অভ্যুত্থানের পর এক বছরের বেশি সময় পার হয়েছে। সংস্কার ও পুনর্গঠনের অনেক কথাবার্তাই হয়েছে; বাস্তবে তার প্রতিফলন কতটা হয়েছে, সন্দেহ রয়েই গেছে। তবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এই প্রক্রিয়ায় সাধারণ জনগণের অংশগ্রহণ নেই বললেই চলে। একে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের সমঝোতা ছাড়া ভিন্ন কিছু বলা যায় না। এরই মধ্যে নির্বাচনের দাবি তীব্র হয়েছে। কারণ জনসাধারণ মনে করে, নির্বাচিত সরকার এলে দেশে স্থিতিশীলতা আসবে এবং সার্বিক পরিস্থিতি সন্তোষজনক হবে।
এদিকে গত তিনটি নির্বাচনে ভোটদানে বঞ্চিত দেশবাসী যখন জাতীয় সংসদে প্রকৃত প্রতিনিধি পাঠানোর জন্য উন্মুখ, তখন খোদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি অনুৎসাহজনক কথা বলেছেন। এক বৈঠকে তিনি বলেছেন– নির্বাচন বানচালের চেষ্টা হবে, হঠাৎ আক্রমণ আসতে পারে (সমকাল, ৩০ অক্টোবর ২০২৫)। আমার মতো নাগরিকের কাছে এ ধরনের কোনো তথ্য নেই; কিন্তু প্রধান উপদেষ্টার কাছে আমাদের তুলনায় অনেক বেশি খবর থাকে। হয়তো তিনি বিশেষ কোনো তথ্যের ভিত্তিতে কথাটি বলেছেন। উদ্বেগের বিষয় হচ্ছে, নির্ধারিত সময় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যখন নানা মহলে বিভিন্ন কথা ভেসে বেড়াচ্ছে, তখন রাষ্ট্রের প্রধান নির্বাহীর কাছ থেকে এ ধরনের বক্তব্য নির্বাচন নিয়ে সামগ্রিক উৎসাহের বদলে উদ্বেগ সৃষ্টি করতে পারে বৈ কি।
মনে রাখা জরুরি, একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশ সঠিক পথে এগোতে পারে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকবেন, তাদের দরকার জনসাধারণের বৈধতা, যেটা কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সম্ভব। গণতান্ত্রিক উত্তরণের পথরেখা নির্মাণে নির্বাচিত সরকারের বিকল্প নেই। গ্রামগঞ্জ থেকে শুরু করে সবখানে এখন একটি নির্বাচিত সরকার গঠনের আকাঙ্ক্ষা দেখা দিয়েছে।
এখন যা দরকার তা হলো, নির্বাচন কমিশনকে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া নিজেদের কাজ করতে দেওয়া। আমাদের নির্বাচনী ইতিহাসে ক্ষমতাসীন সরকারগুলোর এ ধরনের ভূমিকা রাখতে আমরা দেখিনি। ফলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ সবসময় ছিল। যদিও আমাদের কয়েকটি নির্বাচন– ১৯৯১, ১৯৯৬ সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচন, ২০০১ সালের নির্বাচন, ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনের দায়িত্বে কোনো দলীয় সরকার ছিল না। তবে কিছু না কিছু অভিযোগ ও রাজনৈতিক প্রভাব থাকেই। আমরা এবার আশা করছি, এই সরকার পুরোপুরি রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে একটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে। নির্বাচনের ফল কী হবে, আমরা জানি না। তবে সুষ্ঠু হওয়া বাঞ্ছনীয়।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচন কমিশনের ভূমিকা। কমিশন স্বাধীনভাবে কাজ করতে না পারলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং স্বচ্ছ ও অবাধ নির্বাচন সম্ভব হবে না। তা ছাড়া নির্বাচন কমিশন কেবল ভোট গ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়। তার সঙ্গে আইনশৃঙ্খলা ও অন্যান্য বিষয় যুক্ত। তবে মোটাদাগে এসব দায়িত্ব নির্বাচন কমিশনের। অবশ্য সমস্যাটি নির্বাচন কমিশনের নয়, বরং তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না।
ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো বহু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। যদিও দেশের আরেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। তাতে দলটির কর্মী-সমর্থকরা দেশ থেকে উবে যায়নি। তাদের ভোটাধিকারও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনে আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা কাকে ভোট দেবেন, তা অনেকটা নির্বাচন কমিশনের ভূমিকার ওপর নির্ভর করছে। মোটাদাগে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা কেবল নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না; অন্তর্বর্তী সরকারের ওপরেও নির্ভর করছে। কারণ নির্বাচন কমিশনকে সরকারের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণ আশা করা যায় না।
আমি মনে করি, জাতীয় সংসদ নির্বাচনের পথে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য প্রস্তাবিত গণভোট একটি বড় প্রশ্ন হয় দাঁড়াচ্ছে। গণভোটের বিতর্কটি এই অর্থে গুরুত্বপূর্ণ, এখনও জনসাধারণ জানে না গণভোট কী এবং তার প্রক্রিয়া কেমন। আমার আশঙ্কা, গণভোট বিতর্কে ঢুকে গিয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি পড়ে যায় কিনা! এ ছাড়া গণভোটের প্রশ্নটি যেন হঠাৎ আবির্ভূত। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এ বিষয়ে কথাবার্তা আমরা শুনিনি। রাষ্ট্র সংস্কারের যে কাজই হোক না কেন, তার জন্য সুস্পষ্ট পথরেখা থাকা জরুরি। গণভোট ও জুলাই সনদের ব্যাপারে শুরু থেকেই সরকারের দিক থেকে দ্বিধা ও অস্পষ্টতা ছিল।
অন্তর্বর্তী সরকারের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। সেই ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বেশ কিছু দল অংশ নেয়নি। তখন যদিও আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বেশকিছু দল নির্বাচনে অংশ নিয়েছিল; তাতেও ওই দুই নির্বাচন দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি। এবারেও বিশেষ কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যাবে। যারা অপরাধী, তাদের বিচার নিশ্চয়ই হতে হবে। কিন্তু যারা নিরপরাধ, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না।
কেবল নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে হবে; তা নয়। সংস্কার বা নির্বাচনী প্রক্রিয়াও অন্তর্ভুক্তিমূলক হতে হবে। সংস্কার প্রক্রিয়ায় দল-মত নির্বিশেষে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে।
আগেই বলেছি, অন্তর্বর্তী সরকার জনসাধারণকে কতখানি সম্পৃক্ত করতে পেরেছে, সেটা নিয়ে সন্দেহ রয়েছে। এই প্রবণতা আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যেও সবসময় দেখি। মূলত কোনো দলই জনসাধারণকে সম্পৃক্ত নয়, কেবল ব্যবহার করতে চায়। পরিস্থিতি বোঝানোর জন্য একটি উদাহরণই যথেষ্ট।
দেশে নারীরা মোট জনসংখ্যার অর্ধেকের বেশি– ৫১ শতাংশ। নারীবিষয়ক কমিশনের পক্ষ থেকে কিছু সংস্কার প্রস্তাব পেশ করা হয়েছে। আমরা দেখলাম, অত্যন্ত সচেতনভাবে আমাদের প্রস্তাবগুলো উপেক্ষা করা হচ্ছে। নিশ্চয় সব নারীকে যুক্ত করা সম্ভব নয়। কিন্তু যারা আন্দোলনে ছিলেন, সংগ্রাম করছেন তাদের মতকে গুরুত্ব দেওয়া দরকার ছিল। সরকারের মধ্যে আমরা এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ দেখিনি। একইভাবে কৃষক, ক্ষেতমজুর– কারও আমরা প্রতিনিধিত্ব দেখছি না। সুতরাং চলমান সংস্কার প্রক্রিয়ায় জনগণের অর্ধেকের বেশি সম্পৃক্তই হতে পারেনি। একই ঘটনার পুনরাবৃত্তি আমরা নির্বাচনে দেখতে চাই না।
মনে রাখতে হবে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনমনে সংস্কারের প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই সংস্কারের মূল বিষয় হলো সঠিক সময়ে স্বচ্ছ নির্বাচন। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমরা সবাই আশা করছি, নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য যেভাবে সহযোগিতা করা দরকার, অন্তর্বর্তী সরকার তা নিশ্চিত করবে।
খুশী কবির: মানবাধিকারকর্মী; সমন্বয়ক, নিজেরা করি
