেত্রে এআই ব্যবহারের বিষয়ে শ্রমিকদের যৌথ সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিশ্চিত করতে হবে। কর্মীদের ওপর নজরদারি, কাজের মূল্যায়ন কিংবা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যবহৃত কোনো অ্যালগরিদম আগাম আলোচনা ও সমঝোতা ছাড়া চালু করা উচিত নয়।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে শ্রমিকদের ভোটে নির্বাচিত প্রতিনিধির উপস্থিতিও বাধ্যতামূলক করা প্রয়োজন। কারণ প্রযুক্তিগত বিপ্লব ঘটলেই তার সুফল সবার কাছে পৌঁছায় না, বরং এতে কারা লাভবান হবে এবং কাদের এর মূল্য দিতে হবে, তা নির্ধারিত হয় প্রতিষ্ঠানের নীতি ও ক্ষমতা কাঠামোর মাধ্যমে। তাই এআইয়ের জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তি নির্মাতা ও এর দ্বারা প্রভাবিত কর্মীদের সিদ্ধান্ত গ্রহণে কার্যকর অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
[দ্য গার্ডিয়ানের এক নিবন্ধে]
ইসাবেল ফেরেরাস : অধ্যাপক ও এফএনআরএস গবেষণা পরিচালক, ইউনিভার্সিটি অব লুভেন
