বর্তমান সময়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে জলবায়ু অন্যতম। বিভিন্ন স্থানে আবহাওয়া পরিবর্তনের ফলে জলবায়ু পরিবর্তনও স্বাভাবিক, কিন্তু এই জলবায়ু পরিবর্তন পৃথিবীবাসীর জন্য মোটেও ভালো সংবাদ নয়। গত শতাব্দী থেকে জলবায়ু পরিবর্তনের বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় এলেও এর সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ কমই দেখা যাচ্ছে। এই জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব ফেলছে। এটি প্রথম রাজনৈতিক ইস্যু হিসেবে আলোচনায় আসে ১৯৭০-এর দশকে। তবে, ১৯৯০-এর দশক থেকে জলবায়ু পরিবর্তন প্রশমনের প্রচেষ্টা আন্তর্জাতিক রাজনৈতিক এজেন্ডায় গুরুত্ব পেয়ে আসছে এবং বিভিন্ন পর্যায়েও এটির সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তন বিষয়টি আসলে সহজ নয়, এটি একটি জটিল বৈশ্বিক সমস্যা।
\r\nগত শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করেছে পৃথিবীর জীবাশ্ম জ্বালানি। বর্তমানে উন্নত রাষ্ট্রসমূহে শিল্প উন্নয়নের মূল হাতিয়ার হিসেবে কাজ করেছে তেল, গ্যাস ও কয়লা। জীবাশ্ম জ্বালানিভিত্তিক উন্নয়নের প্রায় দুইশত বছরের এই ধারা বিশ্বের শিল্পোন্নত দেশগুলোকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিলেও এর নেতিবাচক প্রভাব পড়েছে সারা পৃথিবীতে, যা বর্তমানে অনুন্নত ও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে ফেলেছে সবচেয়ে বেশি ঝুঁকি ও ক্ষতির মুখে।\r\nউৎপাদন কারখানা থেকে নির্গত কার্বন পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তুলেছে, যার ফলে আর্কটিকের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এমনকি পৃথিবী সুরক্ষাকারী ওজন স্তরেও ধরেছে ফাঁটল।
ফলে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে নানা ধরনের রোগ সৃষ্টির পাশাপাশি উষ্ণতাও বৃদ্ধি করছে ক্রমাগতভাবে। এরকম চলতে থাকলে সমুদ্র তীরবর্তী দেশগুলো পড়বে ব্যাপক ঝুঁকির মুখে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে ইতোমধ্যে অনেক দেশের জমি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। যদি বর্তমান উচ্চতা আরো বৃদ্ধি পায়, ভবিষ্যতে তা আরও বৃদ্ধি পেতে পারে।\r\nসুতরাং অতিরিক্ত এসব জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ক্ষতিকারক দিক এখন বিশ্ববাসীর সামনে স্পষ্ট। এর ফলে আন্তর্জাতিক রাজনৈতিক ধারায়ও এসেছে কিছুটা পরিবর্তন।
বর্তমান বৈশ্বিক রাজনীতিতে দেশসমূহ কোনো ব্যাবসায়িক বা উন্নয়নমূলক চুক্তিতে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে চুক্তির বিষয়বস্তুতে পরিবেশগত দিকের প্রতি বিশেষ নজর দেওয়ার কথা বলেছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত সর্বোচ্চ সংস্থা ইন্টার গভার্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেইঞ্জ (ওচঈঈ)। তাই এখন রাষ্ট্রগুলোর মাঝে কূটনৈতিক, ব্যবসায়িক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক যে কোনো ধরনের সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন ইস্যু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।\r\nজলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব বিবেচনায় রাষ্ট্রসমূহ পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নসহ দূষণ রোধে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে প্রবেশ করেছে। তবে সমস্যা হলো অধিকাংশ চুক্তিতেই সব রাষ্ট্র একমত হতে পারেনি।
চুক্তিবদ্ধ হলেও চুক্তির অঙ্গীকারসমূহ অনেকাংশ রাষ্ট্র পূরণ করতে ব্যর্থ হয়েছে। ফলে রাষ্ট্রগুলোর মাঝে তৈরি তৈরি হচ্ছে এক ধরনের বিভেদ, যা জলবায়ু রাজনীতিকে ইঙ্গিত করছে।\r\n২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির কথা উদাহরণ দেওয়া যায়। বিশ্বের প্রায় সব রাষ্ট্র এই চুক্তিতে সম্মতি দিয়েছিল, কিন্তু তারপরেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে পড়েছিল। কারণ তিনি জলবায়ু পরিবর্তনের নৃতাত্ত্বিক কারণ গুলোতে বিশ্বাস করতেন না। তিনি স্বপক্ষে বিভিন্ন যুক্তি দাঁড় করিয়েছিলেন। \r\nতবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া ওই চুক্তির ভবিষ্যৎকে অনেকাংশে অনিশ্চিত করে তুলেছিল, যা এখন বুঝা যাচ্ছে।
কেননা বিশ্বে প্রধান তিনটি কার্বন নিঃসরণকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। তাই জলবায়ু নিয়ে আমেরিকার এরকম রাজনীতি জলবায়ু পরিবর্তন সমস্যা নিরসনে অকার্যকর হয়ে দাঁড়াচ্ছে। \r\nঅন্যদিকে পৃথিবীজুড়ে বৃহৎ করপোরেশনগুলোও তাদের কারখানা স্থাপন করে উৎপাদন কার্য চালিয়ে যাচ্ছে, যা বৈশ্বিক উষ্ণায়নে প্রভাব ফেলছে। তাই এ সমস্যা সমাধানে রাষ্ট্রসমূহের সঙ্গে বৃহৎ করপোরেশনগুলোর সদিচ্ছার অত্যন্ত জরুরি। \r\nজলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন দায়িত্ব, সুবিধা এবং জলবায়ু-সম্পর্কিত হুমকির কারণে প্রাথমিক জলবায়ু সম্মেলনগুলোতে খুব সামান্য অগ্রগতি হয়েছিল। যেখানে সাধারণ উদ্দেশ্য বিবৃতি এবং উন্নত দেশগুলোর অবাধ্যতামূলক নির্গমন হ্রাসের প্রতিশ্রুতি ছাড়া খুব একটা কিছুই অর্জন করা সম্ভব হয়নি। তাই, কাল বিলম্ব না করে সবার ঐক্যবদ্ধভাবে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা করা উচিত, তাহলে হয়তো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত হুমকি থেকে বিশ্ব মুক্তির পথ খুঁজে পাবে।\r\nলেখক : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
